দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারও শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক তুলে ধরতে গতকাল বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে চিটাগাং চেম্বার। এতে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশীয় উৎপাদিত পণ্যের প্রচার, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি এবং বিদেশি ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের পণ্যের পরিচিতি তুলে ধরতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, রাজধানী ঢাকায় বাণিজ্য মেলা আয়োজনের জন্য একাধিক ভেন্যু থাকলেও চট্টগ্রামে এখনো এ ধরনের আয়োজনের জন্য স্থায়ী কোনো প্রদর্শনী কেন্দ্র নেই। ফলে প্রতিবছর মেলা আয়োজন করতে গিয়ে উদ্যোক্তা ও আয়োজকদের নানা সীমাবদ্ধতা মোকাবিলা করতে হয়। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের বিকাশের স্বার্থে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে চেম্বার। এ বিষয়ে বর্তমান সরকার ইতিবাচক উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরে মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী জানান, এবারের মেলা রেলওয়ে পলোগ্রাউন্ডের প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণকে আকর্ষণীয় ও নান্দনিক করে তুলতে পার্কের আদলে সাজানো হয়েছে পুরো আয়োজন।
তিনি জানান, এবারের মেলায় থাকছে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল। এতে দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীগুলোও নিজস্ব প্যাভিলিয়ন ও স্টলের মাধ্যমে পণ্যের প্রচার ও বিপণন করবে।
মেলার আন্তর্জাতিক পরিসর বাড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের আশা, তাঁদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পণ্যের নতুন বাজার সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মেলা পরিদর্শন দেশীয় শিল্পের সমস্যা, সম্ভাবনা ও বিকাশে প্রয়োজনীয় নীতি নির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্যাভিলিয়ন ও স্টল ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিশেষ পদক ও সনদ দেওয়া হবে।
আগামী ২০ নভেম্বর বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিত্যদিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে দূরপাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। নিষিদ্ধ সংগঠনের কাউকেই দেখা যায়নি মহাসড়কে।
বৃহস্পতিবার সারাদিন দাউদকান্দির টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন অংশে যান চলাচল ও লোকজনের স্বাভাবিক চলাচল লক্ষ করা গেছে। দাউদকান্দি বলদা খালের কনফেকশনারী দোকানদার সোহান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসাযয়িক কাজ পরিচালনা করছি।
কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘অন্যান্য দিনের মতো আজকেও সবকিছু স্বাভাবিক । যান চলাচল, মানুষের চলাচল এবং মানুষের কাছে মনে হচ্ছে না যে আজকে কিছু ডেকেছে কেউ ।’
বুড়িচং উপজেলার নিমসার বাজারের ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, পাইকারি বাজারে অন্যান্য দিনের মতোই ক্রেতারা এসেছেন । বিক্রিও অন্যান্য দিনের মতো ।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘সারা রাত আমরা কুমিল্লা মহানগর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেছিলাম । নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি । আমাদের অঙ্গসংগঠনগুলো মাঠে আছে । যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত । দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব ।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, যেকোনো অরাজকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী টহলে আছে । ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকায় কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটেনি।
কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গবাদিপশু, ওষুধ, জিরাসহ বিভিন্ন ধরনের পণ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ও ডাঙ্গারচর এলাকায় বেসরকারি পর্যায়ে তেল শোধনাগার (রিফাইনারি) স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রতিষ্ঠানটিকে এ অনুমোদন দিয়েছে।
গত ১৮ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। উপসচিব আসিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুসারে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসিকে রিফাইনারি স্থাপনের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত প্রতিপালন করতে হবে।
অনুমোদনের শর্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত সব প্রাসঙ্গিক আইন, বিধিমালা ও নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৬, পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং পেট্রোলিয়াম বিধিমালা, ১৯৭৪ মেনে চলতে হবে।
রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে পরিবেশসংক্রান্ত সব আইন ও বিধিবিধান প্রতিপালনও বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক অনুমতিপত্র পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রিফাইনারি স্থাপনের যাবতীয় কার্যক্রম শেষ করার পর প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
এ ছাড়া রিফাইনারিতে উৎপাদিত সব পণ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে সরবরাহ করতে হবে। প্রাথমিক অনুমোদনের অন্যতম শর্ত হিসেবে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি বিপিসির চেয়ারম্যানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। সংস্থাটির চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এটি ওই কার্যালয়ের মামলা নম্বর ৮।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে নদভীর নামে ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকার নিট সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, অনুসন্ধানে তার গ্রহণযোগ্য বৈধ আয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা। ফলে বৈধ আয়ের তুলনায় তার সম্পদের পরিমাণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকা বেশি বলে উল্লেখ করেছে দুদক।
এজাহারে আরও বলা হয়, নদভী তার আয়কর রিটার্নে ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের বেতন-ভাতা, সম্মানী এবং বকেয়া বাবদ মোট ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা গ্রহণের তথ্য দেখিয়েছেন।
তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দুদকের অনুসন্ধানে এসব অর্থ অবৈধভাবে উত্তোলনের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির দাবি, ক্ষমতার অপব্যবহার ও অসৎ উদ্দেশ্যে ওই অর্থ গ্রহণের মাধ্যমে তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন।
এ ঘটনায় নদভীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী চট্টগ্রাম-১৫ আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, সুবর্ণচরের দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, হাতিয়ার রেজুকালিয়া গ্রামের মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নোয়াখালীর হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। জব্দ সিমেন্টের আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আরও বলেন, জব্দ সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টঙ্গীতে কিরণের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গী বাজার এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন টঙ্গী থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদ- প্রার্থী রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে ।
শত শত নেতাকর্মী টঙ্গী বাজার এলাকায় জড়ো হন। সকাল থেকেই টঙ্গী বাজার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
পরে রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় টঙ্গী বাজারে এসে শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে টঙ্গী বাজারসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা। প্রতিবাদ মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় অবস্থান নিয়ে লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় রাজনৈতিক উত্তাপ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি টঙ্গী বাজারে এসে সমাপ্তি করেন।