• প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০০ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত ধর্মঘট কর্মসূচিতে কলেজের প্রধান ফটকে তালা দিয়ে পোস্টার সাটিয়ে ছবি তোলার সময় আরিফ হাসান নামে ছাত্রলীগের  এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।


আটক আরিফ হাসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ শাখার সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।


উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমিরউদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরিফ। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে সতর্ক ছিলাম। তাকে দেখামাত্র ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে আটক করি এবং পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করি। ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল করতে দেবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি।


বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে। 




সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১২ পিএম

নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলাম কর্তৃক বিক্রিকৃত জমি জবরদখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।


 সোমবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে ভুক্তভোগী বিশিষ্ট ব্যবসায়ী রিপন মিয়া ওই জাপা নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন।


ভুক্তভোগী জানান, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান থাকার সময়ে জাপা নেতার সঙ্গে তার সুসম্পর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি ২৪ লাখ টাকা তাকে হাওলাদ দেন। এছাড়া, ষষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় মাগুড়া চেকপোষ্টের ৯ শতক জমি তার নিকট বিক্রি করেন। পরে তিনি পাওনা টাকা ফেরত না দিয়ে টালবাহানার আশ্রয় নেন। ২০ লাখ টাকা নিয়ে রেজিষ্ট্রি করে দেওয়া জমি জবরদখল করে নেন। এ ঘটনা আড়াল করতে তিনি বিভিন্ন অপপ্রচার চালান। অভিযুক্ত ওই জাতীয় পার্টির নেতার সঙ্গে যোগযোগ করলে তিনি জানান, আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে বিরোধের সমাধান হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় আপস করতে রাজি না হওয়ায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে দলীয় পদ স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাময়িক স্থগিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।


লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মানিক বলেন, গত ২৮ জুন সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের মধ্যে সংঘর্ষে কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খাদেম হোসেন নিহত হন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করতে গিয়ে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর বিরাগভাজন হয়েছেন বলে দাবি করেন।


তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের পক্ষে তদবির, মামলা থেকে আসামিকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে অর্থ গ্রহণ করেন বিএনপির সাধারণ সম্পাদক এবং দলীয় প্রত্যয়নপত্র ইস্যুর ঘটনায় তাঁকে ব্যবহার করা হয়েছে। পরবর্তী সময়ে ওই প্রত্যয়নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে ও ইউনিয়ন বিএনপির সভাপতিকে বিতর্কিত করা হয়।


মানিকের দাবি, এসব ঘটনার প্রতিবাদ এবং হত্যা মামলায় আপস করতে অস্বীকৃতি জানানোর পর গত রোববার রাতে তাঁর সাধারণ সম্পাদক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।

তিনি আরও বলেন, পদ-পদবির জন্য নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতি করেন। কোনো চাপ বা ষড়যন্ত্র তাঁকে সত্য ও ন্যায়ের অবস্থান থেকে সরাতে পারবে না। এ ঘটনায় বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।


এদিকে, এসব অভিযোগের বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাদের শোকজ করা হয়েছিল এবং জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। ইউনিয়ন বিএনপির সভাপতি সময়মতো জবাব দিলেও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক কোনো জবাব দেননি।


তিনি বলেন, দুই মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পর সভাপতির জবাব সন্তোষজনক হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে, সাধারণ সম্পাদক শোকজের জবাব না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী বক্তব্য প্রকাশ করেন। সংগঠনের নিয়ম অনুযায়ী, শোকজের জবাব না দেওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


তবে তাঁকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়নি; কেবল দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।


উল্লেখ্য, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) এবং সরাইল উপজেলা বিএনপির নির্বাহী সদস্য।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২১ পিএম

কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড়ে অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।


স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ে টিনশেডের কয়েকটি দোকানে রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামালসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৭ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।


সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।


অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এতো বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করছি, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হবে। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৮ পিএম

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে নিজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার ও মানববন্ধন করা হয়েছে বলে দাবি করেছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।


লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধের লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম এবং ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই মামলার আসামিরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন। তাঁর দাবি, মূলত সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


সংবাদ সম্মেলনে সাবেক এই জনপ্রতিনিধি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আওয়ামী লীগ সরকারের আমলে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অথচ বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।


তিনি এসব অপপ্রচার ও মিথ্যা অভিযোগ বন্ধের দাবি জানিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন।


সংবাদ সম্মেলনে এবিএম আখতারুজ্জামান শাহজাহান তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।


তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলম, আমিনার রহমান কিংবা মানববন্ধনে অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা ও মামলায় তাঁদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪১ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজন। প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তি, মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়।


প্রতিযোগীতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ ও অংশগ্রহণের প্রশংসা করেন। একই সঙ্গে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি দেশপ্রেম, জাতীয় চেতনা এবং সৃজনশীল মনন বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।


শিক্ষার্থীদের প্রতিযোগীতায় অংশগ্রহণ কেবল পুরস্কার অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ, নিজস্ব চিন্তার বিকাশ এবং সৃজনশীল প্রতিভা প্রকাশেরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভবিষ্যতেও নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সর্বশেষ সব খবর