• প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫৫ পিএম

আজ বৃহস্পতিবার সকালে পর্যবেক্ষণে দেখা যায়, আকভান ঘণ্টায় ১২ কিলোমিটার অতিক্রম করছে। তবে গতকাল মূল ঝড়টির গতি ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।


আবহাওয়াবিদদের মতে, কোনো ঝড় সাগরে দীর্ঘ সময় থাকলে ব্যান্ড ক্লাউড (ঘূর্ণিঝড় বা বড় ঝড়ের বাইরের অংশে এমন মেঘের সারি, যা দেখে ঝড়ের অগ্রভাগ বোঝা যায়) ছড়িয়ে পড়ে। আকভানের ক্ষেত্রেও তেমন হয়েছে।


‘দক্ষিণাঞ্চল থেকে পেরিফেরাল ক্লাউড (প্রান্তীয় মেঘ) দেশের মধ্যাঞ্চল পর্যন্ত ভেসে এসেছে,’ দ্য ডেইলি স্টারকে বলেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।


এদিন সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫, মোংলা থেকে ১ হাজার ১০ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।


আফরোজা বলেন, ‘ঝড়টি দীর্ঘ সময় সাগরে থাকায় এর শক্তি বাড়ছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এই মেঘগুলো আমাদের দিকে ভেসে আসছে।’‘ফলে বৃষ্টির পাশাপাশি উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে,’ যোগ করেন তিনি।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল ১০টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বৃষ্টি বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর।


প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।


এ কারণে আজও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।


দেশের ভেতরে উপকূলীয় নদীবন্দর এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।


দুর্ঘটনা এড়াতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


পূর্বাভাস অনুসারে, আগামীকাল ঝড়টি ভারতের উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে আগামী অন্তত ৪ দিন সারা দেশে বৃষ্টি ঝরবে।



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৫ পিএম

দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) বিকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সর্বশেষ সব খবর

ফাইল ফটো

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৬ পিএম

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  


আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শুক্রবার সকালে লঘুচাপটি তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।


ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার দিকে লঘুচাপটির সম্ভাব্য গতিপথ জানিয়ে তিনি বলেন, নিম্নচাপে রূপ নিলে তখন বোঝা যাবে এটি কোন দিকে যাবে। 


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে লঘুচাপের প্রভাবে আগামী চারদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


চলতি মাসের শুরুর দিকে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় ‘মুরাসু’। সেটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঝড়টি ২ নভেম্বর রাতে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানে। এর আগে সাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় অর্ণব।


এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে আরও একাধিক লঘুচাপ সৃষ্টি এবং এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে চলতি মাসের মাঝামাঝি থেকে শীতের অনুভূতি বাড়তে পারে। ডিসেম্বর ও জানুয়ারিতে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই থেকে তিনটি লঘুচাপ। এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।


এদিকে নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এ মাসের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হতে পারে। কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।


নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসে দেশে আট থেকে ১০টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুটি থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী তিন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে পাঁচটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৪ এএম

দেশের আট বিভাগেই আগামী ১১ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে বৃষ্টিপাতের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (১১ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (১৩ নভেম্বর) সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ও বুধবারও তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। 

সর্বশেষ সব খবর

উত্তাল সৈকত। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩৮ পিএম

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চি দিকে অগ্রসর হয়ে দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। তবে আকাশে মেঘের বিচরন না থাকলেও উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে  ১২৮০ কিলোমিটার দক্ষিনে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে ও মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩২৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিলো। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে বৃদ্ধি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। 

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন,নিষেধাজ্ঞা শেষ করে জেলেরা সাগরে যেতেনা যেতেই আবার আবহাওয়া খারাপ হয়ে গেছে। তারপরও সকল জেলেদের সতর্কতার সহিত সাগর কিনারায় মাছ ধরতে বলা হয়েছে। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

এবার শীত মৌসুমে দেশে সর্বোচ্চ ৬টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এসব শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে।


এ ছাড়া শীতের শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদ-নদীর অববাহিকায় কুয়াশার প্রকোপ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।


নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।১ নভেম্বর প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে চার থেকে ৬টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি শৈত্যপ্রবাহে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এ ছাড়া দুই থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও শীতের অনুভূতি বাড়তে পারে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ওই মাসে ৯ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়। অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়। এর মধ্যে একটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয়। পরে ঘূর্ণিঝড়টি প্রবল ও অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে।


অক্টোবর মাসে সক্রিয় মৌসুমি বায়ুপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রসহ দমকা ও ঝোড়ো হাওয়াও বয়ে যায়। ২ অক্টোবর সিলেটের শ্রীমঙ্গলে ওই মাসে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ৬৪ মিলিমিটার রেকর্ড করা হয়।


এ ছাড়া অক্টোবরের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। সিলেটে ১৭ অক্টোবর ওই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ২৭ অক্টোবর তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়। মাসটিতে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ১ দশমিক ৮, শূন্য দশমিক ৪ ও ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বর মাসে দেশের মাটির আর্দ্রতা ২৫ থেকে ৪৫ শতাংশের মধ্যে থাকতে পারে। বিভাগভেদে বৃষ্টিপাতের পূর্বাভাসে দেখা গেছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনায় স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


আবহাওয়ার এ পূর্বাভাস তৈরিতে প্রাপ্ত আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়ার বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষণ, জলবায়ু মডেল, এল-নিনো ও লা-নিনার অবস্থা এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস পর্যালোচনা করা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৫০ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। তবে এর মধ্যেই নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায়। এ অবস্থায় ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টি হতে পারে দুই দিন। সেইসঙ্গে তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে অনেক জায়গায়।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপ ও পরবর্তীতে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এদিকে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায়।


এ অবস্থায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এই ২৪ ঘণ্টায়।


এরপর শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই ২৪ ঘণ্টায়।


শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই ২৪ ঘণ্টায়। সেইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।


পরদিন সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায়। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ ২৪ ঘণ্টায়।

সর্বশেষ সব খবর