ছবি : সংগৃহীত
কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার ৯ বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বৃহস্পতিবার কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪০১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি।
আবেদনের যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ বা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। আবেদন করতে হবে acas.edu.bd ওয়েবসাইটে।
ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৭, রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে।
মেধাতালিকা তৈরি করা হবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে ২৫ নম্বর করে যোগ করা হবে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি।’
গণতন্ত্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’
দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন, যাতে তা দেশের ও মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।’
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অবদান মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার।’
শিক্ষকদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।’
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনেছে। মধ্য ওডিশার গোপালপুর এলাকায় এটি আঘাত হানে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে।
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে আকভান উপকূল অতিক্রম করতে পারে। আজ দিনভর রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।
এরই মধ্যে ওডিশা–সংলগ্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে বলে ভারতের ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসার সময় এর গতিবেগ কমে যায়। পরে এটি ওডিশার গোপালপুর এলাকা অতিক্রম করতে শুরু করে। আগামী তিন ঘণ্টা ধরে উপকূল অতিক্রম করতে পারে ঝড়টি।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা আজ বলেন, স্থলভাগে ওঠার সময় এমনিতেই ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়। এ ক্ষেত্রেও তা–ই হয়েছে। তবে উপকূল অতিক্রম করার সময় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আকভানের প্রভাবে গতকাল বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে, ১২৩ মিলিমিটার।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজও দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল শনিবারও কোনো কোনো এলাাকায় বৃষ্টি থাকতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ী করে ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন সকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুটে গিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের একটি খেলার মাঠে সমবেত রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে তিনি বক্তব্য দেন।
শুরুতেই তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—‘রোহিঙ্গা’। আদালতের রায় স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা।” এ সময় তিনি যারা এই বিচার দেখে যেতে পারেননি, সেই সব নিহত রোহিঙ্গাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এর আগে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই ক্যাম্পগুলোতে কাজ করার স্মৃতিচারণ করে ড. খলিলুর রহমান বলেন, “আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ—আজ বিশ্ব তা শুনেছে।”
তিনি উল্লেখ করেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং গ্রামগুলো ধ্বংস করেছে বলে আদালত প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
এই ঐতিহাসিক অর্জনে আইনি লড়াই চালানো গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন।
রায়কে বাস্তবে রূপ দিতে এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ড. খলিলুর রহমান চার দফা সুস্পষ্ট আহ্বান জানান:
১. জবাবদিহি ও বিচার নিশ্চিত করা: গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এমন অপরাধ আর না ঘটার নিশ্চয়তা দিতে হবে।
২. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া, পরিবারগুলোকে একত্রিত করা এবং নাগরিকত্বের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘকে মিয়ানমারে কাজের সুযোগ দিতে হবে।
৩. বাস্তবসম্মত ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা বৃদ্ধি: অপূরণীয় ক্ষতির জন্য ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে রোহিঙ্গাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে মিয়ানমারকে প্রতিবেদন জমা দিতে হবে। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত ক্যাম্পগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের অর্থায়ন আরও বাড়াতে হবে, কারণ বাংলাদেশের একার পক্ষে এই ভার বহন করা সম্ভব নয়।
৪. রায় বাস্তবায়ন ও পুনরাবৃত্তি রোধ: আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা ভয়হীনভাবে বসবাস করতে পারে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী এই রায় মানা বাধ্যতামূলক; ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে বলে তিনি স্মরণ করিয়ে দেন।
বক্তব্যের শেষে ১৯৪৮ সালের গণহত্যা সনদের কথা উল্লেখ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, “গতকাল সেই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই। সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র হলো ‘আস্থা পুনরুদ্ধার’। গতকালের রায়ের মাধ্যমে বিশ্ব তোমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তোমাদের নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত আমাদের একসঙ্গে পথ চলতে হবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন আজ। সরকারপ্রধান হওয়ার পর এটি তাঁর প্রথম জন্মদিন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে গত বছরের মতো এবারও কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া রয়েছে। দিবসটি পালনে বিভিন্ন পর্যায়ে সামাজিক ও ধর্মীয়ভাবে উদ্যোগ নিয়েছেন দলের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষ রোপণ ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিশেষ ‘বই উৎসব’-এর আয়োজন করা হয়েছে। এতে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসাছাত্রদের স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তারেক রহমান ১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তাঁর ডাকনাম পিনো। তিনি ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তাঁর মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারাদেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান তিনি। এর পরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। মূল সংগঠনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল সভার আয়োজন করেন। এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
তবে ওয়ান-ইলেভেন সরকারের সময়ে তাঁকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হতে থাকেন। দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝেও আস্থার প্রতীক হয়ে ওঠেন তারেক রহমান। তবে সে ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয়। আওয়ামী লীগ সরকার উচ্চ আদালতের মাধ্যমে এক আদেশে তাঁর বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।
২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দায়িত্ব পালন করেন তিনি।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত এপ্রিলে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।
আগুনে ক্ষতিগ্রস্ত এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়ি। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের একাধিক সংসদ সদস্য আজ বৃহস্পতিবার জানিয়েছেন, গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়। সেখানে শুধু প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছিলেন।
বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলা হয়। একই সঙ্গে তিনি সর্বদলীয় মিছিল করার বিষয়ে কথা বলেন।
জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতা রুখে দিতে এবং দেশের প্রয়োজনে সেই ঐক্য আরও সুদৃঢ় হতে পারে। তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে বলেছেন। বিরোধীদলীয় নেতা গণমিছিল না করে প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরামর্শ দিয়েছেন বলে জানান জামায়াতের এই সংসদ সদস্য। বিরোধীদলীয় নেতার কথা মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী।
জামায়াত নেতারা বলছেন, জুলাই সনদের ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। কিন্তু সরকার এই সনদ বাস্তবায়ন না করায় সেই ঐক্য আর নেই। নতুন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তুলতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
বৈঠকটির বিষয়ে ঢাকা-১২ আসনে জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন আজ বৃহস্পতিবার বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, সরকার জুলাই সনদ থেকে সরে গেছে বলেই ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি এই জুলাই সনদ ও গণভোটের রায়। ফ্যাসিবাদী শক্তির আস্ফালন রুখে দিতে প্রধানমন্ত্রীকে জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নিতে বলেছেন জামায়াতের আমির। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক ছিল।
জামায়াত সূত্র জানায়, বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়গুলো উঠে আসে।
গতকাল জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশে-বিদেশে সন্ত্রাসী তৎপরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চান তিনি।