রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও কলকারখানা বন্ধের মতো আত্মঘাতী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। এসব সমস্যার সমাধান না হলে জাতির সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
দেশে চলমান অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার এত বছর পরও নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া, অগ্নিসন্ত্রাস ও কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।
ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশেরও অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে মেধা ও নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
তবে বর্তমানে কলেজের আবাসন ও হোস্টেল সংকট, উন্নত লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার সুবিধার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যে সরকারই ক্ষমতায় থাকুক, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে যথাযথ গুরুত্ব দিয়ে শিক্ষার মানের দিক থেকে আবারও শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনার আহ্বান জানান রাষ্ট্রপতি।
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের অর্থনীতি এবং মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বব্যাপী অগ্রগতির সঙ্গে তাল মেলাতে শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষানীতি ও উদ্যোগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করতে জিয়াউর রহমান একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। ওই কমিশনের প্রতিবেদন সংরক্ষিত আছে কি না, তা খুঁজে দেখতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষর করার উদ্যোগ এবং এর বিনিময়ে এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর যুক্ত করার বিষয়টিও উল্লেখ করেন।
শিক্ষকদের দায়িত্বের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁদের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের বিবেক, মূল্যবোধ, মুক্তবুদ্ধির চর্চা ও মানবিক চরিত্র গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারে।
ঢাকা কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, বাজেটের কোনো অভাব নেই। এখন প্রয়োজন সঠিক উদ্যোগ ও কাজের দ্রুত অগ্রগতি। এ ক্ষেত্রে নিজের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) প্রথমবারের মতো দুই অঙ্কের অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের সূচকে ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। ২০২৪ সালের জরিপে ১০০তম অবস্থানে থাকা দেশটি এবার তিন ধাপ এগিয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এবার দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ইজিডিআই স্কোর (০ দশমিক ৬৮৯৩) অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে ‘উচ্চ ইজিডিআই’ (হাই ইজিডিআই) শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে দেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, সূচকটির দুটি উপাদানেও বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এর মধ্যে ‘অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই)’ স্কোর দাঁড়িয়েছে ০ দশমিক ৮১ এবং ‘টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স (টিআইআই)’ স্কোর হয়েছে ০ দশমিক ৬৯। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর অন্তর এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে। ‘জাতিসংঘ ই-গভর্নমেন্ট জরিপ ২০২৬’-এর ফলাফল অনুযায়ী, এই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।
সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো দেশের ই-গভর্নমেন্ট ব্যবহারের প্রস্তুতি, সক্ষমতা ও অগ্রগতি নির্দেশ করে ইজিডিআই সূচক। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স এই তিনটি সূচকের সমন্বিত গড় হিসাব করে এটি নির্ণয় করা হয়।
এবারের জরিপে বিশ্বব্যাপী গড় ইজিডিআই স্কোর ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে বৈশ্বিক গড় স্কোর ছিল ০ দশমিক ৬৩৮২, যা ২০২৬ সালে দাঁড়িয়েছে ০ দশমিক ৬৬৭৫-এ। বাংলাদেশের অর্জিত ০ দশমিক ৬৮৯৩ স্কোর এই বৈশ্বিক গড়ের চেয়েও বেশি।
মূল্যায়ন করা ১৯৪টি দেশের মধ্যে বর্তমানে ১৫১টি দেশ ‘উচ্চ’ অথবা ‘অতি উচ্চ’ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ সালের প্রতিবেদনে এই সংখ্যা ছিল ১৩৮টি।
ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
ছবি- চ্যাটজিপিটি দিয়ে বানানো
দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল বৃদ্ধি, নজরদারি জোরদার এবং যানবাহনে তল্লাশির বিষয়ে বলা হয়েছে। এ ছাড়া বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি, টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডিসেম্বরকে সামনে রেখে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি নিয়ে গোয়েন্দা সতর্কতার পরিপ্রেক্ষিতে চলতি মাসে দেশের অন্তত ২১ জেলায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পর সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে।
কর্মকর্তারা জানান, গ্রেপ্তার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে সড়ক, রেল ও নৌপথের যোগাযোগ বিচ্ছিন্ন করা, গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোকে বিচ্ছিন্ন করে ফেলা এবং ঢাকায় বড় ধরনের জমায়েতের সম্ভাব্য পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ৭০ ককটেল বিস্ফোরণ ও ৫৭ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে ৩৫টি মামলা করা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পুলিশ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতায় জড়িত থাকার অভিযোগে ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ৫২৮ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, নাটোর, খুলনা, ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী ও কুড়িগ্রামসহ অন্যান্য জেলাতেও সহিংসতার খবর পাওয়া গেছে। গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পিরোজপুর, বাগেরহাট ও বরিশালকেও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এসব ঘটনার পর অস্ত্র, বিস্ফোরক ও সন্দেহভাজন ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী জেলাগুলোতে পুলিশ নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পাশাপাশি নাশকতা অর্থের উৎস শনাক্ত করতে গ্রেপ্তার সন্দেহভাজনদের মোবাইল ব্যাংকিং বা আর্থিক লেনদেনও খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো।
পুলিশ সদর দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা বলেন, সীমিত জনবল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন। আমরা সরকারকে বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করার অনুরোধ জানিয়েছি।
গোপালগঞ্জে প্রায় ২ হাজার পুলিশ সদস্য, ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন এবং অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো, মহাসড়ক ও শহরাঞ্চলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর। এর মধ্যে ঢাকায় ২৩, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ ও ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজধানীতেও বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সহিংসতাকবলিত জেলাগুলো থেকে পালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী ঢাকায় আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হবে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, ঢাকায় চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন সংগঠক ও নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আত্মগোপনে থাকা বা পলাতকদের ধরতে শিগগির অভিযান শুরু হবে। তিনি আরও জানান, সরকারি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় (কেপিআই) পোশাকে ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, টহল পুলিশ ও ডিবির দলগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে সর্বোচ্চ জনবল মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ বলেন, 'আমরা মাঠে আছি। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছি। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।'
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুম মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির নামে কেউ সহিংসতা, নাশকতা বা জনচলাচলে বাধা সৃষ্টি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। পুলিশ নজরদারি বজায় রাখবে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বাভাবিক হয়নি সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ। বুধবার সকালে নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে হাজিরা দিলেও কিছুক্ষণ পর কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে হেমায়েতপুর, উলাইল, জামগড়া, নরসিংহপুর, বেরন ও জিরাবোসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।
শ্রমিক অসন্তোষের জেরে বুধবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আরও ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সব মিলিয়ে শিল্পাঞ্চলে বন্ধ ও ছুটির আওতায় থাকা কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১১২টিতে। এদিকে শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও সাভারের হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল ৯টার পর কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাইরে বেরিয়ে আসেন। পরে আশপাশের কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে অন্য শ্রমিকদেরও বেরিয়ে আসার আহ্বান জানান তাঁরা। একপর্যায়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে মিছিল নিয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন তারা। অন্যদিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। এসব এলাকার কয়েকটি স্থানে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।বিকেলে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকরা। পরে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
অন্যদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এমকে অ্যাপারেলস কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানাটির প্রধান ফটক, অভ্যর্থনাকক্ষের কাচ ও একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। এ ছাড়া জিরাবো এলাকাতেও শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে হুমায়ুন কবির নামে এক শ্রমিক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেনের বাসা থেকে মোছাম্মৎ সুলতানা বেগম ও মো. ইলিয়াস (৫১) নামে আরও দুই শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইলিয়াস এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটর চালক শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতও যোগ দিয়েছেন। পাশাপাশি মজুরি বোর্ডের সিদ্ধান্ত কবে আসবে, তা নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে শ্রমিকের ছদ্মবেশে কেউ অরাজকতা, অস্থিতিশীল পরিস্থিতি কিংবা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের জেরে বুধবার সন্ধ্যা পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আরও ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, এপিবিএন (এসআরবি) ও বিজিবি সদস্যরা।
টানা কয়েক দিনের উত্তেজনার পর বুধবারও নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এখন মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শ্রমিক ও মালিকপক্ষ।