কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড়ে অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ে টিনশেডের কয়েকটি দোকানে রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামালসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ছবি : সংগৃহীত
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এতো বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করছি, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হবে। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে নিজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার ও মানববন্ধন করা হয়েছে বলে দাবি করেছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধের লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম এবং ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই মামলার আসামিরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন। তাঁর দাবি, মূলত সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে সাবেক এই জনপ্রতিনিধি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আওয়ামী লীগ সরকারের আমলে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অথচ বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি এসব অপপ্রচার ও মিথ্যা অভিযোগ বন্ধের দাবি জানিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে এবিএম আখতারুজ্জামান শাহজাহান তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলম, আমিনার রহমান কিংবা মানববন্ধনে অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা ও মামলায় তাঁদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজন। প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তি, মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়।
প্রতিযোগীতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ ও অংশগ্রহণের প্রশংসা করেন। একই সঙ্গে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি দেশপ্রেম, জাতীয় চেতনা এবং সৃজনশীল মনন বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের প্রতিযোগীতায় অংশগ্রহণ কেবল পুরস্কার অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ, নিজস্ব চিন্তার বিকাশ এবং সৃজনশীল প্রতিভা প্রকাশেরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভবিষ্যতেও নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ২৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চান্দুরিয়া ও গোবিন্দপুর বিওপির সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী পৃথক এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারী ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা শুধু নিয়মিত টহলের মধ্যে সীমাবদ্ধ নয়; গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযানও অব্যাহত রয়েছে।সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে অপরাধীদের প্রতিটি তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আশুলিয়ায় বিজিবি সদস্যদের টহল
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়ার বেশ কিছু কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে বের হয়ে যান। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।
চার থেকে পাঁচটি জায়গায় তারা বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতাহেন রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার যে দাবি করা হচ্ছে তা অস্বীকার করে তিনি বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি।’
মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পুলিশ রাবার বুলেট কিংবা শর্টগান ব্যবহার করেনি।’
প্রসঙ্গত, মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় গতকাল সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।
বৈঠক শেষে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, ‘মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
মালিকপক্ষের প্রতিনিধি এক সপ্তাহের সময় চেয়েছিলেন। এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ব্রিফিংয়ে বলেন, ‘শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থাকায় সব মালিকদের পক্ষ থেকে প্রস্তাব পাননি তারা। এ কারণে এক সপ্তাহের সময় চাওয়া হয়েছে।’
অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা প্রস্তাবের পক্ষে বিভিন্ন যুক্তি তথ্য তুলে ধরেন।
বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মূল মজুরি (বেসিক) মোট মজুরির ৬০ শতাংশ, বাড়ি ভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তারা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশীয় অঞ্চলের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।
শ্রমিক প্রতিনিধিরা বলেন, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
তাদের মতে, মূল মজুরির অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পর মূল মজুরির অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়।
শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।
তারা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।
এদিকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার দাবিতে মজুরি বোর্ডের সামনে সড়কে বিক্ষোভ করছেন সংগঠনের সদস্যরা।
শতাধিক নেতাকর্মী বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নেয়
শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাতবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
তাদের অংশগ্রহণের বিষয়টি পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম নিশ্চিত করেছেন।
গত সোমবার রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অবরোধের দৃশ্য ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম সমকালকে বলেন, গত রাতের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধারণা করছি, প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তাদের কর্মসূচিকে ঘিরে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে গতকালের ঘটনায় কতটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।