• প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম

গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষকের আনন্দ আর নতুন ধানের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া। বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।


বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এদিন বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পার্শ্ববর্তী আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।


পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। উৎসবকে ঘিরে এর আগে থেকেই মন্দির আঙিনায় নেওয়া হয় নানা আয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।


এতে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন।


মন্দিরের সাধারণ সম্পাদক নয়নাভিরাম গাইন বলেন, “নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমরা প্রতি বছর পহেলা অগ্রহায়ণে এ উৎসবের আয়োজন করে থাকি। মতুয়া সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসবে অংশগ্রহণ করেন।


আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু নতুন ফসলের আনন্দ উদযাপন নয়, বরং পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন একসঙ্গে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। উৎসবের শেষে নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা, পায়েস, মলিদাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার প্রসাদ হিসেবে ভক্তদের মাঝে বিতরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেও আমরা প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখতে চাই।”


উল্লেখ্য, নবান্ন বাঙালির অন্যতম প্রাচীন লোকজ উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান ঘরে ওঠার আনন্দকে কেন্দ্র করে গ্রামবাংলায় এ উৎসবের প্রচলন। নতুন চালের পিঠা-পায়েস, আত্মীয়-স্বজনের আপ্যায়ন এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে বাঙালির কৃষিনির্ভর জীবন, ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে নবান্ন উৎসব



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২২ পিএম

ময়মনসিংহের ভালুকায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।


শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী, আইডিয়াল মোড় ও কাশর চৌরাস্তায় পৃথক তিনটি স্থানে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু শ্রমিকদের বেতন বৃদ্ধির আশ্বাস দেন। পাশাপাশি শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে প্রতি শুক্রবার ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিতরণ করা হবে।


তিনি শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উছমান গনী মল্লিক মাখন, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসানসহ উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৯ পিএম

নির্বাচন কমিশনারের ঘোষণা অনুসারে ২য় ধাপে ৪ ফেব্রুয়ারি  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদেও প্রার্থী চূড়ান্তের কাজ চলছে।


দলীয় সূত্রে জানা গেছে, লালপুরের ১০টি ইউনিয়নে জামায়াতের নেতাকর্মীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক, ওয়ার্ড বৈঠকসহ নানা ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসব প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ছে বলেও দাবি করছেন দলটির নেতাকর্মীরা।


চূড়ান্ত হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন— ১ নং লালপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ, ২ নং ঈশ্বরদী ইউনিয়নে গোলাম রব্বানী সুমন, ৩ নং চংধুপইল ইউনিয়নে হাসমত আলী হাসু, ৪ নং আরবাব ইউনিয়নে আব্দুর রউফ, ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়নে আনেজ উদ্দিন, ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম, ৭ নং ওয়ালিয়া ইউনিয়নে কামরুজ্জামান, ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নে সাজ্জাদুর রহমান উজ্জল, ৯ নং অর্জুনপুর - বরমহাটি (এবি ) ইউনিয়নে শরিফুল ইসলাম এবং ১০ নং কদিমচিলান ইউনিয়নে মহসিন আলম।


উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৭০ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অবশিষ্ট ওয়ার্ডগুলোতে প্রার্থী চূড়ান্তের কাজ চলমান রয়েছে।


দুড়দুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সামাদ বলেন, “আমরা নির্বাচনে বিজয় পেতে কাজ করছি। এ লক্ষ্যে নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।”


কদিমচিলান ইউনিয়নের জামায়াতকর্মী আরাফাত বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দমন-পীড়নে এ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। জামায়াতের প্রার্থী দীর্ঘদিন কারাভোগ করেছেন। এলাকায় তাঁর জনপ্রিয়তাও রয়েছে।”


বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাজদার রহমান বলেন, “জামায়াতের প্রার্থীকে বিজয়ী দেখতে আমরা কাজ করে যাচ্ছি।”


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লালপুরের বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থীদের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৫ পিএম

পবিত্র রাস-পূর্ণিমা তিথি উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটায় বসতে যাচ্ছে মতুয়া ভক্ত ও অনুসারীদের এক বিশাল মিলনমেলা। আগামী ২৩ নভেম্বর (সোমবার), ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, পটুয়াখালীর কুয়াকাটা সরকারি পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ২২তম ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান-২০২৬।ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় মহাসম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন আয়োজকরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। আলোকিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে থাকবেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি শ্রী স্নেহাংশু সরকার কুট্টি।


আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বের ৬১টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এবং শ্রীধাম ওড়াকান্দি, কাশিয়ানী, গোপালগঞ্জের সংশ্লিষ্ট নেতৃত্বের সহযোগিতায় এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। পবিত্র রাস-পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও মহা মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু)। আশীর্বাদক হিসেবে থাকবেন ব্রহ্মচারী শ্রীমৎ রবি পাগল, গদিসমাসীন গুরুদেব, কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির সেবাশ্রম, বরগুনা। মঙ্গলদীপ প্রজ্বলন করবেন ব্রহ্মচারী শ্রী সুবোধ চাঁদ সেবাশ্রমের শ্রীমৎ প্রসেনজিৎ গোঁসাই, মহিপুর, কলাপাড়া।


মহাসম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সিনেট কমিটির চেয়ারম্যান ড. গোকুল চন্দ্র বিশ্বাস এবং একই কমিটির সদস্য ড. সঞ্জয় কুমার দাস।


এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের বাংলাদেশ কমিটির সভাপতি শ্রী সমীর চন্দ্র তালুকদার। এ সময় উপস্থিত থাকবেন শ্রীমৎ অজয় গোসাঁই, জয়পুর তারকধাম, নড়াইল; শ্রীমৎ জীবনানন্দ গোঁসাই (পান্ডে), সভাপতি, গোসাই সমিতি এবং শ্রী দিলীপ সিকদার, সভাপতি, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, ঢাকা জেলা কমিটি।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কলাপাড়া শাখা, পটুয়াখালীর সাধারণ সম্পাদক শ্রী বিনয় ভূষণ বড়াল। তিনি একই সঙ্গে অনুষ্ঠান উদযাপন কমিটি, কুয়াকাটার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উপদেষ্টা শ্রীমৎ মনোরঞ্জন গোসাঁই, পশুরিবুনিয়া, পটুয়াখালী সদর; বাংলাদেশ কমিটির উপদেষ্টা শ্রী রঞ্জন মন্ডল এবং পটুয়াখালী জেলা কমিটির সভাপতি শ্রী দীপক কুমার দাসসহ মিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এছাড়া বাংলাদেশ কমিটির নির্বাহী সভাপতি এবং অনুষ্ঠান উদযাপন কমিটি, কুয়াকাটার আহ্বায়ক শ্রী অরুণ কুমার পান্ডে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি শ্রীধাম ওড়াকান্দি, কাশিয়ানী, গোপালগঞ্জের সঙ্গে সম্পৃক্ত।


আয়োজকরা জানান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ও মতুয়া ধর্মীয় ভাবধারাকে ধারণ করে পবিত্র রাস-পূর্ণিমা তিথিতে এ ঐতিহাসিক মহাসম্মেলন ও পুণ্যস্নানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষকে সবান্ধবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


সাগরকন্যা কুয়াকাটার মনোরম সমুদ্রসৈকতে এ ধর্মীয় আয়োজন মতুয়া সম্প্রদায়ের ভক্ত-অনুসারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও মিলনবন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

সর্বশেষ সব খবর

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্কিট হাউসে বৈঠকে বসেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২০ পিএম

সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে গেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার সকালে তিনি জেলা শহরে পৌঁছান। 


তাঁর সঙ্গে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। 


সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা শহরের সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও আছেন। তারা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।

সার্কিট হাউসে বিজিবির ডিজির গাড়ি বহর

সকাল সাড়ে ১১টার দিকে তারা গোপালগঞ্জ শহরে এসে পৌঁছান। এর আগে তারা মুকসুদপুরে পুড়িয়ে দেওয়া থানা পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ পুলিশ লাইনে যান তারা।


সরেজমিনে দেখা যায়, সার্কিট হাউসের সামনে কড়া নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সেখানে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের অবস্থান রয়েছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৬ পিএম

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন।


আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।


উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন বলেন, “বাসায় আগুন না, যেটা হলো বাসার সামনে গলির গেইট আছে। গেইট পার হলে অনেকগুলো বাসা, তার মধ্যে উনার একটি বাসা। গেইটের সামনে একটু অগ্নি সংযোগ করা হয়েছিল।"


তিনি আরও বলেন, “কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রল বোমা জাতীয় কিছু না।”


এ ঘটনায় কেউ আহতও হয়নি বলে জানান তিনি।


সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১১ পিএম

গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির কারণে গত বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। প্রায় ৩৬ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ছয়টার পর দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস সকাল থেকে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো।


বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের অধিকাংশ বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যায় গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে রাখায় চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কারণে ওই সব রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস বন্ধ রাখেন পরিবহনমালিকেরা।


বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বৃষ্টির মধ্যেও নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীরা রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়ক ও মহাসড়কের বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন।


সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক


গোপালগঞ্জের ইমাদ, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ পরিবহন কাউন্টার সূত্রে জানা যায়, আজ সকাল থেকে তাদের বাস স্বাভাবিকভাবে চলছে।


ঢাকা থেকে বাগেরহাটগামী দোলা পরিবহনের যাত্রী শামসুর রহমান সকালে মুঠোফোনে বলেন, ‘বুধবার রাত থেকে আমি ঢাকায় আটকে ছিলাম। গোপালগঞ্জে সংঘাত ও রাস্তা আটকে থাকায় কোনো বাস চলছিল না। শুক্রবার সকাল ছয়টার পর বাস ছেড়েছে।’


শামসুর রহমান জানান, পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা হয়ে গোপালগঞ্জে ঢোকার পর রাস্তার ওপর কাটা গাছপালা এখনো পড়ে আছে। কিছুটা সরানো হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি, তবে এর মধ্য দিয়েই গাড়ি চলছে।


বাগেরহাট থেকে ঢাকাগামী দোলা পরিবহনের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, সকাল থেকে সব বাস চলছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই। রাস্তায় যে গাছপালা আছে, তাতে চলতে তেমন অসুবিধা হচ্ছে না। বৃষ্টির কারণে গাড়ি কিছুটা ধীরে চলছে।


পণ্যবাহী যানও চলছে


বুধবার সন্ধ্যার পর এই মহাসড়কে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের বাধার মুখে পড়তে শুরু করেন পণ্যবাহী বিভিন্ন গাড়ির চালকেরা। এতে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে আটকে পড়া পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর এগুলো নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছে।


গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। তখন থেকেই যানবাহন চলাচল শুরু হয়।


আটকে থাকা চালকদের দুর্ভোগ


সিলেট থেকে পাথর নিয়ে বাগেরহাটের কাটাখালীর পথে থাকা ডাম্পট্রাকচালক মোহাম্মদ আলী দোলা পাম্প এলাকায় আটকা পড়েছিলেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা দিয়ে বুধবার ঢাকার মহাখালীতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে রওনা হয়ে রাত ৯টার দিকে গোপালগঞ্জে ঢোকেন।


মোহাম্মদ আলীর ভাষ্য অনুযায়ী, তখন মুকসুদপুরে গাছ ফেলে রাস্তা আটকানো ছিল, তবে লোড গাড়ি দেখে তাঁদের ছেড়ে দেওয়া হয়। উজলপুরে বিদ্যুতের খুঁটি ফেলা ছিল, সেখানেও ছাড় মেলে। পুলিশ লাইনস এলাকার বাধাও তিনি পার হন। তবে রাত ১০টার দিকে দোলা পাম্পে এসে আর এগোতে পারেননি, কারণ সেখানে গাছ ফেলে পুরো রাস্তা বন্ধ ছিল। এবং সেখানে থাকা লোকজন এগোতে দেয়নি। তিনি বলেন, মেশিন দিয়ে গাছ কেটে রাস্তায় ফেলে রাখতে দেখেছেন।


পাথরবোঝাই আরেক ট্রাকের চালক মো. তুহিন জানান, আটকে থাকা স্থান থেকে কয়েক কিলোমিটার পরেই মধুমতী নদী, যা বাগেরহাটের সীমানা। এই রাস্তা পার করে দেওয়ার কথা বলে কয়েকজন তাঁর কাছ থেকে ৫০০ টাকা নেন, পরে তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। আরও কয়েকজন ট্রাক ও পিকআপের চালক একই ধরনের অভিযোগ করেছেন।


বৃহস্পতিবার রাতে মুঠোফোনে দুই চালক বলেন, আটকে পড়ার পর তাঁরা রাত-দিন শুধু দা, কুড়ালসহ অস্ত্র হাতে মানুষ দেখেছেন। একসঙ্গে এত অস্ত্র আগে দেখেননি তাঁরা। ২৪ ঘণ্টার বেশি ধরে আটকে থাকায় চালক ও তাঁদের সহকারীরা চরম দুর্ভোগে পড়েন।


সর্বশেষ সব খবর