• প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৩ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, খাল ও নদী খনন, নদীভাঙন প্রতিরোধ, রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন স্থাপন এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণ। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত।বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।


অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।


অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে। ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদে বাস্তবায়নের জন্য নেওয়া এ প্রকল্পে ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচসুবিধা বাড়াতে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।


রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পেও অনুমোদন দিয়েছে একনেক। এতে ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সরকার দেবে ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসা নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ১০ কোটি টাকা।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার অবকাঠামো উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়া জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বাড়ানো হয়েছে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা।


পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রোধে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।


অন্যদিকে, মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে।


কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪৯৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।


এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।


সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১০ পিএম

ভারতে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য, তার আইডি নম্বর ৬২০২।নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার কথা উল্লেখ করে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়।


মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।


নোটিশদাতা তার নোটিশে জানান, এই উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে নোটিশটি পাঠিয়েছেন।নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থান এসব রাষ্ট্রীয় গোপনীয় তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এবং সামরিক সংঘাতের মতো পরিণতি তৈরি হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে নোটিশে। উদাহরণ হিসেবে ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করা হয়েছে।


নোটিশে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেয়ার পর তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং দেশটিতে ভয়াবহ আঞ্চলিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে।


একইভাবে, ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেয়ার পর তার অবস্থানকে কেন্দ্র করে সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতির বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এ ধরনের কোনো বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা জানানো হয়েছে।


শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নোটিশে কয়েকটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার প্রস্তাব দেয়া হয়েছে। প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। ওই পত্রে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার প্রস্তাব করা হয়েছে।


এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ তুলে ধরে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার বিষয়টি উল্লেখ করা হয়। প্রস্তাব অনুযায়ী, সেখানে প্রবেশের পর তিনি বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণের ভেতরে তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে।


দেশে প্রত্যাবর্তনের জন্য নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যুর প্রস্তাবও দেয়া হয়েছে। এ ক্ষেত্রে হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে বাংলাদেশে আনার কথা বলা হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা।


নোটিশে দেশে ফেরার পর তার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ হাসিনার পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল বা উপ-কারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে বলে নোটিশে বলা হয়েছে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে স্থানান্তরের কথাও উল্লেখ রয়েছে।


আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের সুযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। নোটিশে বলা হয়, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকাবস্থায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন। আইনের ২১ ধারার ৩ উপধারায় দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল দায়েরের সময়সীমা নির্ধারিত থাকলেও উপযুক্ত কারণ দেখানো সাপেক্ষে বিলম্ব মার্জনার আবেদন বিবেচনা করে আপিল শুনানির জন্য গ্রহণ করার বিচারিক ক্ষমতা আপিল বিভাগের রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখার জন্য ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার কথা বলা হয়েছে। এতে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়ানোর পাশাপাশি বিচারিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে নোটিশে মত দেয়া হয়েছে।


নোটিশে আরও বলা হয়েছে, সব আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর সংশ্লিষ্ট আদালত যে রায় ও আদেশ দেবেন, সরকারকে তা নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধান অনুযায়ী প্রত্যেকের আইনি অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।


আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাকে অবহিত করার দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।


জাতীয় সংসদের সামনে সংরক্ষিত আসনের এমপি, স্পিকার এবং মন্ত্রী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৭ পিএম

জাতীয় সংসদে আজান নিয়ে প্রশ্ন করতে গিয়ে নিজের বক্তব্যের বিষয়বস্তু স্পষ্ট করতে পারেননি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৪ এর সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তার বক্তব্যের পর প্রশ্নটি বুঝতে না পেরে স্পিকার সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দিন।’ তবে মন্ত্রীও প্রশ্নটি স্পষ্ট নয় বলে জানান।


মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঘটনাটি ঘটে। সংসদে বক্তব্যের শুরুতে বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আমার আজকের প্রশ্নটা নিয়ে হয়তো একটু ভিন্নতা থাকতে পারে।’


তিনি আরও বলেন, ‘মাননীয় স্পিকার আমরা হচ্ছি মুসলিম অধ্যুষিত একটি দেশ। সেখানে মসজিদের শহর। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। তো আমাদের প্রত্যেকেরই আসা কিংবা অফিসের পাশে থেকে আমরা মসজিদের আজানের শব্দ শুনতে পাই যে আজানের শব্দটার মিনিংটা কিন্তু অনেক সুন্দর, যেখানে বলা হয়ে থাকে যে- এসো কল্যাণের পথে, মুক্তির পথে।’


তিনি আরও বলেন, ‘আমাদের এই আজানের শব্দ শুনে এ রকম একটা ফিল হওয়া উচিত যে আমরা আমাদের কাছ থেকে সে আজানটাই যেন শুনি কিংবা কাছ থেকে সে আমাদের নামাজ পড়ি। কিন্তু আমাদের যে এই নামাজ, আজানগুলোর কোনো প্রাতিষ্ঠানিক শিল্পকরণ হয়নি বলে আমরা যে যেরকম করে ইচ্ছা সেরকম আজান দিয়ে থাকি। তো সেই জায়গায় কিন্তু আজানটা এত সুন্দর একটা শিল্প, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে না।’


এ সময় আজানকে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ও চর্চার আওতায় আনার অনুরোধ জানান তিনি। বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘আমার অনুরোধ কিংবা রিকোয়েস্ট রইল, আমরা যেন এ ধরনের পরিকল্পনা করি। আজান যারা দেয়, মুয়াজ্জিন কিংবা খতিব যারাই, তারা যেন এই শিল্পটাকে আমাদের নতুন করে কিংবা অন্যান্য কোনো মাধ্যম থেকে একটা প্রাতিষ্ঠানিক শিল্পের উপর সেটাকে প্রতিষ্ঠিত করা হয়।’


তার বক্তব্য শেষ হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন।’ জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীও প্রশ্নটি স্পষ্ট বুঝতে পারেননি বলে জানান। তিনি বলেন, ‘আসলে প্রশ্নটা আমার কাছেও স্পষ্ট নয়। তবে উনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করব।’


বক্তব্য রাখছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১০ পিএম

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক, নির্ধারিত মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে মজুরি নিয়ে গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে কান না দিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতের বিষয়ে কোনো চাপ ছিল না দাবি করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার ক্ষেত্রে কোনো চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। এ সময় মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। মজুরি কার্যকরের সময়সীমা প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান বলেন, ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত রোববার (১ নভেম্বর) সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় ত্রিপক্ষীয় জরুরি সভা। তবে এসব উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলন থামেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, সড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এ আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত শিল্পমালিক এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যদের জড়িয়ে পড়ার তথ্য পেয়েছে গোয়েন্দারা।

এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা কার্যকর করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এসিআরবি সদস্যদেরও নিয়োগ দেওয়া হয়েছে।


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪১ পিএম

সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ইসি আব্দুর রহমানেল বলেন, ‘কমিশন এখনো আনুষ্ঠানিক কোনো তফসিল তৈরি করেনি। আগামীকাল আমাদের আলোচনা হবে। সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। আমরা সেই আইন মেনেই চলব।’

তিনি বলেন, ‘সময় নির্ধারণে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সংসদীয় আসনটির উপনির্বাচন করা যায় কি না, তা খতিয়ে দেখছে কমিশন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার বিষয়টিও নির্বাচনের সময়সূচি নির্ধারণে বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব দিক বিবেচনা করে উপযুক্ত সময় নির্ধারণ করা হবে এবং ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।’

শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৭ পিএম

গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা হঠাৎ স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে মজুরি নির্ধারণের কাজে দীর্ঘসূত্রতা এড়ানোর আহ্বান এবং গার্মেন্টস শ্রমিক তৌফিক ও সু কারখানার শ্রমিক সুমন হত্যার বিচার এবং তাদের পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনটি। 


আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, মজুরি বোর্ড গঠন করতে দেরি হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নতুন মজুরি বোর্ড গঠন হওয়া এবং চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকরা কাজে ফিরে গেছে এবং ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে। 


বিবৃতিতে বলা হয়, এই অবস্থায় মজুরি বোর্ডের নির্ধারিত সভা সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই স্থগিত করে দেওয়া শ্রমিকদের মধ্যে আস্থাহীনতা তৈরি করতে পারে যা চলমান শ্রমিক অসন্তোষকে বাড়িয়ে তুলতে পারে।

 

মজুরি আন্দোলনে সাভারে জুতা কারখানার শ্রমিক সুমন নিহত হওয়ার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে তৌফিক ও সুমন হত্যার বিচার দাবি করা হয়। নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে নেতারা বলেন, সুষ্ঠ শিল্প সম্পর্কের চর্চার সুযোগ না দেওয়ায় এবং আন্দোলনের নিয়মতান্ত্রিক উপায় সম্পর্কে অজ্ঞতার কারণে গার্মেন্টস শ্রমিকরা তাদের বিক্ষুব্ধতা প্রকাশ করতে বারবার রাস্তায় নামে আর শ্রমিকদের বঞ্চনার যন্ত্রণার প্রকাশকে নৈরাজ্য আখ্যা দিয়ে দমন করার কৌশল নেওয়া হয় যাতে প্রাণ হারায় নিরীহ শ্রমিকরা। 


বিবৃতিতে বলা হয়, ২০২৩ এর মজুরি আন্দোলনে ৪ জন শ্রমিককে জীবন দিতে হয়েছিল। এবারও ইতিমধ্যে জীবন গেল দুইজন শ্রমিকের। এ পরিস্থিতিতে মজুরি বোর্ডের নিয়মিত কাজ বাধাগ্রস্ত হলে এতে দীর্ঘসূত্রতার সম্ভাবনা দেখা দিলে শ্রমিকদের মধ্যে মজুরি বোর্ডের কাজের প্রক্রিয়া সম্পর্কে আস্থাহীনতা তৈরি হবে যা কাঙ্খিত নয়। 


মালিক পক্ষের মজুরি প্রস্তাবনায় নিশ্চয় শ্রমিকদের মর্যাদাকর জীবনযাপনের অধিকার পূরণের প্রতিফলন এবং মজুরি বোর্ড তার প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে বিবৃতিতে নেতারা বলেন, যথাযথ দায়িত্বশীল আচরণের পরিবর্তে বল প্রয়োগে বা হুমকি-ধামকি দিয়ে শ্রমিক অসন্তোষ দমন করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।


মওলানা আবদুল হামিদ খান ভাসানী (বাঁয়ে) এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৫ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি বলেন, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।


মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এ কথা বলেন। 


রাষ্ট্রপতি আরও বলেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।


তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, পরবর্তীতে তিনি ২৫ জুলাই ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।


রাষ্ট্রপতি বলেন, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি বলেন, স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তার নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিলো দেশের অধিকার আদায়ের লড়াইয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত।


রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।


তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তার জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।’