আটক তনু, নাসির ও রুহুল

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৬ পিএম

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ এক বহিষ্কৃত যুবদল নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে। 


এরা হলেন, উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মৃত প্রদীপ কুমার দেবের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (২৮), সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড়ের মৃত আবুল কালামের ছেলে উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৩) ও তাদের সহযোগী ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৫৮)। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে রুহুল আমিনের বাড়ি সংলগ্ন বয়লারে মাদক সেবনরত অবস্থায় মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম অভিযান চালিয়ে তাদের আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যান।


মোবাইল কোর্ট সূত্র জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক তাদের প্রত্যেকের ১১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।


এসআই শফিউল ইসলাম জানান, তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেইসাথে ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেবকে গত ১৬ জুন দায়ের করা একটি নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে।


উল্লেখ্য, তনু কুমার দেব ফ্যাসিস্ট আমলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ব্যাপক এক্টিভিজম চালিয়ে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসায়, দখল, নিগো বাণিজ্য ও থানার দালালীতে জড়িয়ে পড়ে। আন্দোলনের সময় বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের শনাক্ত করে তাদের ধরিয় দিতে ছিল তৎপর। ৫ আগস্টের পর পালিয়ে থাকলেও তার ফেসবুক আইডিতে সক্রিয় ছিল সবসময়। সে এলাকায় সক্রিয় থাকলেও একটি গ্রুপের সমর্থনে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আটক করার উদ্যোগ নেয়নি।


অপরদিকে ফ্যাসিস্ট আমলে নিজের বয়লারে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের ছেলে সাকলাইন মাহমুদ রকির মদদে নিয়মিত মাদক ও নারীর আসর বসানো, টর্চার সেল পরিচালনা করে বিভিন্ন নারী-পুরুষকে আটকে রেখে মারপিট করে চাঁদা আদায় প্রভৃতি অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন রুহুল আমিন। সংবাদ মাধ্যমে সেসময় এসব তথ্য প্রচার হলে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর তদানিন্তন র‌্যাব তাকে আটক করে। এরপর উপজেলা যুবদলের পদ থেকে তাকে বহিষ্কাার করা হয়।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫২ পিএম

সিলেটে এক প্রবীণ আইনজীবীর একাউন্ট থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখা করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। বাংকটির দাবি, ওই আইনজীবীর মোবাইল ফোন হ্যাক করে তাঁর ব্যাংক হিসাব থেকে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা সরিয়ে নেওয়া হয়।সোমবার বিকেলে সোনালী ব্যংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখায়সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান ব্যাংকটির ডেপুটি জেনালের ম্যানেজার হিমাংশু আচার্য।


তিনি জানান, ডিজিটাল লেনদেনের মাধ্যমে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া হয় ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট হিসাবগুলো ব্লক করা হয়েছে। এসব হিসাবের তথ্য পুলিশের কাছে হস্তান্তর করেছে ব্যাংক কর্তৃপক্ষ।হিমাংশু আচার্য বলেন, ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে টাকা চুরি করে প্রতারকচক্র।সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার গ্রাহক। ওই আইনজীবীর অভিযোগ, ডিজিটাল লেনদেনের মাধ্যমে তার অজান্তেই অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে অভিযোগ প্রদানের পর তদন্তে নামে ব্যাংক কর্তৃপক্ষ।ব্যাংকের আইটি টিমের তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি প্রথমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আইনজীবীর বিশ্বাস অর্জন করে। গত ৩ অক্টোবর ০১৩৪৬৯৫৪৪৬৮ নম্বর থেকে শিক্ষা-সংক্রান্ত বিষয়ে তথ্য চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সরল বিশ্বাসে তিনি প্রয়োজনীয় তথ্য দিলে চক্রটি তাঁর জাতীয় পরিচয়পত্র, ই-মেইল, বাবা-মায়ের নাম ও জন্মতারিখসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।এরপর গত ২ নভেম্বর সোনালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রতারক চক্র।


ব্যাংকের কল সেন্টার থেকে পরিচয় নিশ্চিত করতে যেসব তথ্য জানতে চাওয়া হয়, প্রতারকরা সেগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হয়। ফলে অ্যাপটি ইনস্টল করা হয়।ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, এর পরপরই প্রতারক চক্রটি কৌশলে তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে কিউআর কোড ব্যবহার করে ওই ফোনের মাধ্যমেই বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করা হয়। ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে একাধিক লেনদেনে ৯টি ব্যাংক ও একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানের হিসাবে অর্থ সরিয়ে নেওয়া হয়। এর আগে এই চক্র গত ৩ অক্টোবর তাঁর বিকাশ হিসাব হ্যাক করে ২০ হাজার টাকা নিয়ে যায়। এসময় তারা গ্রামীণফোনের মাইজিপি এ্যাপস ব্যবহার করে প্রতারক চক্র ব্যাংক থেকে তার মোবাইল নাম্বারে ক্ষুদে বার্তা আসা বন্ধ করে দেয়। ফলে এই নাম্বার থেকে টাকা উত্তোলনের বিষয়টি গ্রাহক জানতে পারেনি।এদিকে, গত ৯ নভেম্বর ২০ হাজার টাকার একটি চেক দিয়ে এক ব্যক্তিকে ব্যাংক থেকে টাকা তুলতে পাঠান ড. দিলীপ কুমার। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়, তাঁর হিসাবে কোনো টাকা নেই। পরে ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে প্রায় ৪০ দফায় তাঁর হিসাব থেকে ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।


ভুক্তভোগী দিলীপ কুমার জানান, তিনি কখনো কোনো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ বা ই-ওয়ালেট ব্যবহার করেননি। আজীবন শুধু চেকের মাধ্যমেই ব্যাংকিং লেনদেন করেছেন। এমনকি তাঁর হিসাব থেকে টাকা স্থানান্তরের বিষয়ে মোবাইল ফোনে কোনো এসএমএস বা বার্তাও পাননি।এ ঘটনায় তিনি সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এবং কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।ব্যাংক কর্মকর্তারা জানান, অর্থ যেসব হিসাবে স্থানান্তর করা হয়েছে, সেগুলো ভুয়া কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট হিসাবগুলো ইতোমধ্যে ব্লক করা হয়েছে এবং সেগুলোর বিস্তারিত তথ্য পুলিশের কাছে দেওয়া হয়েছে।যে যে একাউন্টে উক্ত অর্থ স্থানান্তরিত হয়েছে, Islami Bank Bank PLC A/C: 2050 7 7 7 0 2357 876, ETBL Securities & Ex. Limited. A/C: 2001260004383, City Bank PLC A/C: 2225057280001 ও A/C: 2304643216001, Pubali Bank PLC, A/C: 6484101076226. Prime Bank PLC A/C: 2121211016951, A/C: 2901226023337, A/C: 2901222022614, A/C: 2901226022198, A/C: 2901221024561, NRBC Bank PLC, A/C: 519631100007551, NRB Bank PLC A/C: 126101000 2824, NCCB PLC A/C: 00150310042435.

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৮ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত 'বিকাশ গ্রুপের' প্রধান বিকাশ(৩০)কে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।


 মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘড়া ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত বিকাশ উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া তালুকদার বাড়ী এলাকার আবুল কাশেমের ছেলে।


শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান এবং ওসি (তদন্ত)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানকালে তার বসতবাড়ির ভেতর ও সংলগ্ন টয়লেটের একাংশ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, পিস্তলের তিন রাউন্ড গুলি এবং শটগানের চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যাগ ও অন্যান্য সরঞ্জামও জব্দ করে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিকাশ দীর্ঘদিন ধরে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে প্রায় ১৫ থেকে ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।


এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বিকাশকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৪ পিএম

রেলপথে যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নতুন এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।


নতুন চালু হওয়া ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ থাকবে।


রেলওয়ে সূত্র জানায়, প্রতিটি ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে। শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে। এ ছাড়া এসএলআর কোচে রয়েছে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি।


নতুন সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ২২১ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে সকাল ১০টা ১০ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।


অন্যদিকে, ২২৪ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। আর ২২৩ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।


এদিকে, এ রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন ট্রেন চালুর ফলে যাত্রীসেবার পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


তবে নতুন ট্রেন সার্ভিস চালুর পাশাপাশি রেলপথ সম্প্রসারণের দাবিও জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। তাঁদের দাবি, নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হোক। এতে বৃহত্তর ফটিকছড়ি ও পার্বত্য সীমান্ত এলাকার মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন তাঁরা।

সর্বশেষ সব খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫২ পিএম

প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র। আজ মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই বিদ্যুৎকেন্দ্র থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এটি পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।


এতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হয়।


নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।


এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্য়বেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।


পরে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।


এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪-৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।


পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


এতে বলা হয়, কারিগরি পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং এ পর্যায়ের নির্ধারিত সব কাজ শেষ হলে, পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে।


রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল শেষ হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে তাঁকে আটক করা হয়।


তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাঁকে আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি বলেন, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানে আছে।


এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪০ পিএম

টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার খেজুরবাগান, হেমায়েতপুরের বাগবাড়ি ও পদ্মার মোড়সহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং, দি সিভিল ইঞ্জিনিয়ার ও দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন কারখানার শ্রমিকদের বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। একপর্যায়ে তারা সড়কে টায়ার ও বর্জ্য ফেলে আগুন জ্বালান এবং হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।


পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে কয়েক দফায় আবারও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। এতে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


এদিকে সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানেও পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হেমায়েতপুরের আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।


সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কিছু শ্রমিক হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়ে বাসায় চলে যাচ্ছেন। অন্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।


শিল্প পুলিশের পরিদর্শক তাইবুর রহমান জানান, সকালে শ্রমিকরা সড়কে নামলে জনদুর্ভোগ এড়াতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানাটি বন্ধ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


অন্যদিকে, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শ্রমিকরা। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।


গত দুই দিনের তুলনায় মঙ্গলবার শিল্পাঞ্চলে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমেছে। তবে তাৎক্ষণিকভাবে বন্ধ কারখানার মোট সংখ্যা জানা যায়নি। শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় আটটি কারখানা বন্ধ রয়েছে এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

সর্বশেষ সব খবর