বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নবীন শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি পবিত্র জায়গা। তোমাদের প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

উপাচার্য আরো বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। বক্তব্যে নবীন শিক্ষার্থীরা তাদের মেধা, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. মজিবুর রহমান সরওয়ার, এমপি।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২২ পিএম

সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দল এ সমাবেশের আয়োজন করে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে সাধারণ শিক্ষকদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।


সমাবেশে বক্তারা সারা দেশে সংঘটিত যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সমাবেশে অধ্যাপক ড. শামসুল আলম আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, সারা দেশে তেমন কোনো ঘটনা না ঘটলেও গোপালগঞ্জে তারা মিছিল, বিরোধিতা ও অগ্নিসংযোগ করেছে। এর মাধ্যমে ২০১৪ সালের অগ্নিসংযোগের ঘটনায় দলটির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। তাদের সেই পুরোনো প্রশিক্ষণ এখনো রয়ে গেছে ও তা প্রয়োগ করা হচ্ছে। তিনি আরও বলেন, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং স্বাধীনতার পর থেকেই দেশে সন্ত্রাস সৃষ্টি করে আসছে, যা এখনো চলমান। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়ার সুযোগ নেই এবং সরকারকে দৃঢ় হতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং অগ্নিসংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গণহত্যাকারী, পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তাদের ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।


উপস্থিত বক্তারা আরও বলেন, ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৫ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ‘এমএস ইন ওয়েটল্যান্ড এগ্রিকালচার’ প্রোগ্রামে নতুন ভর্তিকৃত ১২ জন শিক্ষার্থীকে নিয়ে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

‎

‎​সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের শ্রেণিকক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

‎

‎​সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় এবং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের উপ-পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী।  


‎​ অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আজকের এই আয়োজনটি সম্ভব হয়েছে। আরেকটি সুখবর হলো, হাওর ও চরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে আমরা একটি বড় গবেষণা প্রকল্প হাতে নিয়েছি, যা বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্ত হলে তোমরা গবেষণা নৌযান বা রিসার্চ ভেসেলে করে সরাসরি হাওরে গিয়ে কাজ ও থিসিস করার সুযোগ পাবে। দেশের অর্থ ব্যয় করে তোমাদের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই তোমাদের আন্তরিকতা ও ভালো ফলাফলই আমাদের প্রচেষ্টাকে সার্থক করবে।'

‎

‎​প্রধান অতিথি অধ্যাপক ড. মো. রুহুল আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছ, সেখানে গবেষণায় বেশ স্বনামধন্য একজন যোগ্য পরিচালককে রিসার্চ গাইড হিসেবে পেয়েছ। তবে মাস্টার্স পর্যায়ে ক্লাসে শিক্ষার্থীদের কম উপস্থিতির বিষয়টি আমাকে কিছুটা উদ্বিগ্ন করে। জীবনের এই গুরুত্বপূর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে তোমাদের গুরুত্বসহকারে পড়াশোনা করতে হবে। যেকোনো সমস্যা চিহ্নিত ও সমাধান করা, থিসিস লেখা এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরির মতো দক্ষতাগুলো ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর চাকরিক্ষেত্রে তোমাদের জন্য অপরিহার্য হয়ে উঠবে।'

সর্বশেষ সব খবর

সৈয়দ ওয়ালিদ হাসান ও মো. রামীম মুস্তাফিজ

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৮ পিএম

​খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (KUMUNA) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটিকে আরও গতিশীল, দক্ষ ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ ওয়ালিদ হাসান এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন গণিত ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী মো. রামীম মুস্তাফিজ।


​নবনির্বাচিত সভাপতি সৈয়দ ওয়ালিদ হাসান সংগঠনকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, "KUMUNA-কে আরও সক্রিয় ও দক্ষ একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নিয়মিত কর্মশালা, সেমিনার ও সিমুলেশন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা হবে। পাশাপাশি নতুনদের নেতৃত্ব, কূটনীতি, গবেষণা, বিতর্ক ও জনসম্মুখে কথা বলার দক্ষতা বিকাশে কাজ করব আমরা। আন্তর্জাতিক অর্জনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও বিশ্বপরিসরে ছড়িয়ে দিতে চাই।"


​সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরে জেনারেল সেক্রেটারি মো. রামীম মুস্তাফিজ বলেন, "ব্যক্তিজীবন থেকে শুরু করে সাংগঠনিক পরিমণ্ডল—সর্বত্রই সঠিক কূটনীতি ও বিচক্ষণতার চর্চাকে একটি ইতিবাচক সামাজিক মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।"


​নবঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে জাকিয়া ফারহানা চৌধুরী (২২ ব্যাচ), যুগ্ম সম্পাদক হিসেবে ইন্তেসার খান রুদ্র (২৩ ব্যাচ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হুসাইন, আলমা ফারহা ও মো. সদমান শাকির (২৩ ব্যাচ) দায়িত্ব পেয়েছেন।


​কমিটির অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে কনফারেন্স ম্যানেজমেন্ট সেক্রেটারি অনিন্দ্য চক্রবর্তী, ব্র্যান্ডিং অ্যান্ড ডকুমেন্টেশন সেক্রেটারি সমুদ্র চাকমা, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি নাভিল সাদাত এবং অফিস সেক্রেটারি হিসেবে আব্দুল আজিজ ও মো. রাফসান গোলদার মনোনীত হয়েছেন।


​এছাড়া বিভিন্ন বিভাগের পরিচালক (ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পেয়েছেন একাডেমিকস অ্যান্ড রিসার্চ বিভাগে মো. ইমাম হোসেন ও শাহরিয়ার ইসলাম শিহাব, ব্র্যান্ডিং অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগে মো. তানজিমুল হক তনু ও জান্নাতুল ফেরদৌস মহিমা, টেকনিক্যাল অ্যাফেয়ার্স বিভাগে রুকাইয়া আফিয়া নেহা, অফিস ম্যানেজমেন্ট বিভাগে শাহরিন আহমেদ দীপ্ত ও অম্লান গুহ, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিভাগে প্রিয়াঙ্কা সরকার, কনফারেন্স ম্যানেজমেন্ট বিভাগে মারজুক রহমান আদিত, ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগে নাইমুল ইসলাম রাতুল, ইন্টারনাল অ্যাফেয়ার্স বিভাগে মো. ফাহাদ হোসেন সাজিদ, সেশন ম্যানেজমেন্ট বিভাগে আরাফাত রহমান, হিউম্যান রিসোর্সেস বিভাগে সুমাইয়া আক্তার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে সিদরাতুল মুনতাহা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগে আজিজুল হাকিম এবং লজিস্টিকস বিভাগে মিয়াদ বিন মাহমুদ ও ওমর শাহাদাত। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ২৫ ব্যাচের একাধিক শিক্ষার্থী দায়িত্ব পেয়েছে।

সর্বশেষ সব খবর

প্রতীকী ছবি

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৬ এএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।


রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত নির্দেশনায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি এই ১০টি খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে অন্যান্য খেলাও আয়োজন করতে পারবে।


নথিপত্র অনুযায়ী, গত ৮ অক্টোবর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানকে আধা-সরকারি পত্র পাঠিয়ে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে খেলাধুলা চালুর প্রস্তাব দেন।


ওই চিঠিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী। উদাহরণ হিসেবে সিঙ্গাপুরের কথা উল্লেখ করে তিনি জানান, দেশটিতে শিক্ষাবর্ষের সঙ্গে সমন্বয় করে সারা বছর খেলাধুলা ও ফিটনেস মূল্যায়নের ব্যবস্থা রয়েছে।


এ উদ্যোগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সম্ভাবনার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর দফায় ক্রীড়া শিক্ষা ও খেলাধুলার প্রসারের প্রতিশ্রুতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী।


প্রস্তাবটি বাস্তবায়নের জন্য গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে ৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেয়।


এর ধারাবাহিকতায় মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে দেশের সব আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

সর্বশেষ সব খবর

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি-মানববন্ধন

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৩ পিএম

দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা।র‍্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।  কর্মসূচি থেকে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।


মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত বর্তমান সরকার বিভিন্ন মত ও রাজনৈতিক চর্চাকে গুরুত্ব দিয়ে সংসদে সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে মত প্রকাশের স্বাধীনতার নামে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সরকারের কোনো ভুল থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী নির্বাচনে জনগণ তার জবাব দেবে। রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করতে হলে সহিংসতার পথ পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশ গঠনে ভূমিকা রাখতে ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, অপরাধে যে দলের ব্যক্তিরাই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের বিচারের আওতায় আনতে হবে।


ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ভিন্নমত ও ভিন্ন ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলার যে প্রত্যাশা, তা বাস্তবায়নে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তবে নিজের মত প্রকাশ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না। তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে সব ধরনের সহিংসতা, অন্যায়, অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।


বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী বলেন, পলাতক স্বৈরাচার ও তাদের নেতারা দেশ ছেড়ে গেলেও তাঁদের অনুসারীরা এখনো দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এতে মানুষের জীবনে অশান্তি তৈরি হচ্ছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা চলছে, তা বাধাগ্রস্ত করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি পক্ষ তৎপর রয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সব খবর

ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৪ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজারে এক পিস ইয়াবাসহ জনতার হাতে আটক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন কবির। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, হুমায়ুন কবির নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তিনি বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইচের টেক বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা প্রথমে এক পিস ইয়াবাসহ হুমায়ুন কবিরকে আটক করেন। পরে বিষয়টি সেনবাগ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরবর্তীতে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হুমায়ুন কবির নিজের মুখে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। তিনি গত চার মাস ধরে ইয়াবা সেবন করছেন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবন করেন বলে ইউএনওর কাছে স্বীকারোক্তি দেন।

ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, হুমায়ুন কবির দুই সন্তানের জনক।

এ বিষয়ে সেনবাগ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবাসহ আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সর্বশেষ সব খবর