চট্টগ্রামের লোহাগাড়ায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারের সরকারি পতাকাবাহী গাড়িতে বিএনপির এক নেতার বসাকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রতিমন্ত্রীকে নিজের সরকারি গাড়ি ছেড়ে অন্য এক বাহনে করে গন্তব্যে যেতে হয়। এ সময় বিক্ষুব্ধ এক বিএনপি কর্মীকে প্রতিমন্ত্রীর গাড়ির উপর উঠে পড়তেও দেখা যায়।
শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিবিরবিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার বিমানবন্দর থেকে লোহাগাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রতিমন্ত্রী। পথে তার সরকারি পতাকাবাহী গাড়ির সামনের আসনে বসেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নেওয়া নাজমুল মোস্তফা আমিন। বিষয়টি নিয়ে আপত্তি তোলেন বিএনপির আরেক পক্ষের নেতাকর্মীরা। এরপরই নাজমুল মোস্তফা আমিন ও আসহাব উদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে।
ঘটনার সূত্রপাত চকরিয়ার গয়ালমারা এলাকায়। সেখানে আসহাব উদ্দিন চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে অবস্থান করছিলেন তার অনুসারীরা। প্রতিমন্ত্রীর গাড়িতে নাজমুল মোস্তফা আমিনের অবস্থান দেখে তারা আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও বিক্ষোভে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বিক্ষুব্ধদের একজন প্রতিমন্ত্রীর গাড়ির উপর উঠে পড়েন। নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে শেষ পর্যন্ত গাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নেন প্রতিমন্ত্রী। সরকারি পতাকাবাহী গাড়ি ছেড়ে অন্য একটি গাড়িতে করে তিনি অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল এবং লোহাগাড়া উপজেলা বিএনপির নেতা এটিএম জাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে লোহাগাড়ার বিএনপি নেতা দেলোয়ার হোসেন বলেন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর গাড়িতে কে বসবেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে একজন মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ করা এবং গাড়ির ওপর উঠে হুমকি দেওয়ার মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ বিরোধের কারণে অতীতেও লোহাগাড়ায় বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনীতিতে পেশিশক্তির পরিবর্তে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন।
সাবেক সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, প্রতিমন্ত্রী লোহাগাড়ায় অতিথি হিসেবে এসেছিলেন। তাকে যথাযথ সম্মান জানানো সবার দায়িত্ব ছিল। কিন্তু একজন ব্যক্তি প্রতিমন্ত্রীর পতাকাবাহী গাড়িতে উঠে পড়েন, যা শিষ্টাচারবহির্ভূত।
এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, নাজমুল মোস্তফা আমিন ও আসহাব উদ্দিনের অনুসারীরা দুটি স্থানে অবস্থান নিয়েছিলেন। প্রতিমন্ত্রীর গাড়িতে নাজমুল মোস্তফা আমিন থাকায় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর বাইরে বিস্তারিত জানা নেই।
অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে বিএনপির কোনো নেতা বা কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।