প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়গুলোর কার্যক্রম তদারকি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও আধুনিক ভবন নির্মাণ এবং শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন মনিটরিং নীতিমালা প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আরও বিজ্ঞান সম্মত ও সহজবোধ্য শিক্ষাক্রম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ বুধবার হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "হবিগঞ্জের প্রাথমিক শিক্ষার অবস্থান দেশের মধ্যে সর্বনিম্ন—এমন ধারণা সঠিক নয়। তবে এ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে আমি মানসম্মত পাঠদান লক্ষ্য করেছি।"
তিনি বলেন, সরকার দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছে এবং আগামী বছরের মধ্যে এটি দেশের সব বিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ডব্লিউএফপি মাধবপুর উপজেলায় ১৫০টির বেশি বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করছে। তাদের কর্মসূচির ভালো দিকগুলো অনুসরণ এবং সীমাবদ্ধতা চিহ্নিত করে সরকারি কর্মসূচিকে আরও কার্যকর করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, অনেক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন মনিটরিং নীতিমালা প্রণয়নের কাজ করছে। চলতি মাসেই নীতিমালা টি মন্ত্রিসভায় উপস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ এবং অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে মডেল স্কুল প্রকল্প, পিডিবি-৫, জিপিএস প্রকল্পসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মূল লক্ষ্য শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আধুনিক ও কার্যকর বিদ্যালয় ভবন নিশ্চিত করা। এর মধ্যে দুটি প্রকল্প শিগগিরই চালু হতে যাচ্ছে এবং পিডিবি-৫ প্রকল্পটি ডিসেম্বরের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষার কারিকুলাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বয়স ও শেখার উপযোগিতা বিবেচনায় নিয়ে আরও উন্নত ও বিজ্ঞানসম্মত শিক্ষাক্রম প্রণয়নের কাজ চলছে। এ দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দেওয়া হয়েছে। নতুন শিক্ষাক্রমে বিদ্যালয়ের এক শিফট ও দুই শিফটের কারণে শিক্ষার্থীদের পাঠদানের সময়ের বৈষম্য দূর করা, বিষয়ভিত্তিক শিক্ষা ও শিখনসামগ্রী সহজবোধ্য করা এবং নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এস এম ফয়সল, ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড, স্কুল ফিডিং প্রোগ্রামের হেড এমা লেফু, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার মোঃ রাফিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন । ছবি: সংগৃহীত
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন পিকআপের চালক।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের একটি টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়। পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে গাড়ির কাছে নামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পিকআপে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার কারণও জানা যায়নি।
‘বসুমতি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় দাঁড়িয়ে থাকা ‘বসুমতি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হঠাৎ বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তা নেভানোর তৎপরতা শুরু করেন। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, বাসে আগুন দেওয়ার এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এর আগে একই দিন সন্ধ্যার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়া সন্ধ্যার পর রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্যানুযায়ী, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত দুই দিনের ব্যবধানে রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নাশকতাকারীরা। এই সময়সীমার মধ্যে রাজধানীতে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত তিন দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি। এদিকে রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরেও যানবাহনে নাশকতার বিস্তার ঘটেছে। রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যবর্তী সময়ে ঢাকার সাভার, বরগুনা এবং গাজীপুরে পৃথক ঘটনায় আরও পাঁচটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর মালিবাগ ও মৌচাক মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি নির্মাণাধীন ফুটপাতের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পার্কিং টাইলসসহ বিভিন্ন নির্মাণসামগ্রীতে নিম্নমানের উপাদান ব্যবহারের বিষয়টি তাঁর নজরে আসে। পরে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ফুটপাতের যেসব স্থানে নিম্নমানের টাইলস বসানো হয়েছে, সেগুলো তুলে ফেলার নির্দেশ দেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ চলছে। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩০৬ ফুট দীর্ঘ ড্রেন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সড়কের দুই পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসিয়ে ফুটপাত নির্মাণের কাজ চলছিল।
এ ছাড়া বিদ্যুতের খুঁটি অপসারণ, রাস্তার দুই পাশে পানির লাইন স্থাপন এবং ড্রেনের পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসানোর কাজে প্রায় ৪২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। রাস্তার এক পাশে ৫ ফুট এবং অন্য পাশে ৩ ফুট প্রশস্ত করে মোট ৩৯৬ মিটার দীর্ঘ ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা।
পঞ্চগড় বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই বলেন, ফুটপাতে যে টাইলস ব্যবহার করা হচ্ছে, তা মানুষের স্বাভাবিক চলাচলের উপযোগী নয়। অন্যান্য নির্মাণসামগ্রীও যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। টাইলসের নিচে শুধু বালু দেওয়া হয়েছে। আমরা চাই, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে কাজটি মানসম্মতভাবে সম্পন্ন করা হোক।
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে এ কাজের মান নিয়ে অভিযোগ করে আসছিলেন। আজ সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কাজটি নির্ধারিত তফশিল (সিডিউল) অনুযায়ী হচ্ছে না। ব্যবহৃত টাইলসগুলো নিম্নমানের এবং এগুলোর পুরুত্বও নির্ধারিত মানের তুলনায় কম। এ কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী ও টাইলস পরীক্ষা করে তফশিল অনুযায়ী মান নিশ্চিত হওয়ার পরই পুনরায় কাজ শুরু হবে।
অন্যদিকে, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রমিল সাহা বলেন, কীভাবে তাঁরা কাজটিকে নিম্নমানের বলছেন, তা তিনি বুঝতে পারছেন না। টাইলস তিনি নিজে তৈরি করেন না; বাজার থেকে কিনে এনেছেন। এ বিষয়ে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবেন।
জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ আরও বলেন, ফুটপাত নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় চিনিকল মাঠে সাদ পন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
পঞ্চগড় চিনিকল মাঠে সাদ পন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঈমান আক্বিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা কমিটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মোঃ আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহ সভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন, সদস্য আব্দুল বারী প্রমূখ।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। ঈমান আক্বিদা রক্ষা করার জন্য কাজ করছি। কিন্তু তাবলীগের নামে ভুল আক্বিদা ছড়ালে চুপ থাকা ঈমানের দায়িত্বের বিরোধী হবে। তারা আরও বলেন, সাদ পন্থীরা ঈমান বিধ্বংসী অসংখ্য বক্তব্য দিয়েছেন। তারা বলেন, কুরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা ব্যভিচারী নারী অর্থাৎ বেশ্যা উপার্জন থেকে নিকৃষ্ট। সাদ পন্থীরা ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় হামলা করে অসংখ্য ওলামায়ে কেরাম ও মুসলমানদের নিহত আহত করে ক্ষয়ক্ষতি করেছে।
সাদ পন্থীদের ঈমান বিধ্বংসী কর্মকান্ড হতে সরলমনা মুসলমানদের ঈমান রক্ষার জন্য আমরা সাদপন্থীদের এজতেমা বন্ধে প্রতিমন্ত্রী, ডিসি, এসপিকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
তারা বলেন, "আমাদের দাবির পরেও যদি প্রশাসন ইজতেমার অনুমতি দেয় তাহলে জেলার আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তখন এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।"
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, খেলাফতে মশলিশ, হেফাজতে ইসলাম ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ১৯,২০, ২১ নভেম্বর পঞ্চগড় চিনিকল মাঠে তিনদিন ব্যাপী পঞ্চগড় জেলা ইজতেমার আয়োজন চলছে। ইতোমধ্যে মাঠ সজ্জার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আয়োজকর আশা করছেন দেশি-বিদেশিসহ লক্ষাধিক মুসল্লী অংশ নিবেন।
চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না পেয়ে তার বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুট। ছবি: সংগৃহীত