ছবি : সংগৃহীত
দ্বীপজেলা ভোলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
‘ভোলা নর্থ-৩’ নামে নতুন এই কূপ থেকে দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নতুন এ কূপে আগুন জ্বালানোর মধ্য দিয়ে গ্যাস ডিএসটি শুরু করা হয়েছে।
বাপেক্স জানায়, কূপটিতে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, এ কূপ থেকে দৈনিক প্রায় ২২–২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
বাপেক্স আরও জানায়, ভোলা জেলায় বর্তমানে ৩টি গ্যাসক্ষেত্র এবং এ নিয়ে মোট ১০টি গ্যাস কূপ রয়েছে। প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে দ্বীপজেলাটিতে।
নতুন আবিষ্কৃত ভোলা নর্থ-৩ এর চূড়ান্ত মজুতের পরিমাণ সম্পর্কে ড্রিল স্টেম টেস্ট (DST) শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ছবি : সংগৃহীত
ভাড়া নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে একটি দূরপাল্লার চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের দূরপাল্লার একটি নৈশকোচে ভাড়া পরিশোধ নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ওই দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে দুজনেই ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আতিকুল ইসলাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে।
ছবি : সংগৃহীত
দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে স্বাধীনতার পর প্রথমবারের মতো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং সম্ভাব্য রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর হিলি স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয়া হয়। সেই সিদ্ধান্তের পর আজ থেকে ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হলো।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনও আন্তঃনগর ট্রেন থামত না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ট্রেনে যাতায়াতের জন্য পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হতো তাদের।
তারা আরও জানান, নতুন এ উদ্যোগের ফলে রাজধানী ঢাকার সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। এতে স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, হিলি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি হিলি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায়ও নতুন গতি আসবে।
শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন
গাজীপুরে তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকদের অভিযোগ, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন দমাতে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হচ্ছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। অন্যদিকে পল্লীবিদ্যুৎ এলাকায়ও শত শত শ্রমিক মহাসড়কে আসার চেষ্টা করলে পুলিশ ও বিজিবির বাধায় তারা সড়কে উঠতে পারেননি।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা সকালে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা তা পারেননি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
এদিকে শনিবার রাতে গাজীপুরের অন্তত ১৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার তথ্য জানানো হয়েছে। আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।
কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কারখানাও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হয়েছেন।
নোটিশে আরও বলা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট ও এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলার পর শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পেয়েছি। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।’
এর আগে, গত মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ছাড়া ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে।
মামলার এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক পুলিশ কর্মকর্তা বলেন, এজাহারে উল্লেখ করা হয়েছে, এসপি জাহাঙ্গীর তার মুঠোফোন থেকে একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’
‘এ রকম আরও কিছু কথাবার্তা রয়েছে,’ বলেন ওই কর্মকর্তা।
তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল এবং মামলার বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে পারেনি।
মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ (স্পেশাল রেসপন্স ইউনিট) বা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।
জাহাঙ্গীর আলম বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে রয়েছেন।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত