টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- শহরের আকুরটাকুর পাড়ার বাসিন্দা ও বিআরবি কেবলসের পাহারাদার মিজানুর রহমান(৫০) এবং হকারর্স মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল খালেক(৫৫)।
পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, বুধবার রাত ৩টার দিকে জেলা সদর রোডের বটতলা এলাকায় অবস্থিত ময়নামতি জুয়েলার্স, পরশমনি জুয়েলার্স, ইসরাত ইলেকট্রিক হাউজ এবং বিআরবি কেবলসের শোরুমে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় দায়িত্বরত দুই পাহারাদারকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় ওই দুই পাহারাদার মিজানুর রহমান ও আব্দুল খালেককে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা পরশমনি জুয়েলার্স ও বিআরবি কেবলসের শোরুমের মালামাল নিতে না পারলেও ময়নামতি জুয়েলার্স ও ইসরাত ইলেকট্রিক হাউজ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়।
ময়নামতি জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল চন্দ্র কর্মকার বলেন, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে দোকানের সামনে এসে দেখেন তালা কাটা। ভেতরে ঢুকে দেখতে পান, খলিল নামে একজন নিরাপত্তাকর্মীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং দোকানের মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ইসরাত ইলেকট্রিক হাউজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের শ্যালক আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকালে কর্মচারীরা দোকানের তালা কাটা দেখে খবর দেন। পরে দোকানে এসে দেখা যায়, ভেতরের সবকিছু এলোমেলো এবং ক্যাশে থাকা নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ ২ হাজার ৭০০ টাকা মূল্যের বৈদ্যুতিক তার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাহেরুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পাশে মহাসড়ক সংলগ্ন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বুধবার(১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ওই ঘটনার এর কয়েক মিনিট পরই একই এলাকার হাটুভাঙ্গা ফ্লাইওভারের ওপর থেকে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায় দৃর্বত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়। হঠাৎ অগ্নিসংযোগ ও সিরিজ বিস্ফোরণের ঘটনায় গোড়াইসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই তাৎক্ষণিক প্রতিবাদে নামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দল নেতা হাবিব, মামুন ও আরিফের নেতৃত্বে এলাকায় বিক্ষোভ সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা প্রতিরোধে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, শিল্পাঞ্চল গোড়াই, মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।
সীমান্তের নিরাপত্তা আরও জোরদার এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নবনির্মিত ‘নারায়নপুর বিওপি’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর গ্রামে ফিতা কেটে- জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নব নির্মিত বিওপির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। পরে বিওপির নাম ফলক উমোচন করে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। কি করছে তার দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্ণের মোঃ সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষার দায়িত্ব পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতেই নারায়নপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে এবং মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করে রিজিয়ন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।
রংপুরের
মিঠাপুকুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল
পৌনে ১১টার দিকে এই আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত
বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার পায়রাবন্দে অবস্থিত। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের
তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা
ঘটেনি।
জানা
গেছে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে সন্তানদের জন্য অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। তখন বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের নিচতলা ও প্রথম তলার
ছয়টি কক্ষে পাঠদান চলছিল। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে অভিভাবকেরা চিৎকার শুরু করেন। এ সময় শিক্ষক
ও অভিভাবকরা মিলে দ্রুত শ্রেণিকক্ষ থেকে শিশুদের বাইরে বের করে আনেন। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে
আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী
ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনের দ্বিতীয়তলায় ছাদে ওঠার সিঁড়ি সংলগ্ন একটি তালাবদ্ধ স্টোররুমে (চিলেকোঠার কক্ষ) আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে রাখা
বেশ কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল পুড়ে
গেছে। তবে আগুন অন্য কোনো কক্ষে ছড়াতে পারেনি।
স্থানীয়
অভিভাবক অনিক মাহমুদ বলেন, রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিই। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজা সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।
পায়রাবন্দ
এলাকার আরেক অভিভাবক আশরাফুল ইসলাম জানান, চিলেকোঠার ওই কক্ষে কীভাবে
আগুন লেগেছে তা কেউ জানেন
না, তবে ভেতরের বেঞ্চগুলো পুড়ে গেছে।
বিদ্যালয়ের
প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, আগুন লাগার বিষয়টি তাঁরা শুরুতে বুঝতে পারেননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা
অভিভাবকেরা ধোঁয়া দেখে বিষয়টি জানালে তারা অবগত হন।
তিনি
আরও বলেন, ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। ওই কক্ষের বেঞ্চ
ও টেবিল পুড়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরা এসেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।
মিঠাপুকুর
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের
কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা
করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক
হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা
যায়নি।
এদিকে,
রংপুরে পৃথক স্থানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভষ্মিভূত হয়েছে বাস তিনটি। বুধবার ভোররাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে
একে একে তিনটি বাসে আগুনের ঘটনায় জনমনে আতংঙ্ক তৈরি হয়েছে। তবে বাসগুলোতে কোন মানুষ না থাকায় হতাহতের
ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্তরা
বলছেন, দেশজুড়ে অস্থিরতা, সন্ত্রাস ও নাশকতার অংশ
হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ
সংগঠনের দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাস স্ট্যান্ডের নিরাপত্তা প্রদানসহ যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কে ট্রলি উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রলি গাড়ি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফোরকান গাজী (৩৫) নিহত হন। নিহত ফোরকান গাজী ঝালকাঠি জেলার মরতুজা গাজীর ছেলে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধারে করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে প্রশাসনের লোকজনও ঘটনাস্থলে উপস্থিত হন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহসম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে বরগুনা পৌর শহরের সরকারি মহিলা কলেজ হোস্টেলের পেছনে চরকলোনী এলাকায় ওই নেতার বাড়িতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে বরগুনার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এসময় পৌর শহরের চরকলোনী এলাকায় আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দেখতে পায় তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, টহল চলাকালে ওই বাড়িতে আগুন দেখা যায়। কে বা কারা অথবা অন্য কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর ও বাশালগাঁও বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সন্দেহজনক বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি অঙ্গীকারবদ্ধ।
সীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারী আরও জোরদার করা হবে।