ছবি : সংগৃহীত
চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহ দুয়েকের ব্যবধানে জাত ও মানভেদে কেজিতে চালের দাম বেড়েছে এক থেকে চার টাকা। একই সঙ্গে শিম, ফুলকপি, মুলা, বেগুনসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। তবে ডিম ও মুরগির বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে।
চাল ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে। ফলে মিল পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারে কিছুটা প্রভাব পড়েছে। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমন মৌসুমের ধান উঠলে চালের দাম কমে আসবে।
অন্যদিকে সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সংকটে কিছু এলাকা থেকে ঢাকায় সবজি কম আসছে। তবে বৈরী আবহাওয়া না থাকলে এবং সরবরাহ বাড়লে শীতের সবজির দাম কমে আসবে। তবে বৃষ্টির কারণে ক্রেতা সংকটে বিক্রি তুলনামূলক কম হয়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের দামের এ তথ্য জানা গেছে।
এদিকে বাজার বিশ্লেষকরা মনে করছেন, নানা অজুহাতে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ান। পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ ও মিলগেটের মূল্য প্রকাশ করা উচিত। একই সঙ্গে নিত্যপণ্যে অযৌক্তিক মুনাফা ঠেকাতে বাজার তদারকি জোরদার করা জরুরি।
বাজার ঘুরে দেখা গেছে, নাজিরশাইল চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ১৫ থেকে ২০ দিনের মধ্যে এ জাতের চাল কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে। খুচরা বাজারে এ জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। সপ্তাহ দুয়েক আগে কেজি ৮৫ টাকার আশপাশে ছিল। বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয় সরু (মিনিকেট) ও মাঝারি (পায়জাম ও ব্রি ২৮-২৯) জাতের চাল। এ দুই ধরনের চালের দামও বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দুই টাকার মতো বেড়ে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর মাঝারি চাল কিনতে কেজিতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা। তবে মোটা চালের (গুটি স্বর্ণা-চায়না ইরি) দামে তেমন পরিবর্তন দেখা যায়নি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।
কারওয়ান বাজারের খুচরা চাল ব্যবসায়ী মুক্তা রাইস এজেন্সির স্বত্বাধিকারী শাহজাহান মিয়া সমকালকে বলেন, ধানের মজুত শেষের দিকে। এ কারণে পাইকারিতে নাজিরশাইল চালের বস্তায় (২৫ কেজি) ৪০ থেকে ৬০ টাকার মতো বেড়েছে। তিনি বলেন, নভেম্বরের শেষদিকে আমন ধান উঠতে শুরু করবে। বাজারে নতুন চাল আসবে। তখন দাম কমতে পারে।
মৌসুমি সরবরাহ সংকটের অজুহাতে নাজিরশাইলের দাম বাড়ার কথা জানালেও মিনিকেটের দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। তাদের কেউ কেউ বলছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগে চালকল মালিকরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।
এ বছর বাজারে দামের রেকর্ড গড়া পোলাও চালের দাম এখন কিছুটা কমতির দিকে। খোলা পোলাও চাল কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাস দুয়েক আগেও এই চালের কেজি ২০০ টাকার বেশি ছিল। এ ছাড়া প্যাকেটজাত চালের কেজি ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ মোট খাদ্যশস্যের মজুত ছিল প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার তিন লাখ টন আমন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এদিকে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু এলাকা থেকে ঢাকায় সবজির সরবরাহ কমেছে, এতে কয়েকটি সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। আকার ভেদে বাজারে প্রতি পিস ফুলকপি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই দিন আগে কেনা গেছে ২৫ থেকে ৩৫ টাকায়। ১০ থেকে টাকা ২০ টাকা বেড়ে শিমের দাম কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। বেগুনের কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া নতুন আলুর কেজি ১১০ থেকে ১২০ এবং পুরোনো আলুর ২৫ থেকে ৩০ টাকায় কেনা যাচ্ছে। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
আগারগাঁওয়ে ভ্যানে করে সবজি বিক্রি করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, কয়েক পদের সবজির পাল্লায় (৫ কেজি) ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতা একেবারেই কম। কিন্তু বেশি দামে কেনার কারণে সবজি অবিক্রীত থাকলে তাঁর লোকসান হবে বলে জানান এই সবজি ব্যবসায়ী।
কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা রিপন মিয়া বলেন, বৃষ্টি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজির ট্রাক কম আসছে। সরবরাহ কম থাকলে দাম বাড়বেই।
গেল সপ্তাহের মতোই স্থির রয়েছে ডিম-মুরগির বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় কেনা যাচ্ছে। ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ এবং সোনালি জাতের মুরগির ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, এখন চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়ান।
তিনি বলেন, মূলত করপোরেট দখলে চলে যাওয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা ইচ্ছেমতো দাম বাড়ালেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
ছবি : সংগৃহীত
দেশের বাজারে একদিনে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকায় আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৫ টাকা।
স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।
ফাইল ছবি
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এদিন বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে নেমেছে।
সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ‘ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অনুসরণের ক্রমবর্ধমান প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।’
ডলারের বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
মঙ্গলবার ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে সম্ভবত আবারও সুদের হার বাড়াতে হবে। অন্যদিকে সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আগামী বসন্তের মধ্যে আরও কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ২ দশমিক ২ শতাংশ।
সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে এবং এর দামে নিম্নমুখী চাপ তৈরি হয়।
এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় এটি প্রকাশের কথা রয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ‘ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণীতে আগের বৈঠকে কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে আরও ইঙ্গিত পাওয়া যেতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে। লেনদেনের একপর্যায়ে এর দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ বুধবার জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং প্লাটিনামভিত্তিক বিনিময়-বাণিজ্য তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
তবে বুধবার প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। চলতি বছর এ পর্যন্ত ধাতুটির দাম কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স
ছবি : সংগৃহীত
নতুন উদ্যোক্তা তৈরি ও তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ঋণ সহায়তা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পেতে পারেন। তবে এ ঋণ পেতে হলে ব্যবসার পরিকল্পনা, লাভজনকতা ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তুলে ধরে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
তরুণ উদ্যোক্তা ঋণের জন্য আবেদন করতে প্রথমে নিকটস্থ যে কোনো ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ সহায়তা কর্মসূচির আওতায় ঋণ নিতে আগ্রহের কথা জানিয়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আবেদনপ্রক্রিয়া ও শর্তাবলিও জেনে নিতে হবে।
আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া গেলে সেখান থেকেও সংগ্রহ করে পূরণ করা যেতে পারে।
যেসব কাগজপত্র প্রয়োজন
আবেদনের সঙ্গে সাধারণত যেসব কাগজপত্র জমা দিতে হয় সেগুলো হলো-
> জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।
> ট্রেড লাইসেন্সের কপি, যদি থাকে।
> শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত কপি।
> পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।
> ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
ব্যবসায়িক পরিকল্পনায় যা তুলে ধরতে হবে
ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যবসার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কী ধরনের ব্যবসা করতে চান, প্রাথমিক বিনিয়োগ কত লাগবে, পণ্য বা সেবার বাজার চাহিদা কেমন এবং কীভাবে আয় ও মুনাফা হবে—এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
পাশাপাশি ব্যবসা থেকে সম্ভাব্য আয়, ব্যয়, মুনাফা এবং ঋণের অর্থ কীভাবে পরিশোধ করা হবে, তার একটি বাস্তবসম্মত হিসাব দিতে হবে। ব্যবসাটির মাধ্যমে কতজনের কর্মসংস্থান হবে এবং দেশের অর্থনীতিতে কী ধরনের অবদান রাখবে, সেটিও তুলে ধরা প্রয়োজন।
আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে আলাদা কাগজে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
ঋণ পেতে যেসব বিষয়ে গুরুত্ব দেবেন
ব্যবসায়িক পরিকল্পনা যেন বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক হয়, সেদিকে নজর দিতে হবে। শুধু ঋণের পরিমাণ উল্লেখ করলেই হবে না; কেন অর্থ প্রয়োজন, কোথায় ব্যয় হবে এবং ব্যবসা থেকে কীভাবে ঋণ পরিশোধ করা সম্ভব হবে, তার ব্যাখ্যা থাকতে হবে।
সবশেষে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে। ব্যাংক আবেদন যাচাই-বাছাই করে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মনে রাখতে হবে, আবেদন করলেই ঋণ নিশ্চিত নয়। ঋণের পরিমাণ, যোগ্যতা, সুদের হার, জামানত ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী যাচাই করে নিতে হবে।
অধিবেশনে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে। আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের পাশাপাশি সেখান থেকে দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহ করাও আমাদের লক্ষ্য।’ কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে রোববার দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে তিনি বিচক্ষণতার সঙ্গে ঋণ গ্রহণ, বাজেট শৃঙ্খলা ও টেকসই অর্থায়নের ওপর জোর দেন।
অর্থমন্ত্রী বলেন, ঋণের আসল ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান দায়, রাজস্ব আহরণে দুর্বলতা এবং বাজেটে ব্যয়ের সীমিত সুযোগ দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ। তিনি জানান, অর্থায়নের নতুন উপায় হিসেবে সরকার সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং মিশ্র অর্থায়নের কথা ভাবছে। সরকারের ঋণ গ্রহণের সাফল্য বিচারে ঋণের পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, সেই অর্থ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে কতটা কার্যকরভাবে কাজে লাগছে।
আজ রোববার ও আগামীকাল সোমবার এই সম্মেলনের যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’। অর্থায়নের ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তনের মধ্যে কীভাবে টেকসইভাবে ঋণ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে সম্মেলনে যোগ দিয়েছেন দেশি-বিদেশি নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও অর্থায়ন বিশেষজ্ঞরা। এতে অংশ নিচ্ছেন অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তর এবং এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং। সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন এডিবির বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ সামাজিক খাত কর্মকর্তা এস এম এবাদুর রহমান।
তানভীর শাহরিয়ার গনি বলেন, কতটা ঋণের দায় বহন করা সম্ভব, তা বিবেচনায় নিয়ে বাংলাদেশের উচিত ডলারে ইস্যু করা ইউরোবন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের সম্ভাবনা খতিয়ে দেখা। উদীয়মান বাজারের সরকারি বন্ড নিয়ে জেপি মরগ্যানের একটি সূচকে বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে দেশের সরকারি সিকিউরিটিজ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও পরিচিতি পেতে পারে। তাঁর মতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে অর্থনীতির ভিত মজবুত করতে হবে, লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং বিনিয়োগ থেকে পাওয়া অর্থ নিজ দেশে ফেরত নেওয়ার নির্ভরযোগ্য ব্যবস্থা রাখতে হবে। বড় শিল্প প্রকল্পে অর্থায়নের জন্য আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থার সঙ্গে দেশের সংযোগ বাড়ানো এবং ব্যাংক ও পুঁজিবাজারের মধ্যে সম্পর্ক জোরদার করার কথাও বলেন তিনি।
অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির মধ্যে সরকারের অর্থায়ন আরও স্বচ্ছ করতে এবং সরকার কখন কতটা ঋণ নেবে, সে বিষয়ে আগাম ধারণা দিতে অর্থ বিভাগ বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের জন্য কাজ করছে। তিনি বলেন, বিশ্ববাজারে সুদের হারের পরিবর্তন ও মুদ্রার বিনিময় হারের ওঠানামায় সরকারের ঋণ নেওয়া আরও জটিল হয়েছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং সেসব ঋণের আসল-সুদ পরিশোধের দায় নিয়ে প্রতিবেদন উন্নত করা, ট্রেজারি বিল ও বন্ডের নিলামব্যবস্থা শক্তিশালী করা এবং আরও বেশি বিনিয়োগকারীকে বাজারে আনার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
এডিবির ছিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বাড়ায় বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের সুযোগ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। ২০২০–২১ অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধে মোট ব্যয় ছিল জিডিপির ২ দশমিক ৩ শতাংশ। ২০২৪–২৫ অর্থবছরে তা বেড়ে ৩ শতাংশ হয়েছে।
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানির ঘোষণা দিয়ে এর পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত ভিন্ন পণ্য রপ্তানির চেষ্টা
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানির ঘোষণা দিয়ে এর পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত ভিন্ন পণ্য রপ্তানির চেষ্টা করেছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রিভেন্টিভ টিম।
এ সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষিত ‘সর্টেড কপার’ পণ্যের পরিবর্তে জাহাজের ১০টি প্রপেলার স্ক্র্যাপ পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পণ্য চালানটির ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। এর গন্তব্য ছিল জাপান। কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ কাঁচামাল হিসেবে আমদানি করেছিল।
এসব কাঁচামাল দিয়ে উৎপাদিত ‘সর্টেড কপার’ রপ্তানির ঘোষণা দিয়ে বিল অব এক্সপোর্ট দাখিল করে প্রতিষ্ঠানটি। তবে কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের প্রপেলার স্ক্র্যাপ রপ্তানির চেষ্টা ধরা পড়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ঘাটিত অনিয়মের বিষয়ে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম কর্তৃক চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম।