লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫২ পিএম

‘আমরা ছিলাম মেসি-রোনালদো যুগের দর্শক’– চলমান এই বিরতিতে যে আন্তর্জাতিক ফুটবল দেখা শুরু করবে, সে কিন্তু এই কথাটা বলতে পারবে না। নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব ফুটবল। যে যুগে থাকছেন না লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় দুই যুগ পায়ের জাদুতে বিশ্ব ফুটবলকে মোহিত করে রেখেছিলেন ইতিহাসের অন্যতম সেরা এ দুই তারকা। তাদের দুজনের ব্যক্তিগত প্রতিযোগিতায় ফুটবল হয়ে উঠেছিল আরও সুন্দর ও শৈল্পিক। 


কাকতালীয়ভাবে দুজন বিদায়ও নিলেন প্রায় একই সময়ে। তাদের ছাড়া কি আগের জৌলুস বজায় রাখতে পারবে ফুটবল? ৯ নভেম্বর শুরু হয়েছে আন্তর্জাতিক বিরতি, তবে বড় দলগুলো মাঠে নামবে ১২ নভেম্বর থেকে। গত বিরতির মতো এবার এতটা দীর্ঘ নয়, সপ্তাহখানেকের এই বিরতিতে সাফ ফুটবল ছাড়া প্রায় দেশই দুটি করে ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচে আবার চোটের কারণে বেশ কজন তারকা খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না। লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, গ্রানাইত শাকা, ভার্জিল ফন ডাইক চোটের কারণে অনিশ্চিত। 


২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন গত ৩১ আগস্ট। তিনি বিদায়ী ম্যাচটি খেলেন সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ৬ অক্টোবর। বুয়েন্স আয়ার্সে বিশাল আড়ম্বরে বিশ্বকাপজয়ী এ মহাতারকাকে বিদায় জানায় আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সী এ তারকা এখন থেকে কেবল ক্লাব ফুটবল খেলবেন। সে তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়টা বেশ বেদনাবিধুর। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এ তারকা সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে কোচের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। এর জেরে তাঁকে নিষেধাজ্ঞাও দেয় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ৫ নভেম্বর সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এ তারকা। 


পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। রোনালদোও এখন থেকে শুধু ক্লাব ফুটবল খেলবেন। মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৪ নভেম্বর বুয়েন্স আয়ার্সে উরুগুয়ের বিপক্ষে, এরপর ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা। দুটিই প্রীতি ম্যাচ। আর রোনালদোর বিদায়ের পর উয়েফা নেশনস লিগের ম্যাচে ১৫ নভেম্বর পর্তুগাল মুখোমুখি হবে ডেনমার্কের, তিন দিন পর ওয়েলশের বিপক্ষে খেলবে তারা।  


মেসি-রোনালদো বিদায়ের পর বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা এখন লামিনে ইয়ামাল। তবে ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে চেক রিপাবলিকের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না স্পেন। 


বিশ্বচ্যাম্পিয়নরা ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবালকেও পাচ্ছে না। লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন ইয়ামাল। ওইয়ারসাবাল ফ্লু আক্রান্ত। দুজনকেই আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার আশা করছে স্পেন। নেশনস লিগে চার ম্যাচের সবকটি জিতে নিজেদের গ্রুপে শীর্ষে আছে স্পেন। সেপ্টেম্বর-অক্টোবরের বিরতিতে অস্ট্রেলিয়া ও ভারতে তিনটি প্রীতি ম্যাচ খেলা ব্রাজিল আবার এশিয়াতে আসছে। 


১৪ ও ১৭ নভেম্বর সিঙ্গাপুরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচ দুটিতে রাফিনহার খেলা নিয়ে বার্সেলানার সঙ্গে ব্রাজিল ম্যানেজমেন্টের ভালোই টানাপোড়েন চলেছে। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন রাফিনহা। দুই ম্যাচেই তিনি খেলবেন।




শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলনে ইব্রাহিম, হামজা ও তপু

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৫ পিএম

পুরো দল উজ্জীবিত তাঁকে পেয়ে। সাফ জয়ের আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে বাংলাদেশের। সেই হামজা দেওয়ান চৌধুরী নিজেও লাল-সবুজের জার্সিতে ট্রফি জিততে উন্মুখ হয়ে আছেন। ২০০৩ সালের পর আবার বাংলাদেশ সাফ জিতবে বলে বিশ্বাস শেফিল্ড ইউনাইটেডের এ মিডফিল্ডারের। এবারের সাফে বাংলাদেশকে ফেভারিট মনে করা হামজা মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। তার চুম্বক অংশ তুলে ধরা হলো–


টুর্নামেন্টে আমরা জিততে পারব


আমরা জানি, পুরো দেশ কী চায়। তবে দলের ওপর আমার অনেক আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভারতকেও হারিয়েছি। আমরা জানি, আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে। আশা করি, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।


২৩ বছরের খরা কাটানো


ফুটবল দলীয় খেলা। এখানে শুধু আমাকে নিয়ে ভাবলে হবে না, পুরো দল নিয়ে ভাবতে হবে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। ঘরের দর্শকদের সামনে আবার বড় টুর্নামেন্টে খেলতে পারছি, এটা দারুণ ব্যাপার। ২৩ বছর হয়ে গেছে আমরা শিরোপা জিতিনি। আশা করি, এবার সেটি ঘরে ফিরিয়ে আনতে পারব।


সুযোগ তৈরি করতে পারছি


আমি উদ্বিগ্ন হতাম, যদি আমরা গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে সুযোগ নষ্ট করেছি। শেষ দিকে আমার গোল করা উচিত ছিল। আমরা সুযোগ তৈরি করতে পারছি। আশা করি, সেগুলো কাজে লাগানোও শুরু করব।


বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত


বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেখায়, তা অনেক বড় ব্যাপার। ইংল্যান্ডে থাকতেও বাংলাদেশের সমর্থকরা আমাদের খেলা দেখতে যেতেন। এটা আমার ও আমার পরিবারের কাছে অনেক অর্থ বহন করে। আশা করি, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের সেই ভালোবাসার প্রতিদান 

দিতে পারব।


ভালোবাসার প্রতিদান দিতে হলে টুর্নামেন্ট জিততে হবে


আমরা সবাই একটা ভালো সময়ে একসঙ্গে এসেছি। ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেড়েছে। তবে এখন আমাদের ম্যাচ জিততে হবে। সমর্থকরা আমাদের খেলা দেখতে অনেক সময় ও অর্থ ব্যয় করেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে হলে আমাদের টুর্নামেন্ট ও ম্যাচ জিততে হবে।


বাড়তি দায়িত্ব নেওয়া প্রসঙ্গে


মাঝেমধ্যে হয়তো আমি একটু বেশি কিছু করার চেষ্টা করি। শুধু দলকে সাহায্য করার জন্যই এমনটা করি। 

কীভাবে আক্রমণ কিংবা রক্ষণে দলকে আরও ভালোভাবে সাহায্য করতে পারি, তা নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। আমাদের দলে আক্রমণ ও রক্ষণে ভালো করার মতো অনেক সক্ষম খেলোয়াড় আছে। আমার কাজ হলো তাদের সঙ্গে সমন্বয় করা এবং দলকে সাহায্য করা। আন্তর্জাতিক ফুটবলে একসঙ্গে কাজ করার সময় খুব বেশি পাওয়া যায় না। তবে আমরা ধীরে ধীরে একই জায়গায় আসছি।


সাফের ফেভারিট


আমার মনে হয়, বাংলাদেশই ফেভারিট। আমি অন্তত সেটাই মনে করতে চাই!


অধিনায়কত্ব প্রসঙ্গে


কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি দায়িত্ব নেব। তবে দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন, যারা বাংলাদেশের হয়ে প্রায় ১০০ ম্যাচ খেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ড্রেসিংরুমে সবাই যেন একই লক্ষ্যে কাজ করে। আমাদের মধ্যে পারিবারিক একটা পরিবেশ আছে, এটাই সবচেয়ে জরুরি।


বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৫ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম। আজ এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পরামর্শ দেবেন আমিনুল।তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে লাহোর কালান্দার্স। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন আমিনুল।


তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাদের পরিচর্যার জন্য তৃণমূল ও হাই-পারফরম্যান্স কার্যক্রমের মাধ্যমে পরিচিতি পেয়েছে লাহোর কালান্দার্স। ২০১৬ সাল থেকে পিএসএলে খেলছে লাহোর। দলটি সব মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার।

হৃদয়ের রেকর্ডে সিলেট টেস্ট ড্র

সিরিজ ওয়েস্ট ইন্ডিজের


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০২ পিএম

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল ৭৮ ওভার। তবে কঠিন সেই লক্ষ্য তাড়া করে জয়ের চেষ্টা খুব একটা এগিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে অলআউট করার মতো পর্যাপ্ত সময়ও পাননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নিতে হয় দুই দলকে। দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে বাংলাদেশ। ফলে ড্রয়ে শেষ হয় সিলেট টেস্ট। তবে প্রথম টেস্ট জেতার সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।


ম্যাচের শেষ দিনে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন তিনি। খেলেন ৮২ রানের ইনিংস। এর মধ্য দিয়ে এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার কীর্তি গড়েন হৃদয়। নিজের তৃতীয় টেস্টেই তুলে নেন প্রথম টেস্ট ফিফটি।


হৃদয়ের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিমও। ১২৩ বলে ৬ চারে ৪৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসের পথে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে ফিফটির মাত্র এক রান আগে শামার জোসেফের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।মানচিত্র দেখুন


শেষ পর্যন্ত আলোকস্বল্পতা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। আম্পায়াররা একাধিকবার আলোর পরিস্থিতি যাচাই করেও খেলা চালিয়ে যাওয়ার মতো পরিবেশ পাননি। ফলে ৫৯ ওভারেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, ড্র হয় সিলেট টেস্ট।


এরিক মাঁরে

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪২ পিএম

ক্যানসারে আক্রান্ত হয়ে প্রধান কোচ পিটার বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মেয়ার। এক মাসের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উয়েফা এ লাইসেন্সধারী এই কোচের অধীনে আসন্ন আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নেবে ঋতুপর্ণারা। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এরিকের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। 


আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচ সামনে রেখেই অন্তর্বর্তী কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। একই বিজ্ঞপ্তিতে পিটার বাটলারের দ্রুত সুস্থতা কামনা করেছে বাফুফে। তার পূর্ণ আরোগ্য এবং দ্রুত দলের সঙ্গে ফেরার প্রত্যাশাও জানিয়েছে সংস্থাটি।


গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে যান বাটলার। পরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই ব্রিটিশ কোচ। এরপর থেকে সরাসরি দলের সঙ্গে না থাকলেও হোয়াটসঅ্যাপে নির্দেশনা দিয়ে প্রস্তুতির খোঁজ রাখছিলেন তিনি।


বর্তমানে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ নারী দল। গত ৩০ অক্টোবর ৪৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে সেখানে যায় দলটি। আগামী ১৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের। এরপর ১৯ নভেম্বর থেকে জাতীয় স্টেডিয়ামে আবার অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে।


সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল থেকে চূড়ান্ত ২৩ সদস্য বাছাইয়ের দায়িত্বও পালন করতে পারেন এরিক। ফলে স্বল্প সময়ের এই দায়িত্বে দলের প্রস্তুতি ও চূড়ান্ত স্কোয়াড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে।


২০২৩ সালে বাফুফে এলিট একাডেমির দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন পিটার বাটলার। পরের বছর নারী দলের প্রধান কোচের দায়িত্ব পান তিনি। তার অধীনেই ২০২৪ সালে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। অসুস্থতার কারণে আপাতত দলের বাইরে থাকায় তার জায়গায় সাময়িকভাবে দায়িত্ব সামলাবেন এরিক।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:১২ পিএম

এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রোববার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে টমাস ডুলির দলের। গত বৃহস্পতিবার ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ভুটানের সংগ্রহ ১ পয়েন্ট। এক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কাও। ভুটানের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ায় তাদের আর পয়েন্ট বাড়ানোর সুযোগ নেই। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।


আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে ড্র করলেই শেষ চার নিশ্চিত হবে শ্রীলঙ্কার। তবে এখনো সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা টিকে আছে ভুটানের। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে অন্তত দুই গোলের ব্যবধানে হারতে হবে শ্রীলঙ্কাকে।


এদিন দিনের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই জমে ওঠে শ্রীলঙ্কা ও ভুটানের লড়াই। ৩৩ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান শ্রীলঙ্কার অলিভার জেমস কেলার্ট। বিরতির আগে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে শ্রীলঙ্কাকে এগিয়ে দেন আহমেদ ওয়াসিম রাজিক।


দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক চেনচো গিল্টশেন। তার শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে ৭৬ মিনিটে গোল করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন চেনচো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।



ব্যালন ডি’অর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪১ এএম

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। তবে ফ্রান্সের কোচ জিনেদিন জিদানের মতে, এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এবার ব্যালন ডি’অরের ভোটে দ্বিতীয় হয়েছেন।

ফরাসি টেলিভিশন অনুষ্ঠান ‘টেলিফুট’-এ কথা বলতে গিয়ে এমবাপ্পের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন জিদান। তার মতে, ব্যক্তিগত পছন্দের বিষয় থাকলেও পুরস্কারের ফল মেনে নিতে হবে।

জিদান বলেন, ‘ব্যালন ডি’অরের ক্ষেত্রে প্রত্যেকেরই নিজস্ব পছন্দ থাকে। এমবাপ্পে দ্বিতীয় হয়েছে, ফলাফল মেনে নিতে হবে। সে হতাশ হয়েছিল, কারণ নিশ্চিতভাবেই তার ব্যালন ডি’অর জেতার যোগ্যতা ছিল।’

ফ্রান্সের কোচ হিসেবে এমবাপ্পেকে আবার জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় আছেন জিদান। তার প্রথম ম্যাচে গোল করলেও চোটের কারণে পরে দল ছাড়তে হয়েছিল এমবাপ্পেকে। জিদান বলেন, ‘আমি নিশ্চিত, কিলিয়ান আবার ফ্রান্সের জার্সি পরতে পেরে খুশি হবে। প্রথম ম্যাচে সে গোল করেছিল, কিন্তু চোটের কারণে ফিরে যেতে হয়। সে দলের সঙ্গে থাকতে চেয়েছিল, তবে সেটা সম্ভব হয়নি। আমি তাকে নিয়মিত অনুসরণ করি। তার দিকে অনেক মনোযোগ দিতে হবে।’

এ সময় ফ্রান্সের তরুণ প্রতিভা দেজিরে দুয়েকেও প্রশংসায় ভাসিয়েছেন জিদান। দুয়ের খেলার ধরন তার পছন্দ বলে জানান। জিদানের ভাষায়, ‘দুয়ের মধ্যে যে সাহসী মনোভাব আছে, সেটা আমার দারুণ লাগে। সে এমনভাবে খেলে, যেন নিজের পাড়ায় খেলছে। মাঠে খেলোয়াড়দের কাছ থেকে এমন মানসিকতাই প্রত্যাশা করা উচিত।’