ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এসময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পোড়ানো হয়।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম বলেন, মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনসেড ঘরে হামলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে বাসার সামনে জড়ো হন। তারা প্রথমে স্লোগান দেন, এরপর ভাঙচুর শুরু করেন। শেষে পেট্রোল ও অকটেন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা বের হয়ে যান।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলা চালাচ্ছেন। বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে।
এদিকে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। এমন অবস্থায় আজ সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। পরে তারা আগুন ধরিয়ে দেন।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে আজ গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাঁদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ দ্বীপে অবস্থান করছেন।
বুধবার রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে পুনরায় জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। তাই আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।
এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন ছাড়াও কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া, বাঁশখালী-কুতুবদিয়া, কুমিরা-গুপ্তছড়া ও চট্টগ্রাম-চরগজারিয়াসহ বিভিন্ন নৌপথ রয়েছে। এসব পথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া এক হাজারের বেশি পর্যটক এখনো সেখানে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তাঁরা ফিরতে পারছেন না। আবহাওয়া স্বাভাবিক হলে তাঁদের কক্সবাজারে ফেরার সুযোগ তৈরি হবে।
দ্বীপের পশ্চিম পাড়ার একটি রিসোর্টে অবস্থান করছেন পর্যটক মাহবুব আহমদ শাকিল। তিনি বলেন, ‘সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। যাত্রা বিলম্ব হলেও এখানে অবস্থান করা ছাড়া আর উপায় নেই।’
এদিকে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত দিনে জাহাজ চলাচল না করায় তাঁদের ভ্রমণ বাতিল হবে, নাকি পরবর্তী সময়ে একই টিকিটে দ্বীপে যাওয়ার সুযোগ দেওয়া হবে—এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
তবে টিকিটের টাকা ফেরত অথবা পরবর্তী সময়ে ভ্রমণের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি জানান, বৃহস্পতিবার যারা সেন্টমার্টিন যাওয়ার টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তাঁরা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। কোনো কারণে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে পর্যটকের সংখ্যা।
গত ১৩ নভেম্বর শুক্রবার চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত। বুধবারও চারটি জাহাজে করে দ্বীপে গেছেন ১ হাজার ২৪১ জন। তাঁদের মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২, এমভি টেকনাফে ১৪৫ এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য রয়েছে একাধিক বিধিনিষেধ। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। এ ছাড়া সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চলাচল এবং দ্বীপের প্রাকৃতিক সম্পদ সংগ্রহেও বিধিনিষেধ রয়েছে।
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকায় একটি সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সড়কের যেখানে মিছিল হয়েছে সেখান থেকে সংসদ সদস্য সরওয়ার জামিল নিজামের বাড়ি মাত্র ১০০ মিটার দূরে। মিছিলকারীদের সবার হেলমেট পরা ছিল। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। পরে তাঁরা সেখান থেকে চলে যায়।মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিষিদ্ধঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়। এতে ২০ থেকে ২৫ জন যুবককে হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। তাঁদের কারও হাতে লাঠিসোঁটা ও লগি-বইঠা, কারও হাতে রামদা ছিল।
মিছিলের বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, ‘মিছিলের একটি ভিডিও আমরা দেখেছি। তাঁরা মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য চালানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আমরা দুজনকে আটক করেছি। ভিডিও দেখে বাকিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার গণপরিবহন চলাচল কিছুটা কমেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকে উত্তেজনা থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী স্বাভাবিক নিয়মেই চলছে। তবে গণপরিবহন স্বাভাবিকের চেয়ে কম, আর স্কুল-কলেজ খোলা থাকায় ঘুম থেকে উঠে বিপাকে পড়েছেন অনেকেই। চলতি সপ্তাহের আগের দিনগুলোতে ঘটে যাওয়া নাশকতা এবং বুধবার রাতের জ্বালাও-পোড়াওয়ের ঘটনা মিলিয়ে বৃহস্পতিবার নিয়ে বেশ উৎকণ্ঠা তৈরি হয়।
আজ সকালে ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইট, বিজয়সরণি, মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন বিশেষ করে বাস তুলনামূলক কম। বিভিন্ন দপ্তরের কর্মী বহনকারী বাস চলতে দেখা গেলেও সাধারণ বাসগুলো প্রায় নেই বললেই চলে।
মেট্রো চলছে স্বাভাবিক নিয়মে। মেট্রো স্টেশনগুলোর নিচে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইটসহ বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
আগের দিন থেকেই বাস মালিকদের ডেকে বাড়তি সতর্ক থাকার কথা বলেছে পুলিশ। মিরপুরের এক বাস মালিক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের বুধবারই পুলিশের তরফ থেকে বলা হয়েছে সন্ধ্যা ৬টার পর যেন বাস না চালাই। আমাদের গাড়িগুলো রাতে যেখানে রাখা ছিল, সেখানে রাতভর আমাদের লোকেরা পাহারা দিয়েছে।’
তিনি বলেন, এই কারণে বৃহস্পতিবার সকালে বাস নামানো হয়নি। আমাদের গাড়িগুলার উপরে ওদের সব টার্গেট। আমরা কী অপরাধ করছি ভাই? এসব কারণে সকালে গাড়ি নামাইনি। তবে পরিস্থিতি ভালো হলে ১০-১১টার দিকেই নামিয়ে দেবে সবাই, এমন আশায় আছি।
বাস চলাচল কম থাকলেও ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবই খোলা। অনেক স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। এমন অবস্থায় স্কুলে না গেলেও না। বৃহস্পতিবার সকালেই দুই কন্যাকে নিয়ে মালিবাগ থেকে ধানমন্ডি আসেন মোহাম্মদ আলম। ধানমন্ডি ২৭ এলাকায় নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণিতে পড়েন এ অভিভাবকের দুই কন্যা।
তিনি বললেন, বাচ্চাদের স্কুলে নিয়ে আসলাম সকালে। বাসে ও লেগুনা দিয়ে এসেছি, রাস্তায় গণপরিবহন তুলনামূলক কম মনে হলো। আসার পথে কোথাও ঝামেলা চোখে পড়েনি। এ স্কুলের শিক্ষার্থীদের কেউ কেউ ক্লাসে আসেনি।
সকাল থেকেই ঢাকার রাস্তাগুলোতে অটোরিকশা, লেগুনার মতো বাহনের দাপট ছিল বেশি। পুলিশও অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে আটকাচ্ছে না।
ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় নৈশ কোচগুলো নিয়মমতোই ঢাকায় ঢুকেছে। তবে দিবাকালীন ট্রিপগুলোতে যাত্রী কম জানিয়ে গাবতলীর শ্যামলী পরিবহনের কাউন্টারের মাস্টার মো. ইকবাল বলছেন, আজকে দিনের যাত্রী কম। এই কারণে হয়তো ট্রিপ কম হবে। তাছাড়া বৃহস্পতিবার এমনিতেই সকালে যাত্রী কম হয়, আর সন্ধ্যায় প্রচুর ভিড় হয়।
মহাখালী বাস টার্মিনালকেন্দ্রিক ময়মনসিংহের সৌখিন পরিবহনের এক বাস মালিক বলছেন, গাজীপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে বুধবার আমাদের গাড়িগুলো আসতেই পারেনি। আজকে কী অবস্থা হয় তার ওপর নির্ভর করবে পরিস্থিতি। এমনিতে মহাখালীতে কোনো সমস্যা নেই।
শুক্রবার ঢাকায় ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় বৃহস্পতিবার বাস চলবে কি না তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। ‘বাসেস অব ময়মনসিংহ ডিভিশন’ নামে একটি ফেইসবুক গ্রুপে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়ে করা একটি পোস্টে অনেক চাকরিপ্রার্থীকে বাস চালানোর অনুরোধ জানাতে দেখা যায়।
মোফাখখারুল ইসলাম ভুঁইয়া টিটু নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, “শুক্রবার হাজারো চাকরিপ্রত্যাশী ভাই-বোনের ব্যাংক এক্সাম। বৃহস্পতিবার ঢাকা যেতে চাচ্ছি ময়মনসিংহ থেকে। ইউনাইটেড-সৌখিন চলবে কী না জানান প্লিজ।”
সীমা ঘোষ নামে আরেকজন লিখেছেন, “শুক্রবার এক্সাম, যাবো ক্যামনে?” তবে বাস মালিকরা বলছেন, গাজীপুরে কোন সমস্যা না থাকলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাস চলবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করার কথা বলেছে। শেষ দিনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার লকডাউনের ঘোষণা রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে দলটির কিছু নেতাকর্মী। সড়ক অবরোধসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আসছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সংসদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করেছেন।
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ উপজেলায়। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
এর আগের দিন বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৩ ডিগ্রি কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের আমেজ বাড়ছে। বিশেষ করে ভোর ও রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে ঘন কুয়াশার কারণে জনজীবনেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন আহমেদ বলেন, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাস বইছে। ভোরের দিকে কুয়াশা পড়ছে। আজ সকালে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের প্রথম শ্রেণির কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো জাহাজ ছেড়ে যাবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।
তবে, আগে থেকে এদিনের টিকিট কেটে রাখা পর্যটকরা আবহাওয়া স্বাভাবিক হলে সেই টিকিটে ফের যাত্রা করতে পারবেন। আর সময়ের কারণে কারও পরবর্তী যাত্রা সম্ভব না হলে টিকিটের সমুদয় টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম তাসনীম জাহান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে ফের জাহাজ চলাচল শুরু হবে। এছাড়াও সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। এ সময় তাদের দেখভাল করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
সেন্টমার্টিনে চলাচল করা জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন বলেন, হঠাৎ আবহাওয়া বৈরি হয়েছে। সমুদ্রে সংকেত চলায় সাগর উত্তাল রয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সেন্টমার্টিন যেতে যেসব পর্যটক জাহাজের টিকিট কিনেছেন তারা সবাই আবহাওয়া পরিস্থিতি ভালো হলে সেই টিকিটেই সেন্টমার্টিন যেতে পারবেন। যদি যেতে না চান, তবে টিকিটের মূল্য ফেরত দেয়া হবে বলে।
এদিকে, কক্সবাজার সমুদ্রবন্দরকে ২ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সাগরে সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করছে পাঁচটি পর্যটকবাহী জাহাজ। এবার দৈনিক সাড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিন যাওয়ার এবং নির্ধারিত সময় পর্যন্ত দ্বীপে রাত যাপনের সুযোগ পাচ্ছেন। তবে, আগের মতো জীববৈচিত্র্য রক্ষায় নির্ধারিত কিছু নিয়ম মানতে হবে পর্যটকদের।
জানা গেছে, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পর্যটকদের গতিবিধি নিয়মিত নজরদারিতে রাখা হচ্ছে। ছেঁড়াদিয়ায় যাতে কোনো পর্যটক প্রবেশ করতে না পারেন, সে জন্য আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
১৯৯৯ সালে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষায় পুরো দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এ এলাকায় পরিবেশ ধ্বংসকারী কার্যক্রম নিষিদ্ধ। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।
আইন অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল-পাথর তোলা, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে এগিয়ে যান। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। তিনি বলেন, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় এই বাড়ি নির্মাণ করেন তিনি। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতেই।