• প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫১ পিএম

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সহিংসতায় পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সব রুটের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত মোংলা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও অগ্নিসংযোগসহ বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পরিবহন মালিক সমিতি নিরাপত্তা ঝুঁকির কারণে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছে বলে জানিয়েছেন। 

 

এই পরিস্থিতিতে রুট দিয়ে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে।

 

গোপালগঞ্জের উপর দিয়ে শুধু পণ্য পরিবহনই নয়, খুলনা ও বরিশাল বিভাগের ১৭ জেলাসহ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-সিলেটে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাগেরহাটের কেন্দ্রীয় জেলার বাস টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টের কাউন্টারে গিয়ে দেখা গেছে, পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার পরিবহন না পেয়ে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। এমন অচলাবস্থার মধ্যে দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো শুক্রবারেরও কোনো টিকিট বিক্রি করেনি। কাউন্টার থেকে মোবাইল ফোন করে যাত্রীদের কেটে রাখা টিকিটের টাকা ফেরত দিচ্ছে, আগাম বুক করে রাখা টিকিটও বাতিল করে যাত্রীদের জানিয়ে দিচ্ছে।

 

এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে কবে নাগাদ এই রুটটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তাও নিশ্চিত করে বলতে পারছে না সংশ্লিষ্টরা।

 

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত হোসেন জানান, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাসহ যৌথ বাহিনীর অনেকগুলো গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর তারা মোংলা-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে।

 

তিনি আরও জানান, এই অবস্থায় বুধবার সকালে পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়কে বেশ কয়েকটি পরিবহনসহ ট্রাক-কাভার্ডভ্যান ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে, একটি পরিবহন জ্বালিয়ে দেওয়া হয়। গোপালগঞ্জ অংশে এমন নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি পরিপ্রেক্ষিতে পণ্য পরিবহণ, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সব পরিবহন মালিক সমিতি বুধবার দুপুর থেকে এই মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

 

গেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত হোসেন আরও বলেন, সর্বশেষ বুধবার দুপুর থেকে গোপালগঞ্জের উপর দিয়ে পদ্মা সেতুর হয়ে যাওয়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী পরিবহনও বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র আরিচা রুটে পরিবহন চলাচল করছে। এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন নৈরাজ্যকর পরিস্থিতি চলতে থাকলে অনির্দিষ্টিকালের জন্য এই রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহন ফালগুনির কাউন্টার ম্যানেজার আব্দুল মালেক জানান, গোপালগঞ্জে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। মহাসড়কে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় পদ্মা সেতু হয়ে পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা ও নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদিন ধরে বাগেরহাট হয়ে গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচলকারী ৭৫টি পরিবহন বন্ধ রয়েছে। আমরা সবাই শুক্রবারেও টিকিট বেচা বন্ধ রেখেছি, বুকিং বাতিল করে আগাম বিক্রি করা টিকিটের দামও ফেরত দিচ্ছি যাত্রীদের। এমনকি নড়াইল হয়েও পদ্মা সেতু দিয়ে পরিবহন চলাচল করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাধ্য হয়ে সব পরিবহন চলাচল আমাদের বন্ধ রাখতে হবে।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (বোর্ডে ও গণসংযোগ) যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ বৃহস্পতিবার দুপুরে জানান, গত দুদিন ধরে মোংলা বন্দরে আমদানি ও রপ্তানিতে নিয়োজিত পণ্যবাহী কোনো যানবাহন মোংলা-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচল করতে পারছে না। খুলনা-যশোর হয়ে আরিচা ফেরি পার হয়ে চলাচল করছে। বর্তমানে মোংলা বন্দর জেটি ও আউটার বারে আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য বোঝাইয়ের জন্য জাহাজের শিডিউল না থাকায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা। 




  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৫ পিএম

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট আইন মহাবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, ওই স্থানে পেছন দিক থেকে কে বা কারা এসে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে গানপাউডার উদ্ধার করেছি আলামত হিসেবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান। 


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি দাবি করেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে চারটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে প্রায় ৪০টি বাস ছিল। ঘটনাস্থলের আশপাশে প্রচুর পরিমাণ গানপাউডার পড়ে রয়েছে বলেও জানান তিনি। তাঁর প্রশ্ন, দুর্বৃত্তদের কাছে এসব গানপাউডার কীভাবে এলো।কয়েস লোদী বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। জনগণের কাছে বিতাড়িত হয়ে তারা এখন দেশে অপতৎপরতা চালাচ্ছে। তাদের প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণও তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদপন্থীদের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।


বৃহস্পতিবার সকাল থেকে তারাব পৌরসভার বিশ্বরোড সংলগ্ন বালুর মাঠে শুরু হওয়া এ ইজতেমা চলবে শনিবার পর্যন্ত।


বৃষ্টিকে উপেক্ষা করেই ইজতেমায় অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজকদের দাবি, প্রথম দিনেই ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন প্রায় ২০ হাজার মুসল্লি। শুক্রবার ও শনিবার মুসল্লিদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন তারা।


এদিকে, ইজতেমাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দানে পুলিশ মোতায়েন করা হয়েছে।


তিন দিনব্যাপী এ ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


মহাদেবপুর উপজেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৪ পিএম

দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এবং নড়াইলে কৃষকদল নেতা শাহীন ও গোপালগঞ্জে কৃষকদল নেতা রাজু মোল্লাকে হত্যার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা কৃষকদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মাছের মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, ছাত্রদল নেতা শামীমুর রেজা প্রমুখ বক্তব্য দেন।


এছাড়া অন্যদের মধ্যে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, প্রভাষক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আক্কাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকন হোসেন প্রমুখ এতে অংশ নেন।



  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পাশে মহাসড়ক সংলগ্ন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বুধবার(১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ওই ঘটনার এর কয়েক মিনিট পরই একই এলাকার হাটুভাঙ্গা ফ্লাইওভারের ওপর থেকে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায় দৃর্বত্তরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়। হঠাৎ অগ্নিসংযোগ ও সিরিজ বিস্ফোরণের ঘটনায় গোড়াইসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।


ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই তাৎক্ষণিক প্রতিবাদে নামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দল নেতা হাবিব, মামুন ও আরিফের নেতৃত্বে এলাকায় বিক্ষোভ সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।


এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা প্রতিরোধে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, শিল্পাঞ্চল গোড়াই, মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫৯ পিএম

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- শহরের আকুরটাকুর পাড়ার বাসিন্দা ও বিআরবি কেবলসের পাহারাদার মিজানুর রহমান(৫০) এবং হকারর্স মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল খালেক(৫৫)। 


পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, বুধবার রাত ৩টার দিকে জেলা সদর রোডের বটতলা এলাকায় অবস্থিত ময়নামতি জুয়েলার্স, পরশমনি জুয়েলার্স, ইসরাত ইলেকট্রিক হাউজ এবং বিআরবি কেবলসের শোরুমে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় দায়িত্বরত দুই পাহারাদারকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় ওই দুই পাহারাদার মিজানুর রহমান ও আব্দুল খালেককে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা পরশমনি জুয়েলার্স ও বিআরবি কেবলসের শোরুমের মালামাল নিতে না পারলেও ময়নামতি জুয়েলার্স ও ইসরাত ইলেকট্রিক হাউজ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়।


ময়নামতি জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল চন্দ্র কর্মকার বলেন, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে দোকানের সামনে এসে দেখেন তালা কাটা। ভেতরে ঢুকে দেখতে পান, খলিল নামে একজন নিরাপত্তাকর্মীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং দোকানের মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। লুণ্ঠিত মালামালের মূল্য প্রায়  ৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  


ইসরাত ইলেকট্রিক হাউজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের শ্যালক আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকালে কর্মচারীরা দোকানের তালা কাটা দেখে খবর দেন। পরে দোকানে এসে দেখা যায়, ভেতরের সবকিছু এলোমেলো এবং ক্যাশে থাকা নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ ২ হাজার ৭০০ টাকা মূল্যের বৈদ্যুতিক তার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।


এ বিষয়ে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাহেরুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪২ পিএম

সীমান্তের নিরাপত্তা আরও জোরদার এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নবনির্মিত ‘নারায়নপুর বিওপি’ উদ্বোধন করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর গ্রামে ফিতা কেটে- জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নব নির্মিত বিওপির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। পরে বিওপির নাম ফলক উমোচন করে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। কি করছে তার দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।


উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্ণের মোঃ সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষার দায়িত্ব পালন করছে।


উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতেই নারায়নপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে এবং মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।


সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করে রিজিয়ন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।