ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ৯:১৬ এএম

হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর থেকে হবিগঞ্জের অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সব গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকে এ ধর্মঘটে জেলার সব যানবাহন মালিক-শ্রমিক সমিতি ও নেতারা একাত্মতা প্রকাশ করেছেন। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দুই জেলার মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ চলছে। বিভিন্ন সময়ে বৈঠকের মাধ্যমে সমাধান হলেও পরে আবারও বাস আটকের ঘটনা ঘটছে।


তিনি জানান, গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে আগের মতো বাস চলাচল করবে। তবে শ্রীমঙ্গলে হবিগঞ্জের বাস কোনো স্টপেজ দিতে পারবে না। ওই সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল করছিল।


এরপর গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা হবিগঞ্জের ২২টি বাস আটকে রাখেন বলে দাবি করেন তিনি। পরে ২০ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে ১২ জুনের সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচলের বিষয়ে সমঝোতা হয়। বৈঠকের পর আটক বাসগুলো ছেড়ে দেওয়া হয়।


আবু মঈন চৌধুরী বলেন, ‘২৪ সেপ্টেম্বর সকালে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল শুরু হলে মৌলভীবাজারের এসএমএস কর্তৃপক্ষ হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখে। বাসগুলো এখনও ছাড়েনি। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’


তিনি বলেন, ‘আমরা চাই পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাসগুলো নির্বিঘ্নে চলাচল করুক। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’


তবে অভিযোগ অস্বীকার করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এসএমএস বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন। তিনি বলেন, ‘বিষয়টি সমাধানের দিকে এগোচ্ছিল। এর মধ্যে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের লোকজন শ্রীমঙ্গলে এসএমএস পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর করেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজন আইসিইউতে আছেন।’


তিনি আরও বলেন, ‘শ্রীমঙ্গলের শ্রমিকরাই বাসগুলো আটকে রেখেছেন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। বিষয়টির সমাধানে দুই পক্ষকে নিয়ে বসতে হবে।’




বিরল ও হরিপুর সীমান্তে ৪২ বিজিবির পৃথক অভিযান, ৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার পণ্য উদ্ধার

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪০ পিএম

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৭ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৮৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৭০টি মাউথ স্পিকার, ১৮০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ২৩৫ পিস মোবাইল চার্জার পিন। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ভান্ডারা ও চাপসার বিওপির দায়ীত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারী এবং বিশেষ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্ধার করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র নানা কৌশল অবলম্বন করলেও তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অবৈধ পণ্য প্রবেশ নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২৩ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। তার অংশগ্রহণ নিয়ে বিরোধের জেরে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তাকে ছাড়াই খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে এ সিদ্ধান্তের পর তাহেরীর অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।


রোববার উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমসহ দরবারের পীর-সাহেবদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তাহেরীকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। তাকে মাহফিলে যোগ দিতে না দেওয়ার ঘোষণা দিয়ে শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শাহীন আলম রিপন। সমাবেশে শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই তাহেরীকে মাহফিলে অংশ নিতে দেওয়া হবে না। তার অভিযোগ, তাহেরীর কিছু বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে।


অন্যদিকে, বিক্ষোভের পরও মাহফিলে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি বলেছিলেন, তার ভক্তরা পাশে রয়েছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন। তাকে আমন্ত্রণ জানিয়ে পোস্টার ছাপানো ও মাইকিংও করা হয়েছিল। তবে আয়োজকদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর তাকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।


এদিকে বিএনপির স্থানীয় কয়েকজন নেতার দাবি, এ ঘটনার সঙ্গে দলের সাংগঠনিক কোনো সিদ্ধান্তের সম্পৃক্ততা নেই। বিএনপি কোনো ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় না। বিষয়টি রাজনৈতিক নয় বলেও তারা দাবি করেন।


সম্মেলনের জন্য নির্ধারিত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠ ব্যবহারে প্রথমে আপত্তি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছিল। তবে পরে এ বিষয়ে আর কোনো আপত্তি নেই বলে জানা গেছে।


কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এখতিয়ার উদ্দিন বলেন, মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলসহ ব্যাপক আয়োজন করা হয়েছে। শনিবার এক পক্ষ তাহেরীকে বয়কটের দাবিতে মিছিল করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে।


মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে।


বাংলাদেশ সরকারের লোগো

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২০ পিএম

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।


এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাঁকে ফেনীর এসপি হিসেবে বদিল করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।



আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আজ গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাঁদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।


এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।


রোববার সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৮ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাদের সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।


রোববার সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, “সকালে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। এর আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারে। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।” প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেত। কিন্তু এখন ভালো ফলাফল করতে হলে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এসব বিষয় নিয়ে অসন্তোষ থেকে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে থাকতে পারে।”


তিনি বলেন, “এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। শনাক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে। তাদের সবাইকে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে।”


ঠাকুরগাঁওয়ে বিএমডিএ'র সরকারি গাছ নিলামের বাইরে অতিরিক্ত কর্তনের অভিযোগ

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৯ পিএম

ঠাকুরগাঁওয়ে বিএমডিএ'র রাস্তার সরকারি গাছ  নিলামের বাইরে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বাধা দেন। পরে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ জব্দ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী উপজেলার খলিশাকুড়ি ঝলঝলি এগারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. রমজান আলী। তিনি জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কোলানি এলাকার বাসিন্দা।


বিএমডিএ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের রাস্তা নির্মাণের জন্য ঝলঝলি থেকে এগারো মাইল পর্যন্ত সড়কের দুই পাশের গাছ অপসারণের জন্য গত ৫ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের ৫ নম্বর প্যাকেজে ৪১ থেকে ৫০ নম্বর পর্যন্ত চিহ্নিত ১০টি গাছ কাটার সর্বোচ্চ দরদাতা হন রমজান আলী।‌ তিনি জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কোলানি এলাকার বাসিন্দা।


তবে স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ পাওয়া ১০টি গাছ কেটে নেওয়ার পরও একই নিলামের সিরিয়াল নম্বর ব্যবহার করে নতুন করে গাছের গায়ে নম্বর ও রং লাগিয়েঐ আরও গাছ কাটা শুরু করেন রমজান আলী। বিষয়টি বুঝতে পেরেঐ স্থানীয়রা তাকে বাধা দেন। এ সময় কাটা গাছগুলো আটকে রাখা হয়। পরে বিএমডিএর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গাছগুলো জব্দ করেন।


অতিরিক্ত গাছ কাটার অভিযোগ অস্বীকার করে রমজান আলী বলেন, আমি নিলামে যেসব গাছ পেয়েছি, সেগুলোই ও  কাটছি। নিলামের বাইরে কোনো গাছ কাটিনি।বিএমডিএর সহকারী প্রকৌশলী আলমগীর মো. রুহুল আমিন বলেন, অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়ে সেখানে থেকে অতিরিক্ত ৩ টি কাটা গাছ জব্দ করা হয়েছে। 


ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, নিলামের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত গাছ কাটার বিষয়টি খতিয়ে দেখা হবে। সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২২ পিএম

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজঃ ১৩১৮) বৈধ কমিটিকে বাদ দিয়ে একটি বহিরাগত চক্র সংগঠনটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে পাল্টা কার্যক্রম ও নির্বাচনের ঘোষণা দেওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংগঠনের নেতারা।


রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনের সভাপতি শ্রী দিনেশ চন্দ্র সরকার।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির তালিকা সংশ্লিষ্ট শ্রম দপ্তরেও দাখিল করা হয়েছে।


তবে বৈধ কমিটিকে উপেক্ষা করে ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কিছু ব্যক্তি কাচারি বাজার এলাকায় অস্থায়ী কার্যালয় স্থাপন করেছেন। পাশাপাশি গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে নির্বাচনের ঘোষণা দিয়ে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মোতাজ্জুর রহমান বাবু নামে এক ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন সংগঠনের নেতারা।


তাদের অভিযোগ, ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে একটি অসাধু চক্র পৃথক সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রকৃত শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা বাড়ছে।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সুবাস, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ খাজা, প্রচার সম্পাদক সাহাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছকু, কার্যকরী সদস্য লুৎফর, স্বাধীন ও সন্তোষসহ অন্যরা।


এ ঘটনায় দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নিবন্ধক, আঞ্চলিক শ্রম দপ্তর (বগুড়া) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে।


সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের স্বার্থ ও সংগঠনের বৈধতা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।