নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাগর হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়য়া জানান, সাগর মোটরসাইকেলে চৌবাড়ীয়া বাজারে যাবার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে সামনাসামনি চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলৈই সাগরের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যান।
মান্দা থানার অফিসার ইনচর্জ (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ -৩ (মহাদেবপুর-বদলগাছী)) আসনের এমপি ফজলে হুদা বাবুল বলেছেন, "গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত। আমরা ও মাফিয়া হাসিনাকে ফেরত চাই। ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে হাতকড়া পড়িয়ে দেশে হস্তান্তর চাই। এরপর আমরা তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করবো।"
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এমপি এসব কথা বলেন।
এমপি ফজলে হুদা বলেন, "আমরা শহীদ জিয়ার সৈনিকেরা সবাই এক। ভারতীয় দালালদের আমরা বাংলাদেশে ঠাই দেব না। আমরা সন্ত্রাসীদের এদেশের মাটিতেই বিচার করবো। এদেশের মানুষ বুঝে গেছে মাফিয়া হাসিনার দল আগুন সন্ত্রাসের দল, পেট্রোল সন্ত্রাসের দল। এদেশে জাতীয় নির্বাচনে কোনো লাশ পড়েছে, পড়েনি তো? কিন্তু মাফিয়া হাসিনা রঙ হেডেড মহিলা, লাশ পড়লে খুশি হয়। এজন্য তার ফ্যাসিস্ট দলের লোকজন সারাদেশে আগুন সন্ত্রাস করছে।"
এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন ফজলে হুদা বাবুল। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশ নেন।
সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে আনা হয়। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়ায় নিজ বাসার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আরও অনেক মামলা আছে অপেক্ষায়।
তার জায়গা কোথায়, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের আইনের শাসন ব্যবস্থা দেখিয়ে দিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এই দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করছিল, তাদের আমরা অবশ্যই ধরব এবং আইনের আওতায় আনব। তিনি বলেন, আওয়ামীলীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল, পরিবার সব ধ্বংস করেছে- এখানে এখন যারা আছে তাদেরও ধ্বংস করা শুরু করেছে৷ভোরে তার বাসায় আগুন দেওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে।
একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে- জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কিভাবে ডিল করতে হয়, এদেশের মানুষ জানে সরকারও জানে।তিনি বলেন, সরকার সহনশীলতা চর্চা করে৷ কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোন সন্ত্রাসীদের স্থান নাই। আওয়ামী সন্ত্রাসীদের স্থানও বাংলাদেশে নেই- সরকার কঠোর অবস্থান নিবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল। দেশে বৈদেশিক বিনিয়োগ আসতেছে, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে যেটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠি আছে যাদের মাথায়, পেটে ব্যথা হয়। এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।হুমায়ুন কবির বলেন, স্পষ্ট অবস্থান সন্ত্রাসীদের বিরুদ্ধে। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।এসব কর্মকান্ডের সরকার কোন চাপে পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, না কোন চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে? পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রতিমন্ত্রী৷ জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান; তারা নিজেই আতঙ্কিত, কয় সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না হয় ধরা খাবে।
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা একপর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। তারা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সঙ্গে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের সামনে গিয়ে প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসটির বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
প্রধানমন্ত্রীর জন্মদিনে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু
প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকার বেবি স্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রায় হাজারের অধিক শিক্ষার্থীর জন্য একবেলা খাবারের আয়োজন করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবিস্ট্যান্ড, এতিমখানায় এসব খাবার পরিবেশন করা হয়।খাবার পরিবেশনের আগে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবি স্ট্যান্ডে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।
জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী টুকু মাদ্রাসার প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থীর সঙ্গে বসে দুপুরের খাবার খান। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল, ভাত খাবারের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা জেলা বিএনপির সাবে সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ, স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।
এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রীর খাবার খাওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলার মাঝখানে বগা পয়েন্টে লোহালিয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডিসেম্বর এবং আগামী জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
জানা যায় সোমবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে অধিবেশনে বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য।
লোহালিয়া নদীর ওপর নির্মিতব্য নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর মোট প্রকল্প দৈর্ঘ্য: প্রায় ২,৬২০ মিটার (২.৬২ কিলোমিটার)।
সেতু নির্মাণের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে দুমকী উপজেলার চর গরবদি এলাকায় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণ করা এলাকা থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। এসব প্রস্তুতি সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, এর আগে বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী আবিরার একটি চিঠির পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলতি বছরের ১৯ মে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে বাউফলের বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সেতুটি নির্মিত হলে বাউফলসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ লাঘবের পাশাপাশি দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতু।
এখন স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সেতুর নির্মাণকাজ শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তাঁর বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া, একটি বাতি জ্বালানো ও একটি ফ্যান চালানো ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন না তিনি। অস্বাভাবিক এই বিল নিয়ে বিদ্যুৎ অফিসে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মো. ইউনুস আলী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। তাঁর মিটার হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।
ইউনুস আলীর বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।
ভুক্তভোগীর দাবি, তাঁর বাড়িতে একটি বাতি, একটি ফ্যান এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বিদ্যুৎ ব্যবহার হয় না। পেশায় দিনমজুর ইউনুস আলীর সম্পদ বলতে রয়েছে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেই সামান্য জায়গায় পরিবারের ছয় সদস্যকে নিয়ে গাদাগাদি করে বসবাস করেন তাঁরা। দিনমজুরি করে কোনোমতে সংসার চালানো এই মানুষের পক্ষে তিন মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে।
ইউনুস আলী অভিযোগ করেন, অস্বাভাবিক বিলের বিষয়ে তিনি কয়েকবার বিদ্যুৎ অফিসে গিয়েছেন। এজিএমসহ বিভিন্ন কর্মকর্তার কাছেও সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু প্রতিকার পাওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর। বাধ্য হয়েই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তাঁর বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’
তবে একজন দিনমজুরের সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও মাসে ৪০০ থেকে ৫০০ ইউনিটের বেশি ব্যবহার দেখানোর কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মিটারের প্রকৃত রিডিং, বিল প্রস্তুতের প্রক্রিয়া এবং ইউনিটপ্রতি মূল্যসহ বিলের প্রতিটি খাত যাচাই করা প্রয়োজন। পাশাপাশি ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মিটার পরীক্ষা ও বিল পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে কি না, সেটিও এখন দেখার বিষয়।