আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত
অবৈধভাবে চক্ষু চিকিৎসার জন্য নির্দেশসহ ২৫ হাজার টাকা জরিমানা
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শ্মশানঘাট রক্ষা (প্রোটেকশন ওয়ার্ক) কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২৯ লাখ টাকা বরাদ্দের এ কাজটি বাস্তবায়ন করছে নীলফামারীর ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলগত নকশা ও নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে দায়সারাভাবে কাজ করা হচ্ছে। অন্যদিকে, কাজ চলমান থাকলেও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতি ও কার্যকর তদারকি না থাকায় সংস্থাটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, শ্মশানঘাটটি নদীভাঙনের হাত থেকে রক্ষায় নেওয়া প্রকল্পের কাজ শুরু থেকেই অনিয়মের মধ্য দিয়ে চলছে। প্রকৌশলগত নকশা (ডিজাইন) ও প্রাক্কলন (এস্টিমেট) যথাযথভাবে অনুসরণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, জিওব্যাগে ১০০ শতাংশ শুষ্ক বালু ভরাটের কথা থাকলেও তা অনুসরণ করা হচ্ছে না। বরং বুড়িতিস্তা নদী থেকে বালু উত্তোলন করে সেই ভেজা বালু দিয়েই জিওব্যাগ ভরাট করা হচ্ছে। এমনকি নদী থেকে উত্তোলন করা বালু দিয়েই গাইড নির্মাণের কাজ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের আশঙ্কা, নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ করা হলে ভবিষ্যতে নদীভাঙন প্রতিরোধে প্রকল্পটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রকল্পের কাজ চলমান থাকলেও সরেজমিন অনুসন্ধানে পানি উন্নয়ন বোর্ডের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে কাজের স্থানে উপস্থিত থাকতে দেখা যায়নি। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে, ব্যবহৃত উপকরণের মান ঠিক আছে কি না এবং প্রকৌশলগত নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় ২৯ লাখ টাকার সরকারি প্রকল্পে এমন তদারকির ঘাটতি থাকলে কাজের গুণগত মান ও অর্থের যথাযথ ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।
সরেজমিনে কাজের স্থানে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নবুয়াতের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আপনারা চলে যান, সন্ধ্যায় একসঙ্গে চা খাব। সন্ধ্যায় কল দিয়েন।’
এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী একরামুল হকের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনাদের যেভাবে জ্বালাচ্ছেন, আপনাদের এলাকায় আর থাকাই যাবে না।’ তবে প্রকল্পের কাজে ব্যবহৃত বালু ও তদারকির বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিয়েছেন কি না, তা জানা যায়নি।
অন্যদিকে, নদী থেকে বালু উত্তোলন ও সেই বালু দিয়ে জিওব্যাগ ভরাটের বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। উত্তোলন করা বালু দিয়ে জিওব্যাগ ভরাট করতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে নদী থেকে বালু উত্তোলন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রায় ২৯ লাখ টাকার এ প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিনr তদন্ত ও কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রকল্পের অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে কি না, ব্যবহৃত বালুর মান ঠিক আছে কি না এবং নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি নিয়মসম্মত কি না, তা খতিয়ে দেখতে হবে।
বকেয়া গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ও প্রণোদনাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। এতে টার্মিনাল দুটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শ্রমিকদের কর্মসূচির কারণে ছয়টি জাহাজের পণ্য ওঠানো-নামানো ব্যাহত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকেরা টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দেন। প্রায় তিন ঘণ্টা কর্মবিরতির পর বেলা ১১টার দিকে তাঁরা কাজে ফিরে যান বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটির অর্থ, প্রণোদনাসহ বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এসব পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। তাঁদের কর্মসূচির ফলে এনসিটি ও সিসিটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
বন্দর সূত্রে জানা গেছে, কাগজে-কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। তবে টার্মিনালটির মূল পরিচালন কার্যক্রম পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। অন্যদিকে, সিসিটির পরিচালনার দায়িত্বেও রয়েছে একই প্রতিষ্ঠান।
এদিকে, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটির পরিচালনার দায়িত্ব প্রতিষ্ঠানটির কাছে হস্তান্তরের কথা রয়েছে। পাশাপাশি সিসিটিও সাইফ পাওয়ারটেকের হাত থেকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
টার্মিনাল দুটির পরিচালনব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তনকে ঘিরে সেখানে কর্মরত প্রায় এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরি ও আর্থিক সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের পাওনা পরিশোধ এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা।
এ বিষয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম সংবাদমাধ্যমকে বলেন, ‘সকাল আটটা থেকে সাময়িক কর্মবিরতি পালনের পর ১১টার পর তাঁরা কাজে ফিরে গেছেন বলে শুনেছি। তাঁদের সঙ্গে আলোচনা চলছে।’
পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল কি ক্রমেই সশস্ত্র অপরাধী চক্রের প্রভাববলয়ে চলে যাচ্ছে? পদ্মা নদীর অন্তর্ভুক্ত চার জেলার সীমান্তবর্তী দুর্গম নদী ও চরাঞ্চলে সশস্ত্র অপরাধী গোষ্ঠীর তৎপরতা,অবৈধ বালু উত্তোলন,আগ্নেয়াস্ত্র ও মাদক কারবারের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের এসব অভিযোগের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে কুষ্টিয়া জেলা পুলিশের ধারাবাহিক অভিযান,গোয়েন্দা নজরদারি ও আন্তজেলা সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
কুষ্টিয়া,রাজশাহী,নাটোর ও পাবনা জেলার মধ্যবর্তী পদ্মার চরাঞ্চল ভৌগোলিকভাবে বিস্তৃত ও দুর্গম।এ অঞ্চলের চকরাজাপুর,তিলোকপুর ঘাট,চৌদ্দহাজার মৌজা,উজিরপুর-সংলগ্ন চরাঞ্চল,আটমাইল থেকে পাকশী,লক্ষ্মীনগর ও আলাইপুর পর্যন্ত নদীপথের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন,অস্ত্র ও মাদক কারবার এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের।
স্থানীয় একাধিক সূত্রের দাবি,এসব এলাকার কিছু অংশে সশস্ত্র অপরাধী গোষ্ঠী নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। বৈধ বালুমহালের ইজারাদার,নদীপথে চলাচলকারী ব্যবসায়ী ও শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ বালু উত্তোলনে বাধা সৃষ্টির অভিযোগও রয়েছে।
অভিযানে গ্রেপ্তার,নজরদারিতে চরাঞ্চল-স্থানীয়দের অভিযোগ,২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির সুযোগে পদ্মার চরাঞ্চলে অপরাধী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে।এমন পরিস্থিতিতে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান পরিচালিত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৯ নভেম্বর পরিচালিত বিশেষ অভিযানে ৯ জনকে এবং ২০২৬ সালের ৯ অক্টোবর পরিচালিত আরেক দফা যৌথ অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা পুলিশ।দ্বিতীয় অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর,চিলমারী,ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়।
পরবর্তী সময়ে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ অভিযানে পদ্মার চরের কথিত ‘কাঁকন বাহিনীর’ সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে অভিযুক্ত শ্যুটার রায়হান ও টুয়েল ফরাজি নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।গ্রেফতারকৃত দুইজন ব্যাক্তির বিরুদ্ধে নদীপথে চাঁদাবাজি,অপহরন,হত্যা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো.আমিনুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমনে পুলিশের তৎপরতা ও ধারাবাহিক নজরদারির বিষয়টি এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় এসেছে।তবে অভিযানের পাশাপাশি অপরাধী গোষ্ঠীর তৎপরতার উৎস,অস্ত্রের সরবরাহ এবং তাদের অর্থনৈতিক নেটওয়ার্ক শনাক্ত করাও জরুরি।
অস্ত্র,ইয়াবা ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ-
পদ্মার বিভিন্ন চরাঞ্চলে অবৈধ আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও ইয়াবা বাণিজ্যের অভিযোগ উদ্বেগজনক।স্থানীয় সূত্রের দাবি,দুর্গম চরাঞ্চলের কিছু অংশ অপরাধী গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনার নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে।পাশাপাশি আদালতের আদেশ ও সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও রয়েছে।
নৌপথে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্যের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অবৈধ কার্যক্রমে সহযোগিতার অভিযোগও উঠেছে।এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। বৈধ বালুমহাল ও নদীপথের নিরাপত্তা জরুরি-সরকারি রাজস্ব প্রদান করে বৈধভাবে বালুমহাল পরিচালনাকারী ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।কোনো সশস্ত্র গোষ্ঠী যেন ভয়ভীতি,চাঁদাবাজি কিংবা অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে বৈধ ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য কার্যকর পদক্ষেপ জরুরী প্রয়োজন।
একই সঙ্গে নদীপথে চলাচলকারী নৌযান,শ্রমিক,ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।পদ্মার চরাঞ্চলে নিরাপদ পরিবেশ না থাকলে বৈধ ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।পদ্মা নদীর অন্তর্ভুক্ত চার জেলার সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার দাবি-পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে কুষ্টিয়া,রাজশাহী,নাটোর ও পাবনা জেলা প্রশাসন,পুলিশ এবং নৌপুলিশের মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদার করার দাবি উঠেছে।এ ক্ষেত্রে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন-অপরাধপ্রবণ চরাঞ্চলে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আইনসম্মত অভিযান পরিচালনা।
অবৈধ আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও মাদক সরবরাহের উৎস শনাক্ত করা।অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।নৌপথে দায়িত্ব পালনকারী সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করা।বৈধ বালুমহালের ইজারাদার,ব্যবসায়ী,শ্রমিক ও সাধারণ নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।আগের যৌথ অভিযানগুলোর কার্যকারিতা পর্যালোচনা এবং অপরাধী গোষ্ঠীর পুনর্গঠনের সুযোগ বন্ধ করা।
পদ্মার চরে আইনের শাসন প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ-পদ্মা নদী কোনো ব্যক্তি,সন্ত্রাসী গোষ্ঠী কিংবা সশস্ত্র চক্রের ব্যক্তিগত সম্পত্তি নয়।নদী,চর ও নৌপথের ওপর রাষ্ট্রের আইন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকতে হবে।
কুষ্টিয়া জেলা পুলিশের ধারাবাহিক অভিযান ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।তবে দীর্ঘমেয়াদে অপরাধ নিয়ন্ত্রণে শুধু অভিযান যথেষ্ট নয়,প্রয়োজন নিয়মিত গোয়েন্দা নজরদারি,আন্তজেলা সমন্বয়,অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধের অর্থনৈতিক নেটওয়ার্ক শনাক্ত ও ভেঙে দেওয়া।
পদ্মার চরাঞ্চলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে,নাকি সশস্ত্র অপরাধী গোষ্ঠীর আধিপত্যের অভিযোগ বারবার ফিরে আসবে-এ প্রশ্ন এখন স্থানীয়দের উদ্বেগের কেন্দ্রে।চরাঞ্চলকে অপরাধের অভয়ারণ্য নয়,নিরাপদ জনপদ ও বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লক্ষ্য।
উক্ত বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,পদ্মার চরাঞ্চলে সন্ত্রাস,অবৈধ অস্ত্রের বিস্তার,মাদক ও ইয়াবা কারবারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশের অবস্থান আপসহীন।অপরাধী যে-ই হোক,তার পরিচয় বা প্রভাব বিবেচ্য নয়-অপরাধের প্রমাণ মিললে আইনের আওতায় আনা হবে।কিছুদিন পূর্বেও অভিযান হয়েছে,পদ্মার চরাঞ্চলকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।অপরাধীর কোনো ছাড় নেই,আইনের ঊর্ধ্বে কেউ নয়।
এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,পদ্মার চরাঞ্চলে সন্ত্রাস,অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক ব্যবসা ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা অপরাধী চক্রকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।পদ্মার চরাঞ্চলে জননিরাপত্তা,বৈধ ব্যবসা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান ও নজরদারির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কঠোরভাবে বলা হয়েছে।
উল্লেখিত বিষয়ে রাজশাহী অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপারকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনকল রিসিভ করেনি।