জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক (ছবি: বিএনপি মিডিয়া সেল)
প্রত্যেক সংসদ সদস্যকে নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে এমপিদের উদ্দেশে এ নির্দেশনা দেন সরকারপ্রধান ও বিএনপির সভাপতি। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে অংশ নেন বিএনপির সংসদীয় দলের সদস্যরা।
মেঘনা আলম
দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে হাজির হয়ে এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন এ-সংক্রান্ত চিঠি দেন।
অনুসন্ধানের আওতায় রয়েছে কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলম। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই মেঘনা আলমকে তলব করেছে দুদক।
মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার এই সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। একই সঙ্গে জনসভাস্থল কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্রস্তুত করা হচ্ছে মঞ্চসহ প্রয়োজনীয় অবকাঠামো।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
পরে একটি জনসভায় যোগ দেবেন সরকারপ্রধান। এ ছাড়া জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে সফল করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে চলছে ব্যাপক প্রস্তুতি।
ছবি : সংগৃহীত
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ই-রিকশা নিবন্ধন ও নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন ও লাইসেন্স ছাড়া এসব রিকশা চলাচল করতে পারবে না। তবে প্রশ্ন উঠেছে, ই-রিকশা আসলে কী, কারা লাইসেন্স পাবেন এবং আগে থেকে চলাচল করা পুরোনো অটোরিকশাগুলোর কী হবে?
ই-রিকশা কী?
ই-রিকশা হলো তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা। এটি বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে চলে। নতুন বিধিমালায় এ ধরনের রিকশার কারিগরি মান ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য পূরণ, ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া কোনো ই-রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না। নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেয়ার বিধানও রাখা হয়েছে।খেলা খবর
কারা পাবেন লাইসেন্স?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ই-রিকশা উৎপাদনের অনুমতি পেতে হলে প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে কয়েকটি ধাপ পার হতে হবে। প্রথমে বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের তৈরি মডেলকে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করতে হবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শনের পর সন্তোষজনক ফল পাওয়া গেলে উৎপাদনের অনুমতি দেয়া হবে।
গত ১৫ নভেম্বর নগর ভবনে বুয়েটের নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে আসা ১৩টি প্রতিষ্ঠানের ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি জানান, ১১টি প্রতিষ্ঠানের নকশাকৃত ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএসসিসির চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি ই-রিকশাকে লাইসেন্স দেয়া হবে না।
পুরোনো অটোরিকশার কী হবে?
পুরোনো অটোরিকশা চলাচলের সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক জানিয়েছেন, বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেয়া হবে।
ই-রিকশার নিবন্ধন
গত ৩ নভেম্বর থেকে ডিএসসিসি এলাকায় ই-রিকশানিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ১০০ টাকা। ১৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে। তবে ফরম সংগ্রহ বা আবেদন করলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত শর্ত পূরণ এবং কারিগরি ও অন্যান্য যাচাই-বাছাই শেষে যোগ্য ই-রিকশাগুলোকে নিবন্ধনের অনুমতি দেয়া হবে।
গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ নতুন বিধিমালা জারি করে। এর মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।
ড. মুহাম্মদ ওসমান ফারুক
পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক লিখেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়াটা তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদত্যাগপত্রে ওসমান ফারুক সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকারকে অবহিত করেছেন।
ওসমান ফারুক আরও লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।
তিনি লিখেছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করা তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৩ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদকে জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর স্পিকার সেটি হাতে পান।
সূত্র জানায়, স্পিকারকে উদ্দেশ করে ওসমান ফারুক লিখেছেন, তিনি আশা করেন তাঁর এই সিদ্ধান্তে সংসদ সদস্যরা এবং কিশোরগঞ্জের জনগণ হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসমান ফারুক।
ওসমান ফারুক পেশায় কৃষি অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন।
বিএনপির মনোনয়নে ২০০১ সালে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ওসমান ফারুক বিজয়ী হন। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।
২০২৪ সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ২৪ অক্টোবর দেশে ফেরেন ওসমান ফারুক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে পুনরায় বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে আছেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। তাদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলে। এতে চারজনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে লন্ডন পুলিশ।
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। তার সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠান চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হলের বাইরে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে ডেইলি ড্যাজলিং ডন জানায়, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়েন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকেরা। হলের বাইরের অংশে কয়েকজন অতিথিকে মারধরও করা হয়। পরে অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হামলার অভিযোগ নাহিদের
ঘটনার পর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হামলার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি লেখেন, ‘অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’
নাহিদ আরও লেখেন, ‘আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।’
হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ।
এর আগে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটেছিল।