ছবি : সংগৃহীত
টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার খেজুরবাগান, হেমায়েতপুরের বাগবাড়ি ও পদ্মার মোড়সহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং, দি সিভিল ইঞ্জিনিয়ার ও দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন কারখানার শ্রমিকদের বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। একপর্যায়ে তারা সড়কে টায়ার ও বর্জ্য ফেলে আগুন জ্বালান এবং হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে কয়েক দফায় আবারও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। এতে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানেও পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হেমায়েতপুরের আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কিছু শ্রমিক হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়ে বাসায় চলে যাচ্ছেন। অন্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
শিল্প পুলিশের পরিদর্শক তাইবুর রহমান জানান, সকালে শ্রমিকরা সড়কে নামলে জনদুর্ভোগ এড়াতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানাটি বন্ধ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শ্রমিকরা। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
গত দুই দিনের তুলনায় মঙ্গলবার শিল্পাঞ্চলে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমেছে। তবে তাৎক্ষণিকভাবে বন্ধ কারখানার মোট সংখ্যা জানা যায়নি। শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় আটটি কারখানা বন্ধ রয়েছে এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে তাঁকে আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি বলেন, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানে আছে।
এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের টঙ্গীতে ৩৫ টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে গাছা এলাকার শ্রমিকদের একটি দল টঙ্গী এলাকায় প্রবেশ করে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও হইচই শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিকভাবে হোপলুন অ্যাপারেলস লিমিটেড ও সেটান নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানা ছুটি ঘোষণা করে।
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের বিভিন্ন পোশাক কারখানার সামনে গিয়ে বিক্ষোভ ও হইচই শুরু করেন। এতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হোপলুন অ্যাপারেলন্স লিমিটেড,মাসকো কটন লিমিটেড,স্যাটান নীট ইন্ডাস্ট্রিস লিমিটেড,বেইস ফ্যাশন,কাই অ্যালুমিনিয়াম, ই এইচ ফেব্রিক,জি জে ক্যাপস,ঐশী ফ্যাশন লিমিটেড,তানাজ ফ্যাশন,ভিয়েলাটেক্স, সেটান ২, দেওটি ফ্যাশন,জিজে ফ্যাশন,ডেনিম ফ্যাশন,এস এস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড,লুজিন ফ্যাশন লিমিটেড,কটন ক্লথিং লিমিটেড,মাসকো এমব্রয়ডারি লিমিটেড,টিএমএসএস এ্যাপারেন্স লিমিটেড,টিপিও গার্মেন্টস, স্পিরিট,সিভিউ,পার্কভিউ, টি জে সুয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সুয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, টাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সুয়েটার,এসএম সুয়েটার,মাসকো টেক্স লিমিটেড,মাসকো জি ২,মাসকো জি ১একের পর এক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান,শ্রমিকরা আন্দোলন করে মহাসড়ক অবরোধ করার চেষ্টা কালে পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়।উদ্বুদ্ধ পরিস্থিতি এড়াতে এ সময় বেশ কিছু কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেন।
প্রতীকী ছবি
দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে ফেনীর সোনাগাজীতে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি একই জমিতে কৃষি ও পশু পালনের পরিকল্পনাও রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর বাইরে আশপাশের এলাকায় আরও সৌর ও ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ রয়েছে। সব পরিকল্পনা বাস্তবায়িত হলে সোনাগাজীতে প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠবে।
প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নিতে গতকাল সোমবার ঢাকার বিদ্যুৎ ভবনে স্টার্ট-আপ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় সরকার। এ সময়ের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে সোনাগাজীর ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প ভূমিকা রাখবে।
কর্মশালায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম. খান, সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবি পিএলসির চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মনজুর কাদির উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার, আইএসডিবি ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ জন্য গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইএসডিবির মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়েছে। প্রকল্পের অনুমোদিত ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ৭.২ লক্ষ্য অর্জনেও সহায়ক হবে প্রকল্পটি।
প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি ক্ষমতার পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি উপকেন্দ্র স্থাপন করা হবে। পরামর্শক ও নির্মাণ ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের কাজও চলছে।
ছবি : সংগৃহীত
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
শ্রমিক অসন্তোষের জেরে ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন করে আরও পাঁচটি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন।
সকাল সাড়ে ৮টা থেকে মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ছয়দানা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, গাজীপুরা ও গাছাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে দুই সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাজপথে নামেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাওজোর এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে ভোগড়া বাইপাস, গাজীপুরা, গাছা ও আশপাশের এলাকায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এদিকে ভোগড়া বাইপাস এলাকায় আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হন দৈনিক কালবেলার রিপোর্টার মামুন হোসাইন। এতে তার বাম পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।
শ্রমিক অসন্তোষের কারণে সোমবার থেকে কোনাবাড়ি, মৌচাক ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে শ্রমিকেরা দলবদ্ধভাবে বেরিয়ে আসার সময় বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’
শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। লেখাপড়া করে বড় হয়ে দেশ ও দশের সেবা করবে এমন বুকভরা আশা নিয়ে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান। অনেক সময় সঠিক দিক নির্দেশনা ও যত্নের অভাবে লেখাপড়া থেকে ছিটকে পড়ে যায় অনেক শিক্ষার্থী।
এমনটা যাতে না হয় এই চিন্তা মাথায় নিয়ে ব্যতিক্রমী উদ্যোগে কাজ করছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২ নং উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা।
কামাল পাশা জানান, শিক্ষার্থীরা সন্ধ্যার পর বাইরে যাতে সময় নষ্ট না করতে পারে এবং পড়ালেখায় মনোনিবেশ করে এমনটা সফল করতে হাট বাজারের বিভিন্ন পয়েন্টে গ্রাম পুলিশের মাধ্যমে তদারকি করা হবে।
পাশাপাশি শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়ার টেবিলের উপস্থিতিও খতিয়ে দেখতে হবে। আমার একটাই উদ্দেশ্য শিক্ষার্থীরা যাতে বিপথে না যায়। ভালো পড়াশোনা করে মানুষের কল্যাণে কাজ করে। এমন কাজে প্রতিটি অভিভাবকসহ গণ্যমাণ্য ব্যক্তিদের এগিয়ে আসতে সহযোগিতা কামনা করছি।
সচেতন মহল বলছেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। যেভাবেই হোক তাদের পড়ালেখার রুটিনেই রাখতে হবে। অযথা আড্ডাবাজি তাদের লেখাপড়া হুমকির মুখে ফেলতে পারে।তাই সন্ধ্যার পর পড়ার টেবিল ই শিক্ষার্থীর উত্তম জায়গা। ইউপি চেয়ারম্যান এর এমন উদ্যোগে সকলকে এগিয়ে আসা উচিত।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল নোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে অগ্রণী ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) টিটু চন্দ্র দাস।
কর্মশালায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ শাহজালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া।
অগ্রণী ব্যাংকের বসুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মো. জাকের হোসেনের সার্বিক পরিচালনায় কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের উপপরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ ও সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
কর্মশালায় জাল নোট চেনার বিভিন্ন পদ্ধতি, আসল ও নকল নোটের মধ্যে পার্থক্য নির্ণয়ের কৌশল এবং নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নোটের জলছাপ, নিরাপত্তা সুতা, রঙের পরিবর্তনসহ বিভিন্ন দৃশ্যমান ও স্পর্শযোগ্য বৈশিষ্ট্য পরীক্ষা করে কীভাবে জাল নোট শনাক্ত করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি জাল নোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের করণীয় এবং জাল নোট লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।