ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৭ পিএম

হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে নিতাইরচক গ্রামের নানু মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। চুরির ঘটনার সঙ্গে রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের জালাল মিয়া জড়িত রয়েছেন এমন অভিযোগ উঠে। পরে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য আজ শুক্রবার এলাকার স্থানীয় মুরুব্বিরা সালিশ বৈঠকের আয়োজন করে। পরে সকাল ১০টার দিকে দুইপক্ষের লোকজন সালিশে উপস্থিত না হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


পরে সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশকয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন। 


আহতদের মধ্যে তোফাজ্জুল মিয়া, জিতু মিয়া, আব্দুল আহাদ, আদম আলী, সোহেল মিয়া, সানু মিয়া, নানু মিয়া লিটন মিয়া, নুরুজ মিয়া, মারাজ মিয়া, হাবিবুর রহমান, এমদাদুল মিয়া, শিষ আলী, পারভেজ মিয়া, বিলাল মিয়া, আক্কাস মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৯ পিএম

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন তিনি।


সংশ্নিষ্ট সুত্রে জনা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাঁকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে ভর্তি করা হয়।


মন্ত্রীকে সফরসঙ্গী হিসেবে থাকা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় স্যারকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।


হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 


এদিকে,মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা।এদিকে,অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে গিয়ে তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তাঁরা হাসপাতালে আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৬ পিএম

কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সানজিদ আহমেদ মিঠুনের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।


টঙ্গী সরকারি হাসপাতাল গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকার বাড়ি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির জোরালো দাবি তোলেন। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , মো. আমান, মো. লোকমান, মো. তুষার, মো. আকরাম, মো. রবিনসহ বিএনপি এবং এর বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 


মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সানজিদ আহমেদ মিথুন বলেন, ২০০৪ সালের ৭ মে আওয়ামীলীগের দলীয় আভ্যন্তরীণ কোন্দলে জেরে নিহত হন তৎকালীন এমপি আহসান উল্লাহ মাষ্টার। উক্ত মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে গাজীপুর জনপ্রিয় নেতা কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। ফ্যাসিবাদী সরকারের আমলে এই মামলার কোন সুরাহা না হওয়ায় এই ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ ২৩ বছর যাবৎ তিনি কারা অন্তরীণ আছেন। অবিলম্বে এই প্রহসনমূলক মামলা থেকে তাকে অব্যাহত দিয়ে মুক্তির দাবি জানান তিনি।

সর্বশেষ সব খবর

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫২ পিএম

ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের কষ্ট লাঘব এবং মানুষের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।


শুক্রবার (৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘আমরা একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্ট লাঘবের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন স্তরে আমরা কাজ করছি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে, যাতে মানুষের সক্ষমতা তৈরি হয়।’ তিনি বলেন, সরকারের অন্যতম লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মানুষ কাজের মধ্য দিয়ে নিজেদের আয়-রোজগার বাড়াতে পারবেন।


স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, শিশুকাল থেকেই শিশুদের শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। এতে তাদের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে এবং সমাজের অনিয়ম ও বৈষম্য থেকে তারা নিজেদের রক্ষা করতে পারবে।


তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদক, গেমিং ও ক্যাসিনোর মতো আসক্তিতে জড়িয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের এসব আসক্তি থেকে বের করে আনতে হবে। পাশাপাশি দুর্যোগের সময় মানুষের সহায়তায় স্কাউটদের প্রস্তুত করা হবে। আগাম সতর্কবার্তা প্রচার ও জনসচেতনতা তৈরিতেও স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, রাষ্ট্রপতির একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আবু আউয়াল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন। বাংলাদেশ স্কাউটসের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি  লুৎফর রহমান মিঠু


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩১ পিএম

ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে ফ্যাসিবাদীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শুক্রবার (৬ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ সব সময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। কোনো শ্রমিক নিজের কর্মস্থলে অরাজকতা সৃষ্টি করতে পারেন না। কারণ, সেটিই তাঁর রুটি-রুজির জায়গা। অথচ একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।


তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার সবচেয়ে জনপ্রিয় সরকার। এই সরকারের বয়স মাত্র আট মাস। একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায়, সেই চেষ্টা করছে। তবে তাদের সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ, জনগণ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে।


শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর ডাকবাংলো সংলগ্ন এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শ্রীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।


শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কানন, সাখাওয়াত হোসেন মুকুল, সৈয়দ শামশুল আলম খোকন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম মাসুদ,  যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া,  জহিরুল ইসলাম বাদশা, ১ নং সদস্য রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ সব খবর

গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫১ পিএম

বিএনপি যে সরকারে আছে সেটা গায়ের জোরে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতেও আমরা দেখেছি গায়ের জোরে বাংলাদেশে অনেকেই ক্ষমতায় ছিল। অনেক সিদ্ধান্ত পাশ করিয়েও নিয়েছে। কিন্তু সেগুলো কিন্তু স্থায়ী হয়নি, ক্ষমতায় থাকতে পারেনি।


শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।


নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আমরা ইতিমধ্যেই সারা দেশব্যাপী জোটগতভাবে এবং দলীয়ভাবে কর্মসূচি দিয়েছি। পার্লামেন্টে আমাদের বিরোধীদলীয় একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করেছি। কারণ যেহেতু আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য আছি, আমরা শপথ নিয়েছি, আমরা শপথবদ্ধ সংসদ সদস্য। জুলাই সনদ বাস্তবায়ের আদেশেও এটা উল্লেখিত ছিল বরং বিএনপির যারা সংসদ সদস্য রয়েছে তারা এই শপথ না দিয়ে এই গণঅভ্যুত্থান এবং গণভোটের গণরায়ের সাথে প্রতারণা করেছে। ফলে আমরা মনে করি, এখন বিএনপি যে সরকারে আছে সেটা গায়ের জোরে আছে এবং তারা যে গণভোটের গণরায় মানছে না এটা গায়ের জোরে মানছে না। 


অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘অতীতেও আমরা দেখেছি গায়ের জোরে বাংলাদেশে অনেকেই ক্ষমতায় ছিল। অনেক সিদ্ধান্ত পাশ করিয়েও নিয়েছে। কিন্তু সেগুলো কিন্তু স্থায়ী হয়নি, ক্ষমতায় থাকতে পারেনি। বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় এভাবে থাকতে পারবে না। তাকে ক্ষমতায় থাকতে হলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে অবশ্যই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ তাদেরকে বাস্তবায়ন করতে হবে।’


নাহিদ ইসলাম বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তারা মরহুম বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের কথা ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতনের ইতিহাস কীভাবে এত সহজে ভুলে যাচ্ছে তারা? আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছেন, একই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।


জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে তিনি বলেন, জামায়াতের সঙ্গে তাদের এজেন্ডাভিত্তিক জোট হলেও এটি কোনো আদর্শিক জোট নয়।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে এককভাবে প্রার্থী দেবে এনসিপি।


এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা।


এর আগে গাইবান্ধায় পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পশ্চিম বাদুরতলী এলাকার সহায়-সম্বলহীন অসহায় বৃদ্ধ আয়েজ উদ্দিন তালুকদার (৮০)-এর চিকিৎসাসেবায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধের খোঁজখবর নেন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় তাঁর প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রেহান উদদীন রেহান, সদস্য আরিফ শিকদার, এ কে আজাদ ও মো. আলমগীর হোসেনসহ অন্যরা।


এ বিষয়ে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আসলাম শিকদার বলেন, লোকমুখে জানতে পারেন, কলাপাড়া হাসপাতালে একজন অসহায় বৃদ্ধ ভর্তি হয়েছেন। তিনি কলাপাড়া পৌরশহরের রাস্তার পাশের ফুটপাতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে কর্মহীন তার আয়ের কোন উৎস নাই এবং সক্ষম কোন স্বজন নাই। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর কিছু প্রয়োজনীয় ওষুধের প্রয়োজন হয়, যা কেনার সামর্থ্য তাঁর নেই। বিষয়টি জানার পর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা মিলে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছেন।


তিনি আরও বলেন, আমরা নিয়মিত তাঁর খোঁজখবর রাখছি। ভবিষ্যতেও তাঁর ওষুধের প্রয়োজন হলে সহযোগিতা করা হবে। শুধু এই রোগীই নন, অসহায় ও দুস্থ মানুষের পাশে আমরা সব সময় থাকতে চাই। এটি উপজেলা প্রেসক্লাবের সামাজিক কর্মকাণ্ডের একটি অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সব খবর