পিরোজপুরের নেছারাবাদে বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সিয়ামের মা মুন্নী বেগম জানান, গত ১২ নভেম্বর বিকেলে তার স্বামী আরিফ রাঢী ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরদিন সকালে বড় ছেলে পাশের গোবিন্দকাঠি গ্রামে গিয়ে আরিফকে দেখতে পেলেও সিয়ামের কোনো সন্ধান পায়নি। ছেলের বিষয়ে জানতে চাইলে আরিফ কোনো কথা বলেননি বলে দাবি করেন মুন্নী বেগম। পরে ১৩ নভেম্বর ছেলের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
মুন্নী বেগম আরও জানান, শনিবার সকালে ছেলের মরদেহ উদ্ধারের খবর পান। মরদেহের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। তার ধারণা, নদীতে মাছ ধরার সময় বাবা-ছেলের মধ্যে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী আরিফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহতের চাচা পলাশ জানান, বাবা-ছেলে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার পর দুজনই নিখোঁজ ছিলেন। পরদিন আরিফকে গোবিন্দকাঠি এলাকায় পাওয়া গেলেও সিয়ামের সন্ধান মেলেনি। পরে শনিবার নদীতে শিশুটির মরদেহ পাওয়া যায়। তার মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন ছিল বলে তিনি দাবি করেন।
রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি জসিম বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে মরদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন।
নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার জানান, মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন পাওয়া গেছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নিখোঁজের ঘটনায় শুক্রবার থানায় জিডি করা হয়েছিল। শনিবার সকালে মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। শিশুটির বাবা আরিফ রাঢীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ বছরের পথ চলা পেরিয়ে ২৮ বছরের পদার্পণ উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা দোয়া মাহফিল কেক কাটার আয়োজন করা হয়েছে রোববার ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনা নরসিংদী জেলা প্রতিনিধি কামাল হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোরাশাল পৌরসভা সভাপতি আলম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা ইনচার্জ শাহেদ আল মামুন (ওসি) পলাশ থানা ছাত্রদল সভাপতি নাজমুল হাসান সোহেল।
পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক নূরে আলম রনি যুগ্ম সাধারণ সম্পাদ ক আল আমিন মিয়া পলাশ উপজেলা প্রতিনিধি ভোরের চেতনা মোঃ কামরুজ্জামান বেলায়েত হোসেন মামুন পিঙ্কু ফারদিন হাসানদীপ্ত বৈশাখী টেলিভিশন
আলোচনা সভায় বক্তারা বলেন সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সত্যবস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এর মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা গণমাধ্যমের অনতম প্রধান দায়িত্ব সাংবাদিকতা যেমন একটি পেশা নয় এটি একটি মহান দায়িত্ব ও জনসভার মাধ্যমে অন্যায় দুর্নীতি অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানানোই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।
বক্তারা আরো বলেন দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের ইতিবাচক পরিবর্তন ও জন সচেতনতা সাথে গুরুত্বপূর্ণিকা পালন করে দৈনিক ভোরের চেতনা আগামীদিনে ও সত্যে ন্যায়ের পক্ষ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ধারা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন আলোচনা সভা শেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলের মঙ্গল আর্থে বিশেষ দোয়া ও অনুষ্ঠিত হয় পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় আনন্দ গণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ঠাকুরগাঁও সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া শুখনাপুকুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যকারিতা, বিচারিক ক্ষমতা, সুযোগ-সুবিধা এবং স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ব্যক্তিদের গ্রাম আদালতের সাধারণ ধারণা, বিচারপ্রার্থীদের সুযোগ-সুবিধা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব ও সফলতার বিভিন্ন দিক ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে নারগুন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর সাত্তার ও নারী ইউপি সদস্য মোছা. লাকি আকতার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউপি সদস্য আব্দুর সাত্তার বলেন, স্থানীয় পর্যায়ে সৃষ্ট বিভিন্ন বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে নিজেদের বিরোধ নিষ্পত্তির সুযোগ পান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদর্শিত ভিডিও চিত্রের বিষয়বস্তুর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়।
এস আলম গ্রুপের বন্ধ হয়ে থাকা সব শিল্পকারখানা দ্রুত চালু করে চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিক-কর্মচারীরা। একইসঙ্গে কারখানা চালুর পর আগের কর্মীদের পুনরায় কাজে যোগদান, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন এবং উৎপাদন সচল রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহের দাবি জানিয়েছেন তারা।সোমবার (১৬ নভেম্বর) সকালে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরেন এস আলম গ্রুপের চাকরিচ্যুত শ্রমিক-কর্মকর্তারা। স্মারকলিপিতে তারা এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনেরও দাবি জানান।
স্মারকলিপিতে শ্রমিকরা বলেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনে অন্ধকার নেমে আসে। দীর্ঘ সময় দিনরাত পরিশ্রম করে উৎপাদন সচল রাখলেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের রুটি-রুজির জায়গা বন্ধ হয়ে যায়। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।
তাদের দাবি, মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কারখানা চালুর বিষয়ে কোনো স্থায়ী সমাধান আসেনি। মালিকপক্ষের বক্তব্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের পর ব্যাংকগুলো কারখানার ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ করে দেয়। এতে চলতি মূলধন ও কাঁচামালের সংকট তৈরি হলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো। ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন হলে কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও মালিকপক্ষ জানিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।শ্রমিকরা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ কলকারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। খেলাপি ঋণ থাকা সত্ত্বেও সিটি গ্রুপের কারখানা সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তবে একই ধরনের উদ্যোগ এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। ব্যাংকগুলোর অসহযোগিতা ও অপেশাদার কার্যক্রমের কারণে দেশের একটি শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে বলেও দাবি করেন তারা।
স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, একসময় এসব কারখানায় ২৪ ঘণ্টা উৎপাদন চললেও এখন সেখানে নীরবতা বিরাজ করছে। দীর্ঘ আড়াই বছরের বেকারত্বে হাজার হাজার শ্রমিক-কর্মচারী পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। সন্তানদের পড়ালেখা, চিকিৎসা ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে উঠেছে। অনেকের বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি খুঁজতে গিয়েও বাধার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে নতুন নিয়োগের সুযোগ সীমিত থাকায় বিকল্প কর্মসংস্থানও মিলছে না।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। এছাড়া ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহ নিশ্চিত করা, রাজনৈতিক কারণে কোনো শিল্প-কারখানা যাতে বন্ধ না হয় তা নিশ্চিত করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভও করেছেন চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। তাদের অভিযোগ, শুধু চাকরি হারানোই নয়, নতুন করে কর্মসংস্থান খুঁজতে গিয়েও নানা সমস্যার মুখে পড়ছেন তারা। দীর্ঘদিন বেকার থাকায় পরিবারের আর্থিক সংকট বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালুর চেষ্টা করছে। পাশাপাশি দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও কাজ করছে সরকার।
তথ্যসূত্র: টিবিএস
আটক তনু, নাসির ও রুহুল
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ এক বহিষ্কৃত যুবদল নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে।
এরা হলেন, উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মৃত প্রদীপ কুমার দেবের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (২৮), সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড়ের মৃত আবুল কালামের ছেলে উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৩) ও তাদের সহযোগী ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৫৮)। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে রুহুল আমিনের বাড়ি সংলগ্ন বয়লারে মাদক সেবনরত অবস্থায় মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম অভিযান চালিয়ে তাদের আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যান।
মোবাইল কোর্ট সূত্র জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক তাদের প্রত্যেকের ১১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।
এসআই শফিউল ইসলাম জানান, তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেইসাথে ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেবকে গত ১৬ জুন দায়ের করা একটি নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে।
উল্লেখ্য, তনু কুমার দেব ফ্যাসিস্ট আমলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ব্যাপক এক্টিভিজম চালিয়ে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসায়, দখল, নিগো বাণিজ্য ও থানার দালালীতে জড়িয়ে পড়ে। আন্দোলনের সময় বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের শনাক্ত করে তাদের ধরিয় দিতে ছিল তৎপর। ৫ আগস্টের পর পালিয়ে থাকলেও তার ফেসবুক আইডিতে সক্রিয় ছিল সবসময়। সে এলাকায় সক্রিয় থাকলেও একটি গ্রুপের সমর্থনে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আটক করার উদ্যোগ নেয়নি।
অপরদিকে ফ্যাসিস্ট আমলে নিজের বয়লারে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের ছেলে সাকলাইন মাহমুদ রকির মদদে নিয়মিত মাদক ও নারীর আসর বসানো, টর্চার সেল পরিচালনা করে বিভিন্ন নারী-পুরুষকে আটকে রেখে মারপিট করে চাঁদা আদায় প্রভৃতি অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন রুহুল আমিন। সংবাদ মাধ্যমে সেসময় এসব তথ্য প্রচার হলে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর তদানিন্তন র্যাব তাকে আটক করে। এরপর উপজেলা যুবদলের পদ থেকে তাকে বহিষ্কাার করা হয়।
সিটি প্রেসক্লাব রংপুরের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো: সাইফুল ইসলাম।
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবি জানিয়েছে, দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের উল্লেখযোগ্য সংখ্যকের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের সাহায্যে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশ বিভাগেও বড় ধরনের রদবদল এনেছে সরকার। রোববার জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর সহিংসতা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় পুলিশের গাড়িতে হামলার পাশাপাশি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়া হয়। পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এছাড়া চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়। টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকেও প্রথমে ভাঙচুর এবং পরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।