প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৮ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়। তবে এই খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে বসে তারা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের কোনো অনুশোচনা নেই। এর অর্থ, তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।


তিনি বলেন, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন আবারও খুনের পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়।


বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। কারণ, তারা এই দেশের ভালো চায় না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি আমরা। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আমরা কখনো আপস করব না।


তিনি আরও বলেন, দেশের প্রত্যেক মানুষ আজ শান্তি চায়, আইনের শাসন চায়। আমরা বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে চাই, দেশ গঠন করতে চাই এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই কাজে যারা বাধা দেবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে কিংবা আগুন সন্ত্রাস চালাবে, তাদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের রুখতে পারবে না।


এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।


জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ সব খবর

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৮ পিএম

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দিয়ে তারা চলে গেলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। তারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে তারা বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।

সর্বশেষ সব খবর

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জ থেকে জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পাওয়ায় তাকে তুলে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হন মনিরুল হক ফরাজি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়িচালক হাসান। পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের কবলে পড়েন তারা। স্থানীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাকে তুলে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তবে হামলাকারীদের হাত থেকে ময়েন ও গাড়িচালক হাসান নিরাপদ স্থানে সরে আসতে সক্ষম হন।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, ‘একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে যাচ্ছিলাম। পথে কয়েক জায়গায় রাস্তার ওপর গাছ ফেলানো ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি। ঘোনাপাড়ার আশপাশে থাকা অবস্থায় অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়। একপর্যায়ে তারা গাড়ি ভাঙচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেয়। মুঠোফোন ও মানিব্যাগ চেক করে।

আমাদের মারধর করে তারা। একপর্যায়ে আমাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও, মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পায়। সন্ত্রাসীরা বিএনপি বলে চিৎকার করে। পরে মনিরুল হক ফরাজীকে ওরা ধরে নিয়ে যায়। সে সময় গাড়ি ফেলে আমি ও গাড়িচালক কোনোভাবে জীবন নিয়ে ফিরে এসেছি।’

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরও বলেন, ‘অনেক কষ্ট করে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছি। পুলিশকে জানানো হয়েছে। ৯৯৯-এ ফোন করে জানিয়েছি। মনিরুল হক ফরাজিকে খুঁজতে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। আর গাড়িটি কোনো সড়কের পাশে পাওয়া গেছে বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারিনি।’ বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আমাদের জানিয়েছেন মনিরুল হক ফরাজির নিখোঁজের ঘটনা। আমরা উদ্ধারের চেষ্টা করছি। আমাদের দলীয় হাইকমান্ডের সবাইকে জানানো হয়েছে।’

তবে এ বিষয়ে এখনো পুলিশ বা প্রশাসনের ও মনিরুল হক ফরাজির স্ত্রী-সন্তানেরা বর্তমানে দেশের বাইরে থাকায় তাদের পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘মনিরুল হকের বিষয়ে আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা সার্বিক খোঁজ-খবর নিচ্ছি।’

সর্বশেষ সব খবর

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে। যেন তারা আর ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মন্ডলেরহাটে মডেল খাল খনন কাজ উদ্বোধন শেষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর এই দেশ জোর করে শাসন করেছিল। তিনি বলেন, ১৭ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।

২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারেক রহমান বলেন, ১৭ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না।

প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করে বলেন, তাদের কী আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন? যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে তারা।

বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০ জন শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।

যথেষ্ট হয়েছে, আর নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে। আমরা চাই আমাদের দেশের শিল্প-কলকারখানাগুলো সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে।

তারেক রহমান বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর মডেল খাল খনন সম্পন্ন হলে যে পানি আসবে, তার মাধ্যমে কৃষক ভাইয়েরা সেচের সুবিধা পাবে। খালের পাশে বসবাসকারী প্রত্যেকটি মানুষ পানির কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, খালটিকে সুন্দর করে কিছুদূর পরপর ভাগ করে আমাদের তরুণদের মধ্যে বরাদ্দ করে দেওয়া হবে, যাতে করে তারা সেখানে মাছের চাষ ও হাঁস-মুরগি পালন করতে পারে। যাতে করে তাদের কর্মসংস্থান, আয়-রোজগারের ব্যবস্থা হয়। বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে সমগ্র দেশে আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে।

তিনি বলেন, আমরা খাল খনন করছি, দেশের মানুষের পানির সুবিধার জন্য, কৃষক ভাইদের সেচের সুবিধার জন্য, তরুণ-যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম সরকার গঠন করতে পারলে দেশের মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দেব। আমরা দেখব না কে কাকে ভোট দিয়েছে। সেই ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির কাজও প্রায় সম্পন্ন হয়ে এসেছে। ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা ফ্যামিলি কার্ড দেব। বিশেষ করে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার, প্রত্যেক নারী মাস শেষে আড়াই হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে পাবে। যাতে করে সে তার পরিবারের দেখভাল করতে পারে, সন্তানদের লেখাপড়া এবং ভালো খাবারের ব্যবস্থা করতে পারে।

সরকার প্রধান বলেন, খাল খননের মাধ্যমে যেমন কৃষক ভাইদের সেচের সুবিধা করে দিতে চাই, একইভাবে আমরা বলেছিলাম, কৃষক ভাইদের কৃষক কার্ড দেব। যাতে করে একটি ফসলের বছরে সে দুটি ফসল করে, তার মধ্যে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় সহযোগিতা আমরা সরকার থেকে করতে পারি।

তিনি বলেন, আমরা বলেছিলাম, বাংলাদেশে মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় ব্যক্তিত্বদের পাশেও আমরা দাঁড়াতে চাই। সেই জন্য সরকারের পক্ষ থেকে তাদের সম্মানীর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে এটি আরও বাড়বে। বাংলাদেশে এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানীর ব্যবস্থা করা হবে।

তারেক রহমান বলেন, আমরা ধীরে ধীরে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে প্রতি বছরের প্রথমে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস পৌঁছে দিতে চাই। ছোট ছোট বাচ্চাদের নতুন পোশাক দিতে চাই সরকারের পক্ষ থেকে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, ছেলেমেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে সরকার থেকে উপবৃত্তি দেব। আগামী এক-দুই মাসের মধ্যে এই উপবৃত্তির কাজ শুরু হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটু আগে দুলু সাহেব (ত্রাণমন্ত্রী) বলেছেন, এখানে ইপিজেডের কথা, যাতে এই এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনারা জানলে খুশি হবেন, আমরা খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসের লাইন নিয়ে আসব। যাতে করে সেই গ্যাস দিয়ে কলকারখানা চালানো সম্ভব হয়। গ্যাস লাইনটা আমরা নিয়ে আসতে পারলে বিনিয়োগকারীরা এই অঞ্চলসহ রংপুর বিভাগে শিল্প-কারখানা স্থাপন করবে। তখন আমাদের যুবসমাজের কর্মসংস্থানের সমস্যা অনেকাংশে দূর হবে।

তিনি বলেন, গত কয়েক মাসে এই দেশ থেকে যারা বিদেশে গিয়ে কাজ করছে, এমন পাঁচ লাখ যুবক ভাইকে আমরা বিদেশে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি, যাতে মধ্যপ্রাচ্যসহ মালয়েশিয়ায় আরও মানুষ যেতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমাদের সন্তানেরা যারা বিদেশে শ্রমের জন্য যাচ্ছে, কাজের জন্য যাচ্ছে, তারা যাতে কম খরচে যেতে পারে, সেই ব্যবস্থাও আমরা করার চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার দিনব্যাপী সফরে লালমনিরহাটে আসেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

সফরে এসে প্রধানমন্ত্রী প্রাথম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন এবং বক্তব্য দেন। পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত ওই জনসভায় বক্তব্য দেন। এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

সর্বশেষ সব খবর

কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৪ পিএম

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান এবং যৌথ চেকপোস্ট পরিচালনা করে ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, চোর-ছিনতাইকারী হিসেবে সন্দেহভাজন তিনজন, মাদকসেবনের অভিযোগে ছয়জন এবং পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন। একই অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার তিনজন হলেন—কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার কামরুল হাসান প্রকাশ কানু (৩৫), খুরুশকুলের কুলিয়াপাড়ার মো. আরমান হোসেন (৩০) এবং পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার মো. আয়াস (১৯)।

এর মধ্যে কামরুল হাসান প্রকাশ কানুর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২০১৬, ২০২২, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে কক্সবাজার সদর থানায় দায়ের করা সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র আইন ও মারামারির অভিযোগ রয়েছে।



চোর-ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার তিনজন হলেন—খুরুশকুল টাইম বাজার এলাকার মো. বাবু (১৯), কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ার আনোয়ারুল ইসলাম আবির (২০) এবং দক্ষিণ কুতুবদিয়াপাড়ার জিয়াবুল হক (২৬)। তাঁদের মধ্যে আনোয়ারুল ইসলাম আবিরের বিরুদ্ধে ২০২৫ সালে সদর থানায় চুরি-সংক্রান্ত একটি মামলা রয়েছে।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মো. হাসান রনি (৩০), সম্পাদ বড়ুয়া (২৭), মো. মাছুদ (২৮), কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মো. রিয়াজ (২২), পশ্চিম বাহারছড়ার শাহ আলম (৫১) ও মিজান (২৪)।

পরোয়ানাভুক্ত গ্রেপ্তার দুই আসামি হলেন—খুরুশকুলের কাউয়ারপাড়া এলাকার মো. হুমায়ন আহমদ এবং নুনিয়ারছড়ার গাড়ির মাঠ বিমানবন্দর সড়ক এলাকার সান্তনা বেগম।

অন্যদিকে, শহরের কলাতলী, খুরুলিয়া ও বাস টার্মিনাল এলাকায় তিনটি যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে মোটরসাইকেল আটক, যানবাহনের কাগজপত্র ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১২টি মামলা করা হয়েছে। এর মধ্যে কলাতলী চেকপোস্টে সাতটি মামলায় ২৩ হাজার টাকা, খুরুলিয়ায় দুটি মামলায় ৭ হাজার ৫০০ টাকা এবং বাস টার্মিনাল চেকপোস্টে তিনটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তিন চেকপোস্টে মোট ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় কলাতলী চেকপোস্ট থেকে দুটি মোটরসাইকেল আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ ও ছিনতাই প্রতিরোধে শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৫ পিএম

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট আইন মহাবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, ওই স্থানে পেছন দিক থেকে কে বা কারা এসে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে গানপাউডার উদ্ধার করেছি আলামত হিসেবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান। 


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি দাবি করেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে চারটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে প্রায় ৪০টি বাস ছিল। ঘটনাস্থলের আশপাশে প্রচুর পরিমাণ গানপাউডার পড়ে রয়েছে বলেও জানান তিনি। তাঁর প্রশ্ন, দুর্বৃত্তদের কাছে এসব গানপাউডার কীভাবে এলো।কয়েস লোদী বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। জনগণের কাছে বিতাড়িত হয়ে তারা এখন দেশে অপতৎপরতা চালাচ্ছে। তাদের প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণও তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদপন্থীদের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।


বৃহস্পতিবার সকাল থেকে তারাব পৌরসভার বিশ্বরোড সংলগ্ন বালুর মাঠে শুরু হওয়া এ ইজতেমা চলবে শনিবার পর্যন্ত।


বৃষ্টিকে উপেক্ষা করেই ইজতেমায় অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজকদের দাবি, প্রথম দিনেই ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন প্রায় ২০ হাজার মুসল্লি। শুক্রবার ও শনিবার মুসল্লিদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন তারা।


এদিকে, ইজতেমাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দানে পুলিশ মোতায়েন করা হয়েছে।


তিন দিনব্যাপী এ ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ সব খবর