ছবি : সংগৃহীত
২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এবার গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জিএসটি গুচ্ছের এক সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।
ঘোষিত সূচি অনুযায়ী, ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৯ মার্চ, ‘সি’ (বাণিজ্য) ও ‘ডি’ (আর্কিটেকচার) ইউনিটের পরীক্ষা ২০ মার্চ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা হবে ২৭ মার্চ।
ভর্তি আবেদনের সময়সূচি ও আবেদনসংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে চীন সরকার। এর মধ্যে অন্যতম চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিজিএস), যা চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) মাধ্যমে পরিচালিত হয়। এ বৃত্তির আওতায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পান আন্তর্জাতিক শিক্ষার্থীরা। স্কলারশিপের ধরন ও শর্ত অনুযায়ী এতে টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতার সুবিধা অন্তর্ভুক্ত থাকে।
২০২৬–২৭ শিক্ষাবর্ষে এ স্কলারশিপ অর্জন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রাক্তন ৫জন কৃতী শিক্ষার্থী। তাঁদের স্কলারশিপ অর্জনের অভিজ্ঞতা, উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা তুলে ধরেছেন নিয়ামুল ইসলাম তামিম।
মো. জিয়াউর রহমান
বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. জিয়াউর রহমান চীনের সাংহাইয়ে অবস্থিত ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করছেন। তিনি চীন সরকারের ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় এ সুযোগ পেয়েছেন।
স্কলারশিপ পাওয়ার সময় একটি কারখানায় কর্মরত ছিলেন জিয়াউর রহমান। উচ্চশিক্ষার সুযোগের পাশাপাশি মাসিক ভাতার সুবিধা থাকায় এটিকে কর্মজীবন থেকে উচ্চশিক্ষায় যাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখেন তিনি।
নিজের আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জিয়াউর রহমান বলেন, উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ নেওয়ার পর ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করি। ইমেইলের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করেছিলাম। আবেদনের ক্ষেত্রে আইইএলটিএসের স্কোর ও একাডেমিক ফলাফল বিবেচনায় নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
ডংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের সুযোগ-সুবিধা সম্পর্কে জিয়াউর রহমান বলেন, সেখানে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের গবেষণার জন্য অধ্যাপকদের অধীনে পৃথক ল্যাব আছে। এসব ল্যাবে বিভিন্ন ধরনের স্যাম্পল তৈরির যন্ত্রপাতি থাকায় শিক্ষার্থীরা গবেষণার প্রয়োজন অনুযায়ী নমুনা তৈরি করতে পারে।
জিয়াউর রহমানের মতে, বুটেক্সে স্নাতক পর্যায়ে এ ধরনের স্যাম্পল তৈরির যন্ত্রপাতি ও ব্যবহারিক গবেষণার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং গবেষণার দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।
মো. রাকিব হাসান গাজী
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হাসান গাজী চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন।
স্কলারশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে রাকিব বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমার। আন্তর্জাতিক মানের গবেষণা সুবিধাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
চীনে টেক্সটাইল বিষয়ে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে রাকিব কয়েকটি বিষয়ে গুরুত্ব দেন। রাকিবের মতে, ভালো সিজিপিএ বজায় রাখার পাশাপাশি গবেষণাপত্র, সম্মেলনে প্রকাশনা ও প্রকল্পে কাজের অভিজ্ঞতা আবেদনকে শক্তিশালী করতে পারে। এ ছাড়া পছন্দের বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অধ্যাপকদের গবেষণার ক্ষেত্র সম্পর্কে জেনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো প্রস্তুত রাখা জরুরি।
ভাষাগত দক্ষতার বিষয়ে রাকিব বলেন, ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্সের ক্ষেত্রে আইইএলটিএস বা টোয়েফলের মতো পরীক্ষার স্কোর সুবিধা দিতে পারে। পাশাপাশি প্রাথমিক চীনা ভাষা শেখা দৈনন্দিন জীবন ও যোগাযোগে সহায়ক হতে পারে।
চীনে যাওয়ার পর প্রথম দিকে ভাষার পার্থক্য, খাবার ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন রাকিব। অনুবাদের অ্যাপ ব্যবহার, প্রয়োজনীয় চীনা বাক্য অনুশীলন, উপযোগী খাবারের জায়গা খুঁজে নেওয়া এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক ব্যবহারের মাধ্যমে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।
মেহেদী হাসান ইমন
বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান ইমন চীনের ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় এ সুযোগ অর্জন করেন।
স্কলারশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা ও শিল্পে কাজের অভিজ্ঞতার পর উচ্চশিক্ষার মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানো এবং নতুন সুযোগ অনুসন্ধানের ইচ্ছা ছিল। স্কলারশিপ পাওয়ার খবরটি আমাকে আনন্দিত ও কৃতজ্ঞ করেছে। তাঁর মতে, এ সুযোগ একাডেমিক উন্নয়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছে।
নিজের আবেদনপ্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, প্রথমে উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপের শর্ত সম্পর্কে খোঁজ নেই। এরপর একাডেমিক কাগজপত্র, সিভি, স্টাডি প্ল্যান ও সুপারিশপত্র প্রস্তুত করে আইইএলটিএসসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করি। পরে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন জমা দেই এবং প্রয়োজনীয় মেডিকেল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করি।
বুটেক্সের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে ইমন বলেন, স্কলারশিপের মাধ্যিমে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য, স্নাতক পর্যায় থেকেই প্রস্তুতি শুরু করা, ভালো একাডেমিক ফলাফল বজায় রাখা এবং গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা জরুরি। পাশাপাশি নিজের সিভি শক্তিশালী করা, সুস্পষ্ট স্টাডি প্ল্যান তৈরি এবং সুপারিশপত্রের জন্য শিক্ষকদের সঙ্গে ভালো যোগাযোগ রাখা প্রয়োজন।
স্কলারশিপের শর্ত ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিজে বিস্তারিত খোঁজ নেওয়া এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে স্বপ্ন থেকে পিছিয়ে না যাওয়ার পরামর্শও দেন তিনি।
হাসান মাজহারুল হক
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী হাসান মাজহারুল হক চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের টাইপ বি ক্যাটাগরিতে ফুল-ফান্ডেড বৃত্তি পেয়েছেন। এ বৃত্তির আওতায় তাঁর টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতার সুবিধা রয়েছে।
স্কলারশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে হাসান বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন আমার অনেক দিনের। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রস্তুতি, অপেক্ষা ও নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে স্কলারশিপ পাওয়ার খবরটি আমার কাছে আনন্দ, আবেগ ও কৃতজ্ঞতার মুহূর্ত হয়ে আসে।
বুটেক্সে পড়ার সময় একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল তাঁর। ফাইবার কম্পোজিট, টেকসই উপকরণ, পুনর্ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও টেক্সটাইলের স্থায়িত্ব নিয়ে কাজের অভিজ্ঞতা তাঁর গবেষণার আগ্রহকে আরও স্পষ্ট করেছে। হাসানের মতে, গবেষণার এ অভিজ্ঞতা এবং নিজের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষার পরিকল্পনা তাঁর আবেদনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে। তবে স্কলারশিপ পাওয়ার পেছনে কোনো একটি বিষয়কে একমাত্র কারণ হিসেবে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি।
বুটেক্সের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে হাসান পরামর্শ দেন, একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণার দক্ষতা, ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। শুধু সার্টিফিকেট বা প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে শেখার মানসিকতা, গবেষণার মৌলিক দক্ষতা এবং নিজের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির ওপর গুরুত্ব দেয়া উচিত।
হাসানের মতে, বিদেশে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য সবার প্রোফাইল একই রকম হওয়া প্রয়োজন নেই। নিজের যোগ্যতা, আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করে ধারাবাহিকভাবে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন
বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর(মাস্টার্স) করছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের টাইপ বি ক্যাটাগরিতে এ সুযোগ পেয়েছেন।
স্কলারশিপ অর্জনকে নিজের ও পরিবারের জন্য আবেগ ও গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন শাওন। পরিবারের প্রথম সদস্য হিসেবে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সুযোগ পাওয়ায় শাওনের কাছে এ অর্জনের বিশেষ তাৎপর্য রয়েছে।
গবেষনা নিয়ে শাওন জানান, বুটেক্স ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমার গবেষণার প্রতি আগ্রহ তৈরি করে। গবেষণার সুযোগ এবং উন্নত ল্যাবে হাতে-কলমে কাজ করার আকাঙ্ক্ষা থেকেই চীনে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেই। শাওন জানান, উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অ্যারোজেলের মতো উন্নত উপাদান নিয়ে বিশ্বমানের গবেষণাগারে কাজের সুযোগ পেয়েছি।
বুটেক্সের যেসব শিক্ষার্থীর স্নাতক পর্যায়ে পর্যাপ্ত গবেষণা বা প্রকাশনার সুযোগ হয়নি, কিন্তু ভবিষ্যতে পিএইচডি করার আগ্রহ রয়েছে, তাঁদের জন্য সিএসসি স্কলারশিপকে সম্ভাবনাময় সুযোগ হিসেবে দেখছেন শাওন। তাঁর মতে, এ ধরনের বৃত্তি আন্তর্জাতিক গবেষণার অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সুযোগ করে দিতে পারে শিক্ষার্থীদের।
শাওন জানান, তাঁর ক্ষেত্রে চীনে আসার জন্য ভাষা পরীক্ষা বা চীনা ভাষা জানা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন ভাষা শেখা চ্যালেঞ্জিং মনে হলেও অন্য দেশের সংস্কৃতি, মানুষের মনস্তত্ত্ব ও গবেষণার পরিবেশ ভালোভাবে বুঝতে সে দেশের ভাষা শেখা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন শাওন।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে আর্টেক্স কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান ‘অভ্যর্থনায় আলোড়ন ৪.০’। শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সন্ধান চত্বরে ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘হেমন্তের আঙিনায়, নতুন স্বপ্নের তাসে!’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য ছিল সৃজনশীলতা, সংগীত ও আড্ডার সমন্বয়ে নানা আয়োজন। বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে স্মরণীয় করে তোলা এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৃজনশীল চর্চার পরিবেশ গড়ে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে আয়োজন করা হয় তিনটি বিশেষ পর্ব—আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতা, ‘গানে গুঞ্জনে’ ও ‘আয়েশী বৈঠক’। গ্রাফিতি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের শিল্পসত্তা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পান। অন্যদিকে, ‘গানে গুঞ্জনে’ পর্বে সংগীত পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে তোলা হয়। পাশাপাশি ‘আয়েশী বৈঠক’ পর্বে পরিচিতি ও আড্ডার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নতুন বন্ধন তৈরির সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ।
আয়োজনে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া স্বাগতবার্তায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে নতুন সম্ভাবনা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি প্রচলিত গণ্ডি পেরিয়ে নিজেদের প্রতিভা বিকশিত করা এবং সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন গল্প রচনার আহ্বান জানানো হয়।
এবিষয়ে আর্টেক্সের লিডার তামিম হোসেন বলেন, “বুটেক্সে বর্ণিল পরিবেশে সম্পন্ন হলো আর্টেক্স ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতা ‘অভ্যর্থনায় আলোড়ন ৪.০’। এতে ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে নিজ নিজ বিভাগের বৈশিষ্ট্য ও কার্যক্রম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।”
তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং গ্রাফিতির মাধ্যমে পুরো ক্যাম্পাসকে এক নজরে চেনার সুযোগ করে দিতেই এই আয়োজন।”
আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২.০’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০অক্টোবর) বুটেক্স ক্যাম্পাসে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে বুটেক্স সায়েন্স ক্লাব। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয় সকাল ৮টা থেকে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, সেমিনার কক্ষ, একাডেমিক ভবন ও কেন্দ্রীয় মাঠজুড়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বিভিন্ন পর্ব।
প্রতিযোগিতায় বুটেক্স শিক্ষার্থীদের পাশাপাশি, দেশের ২৫টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি ভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. সাঈদুর রহমান সাঈদ।
এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবিব এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কানিজ ফারহানা, বুটেক্সের ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ পরিচালক ও টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন রেডক্স কেমিক্যালস লিমিটেডের ম্যানেজার শরিফুল ইসলাম নয়ন, বুটেক্স সায়েন্স ক্লাবের মডারেটর অধ্যাপক ইঞ্জিনিয়ার এস কে মোহাম্মদ রাফি।
প্রতিযোগিতার বিভাগগুলো ছিল গণিত অলিম্পিয়াড, ট্রেজার হান্ট, কুইজার্ড, পোস্টার উপস্থাপনা, কেস প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিডিও নির্মাণ, প্রবন্ধ রচনা এবং প্রজেক্ট প্রদর্শনী।
কলেজ বিভাগের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে গণিত অলিম্পিয়াডে প্রথম হন সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের রাকিন শাহরিয়ার বিন কবির, দ্বিতীয় নটর ডেম কলেজের জুনায়েদ লাবীব আল ওয়াসি এবং তৃতীয় হলি ক্রস কলেজের শাকিবা আক্তার।
বিশ্ববিদ্যালয় বিভাগের প্রতিযোগিতা গুলোর মধ্যে ট্রেজার হান্টে প্রথম স্থান অধিকার করে বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে 'টিম ইনকগনিটা', দ্বিতীয় বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে 'টিম টুইলাইটস' এবং তৃতীয় বুটেক্সের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে 'টিম হ্যালোজেন'।
কুইজার্ডে প্রথম স্থান অর্জন করে বুটেক্সের এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে 'টিম অ্যাটাক অন কুইজার্ড', দ্বিতীয় বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে 'টিম ডাবল ট্রাবল' এবং তৃতীয় হয় বুটেক্সের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে 'টিম দ্য রেড আর্মি'।
পোস্টার উপস্থাপনায় প্রথম স্থান অর্জন করে বুটেক্স থেকে 'টিম থ্রাইভ', দ্বিতীয় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে 'টিম গ্যাস্ট্রিক' এবং তৃতীয় উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে 'টিম নেক্সাস ইনভেন্টরস'। কেস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজ থেকে 'টিম ক্যাটালিস্ট', দ্বিতীয় বুটেক্স থেকে 'টিম দ্য অরফিয়াস এবং তৃতীয় আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে 'টিম আন-থ্রেড-ইশনাল'।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিডিও নির্মাণ বিভাগে প্রথম স্থান গ্রহন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে 'টিম দ্য ব্রেইনসেল', দ্বিতীয় বুটেক্স থেকে 'টিম জোনেক্স' এবং তৃতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'টিম সোডা-পপ দল'। প্রবন্ধ রচনায় প্রথম হন বুটেক্সের আনজুম আবদুল্লাহ তাহহা, দ্বিতীয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)রোয়াইদা বিনতে আলী এবং তৃতীয় হন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) মো. আরিফুল হক নাঈম।
অন্যদিকে, প্রজেক্ট প্রদর্শনী বিভাগে প্রথম স্থান অর্জন করে বুটেক্স থেকে 'টিম হ্যাব', দ্বিতীয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে 'টিম ইকো পাল্প বিডি' এবং যৌথভাবে তৃতীয় হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে থেকে 'টিম গ্রিন জেনেসিস' ও বুটেক্স থেকে 'টিম কোয়ান্টুম্যানিয়া'।
অনুষ্ঠানের এক পর্যায়ে বুটেক্স সায়েন্স ক্লাবের ২য় বার্ষিক ম্যাগাজিন ‘কিংকল ২.০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বুটেক্স উপাচার্য ম্যাগাজিনটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. সাঈদুর রহমান সাঈদ বলেন,"টেক্সটাইল শিল্পে এআই ও আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ করা গেলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি শিল্পের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। বুটেক্স সায়েন্স ক্লাবের ধারাবাহিক কার্যক্রম টেক্সটাইল খাতে গুরুত্বপূর্ণ গবেষণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে পারে। ভবিষ্যতে আরও বেশি গবেষণাভিত্তিক কার্যক্রম আয়োজনের প্রত্যাশা করি বুটেক্স সাইন্স ক্লাবের কাছে।"
বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি রুবায়েত রশীদ রনি বলেন,"টেক্সভার্স ২.০ এটি একটি জাতীয় পর্যায়ের আয়োজন হওয়ায় এবং আমাদের সাংগঠনিক অভিজ্ঞতায় কিছু সীমাবদ্ধতা থাকায় আমাদের অতিথি ও ক্লাব মডারেটর স্যারের দিকনির্দেশনা আমাদের অনেক সহায়তা করেছে। পাশাপাশি বুটেক্স সায়েন্স ক্লাবের পুরো আয়োজক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। "
ক্লাবের সাধারণ সম্পাদক কে এম শফিক রাইয়্যান বলেন,"টেক্সভার্স ২.০-এর মতো আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন নিজেদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা প্রকাশের সুযোগ পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই বুটেক্স সায়েন্স ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘কিংকল ২.০’ ম্যাগাজিনও আজকে প্রকাশ করা হয়েছে। আমরা চাই এই ম্যাগাজিন শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাভাবনা, গবেষণাধর্মী লেখালেখি, নতুন ধারণা ও সৃজনশীল কাজ তুলে ধরার একটি কার্যকর মাধ্যম হয়ে উঠুক।"
বুটেক্সের শিক্ষার্থীদের মৌলিক গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন,"টেক্সটাইল সায়েন্সের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিকস, পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা ও সাসটেইনেবিলিটিসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। "
তিনি আরও বলেন,"গবেষণার লক্ষ্য হওয়া উচিত মৌলিক জ্ঞান সৃষ্টি ও নতুন কিছু উদ্ভাবন করা, একই ধরনের গবেষণার পুনরাবৃত্তি নয়। প্রচলিত সুতা ও কাপড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ফাইবার এবং নতুন পণ্য উদ্ভাবনে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।"
উল্লেখ্য,অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রতিটি বিভাগের বিজয়ী ও রানারআপদের হাতে পুরস্কার হিসেবে প্রাইজমানি, ক্রেসট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে থাকা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামারের দুটি ট্রাক্টর নিয়ে মাঠটিতে গিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় খামারের দুটি ট্রাক্টরসহ পুরাতন বাণিজ্য মেলার মাঠে উপস্থিত হন তাঁরা। এ সময় মাঠে থাকা মেলার অবশিষ্ট স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ দেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পুরাতন গবেষণা মাঠ হিসেবে পরিচিত এই জায়গায় সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শেকৃবি শিক্ষার্থীরা। এর আগে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের আলটিমেটাম দেন তাঁরা। মেলা বন্ধ না হওয়ায় একপর্যায়ে মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরও চালানো হয়। পরে মন্ত্রণালয় থেকে মেলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও মাঠে মেলার অবশিষ্ট স্থাপনা সরানো হয়নি। এর প্রতিবাদেই সোমবার স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে মাঠে চাষ দেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী রাফিউর রহমান রুহান বলেন, ‘এই মাঠ শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং পুরো এলাকার জন্য একটি ফুসফুস। ঐতিহাসিক এই গবেষণার মাঠে সচিবালয় স্থাপন করা হলে পুরো এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হবে। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সেখানে সবুজায়ন করা হলে পুরো অঞ্চল রক্ষা পাবে।’
মেলার একটি স্টলের কর্মচারী রিফাত রহমান বলেন, ‘মেলা বন্ধের ঘোষণা আসার পর আমরা মালামাল নিয়ে চলে যেতে চাইলেও মেলা কমিটির পক্ষ থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে।’
শিক্ষার্থীদের অভিযোগ, মেলা স্থগিতের সরকারি সিদ্ধান্তের পর আয়োজক কমিটি এক দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিল। তবে নির্ধারিত সময়ে স্থাপনা সরানো হয়নি। তাঁদের দাবি, স্থাপনা সরানোর পরিবর্তে মেলার আয়োজক সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এলাকার ক্ষমতাসীনদের সঙ্গে দেখা করে সমঝোতার চেষ্টা করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, ‘শিক্ষার্থীরা তাঁদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করছি।’
ছবি : সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ প্রক্রিয়া চলবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত। গতকাল রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল রোববার রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আজ ও আগামীকাল নির্ধারিত কলেজে ভর্তি হতে হবে।
এবার একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির তৃতীয় ধাপকে সর্বশেষ ধাপ হিসেবে গণ্য করা হবে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার পরামর্শ দেয়া হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি, তারা শেষ ধাপে আবেদনের সুযোগ পাবে।
আবেদনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসন বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে। এ জন্য একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে।
তবে দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের শেষ ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম সংশোধন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোটায় আবেদনের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদন বা ভর্তি প্রক্রিয়ায় ভুলের কারণে কোনো জটিলতা তৈরি হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
চবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ক্লাস শুরুর পাঁচ দিনের মাথায় আবারও ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা।
একদিনের জন্য তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে রোববার তারা এ কর্মসূচি দিয়েছেন।
একদিনের জন্য সোমবার তারা এ কর্মসূচি পালন করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) একটি সভায় অংশ নিতে সোমবার ঢাকায় থাকবেন চুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। তাই রোববার বিকালে অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দিয়েছেন তিনি।
তার আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা ৩৬ দিনের শাটডাউন কর্মসূচির পর বুধবার থেকে ক্লাসে ফিরেছিলেন চুয়েট শিক্ষার্থীরা। কিন্তু উপাচার্যের এ সিদ্ধান্তের পর রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে ফের ‘শাটডাউনের’ ডাক দিলেন তারা।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলছে, দীর্ঘদিনের আন্দোলন ও অচলাবস্থার পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের কথা চিন্তা করে আমরা ক্লাস-পরীক্ষায় ফিরেছিলাম। তবে আমাদের সুষ্পষ্ট শর্ত ছিল, নবনিযুক্ত উপাচার্যকে আমরা কোনভাবেই মেনে নিইনি এবং ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে তার কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না।
তারা আরও বলছে, অন্য একজনকে উপাচার্যের ‘রুটিন দায়িত্ব’ প্রদানের মত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ‘নিজে উপস্থিত না থেকে অন্যের মাধ্যমে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার অপচেষ্টা’।
রোববার বেলা ৩টার দিকে চুয়েট মিলনায়তনে সভা করেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন তারা।
এক শিক্ষার্থী বলেন, টানা আন্দোলনের কারণে নিজেদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হতে পারে ভেবে আমরা ক্লাসে ফিরেছিলাম। কিন্তু আমাদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য একজনকে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এরই প্রতিবাদে আমরা কাল শাটডাউন ডেকেছি। শুরু থেকে আমাদের একটাই দাবি, অধ্যাপক সায়েম স্যারকে পুনর্বহাল করা। এই দাবিতে আমাদের আন্দোলন চলবে।
এ ব্যাপারে উপাচার্য শরীফুল আলম বলেন, ইউজিসির একটি দাপ্তরিক কাজে অংশ ঢাকা যাচ্ছি। আশা করি, আগামীকাল ফিরতে পারব। আমার অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। ডিনদের মধ্যে তিনি সিনিয়র মোস্ট। যেহেতু আমি ঢাকায় থাকব, তাই দাপ্তরিক কোনো প্রয়োজনে তিনি দায়িত্ব পালন করবেন।
“ডিনদের মধ্যে তিনি সিনিয়র মোস্ট। যেহেতু আমি ঢাকায় থাকব, তাই দাপ্তরিক কোনো প্রয়োজনে তিনি দায়িত্ব পালন করবেন।”
প্রসঙ্গত, আগের উপাচার্যকে পুনবর্হালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ২৫ অক্টোবর আন্দোলনের ৩৪তম দিনে এসে ক্লাসে ফেরার কথা জানিয়েছিলেন শিক্ষার্থীরা।
ওইদিন সাধারণ সভা করে শিক্ষক সমিতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ‘প্রলম্বিত না করতে’ একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।
পরে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন এই তিন সংগঠন যৌথ সভা শেষে এক যুক্ত বিবৃতিতে ক্লাসে ফেরার সিদ্ধান্তের কথা জানায়।
তবে নতুন নিয়োগ পাওয়া উপাচার্যের ক্যাম্পাসকেন্দ্রিক যে কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে পূর্বঘোষিত কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কঠোরভাবে পালিত হবে বলে জানিয়েছিল শিক্ষক সমিতি।
পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরাও বলেছিলেন, নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করলে ক্যাম্পাস ফের ‘আন্দোলনে উত্তাল হবে’। নতুন উপাচার্য ক্যাম্পাসে এসে দায়িত্ব পালনের উদ্যোগ নিলে ফের ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা এবং ক্লাস-পরীক্ষা বর্জনে ফিরে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
নিয়োগের ৫৬ দিনের মাথায় আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় ২১ সেপ্টেম্বর।
এর প্রতিবাদে আগের উপাচার্যকে পুনবর্হালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
একই দাবিতে ২৭ সেপ্টেম্বর থেকে ‘সর্বাত্মক’ কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক সমিতি এবং কর্মকর্তা ও কর্মচারী সমিতি।
আন্দোলন চলার মধ্যেই ২৪ সেপ্টেম্বর অনলাইনে উপাচার্য পদে যোগদান করেন নবনিযুক্ত উপাচার্য।
১২ অক্টোবর সকালে প্রথমবারের মত নিজ কার্যালয়ে যান তিনি।
আন্দোলনরত শিক্ষার্থীরা সেদিন দুপুরে উপাচার্য ভবনে তালা দিলে অধ্যাপক শরীফুল আলম অবরুদ্ধ হয়ে পড়েন।
পরদিন সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সহায়তায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য।