এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার পাটগাতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টার দিকে সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আগুনে এমপির পৈতৃক বাড়ির পাশে থাকা তার চাচাতো ভাই ও প্রতিবেশীর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লোক থানা কমপ্লেক্সের ভবন ও সেখানে থাকা একাধিক গাড়িতে আগুন দিচ্ছে। 




দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৭ পিএম

দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আতিক খান মিম মনু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে দিনাজপুরের কোতোয়ালী থানাধীন কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পেছনে অবস্থিত পার্সেল গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।


দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি খাকি রঙের কার্টন নিয়ে পালানোর চেষ্টাকালে ওই ব্যক্তিকে আটক করা হয়।


পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে কার্টনটি তল্লাশী করে ৬০০ পাতায় ১০টি করে মোট ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া কার্টনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট (প্রতিটি ২৫ গ্রাম), ১৮টি জয় স্যানিটারী ন্যাপকিনের প্যাকেট এবং আটক ব্যক্তির পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে একটি ক্যাশ মেমোসহ চালান কপি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


পুলিশের তথ্যমতে, উদ্ধার করা প্রতিটি ট্যাবলেটের ওজন ০.২৭ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়িয়েছে ১ হাজার ৬২০ গ্রাম। এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন বলে দাবী করেছে পুলিশ।


জেলা গোয়েন্দা পুলিশের সরবরাহ করা তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর দিনাজপুর সদর থানায় দায়ের করা একটি মাদক মামলার এফআইআর ও জিআর নম্বর রয়েছে। ওই মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।


মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের উৎস, সরবরাহব্যবস্থা এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্ত করা জরুরী। একই সঙ্গে তদন্তের স্বচ্ছতা, আইনের যথাযথ প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যাশা সংশ্লিষ্ট সচেতন মহলের।


আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০২ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।


পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।


এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।


টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।


টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।


প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।


এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।


এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।


এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৬ পিএম

মেহেরপুরের মুজিবনগরে স্ত্রী তহমিনা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার অপর আসামি ও শহিদুলের ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফুজি পাড়ার দরুদ আলীর ছেলে।


আদালত ও মামলা সূত্রে জানা গেছে, আগের চারটি বিয়ের তথ্য গোপন রেখে প্রায় ২৪ বছর আগে সাহেবপুর গ্রামের তহমিনা খাতুনকে পঞ্চম স্ত্রী হিসেবে বিয়ে করেন শহিদুল ইসলাম। ওই সময় নগদ ২ লাখ টাকা ও একটি গরু যৌতুক নেন তিনি। তাদের সংসারে তিনটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে শহিদুল আনোয়ারা খাতুন নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ষষ্ঠ বিয়ে করেন।


এরপর অন্য স্ত্রীদের প্ররোচনায় তহমিনা খাতুনকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন শহিদুল। পরবর্তীতে বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তহমিনাকে আবার বাড়িতে ডেকে আনেন তিনি। ১৫ মার্চ তহমিনার ওপর অমানবিক নির্যাতন চালানো হলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে ধরে এনে ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধে হত্যা করা হয় এবং ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে প্রচার চালানো হয়।


এ ঘটনায় নিহত তহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুরুতে থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার পাল তদন্ত করে শহিদুলকে আটক করেন। পরে মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। সিআইডির উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করে হত্যার সত্যতা পান।


তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ গঠনের পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন মামলা পরিচালনা করেন।


পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২১ পিএম

গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘রেলওয়ের অনেক কিছুই ভঙ্গুর অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়া একটি নির্দিষ্ট ও স্বচ্ছ পদ্ধতির মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে নানা জটিলতা থাকলেও অনেক দূর অগ্রগতি হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মানুষের জন্য সাশ্রয়ীভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। নতুন এ ট্রেন সার্ভিসে যাত্রীরা সুন্দর পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। তাদের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ ব্যবস্থা করা হয়েছে।’ তিনি বলেন, ‘এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও ধীরে ধীরে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত ৩৭ কিলোমিটার রেলপথে আগে লোকাল ট্রেন চলাচল করতো। কমিউটার ট্রেন হিসেবে চালু হওয়ায় সর্বনিম্ন ভাড়া ১২ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। সাতটি কোচের এ ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ থাকবে। এতে একসঙ্গে ৩৩৪ জন যাত্রী চলাচল করতে পারবেন।

আগের লোকাল ট্রেনে পাওয়ার কার না থাকায় ফ্যান ও আলোর ব্যবস্থা ছিল না। নতুন কমিউটার ট্রেনে বিদ্যুতের সুবিধার পাশাপাশি যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪ নামে ট্রেনগুলো প্রতিদিন দুই জোড়া হিসেবে উভয় পথে চলাচল করবে। সময়সূচি অনুযায়ী, সকাল ৬টায় নাজিরহাট থেকে ছেড়ে ট্রেনটি সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। অন্যদিকে নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে ট্রেনটি দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। পরে চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত বিস্তৃত এ রেলপথ হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মানুষের চট্টগ্রাম শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম। কৃষিপণ্য, চা ও রাবার উৎপাদনের জন্য পরিচিত এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।


অবৈধভাবে চক্ষু চিকিৎসার জন্য নির্দেশসহ ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৯ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়াই চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে মো. নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’-এর সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রিজার্ভ পুকুরপাড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বনি আমিন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটির কাগজপত্র যাচাই করে ট্রেড লাইসেন্স হালনাগাদ পাওয়া গেলেও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করা হয়নি বলে প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা দেখাতে পারেনি।

প্রতিষ্ঠানটির পরিচালক দাবি করেন, ঢাকা থেকে চিকিৎসকেরা অনলাইনে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। পরে প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়া এক রোগীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সহকারী হিসেবে পরিচয় দেওয়া নাঈমুর রহমানই তাকে চিকিৎসাসেবা দিয়েছেন।

এ ঘটনায় বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়া চিকিৎসাসেবা প্রদানের অপরাধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারায় নাঈমুর রহমানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া চোখের মতো সংবেদনশীল অঙ্গের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫১ পিএম

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শ্মশানঘাট রক্ষা (প্রোটেকশন ওয়ার্ক) কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২৯ লাখ টাকা বরাদ্দের এ কাজটি বাস্তবায়ন করছে নীলফামারীর ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলগত নকশা ও নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে দায়সারাভাবে কাজ করা হচ্ছে। অন্যদিকে, কাজ চলমান থাকলেও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতি ও কার্যকর তদারকি না থাকায় সংস্থাটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।


স্থানীয়দের অভিযোগ, শ্মশানঘাটটি নদীভাঙনের হাত থেকে রক্ষায় নেওয়া প্রকল্পের কাজ শুরু থেকেই অনিয়মের মধ্য দিয়ে চলছে। প্রকৌশলগত নকশা (ডিজাইন) ও প্রাক্কলন (এস্টিমেট) যথাযথভাবে অনুসরণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে।


অনুসন্ধানে দেখা গেছে, জিওব্যাগে ১০০ শতাংশ শুষ্ক বালু ভরাটের কথা থাকলেও তা অনুসরণ করা হচ্ছে না। বরং বুড়িতিস্তা নদী থেকে বালু উত্তোলন করে সেই ভেজা বালু দিয়েই জিওব্যাগ ভরাট করা হচ্ছে। এমনকি নদী থেকে উত্তোলন করা বালু দিয়েই গাইড নির্মাণের কাজ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের আশঙ্কা, নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ করা হলে ভবিষ্যতে নদীভাঙন প্রতিরোধে প্রকল্পটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।


সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রকল্পের কাজ চলমান থাকলেও সরেজমিন অনুসন্ধানে পানি উন্নয়ন বোর্ডের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে কাজের স্থানে উপস্থিত থাকতে দেখা যায়নি। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে, ব্যবহৃত উপকরণের মান ঠিক আছে কি না এবং প্রকৌশলগত নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় ২৯ লাখ টাকার সরকারি প্রকল্পে এমন তদারকির ঘাটতি থাকলে কাজের গুণগত মান ও অর্থের যথাযথ ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।


সরেজমিনে কাজের স্থানে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নবুয়াতের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আপনারা চলে যান, সন্ধ্যায় একসঙ্গে চা খাব। সন্ধ্যায় কল দিয়েন।’


এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী একরামুল হকের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনাদের যেভাবে জ্বালাচ্ছেন, আপনাদের এলাকায় আর থাকাই যাবে না।’ তবে প্রকল্পের কাজে ব্যবহৃত বালু ও তদারকির বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিয়েছেন কি না, তা জানা যায়নি।


অন্যদিকে, নদী থেকে বালু উত্তোলন ও সেই বালু দিয়ে জিওব্যাগ ভরাটের বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। উত্তোলন করা বালু দিয়ে জিওব্যাগ ভরাট করতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে নদী থেকে বালু উত্তোলন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


প্রায় ২৯ লাখ টাকার এ প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিনr তদন্ত ও কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রকল্পের অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে কি না, ব্যবহৃত বালুর মান ঠিক আছে কি না এবং নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি নিয়মসম্মত কি না, তা খতিয়ে দেখতে হবে।