ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠিসহ বাক্স উদ্ধার, মিলল রহস্যময় বার্তা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাদা ব্যাগে মোড়ানো লাল প্লাস্টিকের বাক্স থেকে ফুল ও চিঠি উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘মিসক্রিয়েন্ট’ উল্লেখ করে দেওয়া হয় রহস্যময় বার্তা।


সোমবার (৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠ থেকে বাক্সটি উদ্ধার করে পুলিশ।


‘নভেম্বর রেইনের শুভেচ্ছা’ জানিয়ে চিঠিতে লেখা ছিল, ‘২৪ এর মিসক্রিয়েন্ট আর মহান মুক্তিযুদ্ধ বিরোধীতাকারী ব্যতীত সকলের সুরই এখন এক এবং অভিন্ন সুরে গাথা। যে দলেরই হোক না কেন দেশরক্ষা আর দেশমাতৃকার তরে এই লড়াইয়ে প্রত্যেকের প্রত্যাশাই এখন common dream। রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন যারা নষ্ট করতে ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টমেটাম দেওয়া হল।’


চিঠিতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আজকে false sample দিলাম সামনের দিন সামনা সামনি কথা হবে। অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্থ করবেন না। Its your eleventh hour! চিঠিটি খুলে যখন পড়ছেন তখনও আপনার পাশে থেকে সব জানান দিচ্ছে। জাস্ট এতটুকু জানিয়ে রাখলাম। বোমা-বারুদের নষ্ট রাজনীতি করা ভাইয়ার ২১শে আগস্টের রেকর্ড, আমাদের না। বাক্সে থাকা ফুলের পাপড়ির মত আমরা চিরসুবাসিত, অনেক বেশি শক্তিশালী।’ ‘Its coming home, সকল শোষণের জবাব খুব দ্রুতই দেওয়া হচ্ছে’, বলেও হুমকি দেওয়া হয় চিঠিতে।


এ বিষয়ে জানতে চাইলে হাজী মুহম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষ শাহ শামীম আহমেদ কালবেলাকে বলেন, আমি আজ ছুটিতে আছি। আমি ঢাকার বাইরে ছিলাম। এইমাত্র ঢাকায় ঢুকতেছি। আমি খোঁজ নিয়ে দেখছি।


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম গিয়েছিল, একটি চিরকুট পাওয়া গেছে। চিঠিতে নভেম্বরের শুভেচ্ছা উল্লেখ করে কিছু লেখা রয়েছে।’


চিঠির তথ্য ও পরবর্তী করনীয় জানতে চাইলে তিনি বলেন, ‘কীভাবে তথ্য পেয়েছি গোপনীয়তার রক্ষার্থে বলা যাবে না। আমরা একটা জিডিতে নোট দিয়ে রাখব।’




বিদ্যুৎ না থাকায় অন্ধকার ও প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৬ এএম

বিদ্যুৎ না থাকায় অন্ধকার ও প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষায় সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। পরে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা শেষ করেন তারা।


সোমবার (৯ নভেম্বর) সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের মাইক্রোইকোনমিকস পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজ বলেন, পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। প্রথমে ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ আসেনি। তিনি বলেন, দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে। বিষয়টি শিক্ষকদের জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কক্ষের ভেতরে এতটাই অন্ধকার ছিল যে প্রশ্নপত্র পড়তেও সমস্যা হচ্ছিল। বিশেষ করে যাদের চোখে সমস্যা রয়েছে, তাদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্ধকারে পড়ার কারণে অনেকের মাথাব্যথাও শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর মোমবাতির ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত সেই আলোতেই পরীক্ষা দিতে হয়েছে।


একই পরীক্ষায় অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া বলেন, পরীক্ষা শুরুর সময় থেকেই বিদ্যুৎ ছিল না। তার আসন পেছনের দিকে হওয়ায় অন্ধকারে প্রশ্নপত্র পড়তে সমস্যা হচ্ছিল। বিষয়টি শিক্ষককে জানালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।


সামিয়া আরও বলেন, দুপুর দেড়টার দিকে পরিস্থিতি আরও খারাপ হয়। প্রশ্নপত্র পড়ার পাশাপাশি ক্যালকুলেটরে হিসাব করতেও সমস্যা হচ্ছিল। পরীক্ষার্থীরা বারবার অভিযোগ জানানোর পর একপর্যায়ে শিক্ষক নিজের মুঠোফোনের আলো জ্বালিয়ে দেন। তবে তাতেও পর্যাপ্ত আলো পাওয়া যায়নি। পরে মোমবাতির ব্যবস্থা করা হয়। প্রচণ্ড গরম ও অন্ধকারের কারণে স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে।


শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও শুরুতে বিকল্প আলোর ব্যবস্থা করা হয়নি। ফলে প্রশ্নপত্র পড়া, হিসাব করা ও উত্তর লেখায় সমস্যায় পড়তে হয়েছে তাদের।


এ ধরনের পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে দ্রুত বিকল্প আলোর ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন তারা।


এ বিষয়ে জানতে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।


আটক শিক্ষার্থী রেজওয়ান আহমেদ।

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে ক্যাম্পাস। সেখানে পার্ক করে রাখা দুটি বাসের মাঝখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে শাখা ছাত্রদল। 


সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।


আটক শিক্ষার্থীর নাম রেজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। পরে তারা জানতে পারেন, দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তারা।


ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহ্‌মাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল ওই সময় সেকেন্ড গেইটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি আমরা ক্যাম্পাসে ওই ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক আমরা শনাক্ত করবো। এছাড়াও সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, শাখা ছাত্রদল একজনকে আটক করেছে আমরা পুলিশে যোগাযোগ করেছি।


  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪০ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।


একই সঙ্গে পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির জন্য উপাচার্যদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।


তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, শিক্ষার্থীদের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের মধ্যে সমন্বয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।


অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ যেন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় ইউজিসি।


এর আগে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।


  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫২ পিএম

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৌকা মিছিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া বলে শনাক্ত করেছে কালবেলা । ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলে সংবাদকর্মীদের সতর্ক করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। তার বক্তব্যের পর একই দিন সংবাদটির শিরোনাম সংশোধন করে ভিডিওটিকে ভুয়া বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি।


রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৩৩ মিনিটে কালের কণ্ঠে ‘বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নৌকা মিছিল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। 


এতে দাবি করা হয়, ওই দিন সকালে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ভিডিওতে জবি নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়।


তবে ভিডিওতে দেখানো স্থানটি বুড়িগঙ্গা নদী নয় বলে দাবি করেন জবি ছাত্রদল নেতা সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য ও ভিডিও যাচাইয়ের আহ্বান জানান।


সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, "মিছিল কে কেন্দ্র করে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, সংবাদ কর্মীদের সচেতনভাবে সংবাদ প্রকাশ করার আহ্বান। আজকে খেয়াল করে দেখলাম অনেক সংবাদপত্র জবি ছাত্রলীগ বুড়িগঙ্গায় মিছিল করেছে এরকম নিউজ করেছে, ভিডিওটা ভালো ভাবে খেয়াল করলেই দেখা যায়  এটাতো বুড়িগঙ্গা নদী নয়ই বরং কোন ছোট খাল হতে পারে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন এটাই আমার প্রত্যাশা।"


পরাগের পোস্টের পর একই দিন সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে কালবেলা তাদের প্রকাশিত সংবাদের শিরোনাম সংশোধন করে ‘বুড়িগঙ্গায় ছাত্রলীগের নৌকা মিছিলের ভিডিওটি ভুয়া’ করে। সংশোধিত প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া। কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানেও বিষয়টি নিশ্চিত হওয়ার কথা উল্লেখ করা হয়।


প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টাঙিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনী বার্তা দেওয়ার দাবি করা হয়েছিল। তবে কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানে ভিডিওটির ওই দাবির সত্যতা পাওয়া যায়নি।


এদিকে ভিডিওটির স্থান নিয়ে পরাগের আগাম আপত্তি এবং পরবর্তী সময়ে কালবেলার ফ্যাক্ট চেকের মাধ্যমে ভিডিওটি ভুয়া হিসেবে চিহ্নিত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের আগে তথ্য ও দৃশ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি আবারও সামনে এসেছে।


  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৬ এএম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শ্যামা পূজা-১৪৩৩। রবিবার (৮ নভেম্বর) ক্যাম্পাসে প্রদীপ জ্বালিয়ে ভক্তিপূর্ণ পরিবেশে দেবী শ্যামার আরাধনা করেন শিক্ষার্থীরা। একই দিনে পবিত্র দামোদর মাস উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়। সারি সারি প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দুর্গাপূজার পর শ্যামা পূজাকে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হিসেবে গণ্য করা হয়।


অনুষ্ঠানের শুরুতে রাত ১০টায় অনুষ্ঠিত হয় গীতা আলোচনা। এরপর রাত সাড়ে ১০টায় দামোদর প্রদীপ নিবেদনের মধ্য দিয়ে সারি সারি প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। রাত ১২টায় ঢাকের বাদ্য, 'জয় মা কালী' ধ্বনি ও ধূপের গন্ধে শুরু হয় মাতৃবরণ। এরপর যথানিয়মে অনুষ্ঠিত হয় অধিবাস, মায়ের আরতি ও মাতৃপূজা। পূজার ফাঁকে ভক্তিমূলক গানের আসরে সম্মিলিত কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দ ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। দিনভর উপবাস শেষে ভোর সাড়ে ৬ টায় অঞ্জলি প্রদান এবং সবশেষে সবার মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে শ্যামা পূজা সম্পন্ন হয়।


এছাড়া পূজার মূল আনুষ্ঠানিকতার আগে বুটেক্সের প্রতিটি আবাসিক হলে তৈরি হয় ভ্রাতৃত্ব ও আন্তরিকতার এক অনন্য পরিবেশ। হলগুলোতে শিক্ষার্থীরা একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে আলোকময় করে তোলেন চারপাশ এবং বাজি ফুটিয়ে আনন্দে মাতেন। বহুদিনের ঐতিহ্য অনুযায়ী একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে ভাগ করে নেন উৎসবের আনন্দ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটেক্সের সাবেক রেজিস্ট্রার কাবেরী মজুমদার এবং উত্তরা মন্দিরের গীতা শিক্ষক শ্রীপদ ত্রিভঙ্গ শ্যাম দাস। এছাড়া ৩৩তম ব্যাচের সজল বিশ্বাস, ৪১তম ব্যাচের পার্থ সূত্রধর, ৪৫তম ব্যাচের জয় পাল ও ৪৬তম ব্যাচের সৌরভ রায়সহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে উপস্থিত ৩৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সজল বিশ্বাস সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "উৎসবগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। অনেক প্রতিবন্ধকতার মাঝেও এত সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। প্রোগ্রামগুলো এভাবেই চলতে থাকুক। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।"


অনুষ্ঠানে উপস্থিত ৪৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সৌরভ রায় সবাইকে প্রণাম জানিয়ে বলেন, "এই উৎসব আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত। দামোদর ব্রত পালনের উদ্যোগ প্রথম নিয়েছিলেন ৪১তম ব্যাচের পার্থ সূত্রধর দাদা। তারপর থেকে আমরা অনুষ্ঠানটি করে আসছি। আমরা সবাই এমন অনুষ্ঠানে অংশ নিয়ে একে আরও বড় করার চেষ্টা করি। ধন্যবাদ ও শুভকামনা।"


ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী উৎস কারণ বলেন, "তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গ্রামের উঠানের পূজার কাছে শহরের চাকচিক্য সর্বদা হার মানে, এই ভাবনা থেকেই এবার আমরা গ্রামীণ বারান্দার থিমে আয়োজন সাজিয়েছি। আমরা চেষ্টা করেছি, আর বাকিটা সব মায়ের ইচ্ছা।"


উল্লেখ্য, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে শ্যামা পূজা উদযাপন করেন। এই দিনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রয়াত পিতৃপুরুষ ও প্রিয়জনদের স্মরণ করা হয়, যা দীপাবলি নামে পরিচিত।


আটক ৩ জনের পরিচয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আটকরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত কফিরউদ্দিন প্রামানিক। তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় থাকেন। সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইদ্রিস আলী। এছাড়া নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের ছেলে।

এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের পৃথক পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নীলক্ষেত, সিনেট ভবনের সামনে, টিএসসি এলাকায় দুটি এবং শাহবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করেন উপস্থিত লোকজন।

মুক্তি ও গণতন্ত্র তোরণে দায়িত্বে থাকা এক নিরাপত্তাপ্রহরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। তিনি তখন সার্ভেইল্যান্স বক্সের ভেতরে ছিলেন। তোরণের পাশের ল্যাম্পপোস্টগুলোতে পর্যাপ্ত আলো না থাকায় কারা ককটেল রেখেছে, তা দেখতে পাননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি গণেশ চদ্র রায় সাহস বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের এ ধরণের কর্মকাণ্ডে প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেজন্য ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছেন তারা। টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। কেউ গুরুতর আহত হননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।

আটক ব্যক্তিদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।