নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নে দুর্যোগকালে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি, গ্রাম পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের নিয়ে চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এর উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। চর কিং ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্র থেকে মোট ২৫ জন স্থানীয় প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশনের শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এরপর দুর্যোগের প্রেক্ষাপটে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি, নারী ও কিশোরীদের বিশেষ ঝুঁকি এবং তাদের নিরাপত্তায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তাঁর বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া, একটি বাতি জ্বালানো ও একটি ফ্যান চালানো ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন না তিনি। অস্বাভাবিক এই বিল নিয়ে বিদ্যুৎ অফিসে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মো. ইউনুস আলী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। তাঁর মিটার হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।
ইউনুস আলীর বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।
ভুক্তভোগীর দাবি, তাঁর বাড়িতে একটি বাতি, একটি ফ্যান এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বিদ্যুৎ ব্যবহার হয় না। পেশায় দিনমজুর ইউনুস আলীর সম্পদ বলতে রয়েছে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেই সামান্য জায়গায় পরিবারের ছয় সদস্যকে নিয়ে গাদাগাদি করে বসবাস করেন তাঁরা। দিনমজুরি করে কোনোমতে সংসার চালানো এই মানুষের পক্ষে তিন মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে।
ইউনুস আলী অভিযোগ করেন, অস্বাভাবিক বিলের বিষয়ে তিনি কয়েকবার বিদ্যুৎ অফিসে গিয়েছেন। এজিএমসহ বিভিন্ন কর্মকর্তার কাছেও সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু প্রতিকার পাওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর। বাধ্য হয়েই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তাঁর বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’
তবে একজন দিনমজুরের সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও মাসে ৪০০ থেকে ৫০০ ইউনিটের বেশি ব্যবহার দেখানোর কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মিটারের প্রকৃত রিডিং, বিল প্রস্তুতের প্রক্রিয়া এবং ইউনিটপ্রতি মূল্যসহ বিলের প্রতিটি খাত যাচাই করা প্রয়োজন। পাশাপাশি ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মিটার পরীক্ষা ও বিল পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে কি না, সেটিও এখন দেখার বিষয়।
প্রতি হাটবারে মানুষের ঢল নামে। কৃষিপণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের বেচাকেনায় সরগরম থাকে পুরো এলাকা। হাট ইজারা দিয়েই রাজস্ব আদায় হচ্ছে কোটি কোটি টাকা। অথচ যে হাট থেকে এত বিপুল অর্থ আসে, চিলমারীর সেই জোড়গাছ হাটের অবকাঠামোগত চিত্র বদলায়নি এক যুগেও।
কাদা-পানি, ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা, অকার্যকর ড্রেনেজ, ব্যবহার অনুপযোগী গণশৌচাগার এবং ব্যবসায়ীদের বসার জায়গার সংকট নিয়েই চলছে হাটের কার্যক্রম। এতে প্রতি হাটবারে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতাকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ গত তিন বাংলা সনে শুধু ইজারা থেকেই রাজস্ব এসেছে ৪ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৯১৬ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্যাট ও আয়কর বাদে চলতি ১৪৩৩ বাংলা সনে জোড়গাছ হাটটি ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকায় ইজারা দেয়া হয়। হাটটির ইজারা নেন মাইদুল ইসলাম। ১৪৩২ বঙ্গাব্দে ইজারা মূল্য ছিল ১ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৯১৬ টাকা। হাটটি কুড়িগ্রাম জেলা জামায়াত নেতা আবু রায়হান ফারুকি নিলেও নির্ধারিত সময়ে ইজারা না হওয়ায় ওই অর্থ ‘খাস আদায়’ হিসেবে নথিভুক্ত হয়। আর ১৪৩১ বঙ্গাব্দে ১ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকায় হাটটি ইজারা নেন মো. ফিরোজ মিয়া।
সরকারি বিধিমালা অনুযায়ী, হাট-বাজারের ইজারা রাজস্বের একটি অংশ সংশ্লিষ্ট হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের বিধান রয়েছে। ২০১১ সালের হাট-বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা অনুযায়ী ইজারা রাজস্বের ২০ শতাংশের মধ্যে ১৫ শতাংশ এবং ২০২৫ সালের নতুন বিধিমালা অনুযায়ী ২০ শতাংশের মধ্যে ১০ শতাংশ সংশ্লিষ্ট হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের জন্য নির্ধারিত।
উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যানুযায়ী, তিন বছরে জোড়গাছ হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ দাঁড়ায় ৬১ লাখ ৮৬ হাজার ২৮৭ টাকা। বিধি অনুযায়ী, এই অর্থে হাটের পরিচ্ছন্নতা, গণশৌচাগার, ড্রেনেজ ব্যবস্থা, শেড নির্মাণ বা সংস্কার এবং অভ্যন্তরীণ সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ব্যয়ের সুযোগ রয়েছে। কিন্তু এই বিপুল অর্থের বিপরীতে হাটের দৃশ্যমান উন্নয়ন কতটা হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা।
উপজেলা প্রশাসনের তথ্যানুযায়ী, গত তিন অর্থবছরের মধ্যে ১৪৩২ বঙ্গাব্দে জোড়গাছ হাট ও আশপাশের তিনটি সড়ক সংস্কার প্রকল্পে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জোড়গাছ পুরাতন বাজার থেকে রমনা পর্যন্ত সড়ক সংস্কারে ১ লাখ ৫০ হাজার টাকা, জোড়গাছ হাটের রাস্তা সংস্কারে ২ লাখ টাকা এবং জোড়গাছ পুরাতন হাট থেকে মকবুলের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কারে আরও ২ লাখ টাকা।
তবে বরাদ্দের বিপরীতে সড়কের দৃশ্যমান চিত্র বলছে ভিন্ন কথা। স্থানীয় ব্যবসায়ী ও হাটে আসা মানুষের অভিযোগ, নামমাত্র কাজ দেখিয়েই প্রকল্পের অর্থ ব্যয় দেখানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হাটের বিভিন্ন অংশের চলাচলের রাস্তার অবস্থা নাজুক। সামান্য বৃষ্টি হলেই কোথাও কোথাও কাদা-পানিতে একাকার হয়ে যায় পথ। কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বৃষ্টি থামার পরও দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকে। ১৪২৮ বঙ্গাব্দে জোড়গাছ নতুন বাজারে একটি ড্রেন নির্মাণ করা হলেও বর্তমানে সেটিও কার্যত অকার্যকর।
হাটের গরুহাটিতে রয়েছে তিনটি গণশৌচাগার। এর মধ্যে প্রায় এক দশক আগে নির্মিত দুটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী। একটির দরজায় তালা ঝুলছে, সামনে জমে আছে ময়লার স্তূপ, চারপাশে গজিয়েছে আগাছা। অন্যটির দরজাই নেই। ফলে শৌচাগার থাকলেও তা কার্যত কোনো কাজে আসছে না। ২০১৮-১৯ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত কমিউনিটি টয়লেটটি এখন হাটের একমাত্র ভরসা। তবে অতিরিক্ত ব্যবহার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেটিও ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এ ছাড়া ব্যবসায়ীদের পণ্য নিয়ে বসার পর্যাপ্ত জায়গা নেই। হাটবারে মানুষের চাপ বাড়লে সংকুচিত হয়ে পড়ে চলাচলের পথ। সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত সুবিধাও নেই।
স্থানীয় ব্যবসায়ী হাসান আলী বলেন,‘জোড়গাছ হাট থেকে প্রতিবছর বিপুল রাজস্ব আদায় হচ্ছে। কিন্তু সেই তুলনায় ক্রেতা-বিক্রেতাদের মৌলিক সুবিধা বাড়েনি। বছরের পর বছর একই সমস্যার মধ্যে হাট করতে হচ্ছে।’
স্থানীয় ক্রেতা এরশাদুল করিম রাজু বলেন,‘কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও হাটের রাস্তা, ড্রেনেজ ও পানি নিষ্কাশনের চিত্র না বদলালে উন্নয়ন খাতে নির্ধারিত অর্থের ব্যয়প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’
জোড়গাছ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জোবাইদুল ইসলাম সুইট বলেন, ‘গত এক যুগেও হাটের উল্লেখ করার মতো উন্নয়ন হয়নি। প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে কিন্তু আমরা এর সুফল পাচ্ছি না।’তবে হাটের উন্নয়নের বিষয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা হাটশেড, সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ হয়েছে এমন দাবি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন,‘হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারি বিধিমালা অনুযায়ী নির্ধারিত অর্থ ব্যয়ের বিধান রয়েছে। বরাদ্দের টাকা রাজস্ব তহবিলে জমা আছে। হাটের দুর্ভোগ নিরসনে প্রকল্প নেওয়া হলে ওই তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে।’
ওসি মোহাম্মদ আব্দুল হালিম
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক হুমকির বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে বাংলা ও ইংরেজিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তাগুলোর মধ্যে রয়েছে, ‘How are you’, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’।
এ ছাড়া বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো’, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’
অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সর্বশেষ বার্তায় হুমকি দিয়ে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
এসব হুমকির ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের কারণে তাকে এমন হুমকি দেয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি।
তিনি আরও জানান, হুমকি দেয়া মোবাইল নম্বরটির পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহের ভালুকায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী, আইডিয়াল মোড় ও কাশর চৌরাস্তায় পৃথক তিনটি স্থানে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু শ্রমিকদের বেতন বৃদ্ধির আশ্বাস দেন। পাশাপাশি শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে প্রতি শুক্রবার ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিতরণ করা হবে।
তিনি শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উছমান গনী মল্লিক মাখন, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসানসহ উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নির্বাচন কমিশনারের ঘোষণা অনুসারে ২য় ধাপে ৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদেও প্রার্থী চূড়ান্তের কাজ চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, লালপুরের ১০টি ইউনিয়নে জামায়াতের নেতাকর্মীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক, ওয়ার্ড বৈঠকসহ নানা ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসব প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ছে বলেও দাবি করছেন দলটির নেতাকর্মীরা।
চূড়ান্ত হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন— ১ নং লালপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ, ২ নং ঈশ্বরদী ইউনিয়নে গোলাম রব্বানী সুমন, ৩ নং চংধুপইল ইউনিয়নে হাসমত আলী হাসু, ৪ নং আরবাব ইউনিয়নে আব্দুর রউফ, ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়নে আনেজ উদ্দিন, ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম, ৭ নং ওয়ালিয়া ইউনিয়নে কামরুজ্জামান, ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নে সাজ্জাদুর রহমান উজ্জল, ৯ নং অর্জুনপুর - বরমহাটি (এবি ) ইউনিয়নে শরিফুল ইসলাম এবং ১০ নং কদিমচিলান ইউনিয়নে মহসিন আলম।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৭০ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অবশিষ্ট ওয়ার্ডগুলোতে প্রার্থী চূড়ান্তের কাজ চলমান রয়েছে।
দুড়দুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সামাদ বলেন, “আমরা নির্বাচনে বিজয় পেতে কাজ করছি। এ লক্ষ্যে নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।”
কদিমচিলান ইউনিয়নের জামায়াতকর্মী আরাফাত বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দমন-পীড়নে এ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। জামায়াতের প্রার্থী দীর্ঘদিন কারাভোগ করেছেন। এলাকায় তাঁর জনপ্রিয়তাও রয়েছে।”
বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাজদার রহমান বলেন, “জামায়াতের প্রার্থীকে বিজয়ী দেখতে আমরা কাজ করে যাচ্ছি।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লালপুরের বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থীদের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষকের আনন্দ আর নতুন ধানের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া। বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।
বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এদিন বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পার্শ্ববর্তী আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। উৎসবকে ঘিরে এর আগে থেকেই মন্দির আঙিনায় নেওয়া হয় নানা আয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
এতে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন।
মন্দিরের সাধারণ সম্পাদক নয়নাভিরাম গাইন বলেন, “নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমরা প্রতি বছর পহেলা অগ্রহায়ণে এ উৎসবের আয়োজন করে থাকি। মতুয়া সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসবে অংশগ্রহণ করেন।
আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু নতুন ফসলের আনন্দ উদযাপন নয়, বরং পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন একসঙ্গে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। উৎসবের শেষে নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা, পায়েস, মলিদাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার প্রসাদ হিসেবে ভক্তদের মাঝে বিতরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেও আমরা প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখতে চাই।”
উল্লেখ্য, নবান্ন বাঙালির অন্যতম প্রাচীন লোকজ উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান ঘরে ওঠার আনন্দকে কেন্দ্র করে গ্রামবাংলায় এ উৎসবের প্রচলন। নতুন চালের পিঠা-পায়েস, আত্মীয়-স্বজনের আপ্যায়ন এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে বাঙালির কৃষিনির্ভর জীবন, ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে নবান্ন উৎসব