• প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ৪:৫৪ পিএম

নাটোরের লালপুরে দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় বেআইনিভাবে মাইকিং করে ভুয়া ‘১৪৪ ধারা’ জারির অভিযোগ উঠেছে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আলীর বিরুদ্ধে। এই ঘটনায় গ্রামজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হলে শেষ পর্যন্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বন্ধ হয়ে যায়।


এ ঘটনায় নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এর যৌথ নির্দেশে সংগঠনটির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা মারুফ আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।


​স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামে গত শুক্রবার (২১ আগস্ট) এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টটি প্রায় দীর্ঘ ৬০ বছর ধরে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে নিয়মিত আয়োজিত হয়ে আসছে। টুর্নামেন্টের আয়োজন থেকে শুরু করে খেলোয়াড়-সবই স্থানীয় গ্রামবাসীদের নিজস্ব। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছরই গ্রামের প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন; এখানে রাজনৈতিক বা প্রশাসনিক কোনো ব্যক্তিকেই অতিথি করার রীতি নেই। ​কিন্তু লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফ আলী দাবি জানিয়ে আসছিলেন- ফাইনাল খেলায়  লালপুরের গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে প্রধান অতিথি করতে হবে। পাশাপাশি নিজেকে বিশেষ অতিথি করার দাবি তোলেন তিনি। আয়োজকরা ঐতিহ্যের দোহাই দিয়ে তার দাবি প্রত্যাখ্যান করলে, তিনি ক্ষিপ্ত হয়ে বেআইনিভাবে এলাকায় মাইকিং করিয়ে '১৪৪ ধারা' জারির ভুয়া ঘোষণা দেন। এর ফলে সাধারণ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঐতিহ্যবাহী ফাইনাল খেলাটি পণ্ড হয়ে যায়।




​এদিকে, এই ঘটনার পর আজ রোববার (২৩ আগস্ট, ২০২৬) নাটোর জেলা ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। ​নাটোর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, নাটোর জেলা শাখার অধীনস্থ লালপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন মো. মারুফ আলীর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৩ আগষ্ট ২০২৬ হতে ২৪ আগষ্ট ২০২৬ তারিখের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলাইপুরস্থ নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।



সর্বশেষ সব খবর

বিষ প্রয়োগে মরে যাওয়া মাছের স্তুপ

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৯:৩২ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে চল্লিশ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে ওই পুকুরের ছোট বড় সব ধরণের মাছ মরে ভেঁসে উঠতে থাকে।


দুপুরে ওই চেয়ারমানের গ্রামের বাড়ি শালগ্রাম গ্রামে গিয়ে দেখা যায়, পুকুর পাড়ে সারি সারি মিনি ভ্যানট্রাকে বিপুল পরিমাণ বড় বড় পাঙ্গাস মাছ তুলে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর পর্যন্ত ২৬টি ট্রাক ভর্তি করে মাছ নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রমিকরা। 


তারা জানান, মাছগুলো মরে গন্ধ ছড়ানোর ফলে বাজারে কেউ এসব মাছ কিনতে চাচ্ছেন না। খুব কম দামেও ক্রেতা পাওয়া যাচ্ছেনা। ওই পুকুরে পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর, দেশি ফলি প্রভৃতি মাছ মরে ভেঁসে উঠছে। তখনও শ্রমিকরা পুকুরে জাল টেনে মরা মাছগুলো তুলে আনছিলেন।


পুকুরের মালিক সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জানালেন, তাদের বেশ কয়েকটি পুকুরে তিনি নিজেই দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। ওই পুকুরে ১০ হাজার পাঙ্গাসের পোনা এবং আরো দামি মাছের পোনা ছেড়েছিলেন। এ সপ্তাহেই মাছগুলো তুলে বিক্রি করার কথা ছিল। ভোর থেকে মাছগুলো মরে ভেঁসে উঠতে থাকে। পুকুরের তলদেশেও অনেক মাছ মরে পড়ে রয়েছে।


তিনি জানান, কেউ গ্যাস বড়ি প্রয়োগ করার ফলেই মাছগুলো মরছে। এতে তার চল্লিশ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। পুকুরের মাছ তোলা তদারকি করতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানায় কোন অভিযোগ করার সুযোগ পাননি।


মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সব খবর

জনদুর্ভোগ যান চলাচল বন্ধ

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৯:২০ পিএম

মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল থেকে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।


এর আগে সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের বিরোধ চরম আকার ধারণ করে। একপর্যায়ে থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা স্থানীয় প্রভাব খাটিয়ে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখেন বলে জানা গেছে। 


খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে দুপুর ১২টা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় বাস মালিক ও শ্রমিকরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নথুল্লাবাদ টার্মিনালে আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।


সরেজমিনে দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


বাস মালিক ও শ্রমিকরা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।


অন্যদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে বিভিন্ন রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।


এদিকে, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।


বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও থ্রি-হুইলার গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

সর্বশেষ সব খবর

রশিদুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৮:৫৯ পিএম

দিনাজপুরে ডলার প্রতারণার অভিযোগে রশিদুল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার শাখার সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল। আজ সোমবার (২৪ আগস্ট) রাত ২টার দিকে দিনাজপুর সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রশিদুল দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশের দাবী, তার বিরুদ্ধে দিনাজপুর ও নীলফামারী জেলায় ডলার প্রতারণার একাধিক মামলা রয়েছে।


পুলিশ জানায়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদুলকে গ্রেপ্তার করে।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের চংগুয়া গ্রামের চেয়ারম্যানপাড়ায় সাইফুল ইসলামের বসতবাড়ীতে কথিত ডলার প্রতারণার সময় দুজনকে গ্রেপ্তার করে খানসামা থানা পুলিশ।


ওই ঘটনার পর সংশ্লিষ্ট চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার শাখা তৎপরতা শুরু করে। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুল কথিত ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং চক্রটির প্রতারণার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।


জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে প্রথমে বন্ধুত্ব ও বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তোলেন। পরে নিজেদের দিনমজুর, রিকশাচালক, অটোরিকশাচালক কিংবা কারখানার শ্রমিক পরিচয় দিয়ে জানান, তাদের কাছে কুড়িয়ে পাওয়া কিছু ডলার রয়েছে। তবে এসব ডলার কীভাবে বিক্রি বা টাকায় রূপান্তর করতে হয়, তা তারা জানেন না-এমন কথা বলে সম্ভাব্য ভুক্তভোগীদের প্রলুব্ধ করা হয়।


পুলিশের দাবী, ভুক্তভোগীরা ডলার কেনার ব্যাপারে আগ্রহী হলে তাদের পূর্বনির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হতো। সেখানে চক্রের অন্য সদস্যরা নিজেদের ডিবি বা সিভিল পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিয়ে কথিত অবৈধ ডলার লেনদেনের অভিযোগে ভুক্তভোগীকে আটক করার ভয় দেখাতেন। পরে মামলা ও কারাগারে পাঠানোর হুমকি দিয়ে তাদের কাছ থেকে অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।


পুলিশ আরও জানায়, ভুক্তভোগীদের বিষয়টি কাউকে না জানাতে সতর্ক করা হতো এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, রশিদুলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার কয়েকজনের এই চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। প্রতারণার সময় চক্রের সদস্যরা বিভিন্ন থানার সীমান্তবর্তী এলাকা বেছে নিতেন, যাতে প্রতারণার পর দ্রুত এক থানা এলাকা থেকে অন্য থানা এলাকায় চলে যেতে পারেন।


পুলিশ জানিয়েছে, রশিদুলকে আরও জিজ্ঞাসাবাদে কথিত ডলার প্রতারকচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রশিদুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৮:৪০ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্যকে ‘মিথ্যা, বিভ্রান্তিমূলক ও আপত্তিকর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম।


গতকাল রোববার (২৩ আগস্ট) পৃথক দুটি প্রতিবাদলিপিতে সংগঠন দুটির পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


এর আগে নোবিপ্রবিতে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবারও দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি ১৮টি বিশ্ববিদ্যালয়ে এমন ব্যক্তিদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, যাদের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনেরই যোগ্যতা বা অভিজ্ঞতা ছিল না। শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়নের কারণে তাদের এসব পদে বসানো হয়েছে।”


তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নোবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম পৃথক বিবৃতি দেয়।


নোবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদলিপিতে বলা হয়, নোবিপ্রবিতে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যকে মিথ্যা, বিভ্রান্তিমূলক ও আপত্তিকর উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।


প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক বিষয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এ ধরনের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে।


এতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিমূলক ও আপত্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।


অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের প্রতিবাদলিপিতেও একই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ফোরামের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য প্রদান করা উচিত। দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।


ফোরামও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক বক্তব্য প্রদানের আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৪:৩৪ পিএম

ময়মনসিংহের ভালুকায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক এমএনএ ও এমপি এবং বিশিষ্ট সমাজসেবক মরহুম আফতাব উদ্দিন চৌধুরী (চাঁন মিয়া'র) ৪১তম মৃত্যুবার্ষিকী এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম হাবিব উল্যাহ চৌধুরী (মনু মিয়া'র) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (২৪ আগস্ট) সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে এ স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা জামায়াতের আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু।


এ সময় বক্তারা মরহুম আফতাব উদ্দিন চৌধুরী ও মরহুম হাবিব উল্যাহ চৌধুরীর কর্মময় জীবন, শিক্ষা বিস্তার, সমাজসেবা ও স্থানীয় মানুষের কল্যাণে তাঁদের অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, তাঁদের মতো সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তিদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুম আফতাব উদ্দিন চৌধুরী ও মরহুম হাবিব উল্যাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৪:৩০ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার তরুণ জুম্মান তপদার এখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-এর সদস্য। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের এমন অর্জনে আনন্দিত তার পরিবার, স্বজন ও এলাকাবাসী। জুম্মান তপদার খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। নতুন দেশে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি ইউএস আর্মিতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন তিনি।


সেই লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করেন জুম্মান। একপর্যায়ে সফলভাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পান তিনি।


জুম্মানের এই অর্জনে উচ্ছ্বসিত তার পরিবার ও স্বজনেরা। স্থানীয় বাসিন্দারাও তাঁর সাফল্যকে হাজীগঞ্জের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। তাঁরা জুম্মানের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।


জুম্মানের পরিবারের সদস্যরা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পরিবার ও নিজ এলাকার জন্যও সম্মানের বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ সব খবর