সালাহউদ্দিন আম্মার

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’। এতে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভীকে সদস্য সচিব করা হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সদস্য সচিব আবিদা সুলতানা, মুখপাত্র সিহাব শাহরিয়ার, সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক উসামা বিন সিহাব, কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম এবং সহ-কর্মসূচি ও আন্দোলন সম্পাদক ফাহিম ফয়সাল সাদিক।


এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহ-ক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ এবং সহ-আইন সম্পাদক পলাশ মিয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।


প্রসঙ্গত, রাকসুর মেয়াদ শেষ হওয়ার পর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। পরে গত ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্ল্যাটফর্মটির ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।




  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৮ পিএম

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।


২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করেছে।


নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে।


দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।


প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।


নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে। সেই অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।


  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৬ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের চারদিন ব্যাপী ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 


‎​মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষদ সংলগ্ন ধূমকেতু মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার উদ্বোধন করেন।


‎উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ​মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন অনুষদের সকল বিভাগের শিক্ষক এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ। 


‎


‎ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, 'দীর্ঘদিন পর মাৎস্যবিজ্ঞান অনুষদে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টি করা। খেলাধুলা বিনোদনের অন্যতম সুন্দর মাধ্যম। পাশাপাশি খেলার মাঠে কোনো ধরনের বিবাদ সৃষ্টি হলে তা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে।'


‎​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, 'শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক মানসিকতা গঠনে খেলাধুলার বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহনশীলতার অভাব দেখা যাচ্ছে। এ ধরনের টুর্নামেন্ট সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সুসম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।'

‎

আয়োজক সূত্রে জানা যায়, অনুষদের চার শিক্ষাবর্ষের মোট চারটি দলের অংশগ্রহণে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপনী ঘটবে। এছাড়া প্রতিটি দলের সার্বিক দিক নির্দেশনায় দুইজন করে শিক্ষক ‘টিম ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করছেন।


খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৯ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি-২০২৭ তারিখে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) বিকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীব বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।

পরদিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।

ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ku.ac.bd) প্রকাশ করা হবে।


  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৮ পিএম

'মানুষের জন্মের আদিকাল থেকেই মানুষ হিসাব-নিকাশ করে আসছে। জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা।’—এমন মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, ওয়েবিনার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।


উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এর তাৎপর্য অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে।’ তিনি আরও বলেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন। ময়মনসিংহ বিভাগে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে। শিক্ষাজীবন শেষেও এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন


র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন।


র‌্যালি শেষে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


উল্লেখ্য, আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলির রচিত ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা’ গ্রন্থটি ১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। ঐতিহাসিক এ প্রকাশনাকে স্মরণ করে প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালন করা হয়। হিসাবরক্ষক, আর্থিক বিশ্লেষক ও নিরীক্ষকসহ হিসাববিজ্ঞান পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিতেই দিবসটি উদ্‌যাপন করা হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠিসহ বাক্স উদ্ধার, মিলল রহস্যময় বার্তা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাদা ব্যাগে মোড়ানো লাল প্লাস্টিকের বাক্স থেকে ফুল ও চিঠি উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘মিসক্রিয়েন্ট’ উল্লেখ করে দেওয়া হয় রহস্যময় বার্তা।


সোমবার (৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠ থেকে বাক্সটি উদ্ধার করে পুলিশ।


‘নভেম্বর রেইনের শুভেচ্ছা’ জানিয়ে চিঠিতে লেখা ছিল, ‘২৪ এর মিসক্রিয়েন্ট আর মহান মুক্তিযুদ্ধ বিরোধীতাকারী ব্যতীত সকলের সুরই এখন এক এবং অভিন্ন সুরে গাথা। যে দলেরই হোক না কেন দেশরক্ষা আর দেশমাতৃকার তরে এই লড়াইয়ে প্রত্যেকের প্রত্যাশাই এখন common dream। রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন যারা নষ্ট করতে ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টমেটাম দেওয়া হল।’


চিঠিতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আজকে false sample দিলাম সামনের দিন সামনা সামনি কথা হবে। অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্থ করবেন না। Its your eleventh hour! চিঠিটি খুলে যখন পড়ছেন তখনও আপনার পাশে থেকে সব জানান দিচ্ছে। জাস্ট এতটুকু জানিয়ে রাখলাম। বোমা-বারুদের নষ্ট রাজনীতি করা ভাইয়ার ২১শে আগস্টের রেকর্ড, আমাদের না। বাক্সে থাকা ফুলের পাপড়ির মত আমরা চিরসুবাসিত, অনেক বেশি শক্তিশালী।’ ‘Its coming home, সকল শোষণের জবাব খুব দ্রুতই দেওয়া হচ্ছে’, বলেও হুমকি দেওয়া হয় চিঠিতে।


এ বিষয়ে জানতে চাইলে হাজী মুহম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষ শাহ শামীম আহমেদ কালবেলাকে বলেন, আমি আজ ছুটিতে আছি। আমি ঢাকার বাইরে ছিলাম। এইমাত্র ঢাকায় ঢুকতেছি। আমি খোঁজ নিয়ে দেখছি।


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম গিয়েছিল, একটি চিরকুট পাওয়া গেছে। চিঠিতে নভেম্বরের শুভেচ্ছা উল্লেখ করে কিছু লেখা রয়েছে।’


চিঠির তথ্য ও পরবর্তী করনীয় জানতে চাইলে তিনি বলেন, ‘কীভাবে তথ্য পেয়েছি গোপনীয়তার রক্ষার্থে বলা যাবে না। আমরা একটা জিডিতে নোট দিয়ে রাখব।’


বিদ্যুৎ না থাকায় অন্ধকার ও প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৬ এএম

বিদ্যুৎ না থাকায় অন্ধকার ও প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষায় সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। পরে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা শেষ করেন তারা।


সোমবার (৯ নভেম্বর) সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের মাইক্রোইকোনমিকস পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজ বলেন, পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। প্রথমে ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ আসেনি। তিনি বলেন, দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে। বিষয়টি শিক্ষকদের জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কক্ষের ভেতরে এতটাই অন্ধকার ছিল যে প্রশ্নপত্র পড়তেও সমস্যা হচ্ছিল। বিশেষ করে যাদের চোখে সমস্যা রয়েছে, তাদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্ধকারে পড়ার কারণে অনেকের মাথাব্যথাও শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর মোমবাতির ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত সেই আলোতেই পরীক্ষা দিতে হয়েছে।


একই পরীক্ষায় অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া বলেন, পরীক্ষা শুরুর সময় থেকেই বিদ্যুৎ ছিল না। তার আসন পেছনের দিকে হওয়ায় অন্ধকারে প্রশ্নপত্র পড়তে সমস্যা হচ্ছিল। বিষয়টি শিক্ষককে জানালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।


সামিয়া আরও বলেন, দুপুর দেড়টার দিকে পরিস্থিতি আরও খারাপ হয়। প্রশ্নপত্র পড়ার পাশাপাশি ক্যালকুলেটরে হিসাব করতেও সমস্যা হচ্ছিল। পরীক্ষার্থীরা বারবার অভিযোগ জানানোর পর একপর্যায়ে শিক্ষক নিজের মুঠোফোনের আলো জ্বালিয়ে দেন। তবে তাতেও পর্যাপ্ত আলো পাওয়া যায়নি। পরে মোমবাতির ব্যবস্থা করা হয়। প্রচণ্ড গরম ও অন্ধকারের কারণে স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে।


শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও শুরুতে বিকল্প আলোর ব্যবস্থা করা হয়নি। ফলে প্রশ্নপত্র পড়া, হিসাব করা ও উত্তর লেখায় সমস্যায় পড়তে হয়েছে তাদের।


এ ধরনের পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে দ্রুত বিকল্প আলোর ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন তারা।


এ বিষয়ে জানতে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।