ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩১ পিএম

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে শ্বাসকষ্টে মো. কালাচাঁদ (৫০) নামের বাসটির চালকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির নিবন্ধন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে তিনি বাইরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।


ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বারৈ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বাসচালক কালাচাঁদ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





ভিডিওতে বক্তব্য দিচ্ছেন রনজিত সরকার, ডানের ছবিটি তার ফেসবুক আইডির স্ক্রিনশট

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৯ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভা করার দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি রনজিত সরকার। তিনি দাবি করেছেন- ভারতের মেঘালয় হয়ে দেশের সীমানায় ঢুকে রোববার সন্ধ্যায় সভা করেন। 


তার নির্বাচনী এলাকার (সুনামগঞ্জ-১: জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) কয়েকজন নেতা-কর্মীকে ওই ভিডিওতে দেখা যায়। সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তার ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করেন। 


তবে স্থানীয় পুলিশ বলেছে, সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে, দেশে এ ধরনের কোনো সভা হয়নি।


ভিডিওতে দেখা যায়, ব্যানার ধরে রেখেছিলেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। 


ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।’ 


আয়োজনে উল্লেখ ছিল ‘তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।’ 


ভিডিওতে দেখে একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কেউই সভার স্থান স্পষ্ট করে বলনেনি। তবে রোববার সন্ধ্যায় তারা সভায় উপস্থিত ছিলেন এমন দাবি করেন। 


এ বিষয়ে রনজিত সরকার বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ কোথায় সভা করলেন- জানতে চাইলে কল কেটে দেন তিনি। 


ছাত্রলীগ নেতা ওমর ফারুক বলেন, ‘সভাটি রোববার সন্ধ্যায় করা হয়েছে।’ কোথায়, কখন করা হয়েছে জানতে চাইলে তিনিও কল কেটে দেন।


ওই ভিডিও ৫ মিনিট ৩৩ সেকেন্ডের। ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। 


এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তায় রয়েছে। সীমান্ত দিয়ে রনজিত সরকারের বাংলাদেশে প্রবেশের কোনো সুযোগ নেই। রনজিতের নির্বাচনী এলাকার যেসব লোককে ওই ভিডিওতে দেখা গেছে, তাদের ভারতে সিলেট সীমান্তের কোনো একটা জায়গায় জড়ো করে, এ কাজ করা হয়েছে।’ 


সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় নানাভাবে খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ ধরনের কোনো সভা সীমান্তে হয়নি।


নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৩ এএম

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় এ আগুন লাগে।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অসুস্থ হয়ে হাসপাতালে আসা ৬৩ শিক্ষার্থীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।


কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ভবনের দোতলায় লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে। অসুস্থ শিক্ষার্থীদের বরাতে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে।


এ সময় ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এতে ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।


কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় থাকা কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।


আগুনের সূত্রপাত সম্পর্কে পার্থ হালদার বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৯ এএম

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। 


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। 


তিনি বলেন, খবর পেয়ে ৪টি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।


অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।


এর আগে, গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। এর ৬ দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন । ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২০ এএম

বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন পিকআপের চালক।


সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের একটি টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়। পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে গাড়ির কাছে নামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।


বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পিকআপে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার কারণও জানা যায়নি।


‘বসুমতি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০১ এএম

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় দাঁড়িয়ে থাকা ‘বসুমতি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হঠাৎ বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তা নেভানোর তৎপরতা শুরু করেন। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, বাসে আগুন দেওয়ার এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এর আগে একই দিন সন্ধ্যার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়া সন্ধ্যার পর রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্যানুযায়ী, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত দুই দিনের ব্যবধানে রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নাশকতাকারীরা। এই সময়সীমার মধ্যে রাজধানীতে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


এসব ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত তিন দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি। এদিকে রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরেও যানবাহনে নাশকতার বিস্তার ঘটেছে। রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যবর্তী সময়ে ঢাকার সাভার, বরগুনা এবং গাজীপুরে পৃথক ঘটনায় আরও পাঁচটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।


রাজধানীর মালিবাগ ও মৌচাক মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪৯ পিএম

রাজধানীর মালিবাগ ও মৌচাক মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে অবস্থিত একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ের ঠিক সামনে। এর কিছুক্ষণ পরই মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনে দ্বিতীয় দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।


প্রাথমিক তথ্য অনুযায়ী, অত্যন্ত দ্রুততার সঙ্গে পরপর এসব বিস্ফোরণ ঘটলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটকের খবরও পাওয়া যায়নি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে রাজধানীতে গত কয়েক দিন ধরে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বাড়তে থাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নগরজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। মালিবাগের ঘটনার আগে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এর পরপরই ক্যাম্পাসের টিএসসি এলাকা থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হাতেনাতে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন সাধারণ শিক্ষার্থীরা।


এর প্রায় সমসাময়িক সময়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা ‘লাব্বাইক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে শিল্পাঞ্চল থানার আওতাধীন সাউথ ইউনিভার্সিটির সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ফার্মগেটের অগ্নিসংযোগ ও সাউথ ইউনিভার্সিটির সামনের বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।