নাহিদ-ইসলাম

  • প্রকাশ : শনিবার ১৮ জুলাই, ২০২৬, সময় : ১২:৫২ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এখানো হরতাল-অবরোধের মতো কঠোর কোনো কর্মসূচি দেইনি। কিন্তু যেকোনো সময় এ ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এ মুহূর্তে বাংলাদেশে এসব কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ সেই পরিস্থিতি দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।


আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্য জোটে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, আজকে বরিশালে জড়ো হয়েছি। তারপর প্রত্যেকটি জেলা-উপজেলায় আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। সর্বশেষ আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হবো।


তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। কারণ যেই গণভোটের পক্ষে, যেই জুলাই সনদের পক্ষে তিনি হ্যাঁ এর প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে ৭০ পার্সেন্ট মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।


নাহিদ ইসলাম বলেন, গণঅভুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকে বলে দিচ্ছি, তারেক রহমান ‘নাটক কম করেন প্রিয়।’ বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয়, আপনি যা খুশি করবেন। যে-রকম খুশি ছলনা-প্রতারণা এ দেশের জনগণের সঙ্গে করবেন।


গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।




সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি স্থগিত

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ৫:৪৭ পিএম

গ্যাস সংকটের কারণে আগামী ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধ কর্মসূচি প্রত্যাহার করেছে স্টেশন মালিক সমিতি। ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করলেও দাবি মানতে। এজন্য আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে সংবাদ সম্মেলনে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের নেতারা।


সমিতির পক্ষ থেকে বলা হয়, দেশজুড়ে গ্যাস সংকটের কারণে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। দাবি না মানলে আগামী ২৩ আগস্ট থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান সমিতির নেতারা।


সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, ভবিষ্যতে জ্বালানির মূল্যবৃদ্ধি পেলে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু করা, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।


এর আগে কমিশন বৃদ্ধিসহ ৪ দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।


সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ৫:২৫ পিএম

আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।


সরকারের পক্ষ থেকে গ্যাস সংকট পরিস্থিতি উত্তরণে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি বাসা-বাড়িতে মা-বোনেরা, গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিগুলোর প্রোডাকশন কম্প্রোমাইজড হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে।


তিনি বলেন, বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের ত্রুটি নয়। একটা বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু, স্টিল তারা দেশের এই সাপ্লাইটা এনসিওর করে। আমরা তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এজন্য বারবার দুঃখপ্রকাশ করছি। কিন্তু, একেবারে ২৪/৭ আমাদের টিম তাদের সঙ্গে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম, আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নয়ন হবে ইনশাআল্লাহ।


প্রতিমন্ত্রী আরও বলেন, টোটাল সাপ্লাইটা (ত্রুটি দেখা দেওয়া ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ থেকে) ৫০০-৫৫০ এর মতো, আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে ২৮০-৩০০ তারা ন্যাশনাল গ্রিডে, অর্থাৎ ২৮০-৩০০ মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিতে সমর্থ হবে। এটা তাদের স্টেটমেন্ট অনুযায়ী বলছি। এটা আমাদের নয়, তাদের তথ্যের ভিত্তিতে।


অনিন্দ্য ইসলাম বলেন, আগামী সপ্তাহে ৫০ শতাংশ সরবরাহ চালু করতে পারলে পরের সপ্তাহে ১০০ শতাংশ করতে পারবে। এটাই এখন পর্যন্ত প্ল্যানিং আছে।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে দেশীয় উৎপাদন ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে দৈনিক প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে দেশীয় উৎপাদন ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট এবং আমদানিকৃত এলএনজি থেকে ১ হাজার থেকে ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়।


তিনি বলেন, আমদানিকৃত এলএনজি দুটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) দিয়ে রি-গ্যাসিফাই করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। গত সপ্তাহে এক্সিলারেট এনার্জি পরিচালিত একটি এফএসআরইউতে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে আমদানিকৃত এলএনজি থেকে গ্যাস সরবরাহ প্রায় ৫০ শতাংশ কমে গেছে।


প্রতিমন্ত্রী বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান হবে। পরে ৪৮ ঘণ্টা পার হলেও সমাধান না হওয়ায় আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ আনা হয়েছে। পেট্রোবাংলা, আরপিজিসিএল ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এক্সিলারেট এনার্জির বৈশ্বিক ও আঞ্চলিক কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।


বিদেশ থেকে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস আনা হচ্ছে। এগুলো এয়ার ফ্রেইটে আনা হলে দ্রুততম সময়ের মধ্যে কাস্টম ছাড়পত্র দিয়ে মেরামত কাজে ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত।


প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে জানা গেছে এফএসআরইউতে একটি বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তিনি বলেন, ওই সময় কাছাকাছি একটি এলএনজি কার্গো থাকলেও দ্রুত সেটি সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।


তিনি আরও জানান, এলএনজি দীর্ঘ সময় মজুত করে রাখা হয় না। জাহাজে করে এলএনজি আসে এবং এফএসআরইউতে তা গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। একটি টার্মিনাল অচল থাকায় কার্গোর সময়সূচিতে কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবে সামিট পরিচালিত অন্য এফএসআরইউ স্বাভাবিকভাবে কাজ করছে।


স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা


জ্বালানি প্রতিমন্ত্রী জানান, শুধু বর্তমান সংকট মোকাবিলা নয়, ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্যও সরকার একাধিক বিকল্প নিয়ে কাজ করছে। স্বল্পমেয়াদে ভোলার উদ্বৃত্ত গ্যাস ব্যবহার এবং মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। মধ্যমেয়াদে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর দীর্ঘমেয়াদে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, বর্তমানে রি-গ্যাসিফিকেশন সক্ষমতা সীমিত হওয়ায় প্রয়োজন থাকলেও অতিরিক্ত এলএনজি আমদানি করা সম্ভব হচ্ছে না। নতুন টার্মিনাল স্থাপন করা গেলে সরবরাহ বাড়ানো যাবে।


অনিন্দ্য ইসলাম অমিত জানান, ভোলার স্থানীয় চাহিদা, শিল্প ও বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজন মেটানোর পর যদি উদ্বৃত্ত গ্যাস থাকে, তাহলে তা মূল ভূখণ্ডে আনার পরিকল্পনা রয়েছে। এজন্য সম্ভাব্যতা যাচাই চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সঙ্গে আলোচনা শেষে সবকিছু অনুকূলে থাকলে প্রায় এক বছরের মধ্যে সেই গ্যাস শিল্পকারখানা বা বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা সম্ভব হতে পারে।


প্রতিমন্ত্রী জানান, দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে অফশোর বিডিং রাউন্ড চালু করা হয়েছে এবং আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলো এতে আগ্রহ দেখাচ্ছে। আগামী নভেম্বরে বিড জমা দেওয়ার শেষ সময়।


তিনি আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে দেশীয় গ্যাস উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।



প্রতীকী ছবি

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ৪:৪১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃত্যু বেড়ে হয়েছে ৮২৫।


আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৩০ জন মারা গেছে।


গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১১৩ জনের। এ বছর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জন।


এছাড়া ২৪ ঘণ্টায় ৯৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৭৪৫ জনে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ৩:২১ পিএম

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর (পে স্কেল)  ঘোষণা পিছিয়ে যাচ্ছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তা আপাতত বাস্তবায়ন হচ্ছে না। গতকাল রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে নতুন পে স্কেলের আর্থিক প্রভাব, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের রাজস্ব সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বিষয়টি আরও পর্যালোচনার নির্দেশ দেন। 


অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে আইএমএফ আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তত দুই বছর নতুন পে স্কেল বাস্তবায়ন স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। সম্প্রতি আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফরকালে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে এ সুপারিশ করে। সরকারের নীতিনির্ধারকরা এ পরামর্শ গ্রহণে আগ্রহী নন। তবে বেতন কাঠামো ঘোষণা করতে একটু দেরি হবে। আগামী অক্টোবরে আইএমএফের বার্ষিক সভার আগে নতুন পে স্কেলের গেজেট জারি হবে।


গতকালের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, পে স্কেল-সংক্রান্ত ফোকাল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা, আর্থিক চাপ ও সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রস্তাবটি আরও বিশদভাবে পর্যালোচনার নির্দেশ দেন।


অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র সমকালকে জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশের পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটিকে আরও অন্তত দুই থেকে তিনটি বৈঠক করতে হবে। এ প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। তবে দ্রুত কাজ শেষ করারও চেষ্টা থাকবে। কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের পর মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে অর্থ বিভাগ গেজেট প্রকাশ করবে। সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী নতুন পে কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।


সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে নতুন পে স্কেলের আর্থিক প্রভাব, বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব আহরণের সক্ষমতা এবং সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আইএমএফের আপত্তি ও পর্যবেক্ষণ নিয়েও আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় জ্বালানির আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা, দেশে গ্যাস সরবরাহের চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় কতটা যৌক্তিক হবে, সে বিষয়ও পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


জানা গেছে, আইএমএফ চাইছে বিষয়টি অন্তত অক্টোবর পর্যন্ত ঝুলিয়ে রাখা হোক। এতে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আইএমএফের বার্ষিক সভায় নতুন ঋণ কর্মসূচির আলোচনার সময় পে স্কেলের আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে। পরে নভেম্বরে সংস্থাটির আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে নতুন ঋণ কর্মসূচি ও পে স্কেল বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারে।


সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। এরপর প্রতিবছর মূল বেতনের ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি এবং কয়েক দফা বিশেষ ইনক্রিমেন্ট দেওয়া হলেও নতুন জাতীয় পে স্কেল ঘোষণা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মচারীরা।


২০২৫ সালে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে। কমিশন চলতি বছরের ২২ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। 


কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন বর্তমান আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি বৈশাখী ভাতার হার ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা, ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতার কাঠামোয় পরিবর্তন আনা এবং অন্যান্য ভাতা পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়।


কমিশনের হিসাব অনুযায়ী এসব সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে। তবে সচিব কমিটি কমিশনের সুপারিশ পর্যালোচনা করে কিছু কাটছাঁটসহ একটি সংশোধিত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে, যা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে।


বেতন কমিশনের সুপারিশ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। সচিব কমিটি তিনটি প্রতিবেদনের আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে সরকারের পরবর্তী সিদ্ধান্তের জন্য সুপারিশ করবে। 


চলতি অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দেন। এ জন্য ‘জনপ্রশাসন-নিট’ খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। অতিরিক্ত অর্থের অন্তত ৪৪ হাজার কোটি টাকা রাখা হয়েছে মূলত সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য। তাই গেজেট যখন প্রকাশ হোক, গত  জুলাই থেকে নতুন বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ১:১৫ পিএম

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পাশের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।


ঘূর্ণিবায়ুর ওই চক্র সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। সেই সময় গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।


নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও লাগোয়া বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দকে আগের মতোই ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


দেশজুড়ে বৃষ্টির আভাস


আবহাওয়ার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। আর মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে৷


মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে জানিয়ে বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ১২:৪০ পিএম

কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দেশজুড়ে গ্যাস সরবরাহে তৈরি হওয়া সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চলে এর প্রভাব পড়েছে। দিনের পর দিন রান্নার জন্য চুলায় আগুন জ্বালানো যাচ্ছে না। সিএনজি স্টেশনে দীর্ঘ সারিতে বাড়ছে ভোগান্তি। গ্যাসের অভাবে বন্ধ হওয়ার পথে শিল্পকারখানা।


সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সেটি বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। ক্ষতিগ্রস্ত টার্মিনাল পুরোপুরি সচল হতে সাত থেকে ১৫ দিন সময় লাগতে পারে। ফলে আবাসিক, শিল্প, সিএনজি ও বিদ্যুৎ খাতে সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


দেশে বর্তমানে দৈনিক প্রায় ২৬৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে ৯০ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়। একটি টার্মিনাল বন্ধ হওয়ায় সরবরাহ কমেছে প্রায় ৪৫ কোটি ঘনফুট। ফলে চাহিদার তুলনায় গ্যাস ঘাটতি আরও বেড়েছে। 


রাজধানীর কিছু এলাকায় রান্না প্রায় বন্ধ


গ্যাস সংকটে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মিরপুর, বাড্ডা, রামপুরা ও বাসাবোসহ বিভিন্ন এলাকায় দিনের বেশির ভাগ সময় গ্যাস থাকছে না। কোথাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাসের চাপ এতটাই কম থাকছে যে, রান্না করাই সম্ভব হচ্ছে না।

অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা, ইন্ডাকশন কুকার ও এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছে। কেউ কেউ গভীর রাতে গ্যাসের চাপ কিছুটা বাড়লে তখন পরদিনের জন্য রান্না সেরে রাখছেন।


রাজধানীর মনসুরাবাদ এলাকার বাসিন্দা আসমা বেগম বলেন, সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকে না। বাধ্য হয়ে বাজার থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে আর কত দিন চলা যায়?


মালিবাগের বাসিন্দা মোর্শেদা সেতু বলেন, সকাল থেকে গ্যাসের চাপ এতটাই কম ছিল যে, কোনো রান্না করা সম্ভব হয়নি। রাত ৯টার পর গ্যাস এলেও শুধু ভাত রান্না করতেই প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। অন্য কোনো রান্না করা সম্ভব হয়নি।


কাঁঠালবাগানের বাসিন্দা মার্জিয়া আক্তার বলেন, দুপুরে প্রায় এক ঘণ্টা চুলায় কড়াই বসিয়ে রেখেও তেল গরম করা যায়নি। ছোট শিশুর জন্য সময়মতো খাবার তৈরি করতে না পেরে প্রতিদিন বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে।


সিএনজি স্টেশনে দীর্ঘ সারি


গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতেও। রাজধানী থেকে জেলা শহর–সবখানেই গ্যাসের চাপ কম থাকায় অনেক স্টেশন দিনের দীর্ঘ সময় বন্ধ থাকছে। যেসব স্টেশন খোলা রয়েছে, সেখানে মধ্যরাত থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন।


সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, একটি স্টেশন স্বাভাবিকভাবে পরিচালনার জন্য অন্তত ১৫ পিএসআই গ্যাসচাপ প্রয়োজন। কিন্তু অনেক এলাকায় এখন ৪ থেকে ৫ পিএসআই, কোথাও আবার ২ পিএসআইরও কম চাপ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় স্বাভাবিকভাবে গ্যাস বিক্রি করা সম্ভব হচ্ছে না।


মুন্সীগঞ্জে মাটির চুলায় ফিরছে মানুষ


মুন্সীগঞ্জে দিনের কোনো সময়ই রান্নার জন্য পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও গ্যাস এলেও চাপ এত কম যে চুলায় শুধু টিমটিম করে আগুন জ্বলছে। এতে রান্না করা সম্ভব হচ্ছে না।


শহরের মালপাড়া, মানিকপুর, খালইস্ট, হাটলক্ষ্মীগঞ্জ, দেওভোগ ও মধ্য কোটগাঁও এলাকায় অধিকাংশ বাসাবাড়িতে গ্যাস সংকট দেখা গেছে।

অনেক পরিবার কাঠের জ্বালানিতে মাটির চুলায় রান্না করছে। কেউ কেউ এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছে। অনেক পরিবার সকালের খাবার হোটেল থেকে কিনে খাচ্ছে।


গ্যাস না থাকায় শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। মেশিন চালাতে না পারায় প্রতিদিন লোকসান গুনছেন উদ্যোক্তারা। দীর্ঘদিন সংকট চললে অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা।


মুক্তারপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক শরীফুল ইসলাম বলেন, সারাদেশেই গ্যাস সংকট চলছে। সরবরাহ বাড়লে মুন্সীগঞ্জ ও মিরকাদিম এলাকায় পরিস্থিতির উন্নতি হবে।


নারায়ণগঞ্জে স্থবির শিল্পাঞ্চল


গ্যাস সংকটে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলে নেমে এসেছে স্থবিরতা। বস্ত্র, স্পিনিং, নিটিং, ডাইং ও কম্পোজিট কারখানাগুলো প্রয়োজনীয় গ্যাসের চাপ না পাওয়ায় উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে।


আড়াইহাজারে দেড় শতাধিক বড় শিল্পকারখানা রয়েছে। এসবের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ প্রায় শূন্যে নেমে এসেছে। শ্রমিকরা কারখানায় গেলেও কাজ করতে পারছেন না।


শিল্পমালিকরা জানান, বয়লার চালানোর জন্য অন্তত ১৫ পিএসআই গ্যাস চাপ প্রয়োজন। কিন্তু অনেক কারখানায় চাপ নেমে এসেছে এক থেকে দুই পিএসআইয়ে।

রূপগঞ্জের ভূলতা, গোলাকান্দাইল, রূপসী, তারাব, কাঞ্চন ও বরপা এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলোতেও একই চিত্র। উৎপাদন কমে যাওয়ায় সময়মতো পণ্য সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


ভূলতার একটি স্পিনিং কারখানার চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বলেন, গ্যাসের চাপ প্রয়োজনের তুলনায় অনেক কম। দিনের বেলায় অধিকাংশ মেশিন চালানো সম্ভব হচ্ছে না। উৎপাদন ব্যয় বাড়ছে, বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো পণ্য পাঠানো কঠিন হয়ে পড়ছে।


কুমিল্লায় আবাসিক গ্রাহকদের ভোগান্তি


কুমিল্লার বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরমে পৌঁছেছে। সকাল থেকে রাত পর্যন্ত অধিকাংশ এলাকায় রান্নার মতো গ্যাসের চাপ থাকছে না। নগরীর বাগিচাগাঁও, নতুন চৌধুরীপাড়া, চর্থা, রানীর বাজার, ঠাকুরপাড়া, হজরতপাড়া, নুরপুরসহ বিভিন্ন এলাকায় সংকট বেশি।


অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিনেছে। শিল্প প্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে উৎপাদন খরচ। কুমিল্লার তিতাস উপজেলায় দীর্ঘদিনের গ্যাস সংকট এখন আরও প্রকট হয়েছে। জিয়ারকান্দি, মাছিমপুর, বাতাকান্দি ও আশপাশের এলাকার বাসিন্দারা জানান, দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না।


বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে, অবৈধ সংযোগ, পাইপলাইনের লিকেজসহ নানা কারণে গ্যাস অপচয় হচ্ছে। সংকট সমাধানে নতুন বিতরণ লাইন নেওয়ার পরিকল্পনা রয়েছে।


টঙ্গীতে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভ


গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গোপালপুর সাহারা মার্কেট এলাকায় তিতাস কার্যালয়ের সামনে অবস্থান নেন।


বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে স্বাভাবিক গ্যাস সরবরাহ মিলছে না। এতে নারী, শিশু, শিক্ষার্থী ও চাকরিজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


তারা বলেন, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ‘নো গ্যাস, নো বিল’ কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

বিক্ষোভ শেষে তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।


অন্যান্য জেলায় ভোগান্তি


সিরাজগঞ্জে গ্যাস সরবরাহ কম থাকায় অন্তত দুটি সিএনজি ফিলিং স্টেশন অচল হয়ে পড়েছে। চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ময়মনসিংহে ভোর পর্যন্ত কয়েকটি স্টেশনে অল্প সময়ের জন্য গ্যাস থাকলেও সকাল ১০টার পর অধিকাংশ স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। নরসিংদীতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকেরা। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের চাপ শূন্যে নেমে যাওয়ায় একাধিকবার সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।

বিষয় : গ্যাস