• প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫২ পিএম

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় রাতভর পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্যাপেন্ডল ট্যাবলেট, ভারতীয় ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ‘আরসি কফ’ (RC KUFF) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


গত ১০ নভেম্বর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ ও মিনাপুর বিওপির সদস্যরা দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।


রাতব্যাপী এ অভিযানে মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে।


তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদকে মাদক ও চোরাচালানের অভিশাপ থেকে মুক্ত রাখতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।




টঙ্গী মামদী মোল্লা হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাজেদুল ইসলাম

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫২ পিএম

টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মামদী মোল্লা হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি অনুমোদন করে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। অনুমোদিত কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে সাজেদুল ইসলামের নাম রয়েছে।


বিদ্যালয়টির প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সাজেদুল ইসলাম রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এডহক কমিটির সভাপতি হওয়ায় জেলা জুড়ে প্রশংসা ও অভিনন্দনে ভাসছেন। প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম তদারকি, শিক্ষক- কর্মচারীদের দায়িত্ব ও স্বাভাবিক কার্যক্রম চালু রাখা, প্রতিষ্ঠানের আর্থিক বিষয়- ব্যয়, শিক্ষা কার্যক্রম, উপস্থিতি, পরিক্ষা ও শৃঙ্খলা সহ আভ্যন্তরীণ স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে দেখভাল করা সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে অনুমদিত এডহক কমিটি যথাযথ দায়িত্ব পালন করবেন- এমনটাই সকলের প্রত্যাশা।


আগুনে ব্যাংকের কক্ষের ভেতরে থাকা কিছু ফাইলপত্র পুড়ে গেছে

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ২:২৭ পিএম

পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আগুনে ব্যাংকের কক্ষের ভেতরে থাকা কিছু ফাইলপত্র পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।


গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।


তিনি বলেন, এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।



  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ২:২২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি রনজিত সরকারের একটি সভা নিয়ে দেশজুড়েই চলছে তোলপাড়। ভারতে পলাতক থাকা এই নেতা কীভাবে দেশে ঢুকে সমাবেশ করলেন এই নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রোববার (৮ নভেম্বর) এই সভাটি করেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার।


বিভিন্জান সুত্রে জানা গেছে, আলোচিত এই সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে। সভায় আওয়ামী লীগের ১৭৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়েছে পুলিশ।


ওই রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফ জানান, গত বুধবার রুকন নামে এক আইনজীবীনহ দুজন রিসোর্টে এসে বুকিংয়ের বিষয়ে কথা বলেন এবং জায়গাটি ঘুরে দেখেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করা হয়। ১৭৫ জনের দলের জন্য মোট ৫২ হাজার টাকা বিল নির্ধারণ করা হয়েছিল।


পারভেজ মোশারফ বলেন, শিক্ষা সফরে আসা দলটি দুপুর বা বিকেল তিনটার দিকে রিসোর্টে প্রবেশ করে। এরপর সামনের লেক ও মিনি ফুটবল মাঠে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠানের জন্য প্যান্ডেল টাঙানো ও মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সব কার্যক্রম শেষে রাত আটটা, সাড়ে আটটা বা নয়টার দিকে তারা রিসোর্ট ছেড়ে চলে যান।তবে রনজিত সরকার কখন রিসোর্টে এসেছিলেন, তা তারা জানেন না বলে জানিয়েছেন রিসোর্টের কর্মচারীরা। তারা রনজিত সরকারকে চিনতেন না বলেও দাবি করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে রনজিত সরকারের সভায় উপস্থিত থাকতে দেখা গেছে।সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন সভার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাতারগুলের ওই রিসোর্টে গিয়ে ঘটনার সত্যতা পায়।


পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, শিক্ষা সফরের কথা বলে গত ৮ নভেম্বরের জন্য রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন একজন আইনজীবী। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে একটি ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর তিনি চলে যান।সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা যাওয়ার পর মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। পরে সভার স্থান ও আয়োজন সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রাথমিকভাবে জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার সভা করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে রাতারগুলে যায়।


এদিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক মণ্ডল জানান, সাবেক সংসদ সদস্যের সভা করার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।গত সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রচার করেন রনজিত সরকার। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তার বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন। শেখ হাসিনা আনবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান সামনে রেখে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে এ সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন বলে জানা গেছে। 


সভার ব্যানারে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের নির্বাচনী এলাকার চার উপজেলার নাম উল্লেখ ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রনজিত সরকার, যিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। 


এর আগে সিলেটে এ ধরনের কোনো সভা হয়নি বলে জানিয়েছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।এদিকে রনজিত সরকার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে সভা শেষে আবার ভারতে ফিরে গেছেন বলে জানা গেছে। সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার কথা তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। একটি সূত্রের দাবি, বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন।


  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৯ এএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওই অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের কাছে থাকা পান-জর্দা সংগ্রহ করে নেওয়া হয়। এ সময় রোগীদের হাসপাতাল এলাকায় পান-জর্দা ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।


কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন চানান, হাসপাতাল একটি সেবামূলক ও স্বাস্থ্যসম্মত পরিবেশের জায়গা। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সুস্থতার স্বার্থে পান-জর্দা সেবন থেকে বিরত থাকা জরুরি। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৪ এএম

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতরা। এদিকে ডাকাতির কয়েক ঘণ্টা পর পাশের একটি পোস্ট অফিসের ভেতর থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্ব রাত আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে ডাকাতির ওই ঘটনা ঘটে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ছয়জনের একটি মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে মোজাহারুল ইসলাম তালুকদারের বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের সবার পরনে শর্ট প্যান্ট ও মাথায় টুপি ছিল। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র (বন্দুক) এবং অন্যদের হাতে দেশীয় অস্ত্র (চাপাতি) ছিল। ভেতরে ঢুকেই তারা মোজাহারুল ইসলাম তালুকদারের স্ত্রী ও এক গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘর তল্লাশি করে নগদ ৫-৬ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।


এদিকে, ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের নগরবাড়ী পোস্ট অফিসের ভেতর থেকে সুমন (৩০) নামে এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। সুমন ওই গ্রামের ওমর আলী ড্রাইভারের ছেলে। পোস্ট অফিসের কর্মচারীরা সকালে অফিস খুলতে গিয়ে দেখেন, ভেতরের দুটি তালা কাটা এবং সুমন ভেতরে আটকা পড়ে আছেন।


পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ডাকাত দলের সদস্যরা পালানোর সময় সুমনকে পোস্ট অফিসের ভেতরে রেখে যেতে পারে। তবে তিনি নিজেও এই ডাকাতির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) ওসি এবিএমএস দোহা সহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পোস্ট অফিসের ভেতর থেকে উদ্ধার হওয়া সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৬ এএম

দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। এক বছরেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন তিনি।  মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. তানভীর আহমেদ ও পরিবারের সদস্যরা।


এর আগে গত ৮ নভেম্বর এক রিট আবেদনের শুনানি নিয়ে আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ এ আদেশ দেন।


আলমাসের আইনজীবী তানভীর আহমেদ জানান, ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছরের বেশি সময় কারাভোগের ঘটনায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সে বিষয়ে আদালত ইতিমধ্যে রুল জারি করেছেন। বিষয়টি এখনো বিচারাধীন। পরবর্তী সময়ে ক্ষতিপূরণের বিষয়টি আদালতের নজরে আনা হবে।


 আদালত সূত্রে জানা গেছে, প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে নামের মিলের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি তুলে কারাগারে থাকা অবস্থায় হাইকোর্টে রিট করেন আলমাস। গত ৬ সেপ্টেম্বর রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ ঘটনায় রুল জারির পাশাপাশি তদন্তের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।


তদন্ত শেষে আদালতে দেওয়া প্রতিবেদনে নিশ্চিত করা হয়, কারাগারে থাকা আলমাস ২০০২ সালের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। ওই মামলায় প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।


প্রতিবেদনে ভুল গ্রেপ্তারের পেছনে তিনটি কারণ চিহ্নিত করা হয়েছে। প্রথমত, গ্রেপ্তার হওয়া আলমাস ২০০৭ সালের আগে সপরিবারে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা গ্রামে বসবাস করতেন। অন্যদিকে প্রকৃত আসামির গ্রাম পূর্ব ধোয়াইরও একই ডাকঘরের আওতাভুক্ত। ফলে ডাকঘরের পরিচয়ের কারণে দুজনের ঠিকানায় মিল তৈরি হয়।


দ্বিতীয়ত, তাদের বাবার নামেও সাদৃশ্য ছিল। প্রকৃত আসামি মো. আলমাছের বাবার নাম মো. খলিলুর রহমান। আর গ্রেপ্তার হওয়া আলমাসের বাবার নাম শেখ খলিল। তৃতীয়ত, ২০০২ সালের অস্ত্র মামলার নথিতে প্রকৃত আসামির ঠিকানা পূর্ব ধোয়াইরের পরিবর্তে ভুল করে দক্ষিণ বাহ্রা লেখা হয়েছিল। রায় ও গ্রেপ্তারি পরোয়ানাতেও সেই ভুল ঠিকানা বহাল থাকে।


মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ১০ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় মো. আলমাছ ও মো. নাজমুল আলম মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। ২০০৪ সালের ১৯ জুন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১১ এ মামলার রায় দেন। রায়ে আলমাছকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি নাজমুল খালাস পান।


রায় ঘোষণার সময় আলমাছ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চে ইস্যু করা সেই পরোয়ানার ভিত্তিতে একই বছরের ৪ নভেম্বর আলমাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে এক বছরেরও বেশি সময় তাকে কারাবন্দি থাকতে হয়।


হাইকোর্টে আলমাসের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।


এদিকে, ২০২৫ সালের ৮ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘দোহারে নামের মিল থাকায় ভুল আসামি কারাগারে’ এবং একই বছরের ২২ ডিসেম্বর ‘আসামির সঙ্গে নামের মিল—বিনা দোষে কারাগারে দোহারের আরেক আলমাছ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলো আদালতের নজরে আসার পর বিষয়টি গুরুত্ব পায় বলে মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশেষে হাইকোর্টের নির্দেশে মুক্তি পাওয়ায় আলমাসের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।