• প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকায় একটি সড়কে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, সড়কের যেখানে মিছিল হয়েছে সেখান থেকে সংসদ সদস্য সরওয়ার জামিল নিজামের বাড়ি মাত্র ১০০ মিটার দূরে। মিছিলকারীদের সবার হেলমেট পরা ছিল। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। পরে তাঁরা সেখান থেকে চলে যায়।মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিষিদ্ধঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়। এতে ২০ থেকে ২৫ জন যুবককে হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। তাঁদের কারও হাতে লাঠিসোঁটা ও লগি-বইঠা, কারও হাতে রামদা ছিল।


মিছিলের বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, ‘মিছিলের একটি ভিডিও আমরা দেখেছি। তাঁরা মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য চালানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আমরা দুজনকে আটক করেছি। ভিডিও দেখে বাকিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



রাজনৈতিক অস্থিরতা

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার গণপরিবহন চলাচল কিছুটা কমেছে

রাজধানীতে কমেছে গণপরিবহন


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:১২ পিএম

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার গণপরিবহন চলাচল কিছুটা কমেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকে উত্তেজনা থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী স্বাভাবিক নিয়মেই চলছে। তবে গণপরিবহন স্বাভাবিকের চেয়ে কম, আর স্কুল-কলেজ খোলা থাকায় ঘুম থেকে উঠে বিপাকে পড়েছেন অনেকেই। চলতি সপ্তাহের আগের দিনগুলোতে ঘটে যাওয়া নাশকতা এবং বুধবার রাতের জ্বালাও-পোড়াওয়ের ঘটনা মিলিয়ে বৃহস্পতিবার নিয়ে বেশ উৎকণ্ঠা তৈরি হয়।


আজ সকালে ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইট, বিজয়সরণি, মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন বিশেষ করে বাস তুলনামূলক কম। বিভিন্ন দপ্তরের কর্মী বহনকারী বাস চলতে দেখা গেলেও সাধারণ বাসগুলো প্রায় নেই বললেই চলে।


মেট্রো চলছে স্বাভাবিক নিয়মে। মেট্রো স্টেশনগুলোর নিচে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইটসহ বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।



আগের দিন থেকেই বাস মালিকদের ডেকে বাড়তি সতর্ক থাকার কথা বলেছে পুলিশ। মিরপুরের এক বাস মালিক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের বুধবারই পুলিশের তরফ থেকে বলা হয়েছে সন্ধ্যা ৬টার পর যেন বাস না চালাই। আমাদের গাড়িগুলো রাতে যেখানে রাখা ছিল, সেখানে রাতভর আমাদের লোকেরা পাহারা দিয়েছে।’



তিনি বলেন, এই কারণে বৃহস্পতিবার সকালে বাস নামানো হয়নি। আমাদের গাড়িগুলার উপরে ওদের সব টার্গেট। আমরা কী অপরাধ করছি ভাই? এসব কারণে সকালে গাড়ি নামাইনি। তবে পরিস্থিতি ভালো হলে ১০-১১টার দিকেই নামিয়ে দেবে সবাই, এমন আশায় আছি।


বাস চলাচল কম থাকলেও ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবই খোলা। অনেক স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। এমন অবস্থায় স্কুলে না গেলেও না। বৃহস্পতিবার সকালেই দুই কন্যাকে নিয়ে মালিবাগ থেকে ধানমন্ডি আসেন মোহাম্মদ আলম। ধানমন্ডি ২৭ এলাকায় নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণিতে পড়েন এ অভিভাবকের দুই কন্যা।


তিনি বললেন, বাচ্চাদের স্কুলে নিয়ে আসলাম সকালে। বাসে ও লেগুনা দিয়ে এসেছি, রাস্তায় গণপরিবহন তুলনামূলক কম মনে হলো। আসার পথে কোথাও ঝামেলা চোখে পড়েনি। এ স্কুলের শিক্ষার্থীদের কেউ কেউ ক্লাসে আসেনি।


সকাল থেকেই ঢাকার রাস্তাগুলোতে অটোরিকশা, লেগুনার মতো বাহনের দাপট ছিল বেশি। পুলিশও অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে আটকাচ্ছে না।


ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় নৈশ কোচগুলো নিয়মমতোই ঢাকায় ঢুকেছে। তবে দিবাকালীন ট্রিপগুলোতে যাত্রী কম জানিয়ে গাবতলীর শ্যামলী পরিবহনের কাউন্টারের মাস্টার মো. ইকবাল বলছেন, আজকে দিনের যাত্রী কম। এই কারণে হয়তো ট্রিপ কম হবে। তাছাড়া বৃহস্পতিবার এমনিতেই সকালে যাত্রী কম হয়, আর সন্ধ্যায় প্রচুর ভিড় হয়।


মহাখালী বাস টার্মিনালকেন্দ্রিক ময়মনসিংহের সৌখিন পরিবহনের এক বাস মালিক বলছেন, গাজীপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে বুধবার আমাদের গাড়িগুলো আসতেই পারেনি। আজকে কী অবস্থা হয় তার ওপর নির্ভর করবে পরিস্থিতি। এমনিতে মহাখালীতে কোনো সমস্যা নেই।


শুক্রবার ঢাকায় ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় বৃহস্পতিবার বাস চলবে কি না তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। ‘বাসেস অব ময়মনসিংহ ডিভিশন’ নামে একটি ফেইসবুক গ্রুপে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়ে করা একটি পোস্টে অনেক চাকরিপ্রার্থীকে বাস চালানোর অনুরোধ জানাতে দেখা যায়।


মোফাখখারুল ইসলাম ভুঁইয়া টিটু নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, “শুক্রবার হাজারো চাকরিপ্রত্যাশী ভাই-বোনের ব্যাংক এক্সাম। বৃহস্পতিবার ঢাকা যেতে চাচ্ছি ময়মনসিংহ থেকে। ইউনাইটেড-সৌখিন চলবে কী না জানান প্লিজ।”


সীমা ঘোষ নামে আরেকজন লিখেছেন, “শুক্রবার এক্সাম, যাবো ক্যামনে?” তবে বাস মালিকরা বলছেন, গাজীপুরে কোন সমস্যা না থাকলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাস চলবে।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করার কথা বলেছে। শেষ দিনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার লকডাউনের ঘোষণা রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে দলটির কিছু নেতাকর্মী। সড়ক অবরোধসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আসছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সংসদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করেছেন।


তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৭ পিএম

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ উপজেলায়। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।


এর আগের দিন বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৩ ডিগ্রি কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।


সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের আমেজ বাড়ছে। বিশেষ করে ভোর ও রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে ঘন কুয়াশার কারণে জনজীবনেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে।


স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন আহমেদ বলেন, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাস বইছে। ভোরের দিকে কুয়াশা পড়ছে। আজ সকালে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের প্রথম শ্রেণির কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০২ পিএম

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো জাহাজ ছেড়ে যাবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।


তবে, আগে থেকে এদিনের টিকিট কেটে রাখা পর্যটকরা আবহাওয়া স্বাভাবিক হলে সেই টিকিটে ফের যাত্রা করতে পারবেন। আর সময়ের কারণে কারও পরবর্তী যাত্রা সম্ভব না হলে টিকিটের সমুদয় টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম তাসনীম জাহান।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে ফের জাহাজ চলাচল শুরু হবে। এছাড়াও সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। এ সময় তাদের দেখভাল করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।


সেন্টমার্টিনে চলাচল করা জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন বলেন, হঠাৎ আবহাওয়া বৈরি হয়েছে। সমুদ্রে সংকেত চলায় সাগর উত্তাল রয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সেন্টমার্টিন যেতে যেসব পর্যটক জাহাজের টিকিট কিনেছেন তারা সবাই আবহাওয়া পরিস্থিতি ভালো হলে সেই টিকিটেই সেন্টমার্টিন যেতে পারবেন। যদি যেতে না চান, তবে টিকিটের মূল্য ফেরত দেয়া হবে বলে।


এদিকে, কক্সবাজার সমুদ্রবন্দরকে ২ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সাগরে সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


চলতি মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করছে পাঁচটি পর্যটকবাহী জাহাজ। এবার দৈনিক সাড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিন যাওয়ার এবং নির্ধারিত সময় পর্যন্ত দ্বীপে রাত যাপনের সুযোগ পাচ্ছেন। তবে, আগের মতো জীববৈচিত্র্য রক্ষায় নির্ধারিত কিছু নিয়ম মানতে হবে পর্যটকদের।


জানা গেছে, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পর্যটকদের গতিবিধি নিয়মিত নজরদারিতে রাখা হচ্ছে। ছেঁড়াদিয়ায় যাতে কোনো পর্যটক প্রবেশ করতে না পারেন, সে জন্য আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।


১৯৯৯ সালে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষায় পুরো দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এ এলাকায় পরিবেশ ধ্বংসকারী কার্যক্রম নিষিদ্ধ। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।


আইন অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল-পাথর তোলা, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।


ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫২ এএম

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।


পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে এগিয়ে যান। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। তিনি বলেন, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।


অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় এই বাড়ি নির্মাণ করেন তিনি। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতেই।

পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে চার জেলার যৌথ অভিযান দাবি

হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন


পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে চার জেলার যৌথ অভিযান দাবি

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৭ এএম

পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল কি অপরাধী চক্রের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে? কুষ্টিয়ার দৌলতপুর,রাজশাহীর বাঘা,নাটোরের লালপুর ও পাবনার সীমান্তবর্তী পদ্মার চরাঞ্চলে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন,সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা,চাঁদাবাজি, জমি দখল,অপহরণ,অস্ত্র ও মাদক কারবারের অভিযোগ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে।

বিশেষ করে কুষ্টিয়া সদর উপজেলার আটমাইল থেকে পাকশী,লালপুরের বিলমাড়ীয়া ও তিলোকপুর, রাজশাহী বাঘা উপজেলার চাকলার চর ও চকরাজাপুর এবং কুষ্টিয়ার দৌলতপুর সহ পদ্মা নদীর অন্তর্ভুক্ত চার জেলার বিভিন্ন চরাঞ্চলে গত ১৪ মাসে একাধিক হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এসব ঘটনায় বিভিন্ন এলাকার নিরপরাধ ব্যাক্তিদের বিরুদ্ধে হত্যা মামলায় আসামি করার অভিযোগও উঠেছে।

চার জেলার পদ্মার চরে অপরাধী চক্রের বিস্তার?

স্থানীয় সূত্রে জানা যায়,পদ্মার দুর্গম চরাঞ্চল ও নদীপথকে কাজে লাগিয়ে একাধিক অপরাধী চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে।জমির মালিক ও বৈধ বালুমহাল ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন,চাঁদা দাবি,জমি দখল,অপহরণ এবং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দীর্ঘদিনের।

অভিযোগ রয়েছে,এসব কর্মকাণ্ডে প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি ও শারীরিক হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে জমির মালিক,বৈধ ব্যবসায়ী,শ্রমিক ও নদীপথে চলাচলকারী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন,রাজস্ব ও পরিবেশের ঝুঁকি-পদ্মার নদীর অন্তর্ভুক্ত চার জেলার দৌলতপুর,বাঘা,লালপুর ও ঈশ্বরদী উপজেলা সংলগ্ন চরাঞ্চলের বিভিন্ন স্থানে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান নাটোর জেলার লালপুর থানাধীন তিলোকপুর ঘাট থেকে নিয়মিত রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা।



স্থানীয়দের দাবি,সংঘবদ্ধ চক্রের প্রভাব ও ভয়ভীতির কারণে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর গতিপথ,তীরবর্তী বসতি,কৃষিজমি,পরিবেশ ও বৈধ বালুমহাল ব্যবস্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

তাই সংশ্লিষ্ট জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,নৌ-পুলিশ ও খনিজসম্পদ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত নজরদারি জরুরি।

গত দুই বছরের দুই ধাপে অভিযানে গ্রেপ্তার অনেক সন্ত্রাসী বাহিনী,তবুও কেন কমছে না অপরাধী চক্রের তৎপরতা?

প্রাপ্ত তথ্য অনুযায়ী,২০২৫ সালের ৯ নভেম্বর পরিচালিত ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ রাজশাহী,নাটোর ও পাবনার সীমান্তবর্তী পদ্মার চরাঞ্চল থেকে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়।একই অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আরও ৯ জনসহ চার জেলায় মোট ৬৭ জন গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়।কিছুদিন পূর্বে পদ্মা নদীর সন্ত্রাসী কথিত কাঁকন বাহিনীর শ্যুটার রায়হান ও টুয়েল ফরাজীকে গ্রেফতার করে কুষ্টিয়া জেলা পুলিশের চৌকস অভিযানিকদল।পরবর্তী সময়ে ২০২৬ সালের ৯ অক্টোবর পদ্মার চরাঞ্চলে পুনরায় সমন্বিত অভিযান পরিচালিত হয়।ওই অভিযানে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে ২৫ জন গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়।

এছাড়া ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফাঁকা গুলি ছুড়ে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে। পরবর্তীতে বৈরাগীরচর এলাকার পূর্ব ফিলিপনগর নামক স্থান থেকে কুষ্টিয়া জেলা পুলিশের অভিযানে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।

এসব অভিযান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

তবে স্থানীয়দের প্রশ্ন,অভিযানের পরও যদি অপরাধী চক্র পুনরায় সক্রিয় হয়ে ওঠে,তাহলে চরাঞ্চলে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে আরও কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?চার জেলার প্রশাসনিক সমন্বয় এখন সময়ের দাবি-পদ্মা নদীকে কেন্দ্র করে কুষ্টিয়া,রাজশাহী,নাটোর ও পাবনা জেলার ভৌগোলিক সংযোগ থাকায় অপরাধ দমনে বিচ্ছিন্ন অভিযান নয়,বরং সমন্বিত প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন।এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চার জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার,র‍্যাব,নৌ-পুলিশ,জেলা গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য বিনিময় ও যৌথ অভিযান জোরদার করা জরুরি।

বিশেষ করে-রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নদীপথে অভিযান।সশস্ত্র অপরাধী চক্র,অবৈধ অস্ত্র ও মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি।

চাঁদাবাজি, অপহরণ,জমি দখল ও হত্যাকাণ্ডের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত। বৈধ বালুমহাল ব্যবসায়ী,জমির মালিক,শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।দুর্গম চরাঞ্চলে স্থায়ী পুলিশি ক্যাম্প,নৌ-পুলিশের টহল ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলা। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি, অর্থদাতা ও সহযোগীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ।
প্রশাসনের কঠোর অবস্থানই প্রত্যাশা-পদ্মার চরাঞ্চলে কোনো ব্যক্তি,সন্ত্রাসী গোষ্ঠী কিংবা অপরাধী চক্রের নিজস্ব আইন বা কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ থাকা উচিত নয়।

রাষ্ট্রের আইন ও প্রশাসনিক কর্তৃত্বের বাইরে গিয়ে সন্ত্রাস,চাঁদাবাজি,অবৈধ অস্ত্রের ভয় দেখানো,অপহরণ কিংবা অবৈধ সম্পদ আহরণের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা,কুষ্টিয়া,রাজশাহী,নাটোর ও পাবনা-চার জেলার প্রশাসন সমন্বিত উদ্যোগে পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে।

অপরাধীর কোনো দল নেই,কোনো পরিচয় তাকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না।পদ্মার চরাঞ্চল হবে না কোনো অপরাধী চক্রের অভয়ারণ্য।নদী,জনপদ,জমি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

আইনের শাসন প্রতিষ্ঠা,অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করাই হোক চার জেলার প্রশাসনিক সমন্বয়ের প্রধান অঙ্গীকার।

উল্লেখিত বিষয় নৌ-পুলিশ রাজশাহী অঞ্চলের লক্ষীকুন্ডা ফাঁড়ির ইনচার্জ ইনেসপেক্টর অরুপ কুমার কর বলেন,আমি সদ্য যোগদান করেছি,তবে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী বাহিনীদের বিষয়ে আইনগত সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করা হবে।


নিহত শাহিন ও সোহেল। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৭ এএম

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের মোটরসাইকেল ও গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।



হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহিন (৪৫), জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫) ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২) সহ কয়েকজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় শাহীন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পথে প্রথমে সোহেল শেখ মারা যান। তার কিছুসময় পরে শাহিন মারা যান। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন। 

এদিকে এ ঘটনার পর কালিয়াজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।