• প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ পিএম

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল ও ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠাসহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন এবং নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে।


তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।


অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসা নিতে পারবেন। মন্ত্রী জানান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যার আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে।


শিশুদের চিকিৎসাসেবার বিষয়ে মন্ত্রী বলেন, সিলেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। আগামী বছরের বাজেটে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৫ পিএম

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক এবং মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান।


শনিবার (১৪ নভেম্বর) সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি ঘুরে দেখেন।


এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৯টি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৯৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।


বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাছেন আলী জানান, উপজেলার ২৯টি স্কুল থেকে মোট ৯৬৫ জন শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে।


পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আফজালুর রহমান, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক হুসাইন মোহাম্মদ রুমান ও মো. আতাউল করিম, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দেবনাথসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৪ পিএম

নীলফামারীতে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিচার বিভাগ ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারকরণের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ মার্জিয়া খাতুন-এর সভাপতিত্বে কনফারেন্সে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ, মামলার তদন্ত ও বিচার কাজের মধ্যকার ব্যবধান কমানো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আইনি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


​কনফারেন্সে উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন,জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.বি.এম. ফয়জুল ইসলাম


,নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, নীলফামারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু ইকবাল পাশা, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ  মোঃ জিল্লুর রহমান,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম,জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর,ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার,ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা।


​সভায় বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও ম্যাজিস্ট্রেসির যৌথ ও সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাজট নিরসন এবং দ্রুততম সময়ে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আইনি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৭ পিএম

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


এ সময় প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা কার্যক্রম নয়, সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব।


এর আগে সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনি নিজেও প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে একই স্থানে এসে প্রতিযোগিতার সমাপ্তি হয়।পরে অডিটোরিয়াম চত্বরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:১৮ পিএম

বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ করেছেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান।


শুক্রবার মধ্য রাতে ফেইসবুক লাইভে তার এ অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।


ব্যাটারিচালিত রিকশা চার্জের বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি পুলিশের ।


মাহদী হাসানের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে। সাড়ে ১২টার দিকে সেখানে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ মাহদীর।


তিনি বলেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি পেট্রল বোমা ছোড়া হয়।


মাহদী বলেন, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হলে সেখানে আগুন ধরে যায়।পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে বৈদ্যুতিক মিটারটি পুড়ে যেতে দেখেন তারা।


এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


তবে সেখানে পেট্রল বোমা নিক্ষেপের মত কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, আগুন জ্বলতে দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেইসবুক লাইভে মাহদী পেট্রল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি।


বাড়িতে ওসি বলেন, মাহদীর বাড়ির সামনে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:১২ পিএম

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে রোজিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বাবুল মিয়ার বিরুদ্ধে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে সাভারের তেঁতুলঝোড়া এলাকার একটি ভাড়া বাসায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবুল মিয়া ও তাঁর স্ত্রী রোজিনা বেগমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এরই জেরে আজ সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে রোজিনা বেগমকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বাবুল মিয়া। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা টের পেয়ে বাবুল মিয়াকে আটকে রাখেন এবং পরে সাভার মডেল থানা পুলিশে সোপর্দ করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রনি আহমেদ জানান, হত্যাকাণ্ডের শিকার গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৩ পিএম

শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে হাজিরা দেওয়ার পরও শ্রমিকরা কাজ করতে অস্বীকৃতি জানানোয় আরও চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 


আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।সকাল ১০টার দিকে মুঠোফোনে মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে, কোনো অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে মালিকপক্ষ প্রতিষ্ঠান বা এর কোনো অংশ আংশিক কিংবা পুরোপুরি বন্ধ রাখতে পারবেন। এ সময় ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা মজুরি পাওয়ার অধিকারী হবেন না।তবে শ্রম আইনের এ বিধান প্রয়োগের ফলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু।


প্রসঙ্গত, আশুলিয়া শিল্পাঞ্চল আবারও অশান্ত হয়ে উঠেছে। গত মঙ্গলবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ-শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। মানচিত্র দেখুন


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ আরও কিছু দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করে আসছেন শ্রমিকরা।  


তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।  

সর্বশেষ সব খবর