ক্ষেতের পাশে পড়ে আছে এরশাদ আলীর মরদেহ

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪২ পিএম

নওগাঁর মহাদেবপুরে পাকা সড়কের ধারে ধান ক্ষেতের পাশে পড়ে ছিল এরশাদ আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। মহাদেবপুর থানা পুলিশ দুপুরে চাঁন্দাশ ইউনিয়নের খাজুর-বাগডোব পাকা সড়কের জেকাতকানো মোড়ের দক্ষিণ পাশের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।


স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। নিহত এরশাদ ১০ বছর ধরে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। ছয় মাস আগে মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে এসে আর ঢাকায় যাননি। এরপর থেকে তিনি গরু কেনাবেচার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তার স্বজনদের অভিযো, গত রাতে কে বা কারা তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। 


এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।


মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫১ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়াই চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে মো. নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’-এর সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রিজার্ভ পুকুরপাড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বনি আমিন উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটির কাগজপত্র যাচাই করে ট্রেড লাইসেন্স হালনাগাদ পাওয়া গেলেও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করা হয়নি বলে প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা দেখাতে পারেনি।


প্রতিষ্ঠানটির পরিচালক দাবি করেন, ঢাকা থেকে চিকিৎসকেরা অনলাইনে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। পরে প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়া এক রোগীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সহকারী হিসেবে পরিচয় দেওয়া নাঈমুর রহমানই তাকে চিকিৎসাসেবা দিয়েছেন।


এ ঘটনায় বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়া চিকিৎসাসেবা প্রদানের অপরাধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারায় নাঈমুর রহমানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া চোখের মতো সংবেদনশীল অঙ্গের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিপ গাড়িতে আগুন দেন শ্রমিকরা

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:১২ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে অশান্ত গাজীপুর শিল্পাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনে আজও উত্তাল গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এসময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিপ গাড়িতে আগুন দেন।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি জানান, শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই।


গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।


ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, গাড়িতে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে তিনি জানান।


শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে গাড়িটি নিয়ে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। এসময় পরিস্থিতি দেখতে গাড়িটি নিয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় তিনি গাড়ি থেকে নামেন। মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। এসময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হঠাৎ পাবলিক গাড়িটির আশপাশে মিশে যাওয়ায় গাড়িটি আর মুভ করাতে পারেননি।


তিনি বলেন, তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। এসময় গাড়িটি পুড়িয়ে দেওয়া হলেও তিনি নিরাপদে আছেন বলে জানান।


গোপালগঞ্জে বিজিবির টহল

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৫ পিএম

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।


আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।


এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৯ এএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 


নিহত হেলপারের নাম সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুরে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহণে রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  এ সময় আগুনে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়ামের মৃত্যু হয়। পরে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।


ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি  জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


জানা গেছে, লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।  


বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৩ এএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় দুপুরে আটচক করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

দুপুরে ওই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। বিজিবি ৪৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের পর সাতটার দিকে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন ও পর্যটকরা মিলে তাকে আটক করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিছনাকান্দি বিওপির সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাৎক্ষণিক তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।’

তিনি আরও জানান, ‘পরবর্তী সময়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।’


ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৪ এএম

ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক। তার ছোট ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার ভারত থেকে দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকায় পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।