এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা

তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩২ পিএম

প্রতি হাটবারে মানুষের ঢল নামে। কৃষিপণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের বেচাকেনায় সরগরম থাকে পুরো এলাকা। হাট ইজারা দিয়েই রাজস্ব আদায় হচ্ছে কোটি কোটি টাকা। অথচ যে হাট থেকে এত বিপুল অর্থ আসে, চিলমারীর সেই জোড়গাছ হাটের অবকাঠামোগত চিত্র বদলায়নি এক যুগেও। 


কাদা-পানি, ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা, অকার্যকর ড্রেনেজ, ব্যবহার অনুপযোগী গণশৌচাগার এবং ব্যবসায়ীদের বসার জায়গার সংকট নিয়েই চলছে হাটের কার্যক্রম। এতে প্রতি হাটবারে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতাকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ গত তিন বাংলা সনে শুধু ইজারা থেকেই রাজস্ব এসেছে ৪ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৯১৬ টাকা।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্যাট ও আয়কর বাদে চলতি ১৪৩৩ বাংলা সনে জোড়গাছ হাটটি ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকায় ইজারা দেয়া হয়। হাটটির ইজারা নেন মাইদুল ইসলাম। ১৪৩২ বঙ্গাব্দে ইজারা মূল্য ছিল ১ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৯১৬ টাকা। হাটটি কুড়িগ্রাম জেলা জামায়াত নেতা আবু রায়হান ফারুকি নিলেও নির্ধারিত সময়ে ইজারা না হওয়ায় ওই অর্থ ‘খাস আদায়’ হিসেবে নথিভুক্ত হয়। আর ১৪৩১ বঙ্গাব্দে ১ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকায় হাটটি ইজারা নেন মো. ফিরোজ মিয়া। 


সরকারি বিধিমালা অনুযায়ী, হাট-বাজারের ইজারা রাজস্বের একটি অংশ সংশ্লিষ্ট হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের বিধান রয়েছে। ২০১১ সালের হাট-বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা অনুযায়ী ইজারা রাজস্বের ২০ শতাংশের মধ্যে ১৫ শতাংশ এবং ২০২৫ সালের নতুন বিধিমালা অনুযায়ী ২০ শতাংশের মধ্যে ১০ শতাংশ সংশ্লিষ্ট হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের জন্য নির্ধারিত। 


উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যানুযায়ী, তিন বছরে জোড়গাছ হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ দাঁড়ায় ৬১ লাখ ৮৬ হাজার ২৮৭ টাকা। বিধি অনুযায়ী, এই অর্থে হাটের পরিচ্ছন্নতা, গণশৌচাগার, ড্রেনেজ ব্যবস্থা, শেড নির্মাণ বা সংস্কার এবং অভ্যন্তরীণ সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ব্যয়ের সুযোগ রয়েছে। কিন্তু এই বিপুল অর্থের বিপরীতে হাটের দৃশ্যমান উন্নয়ন কতটা হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা।


উপজেলা প্রশাসনের তথ্যানুযায়ী, গত তিন অর্থবছরের মধ্যে ১৪৩২ বঙ্গাব্দে জোড়গাছ হাট ও আশপাশের তিনটি সড়ক সংস্কার প্রকল্পে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জোড়গাছ পুরাতন বাজার থেকে রমনা পর্যন্ত সড়ক সংস্কারে ১ লাখ ৫০ হাজার টাকা, জোড়গাছ হাটের রাস্তা সংস্কারে ২ লাখ টাকা এবং জোড়গাছ পুরাতন হাট থেকে মকবুলের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কারে আরও ২ লাখ টাকা। 


তবে বরাদ্দের বিপরীতে সড়কের দৃশ্যমান চিত্র বলছে ভিন্ন কথা। স্থানীয় ব্যবসায়ী ও হাটে আসা মানুষের অভিযোগ, নামমাত্র কাজ দেখিয়েই প্রকল্পের অর্থ ব্যয় দেখানো হয়েছে।


সরেজমিনে দেখা গেছে, হাটের বিভিন্ন অংশের চলাচলের রাস্তার অবস্থা নাজুক। সামান্য বৃষ্টি হলেই কোথাও কোথাও কাদা-পানিতে একাকার হয়ে যায় পথ। কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বৃষ্টি থামার পরও দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকে। ১৪২৮ বঙ্গাব্দে জোড়গাছ নতুন বাজারে একটি ড্রেন নির্মাণ করা হলেও বর্তমানে সেটিও কার্যত অকার্যকর।


হাটের গরুহাটিতে রয়েছে তিনটি গণশৌচাগার। এর মধ্যে প্রায় এক দশক আগে নির্মিত দুটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী। একটির দরজায় তালা ঝুলছে, সামনে জমে আছে ময়লার স্তূপ, চারপাশে গজিয়েছে আগাছা। অন্যটির দরজাই নেই। ফলে শৌচাগার থাকলেও তা কার্যত কোনো কাজে আসছে না। ২০১৮-১৯ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত কমিউনিটি টয়লেটটি এখন হাটের একমাত্র ভরসা। তবে অতিরিক্ত ব্যবহার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেটিও ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এ ছাড়া ব্যবসায়ীদের পণ্য নিয়ে বসার পর্যাপ্ত জায়গা নেই। হাটবারে মানুষের চাপ বাড়লে সংকুচিত হয়ে পড়ে চলাচলের পথ। সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত সুবিধাও নেই।


স্থানীয় ব্যবসায়ী হাসান আলী বলেন,‘জোড়গাছ হাট থেকে প্রতিবছর বিপুল রাজস্ব আদায় হচ্ছে। কিন্তু সেই তুলনায় ক্রেতা-বিক্রেতাদের মৌলিক সুবিধা বাড়েনি। বছরের পর বছর একই সমস্যার মধ্যে হাট করতে হচ্ছে।’


স্থানীয় ক্রেতা এরশাদুল করিম রাজু বলেন,‘কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও হাটের রাস্তা, ড্রেনেজ ও পানি নিষ্কাশনের চিত্র না বদলালে উন্নয়ন খাতে নির্ধারিত অর্থের ব্যয়প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’


জোড়গাছ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জোবাইদুল ইসলাম সুইট বলেন, ‘গত এক যুগেও হাটের উল্লেখ করার মতো উন্নয়ন হয়নি। প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে কিন্তু আমরা এর সুফল পাচ্ছি না।’তবে হাটের উন্নয়নের বিষয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা হাটশেড, সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ হয়েছে এমন দাবি করেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন,‘হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারি বিধিমালা অনুযায়ী নির্ধারিত অর্থ ব্যয়ের বিধান রয়েছে। বরাদ্দের টাকা রাজস্ব তহবিলে জমা আছে। হাটের দুর্ভোগ নিরসনে প্রকল্প নেওয়া হলে ওই তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে।’



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৩ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত মিছিল করেন দলটির নেতাকর্মীরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা একপর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। তারা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সঙ্গে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের সামনে গিয়ে প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসটির বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪০ পিএম

প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকার বেবি স্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রায়  হাজারের অধিক  শিক্ষার্থীর জন্য একবেলা খাবারের আয়োজন করেন তিনি।


শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবিস্ট্যান্ড, এতিমখানায় এসব খাবার পরিবেশন করা হয়।খাবার পরিবেশনের আগে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এদিন দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবি স্ট্যান্ডে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান  জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন। 


জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী টুকু মাদ্রাসার প্রায় ১ হাজারের অধিক  শিক্ষার্থীর সঙ্গে বসে দুপুরের খাবার খান। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল, ভাত খাবারের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা জেলা বিএনপির সাবে সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ, স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।


 এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রীর খাবার খাওয়ার  এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সর্বশেষ সব খবর

২০৩০ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা

পটুয়াখালীতে নির্মিত হচ্ছে বহুল প্রতীক্ষিত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ পটুয়াখালী বাসির


  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৬ পিএম

পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলার মাঝখানে বগা পয়েন্টে লোহালিয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডিসেম্বর এবং আগামী  জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।


জানা যায় সোমবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে অধিবেশনে বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য।


লোহালিয়া নদীর ওপর নির্মিতব্য নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর মোট প্রকল্প দৈর্ঘ্য: প্রায় ২,৬২০ মিটার (২.৬২ কিলোমিটার)।

সেতু নির্মাণের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে দুমকী উপজেলার চর গরবদি এলাকায় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণ করা এলাকা থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। এসব প্রস্তুতি সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।


উল্লেখ্য, এর আগে বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী আবিরার একটি চিঠির পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলতি বছরের ১৯ মে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে বাউফলের বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


সেতুটি নির্মিত হলে বাউফলসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ লাঘবের পাশাপাশি দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতু।


এখন স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সেতুর নির্মাণকাজ শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

সর্বশেষ সব খবর

দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!

অফিসে গিয়েও প্রতিকার মেলেনি, সাংবাদিকদের কাছে যাওয়ায় প্রশ্ন জোনাল ম্যানেজারের


  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৩ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তাঁর বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া, একটি বাতি জ্বালানো ও একটি ফ্যান চালানো ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন না তিনি। অস্বাভাবিক এই বিল নিয়ে বিদ্যুৎ অফিসে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।


ভুক্তভোগী মো. ইউনুস আলী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। তাঁর মিটার হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।


ইউনুস আলীর বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।


ভুক্তভোগীর দাবি, তাঁর বাড়িতে একটি বাতি, একটি ফ্যান এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বিদ্যুৎ ব্যবহার হয় না। পেশায় দিনমজুর ইউনুস আলীর সম্পদ বলতে রয়েছে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেই সামান্য জায়গায় পরিবারের ছয় সদস্যকে নিয়ে গাদাগাদি করে বসবাস করেন তাঁরা। দিনমজুরি করে কোনোমতে সংসার চালানো এই মানুষের পক্ষে তিন মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে।


ইউনুস আলী অভিযোগ করেন, অস্বাভাবিক বিলের বিষয়ে তিনি কয়েকবার বিদ্যুৎ অফিসে গিয়েছেন। এজিএমসহ বিভিন্ন কর্মকর্তার কাছেও সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু প্রতিকার পাওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর। বাধ্য হয়েই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি।


এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তাঁর বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’


তবে একজন দিনমজুরের সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও মাসে ৪০০ থেকে ৫০০ ইউনিটের বেশি ব্যবহার দেখানোর কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মিটারের প্রকৃত রিডিং, বিল প্রস্তুতের প্রক্রিয়া এবং ইউনিটপ্রতি মূল্যসহ বিলের প্রতিটি খাত যাচাই করা প্রয়োজন। পাশাপাশি ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মিটার পরীক্ষা ও বিল পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে কি না, সেটিও এখন দেখার বিষয়।

সর্বশেষ সব খবর

ওসি মোহাম্মদ আব্দুল হালিম

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৭ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।


জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক হুমকির বার্তা পাঠানো হয়।


বার্তাগুলোতে বাংলা ও ইংরেজিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তাগুলোর মধ্যে রয়েছে, ‘How are you’, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’।


এ ছাড়া বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো’, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’


অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সর্বশেষ বার্তায় হুমকি দিয়ে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’


এসব হুমকির ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের কারণে তাকে এমন হুমকি দেয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি।


তিনি আরও জানান, হুমকি দেয়া মোবাইল নম্বরটির পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২২ পিএম

ময়মনসিংহের ভালুকায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।


শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী, আইডিয়াল মোড় ও কাশর চৌরাস্তায় পৃথক তিনটি স্থানে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু শ্রমিকদের বেতন বৃদ্ধির আশ্বাস দেন। পাশাপাশি শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে প্রতি শুক্রবার ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিতরণ করা হবে।


তিনি শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উছমান গনী মল্লিক মাখন, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসানসহ উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ সব খবর