সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকী

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩৮ পিএম

নওগাঁর মহাদেবপুরের কৃতি সন্তান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার মরহুম আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। এ উপলক্ষে আকতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশনের পক্ষ থেকে ২১ নভেম্বর বেলা ১১টায় মহাদেবপুরস্থ জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের ছোট ছেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজওয়ান আরেফিন সিদ্দিকী স্মরণসভায় উপস্থিত থাকার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন।


আকতার হামিদ সিদ্দিকী ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম এমপি নির্বাচিত হন। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। এছাড়া তিনি ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ছিলেন। এসময় তার নির্বাচনী এলাকা মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়। সারাদেশে তিনি উন্নয়নের প্রতিক হিসেবে পরিচিতি লাভ করেন।


মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে ২০০৯ সালের ২১ মার্চ ডিবি তাকে তার মহাদেবপুরস্থ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর তিনি আদালত থেকে বেকসুর খালাস পান।


আকতার হামিদ সিদ্দিকী ১৯৪৭ সালের ৩০ মে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আরিফ হোসেন মন্ডল। তার নামে মোল্লাকুড়ি মোড়ে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু তা আজও এমপিওভূক্ত হয়নি। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ১৯ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 





  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩৪ পিএম

আগামীকাল টাঙ্গাইল জেলা প্রশাসক ও সদর উপজেলা ইউএনও'র আগমন উপলক্ষে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮নভেম্বর) সকালে বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র  বিদ্যালয় ম্যানেজিং  কমিটির সভাপতি সদর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

গোপালগঞ্জে কাশিয়াীনিতে বিএনপির কার্যলায় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।


এর আগে গতকাল রাতে টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ সময় থানার লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেয়া, পুলিশের অস্ত্র লুট এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।


স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা থানায় গিয়ে গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়। পরে হামলাকারীরা থানার লকার ভেঙে গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুট করে বলে জানা গেছে।


এদিকে, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।


  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বুধবার দুপুরে পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।‌ জলাবদ্ধতা পরিবেশ দূষণ ও নাগরিক সেবার মানোন্নয়ন ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


তারাবো পৌর প্রশাসক এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম, প্রকৌশলী জাকির হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন।


এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, পৌর বিএনপির নেতা মনোয়ার শাওন ভূঁইয়া, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, যুগ্ম আহ্বায়ক হাজী হাসান ইমাম বাবুল এবং জামায়াতে ইসলামীর নেতা আলামিন ও আবু তৈয়ব, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর সাউথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


মতবিনিময় সভায় পৌর এলাকার পানি সরবরাহ, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।


সভায় পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫১ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়াই চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে মো. নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’-এর সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রিজার্ভ পুকুরপাড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বনি আমিন উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটির কাগজপত্র যাচাই করে ট্রেড লাইসেন্স হালনাগাদ পাওয়া গেলেও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করা হয়নি বলে প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা দেখাতে পারেনি।


প্রতিষ্ঠানটির পরিচালক দাবি করেন, ঢাকা থেকে চিকিৎসকেরা অনলাইনে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। পরে প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়া এক রোগীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সহকারী হিসেবে পরিচয় দেওয়া নাঈমুর রহমানই তাকে চিকিৎসাসেবা দিয়েছেন।


এ ঘটনায় বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়া চিকিৎসাসেবা প্রদানের অপরাধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারায় নাঈমুর রহমানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া চোখের মতো সংবেদনশীল অঙ্গের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ক্ষেতের পাশে পড়ে আছে এরশাদ আলীর মরদেহ

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪২ পিএম

নওগাঁর মহাদেবপুরে পাকা সড়কের ধারে ধান ক্ষেতের পাশে পড়ে ছিল এরশাদ আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। মহাদেবপুর থানা পুলিশ দুপুরে চাঁন্দাশ ইউনিয়নের খাজুর-বাগডোব পাকা সড়কের জেকাতকানো মোড়ের দক্ষিণ পাশের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।


স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। নিহত এরশাদ ১০ বছর ধরে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। ছয় মাস আগে মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে এসে আর ঢাকায় যাননি। এরপর থেকে তিনি গরু কেনাবেচার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তার স্বজনদের অভিযো, গত রাতে কে বা কারা তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। 


এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।


মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিপ গাড়িতে আগুন দেন শ্রমিকরা

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:১২ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে অশান্ত গাজীপুর শিল্পাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনে আজও উত্তাল গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এসময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিপ গাড়িতে আগুন দেন।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি জানান, শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই।


গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।


ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, গাড়িতে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে তিনি জানান।


শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে গাড়িটি নিয়ে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। এসময় পরিস্থিতি দেখতে গাড়িটি নিয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় তিনি গাড়ি থেকে নামেন। মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। এসময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হঠাৎ পাবলিক গাড়িটির আশপাশে মিশে যাওয়ায় গাড়িটি আর মুভ করাতে পারেননি।


তিনি বলেন, তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। এসময় গাড়িটি পুড়িয়ে দেওয়া হলেও তিনি নিরাপদে আছেন বলে জানান।