ছবি : সংগৃহীত
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্লস্টারের কাছ থেকে গ্রেপ্তার করা হয়।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাজ্যের ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ২০২৩’-এর দুটি ধারা লঙ্ঘনের সন্দেহ রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করা এবং সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ করা।
পুলিশ জানিয়েছে, তাদের সন্ত্রাসবিরোধী ইউনিট এফবিআই ও মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।
যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশি কার্যক্রমের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়কারী ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ গ্রেপ্তার ও তদন্ত। অভিযোগগুলো গভীর উদ্বেগের বিষয় এবং তদন্ত কার্যক্রম পুরোদমে চলছে।
মার্কিন এফবিআই পরিচালক কাশ প্যাটেলও গ্রেপ্তারের ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সর্বোচ্চ উদ্বেগের বিষয়।
প্যাটেল বলেন, যারা যুক্তরাষ্ট্রের প্রতি তাঁদের শপথ ভঙ্গ করেন এবং যাঁদের কর্মকাণ্ড দেশটির ও অংশীদারদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে, তাঁদের প্রতি এফবিআইয়ের কোনো সহনশীলতা নেই।
ইউএস আর্মি কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল শন স্টিনচন বলেন, এই ঘটনা অংশীদারত্বের শক্তি এবং কাউন্টারইন্টেলিজেন্স কমিউনিটির দৃঢ় সংকল্পের প্রতিফলন।
পুলিশ জানিয়েছে, গ্লুচেস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এই গ্রেপ্তারের সঙ্গে অন্য কোনো সন্ত্রাসবিরোধী তদন্তের সম্পর্ক নেই। অর্থাৎ, সেপ্টেম্বরে গ্লস্টারের কাছে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ঘাঁটিতে ইরান-সংশ্লিষ্ট সম্ভাব্য ষড়যন্ত্রের তদন্তের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় ইরানে হামলা চালাতে ব্যবহৃত বোমারু বিমানগুলো হুমকির মুখে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সরিয়ে নিয়েছে মার্কিন বিমানবাহিনী। ওই ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর সদস্যরাও অবস্থান করেন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি নিজের বাসা ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। ইরানের কাছে থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর তিনি এ পদক্ষেপ নেন। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
গণমাধ্যমটির বরাত দিয়ে বুধবার টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার চেষ্টা জোরদার করেছে। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা গত মাসে একটি সতর্কবার্তা প্রকাশ করেন। সেটির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে।
তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির ভয়াবহতা ঠিক কতটা, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে ইরান। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা অন্য দেশের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত হয়ে গেছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
সামরিক ঘাঁটিতে বেসেন্টের আশ্রয় নেওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মার্কিন অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দেশটির ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ শুরু হয়। এ পদক্ষেপের কেন্দ্রে ছিলেন স্কট বেসেন্ট।
ছবি : সংগৃহীত
জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক কর্তৃত্বের অবসান ঘটিয়ে শপথ নিয়েছেন ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত আনুষ্ঠানিক এক অধিবেশনে দেশটির ১২০ জন আইনপ্রণেতা পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ইসরায়েলের রাজনীতিতে এক নতুন সংসদীয় অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো।
সকল সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর নেসেটের সচিব নবগঠিত ২৬তম সংসদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সদস্যদের অভিনন্দন জানান। এ সময় উপস্থিত আইনপ্রণেতারা করতালির মাধ্যমে নতুন পার্লামেন্টের যাত্রাকে স্বাগত জানান।
এবারের শপথ অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনার কেন্দ্রে উঠে আসেন সবার শেষে পর্যায়ক্রমে শপথ নেওয়া চার আইনপ্রণেতা। লক্ষণীয় বিষয় হলো, এই চারজনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তাদের মধ্যে তিনজনেরই ব্যক্তিগত জীবনের সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের নজিরবিহীন আক্রমণের স্মৃতি ও ক্ষত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
তাদের মধ্যে একজন মধ্যপন্থি ‘ইয়াশার’ দলের সদস্য শিরা শাপিরো। ৭ অক্টোবরের হামলায় তার সাহসী ছেলে আনের এলিয়াকিম শাপিরো নিহত হয়েছিলেন। দ্বিতীয়জন ‘ইসরায়েল বেইতেনু’ দলের শ্যারন শারাবি; ৭ অক্টোবরের দিন কিবুতজ বেইরি থেকে তার দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল, যার মধ্যে ইয়োসি বন্দিদশাতেই প্রাণ হারান।
একই দলের অপর নতুন সংসদ সদস্য নোয়াম তিবন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন সাবেক জেনারেল। ৭ অক্টোবরের আক্রমণ চলাকালে সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনার তোয়াক্কা না করে তিনি স্বয়ং যুদ্ধক্ষেত্রে ছুটে যান এবং নিজের ছেলে ও তার পরিবারকে নাহাল ওজ এলাকা থেকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করে নিয়ে আসেন।
এই তিনজনের পাশাপাশি শেষ সারির অপর নতুন সংসদ সদস্য হলেন ডানপন্থি লিকুদ দলের এরেজ তাদমোর। তিনি ইসরায়েলের প্রভাবশালী কট্টর ডানপন্থি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ‘ইম তিরতজু’র প্রতিষ্ঠাতা।
নতুন আইনপ্রণেতাদের শপথ অনুষ্ঠানে নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের পাশাপাশি ৭ অক্টোবরের হামলার গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ও জাতীয় ক্ষতচিহ্নগুলো বারবার সামনে উঠে এসেছে। ১২০ জন সদস্যের আনুষ্ঠানিক শপথের মাধ্যমে যুদ্ধপরবর্তী ইসরায়েলে শুরু হলো ২৬তম নেসেটের নতুন আইনি ও শাসনতান্ত্রিক যাত্রা।
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাঘপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক জওয়ানের মাথায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
আহত ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমার এবং তার বয়স ছাব্বিশ বছর। বর্তমানে তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সৌরভ তার দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে নিজ বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। সেসময় ধীরাজ ও তার ভাই মনু ওরফে প্রবীণ নামের দুই স্থানীয় ব্যক্তির সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে এবং ধীরাজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান। সেই গুলির একটি প্রথমে দেওয়ালে এবং পরবর্তীতে সৌরভের কানের ঠিক পেছনে মাথায় আঘাত করে।
গুলিবিদ্ধ হয়ে সৌরভ মাটিতে লুটিয়ে পড়েন। একই সময়ে ধীরাজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর হামলা চালান এবং পাল্টাপাল্টি মারামারির ঘটনায় মিন্টু মনু ওরফে প্রবীণকে লাঠি দিয়ে আঘাত করেন। এই সংঘর্ষের পর আতঙ্কিত জনতা ছত্রভঙ্গ হয়ে যায় এবং অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, উভয় পক্ষ একে অপরকে আগে থেকেই চিনত এবং তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। প্রায় দুই মাস আগেও তাদের মধ্যে একবার ছোটখাটো বিরোধের সৃষ্টি হয়েছিল।
২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া ছাব্বিশ বছর বয়সী সৌরভ বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবে রাষ্ট্রপতির ভবনে কর্মরত আছেন। পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করতে তিনি ছুটিতে নিজ গ্রামে ফিরেছিলেন।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে বারৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরবর্তীতে তাকে মিরাট মেডিকেল কলেজ এবং পরে অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর আহত সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে কল করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দল দ্রুত গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে।
বারৌতের সার্কেল অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে বায়ুদূষণের আশঙ্কাজনক চিত্র ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃত্রিম উপগ্রহে (স্যাটেলাইট)। মহাকাশ থেকে তোলা ছবিতে দুই দেশের ওপর ধোঁয়া ও ধুলার ঘন আস্তরণ দেখা গেছে। শীতের শুরুতেই দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণের এই বিস্তার নতুন উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নাসার মডারেট রেজল্যুশন ইমেজিং স্পেকট্রোরেডিওমিটার (মোডিস) যন্ত্রে ধারণ করা ছবিটি প্রকাশ করা হয়েছে সংস্থাটির ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমে। এতে পাকিস্তান থেকে ভারতের উত্তরাঞ্চল পেরিয়ে পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত ধূসর ধোঁয়াশা দেখা গেছে।
ছবিতে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ ও আশপাশের অঞ্চল সবচেয়ে বেশি দৃশ্যমান। উত্তরে হিমালয়ের তুষারাবৃত পর্বতমালার বিপরীতে সমতল অঞ্চলে দূষণের ঘন আস্তরণ স্পষ্ট হয়ে উঠেছে। ছবিতে কৃষিপ্রধান কয়েকটি অঞ্চলে আগুনের উৎস শনাক্ত হওয়ার চিহ্নও দেখা গেছে। এগুলো ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতি শীতেই ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল ও প্রতিবেশী পাকিস্তানে বায়ুর মানের অবনতি ঘটে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন ও নির্মাণকাজের ধুলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।শীতের সময় তাপমাত্রা কমে যাওয়া, বাতাসের গতি কম থাকা এবং বায়ুমণ্ডলের নিচের স্তরে দূষিত কণা আটকে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়। দিল্লি ও আশপাশের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও নাসার ছবিতে স্পষ্ট, দূষণের এই সংকট কোনো একটি শহরে সীমাবদ্ধ নয়; বরং পুরো অঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ।
ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত