ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৩ পিএম

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার অনুষ্ঠিত নিকার সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।


অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।


অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।


এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।


একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৩ পিএম

সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি ও কয়েকজনকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।


অন্যদিকে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে প্রেষণে সরকারি দপ্তরে নিয়োগ দিতে তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


প্রজ্ঞাপন অনুসারে, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরে তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়। বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক করা হয়।


অন্যদিকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এ ছাড়া মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।


প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়।


ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।


অন্যদিকে মেজর মোহাম্মদ কামরুল হাসানকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে নিয়োগ দিতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীমকে প্রেষণে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক পদে নিয়োগ দিতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে বিইউপির ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগ দিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


এ ছাড়া স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজ এনটিএমসির প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪০ এএম

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের যে আবেদন জানিয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।’


গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।


এর মধ্যে গত জুলাই মাসে তিনি রয়টার্সকে বলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন।


ওই পরিকল্পনা তুলে ধরার চার মাস পর গত সপ্তাহে সেই রয়টার্সেরই আরেক খবরে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানানোর কথা সামনে আসে।


এ আবেদন নিয়ে বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট কোনো বক্তব্য না এলেও শুরু থেকেই তারা শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।


শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত বহুবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং প্রতিবারই তারা আইনি সুরাহার কথা বলেছে।


এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তাদের কোনো পর্যবেক্ষণ বা মতামত আছে কিনা?


জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্ধান্ত নেওয়ার ভার দিলেন বাংলাদেশের জনগণের ওপর। সঙ্গে বললেন, তারা ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান।


ই-মেইলে পাঠানো জবাবে ওই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।’


সম্প্রতি সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করেন

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২২ এএম

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সোমবারের সভা স্থগিত করা হয়েছে। সকালে নিম্নতম মজুরি বোর্ড ও শ্রম মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে সভা স্থগিতের কারণ ব্যাখ্যা করা হয়নি। শিগগিরই সভার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সভায় মালিকপক্ষের নতুন মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। গত সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় সভায় মালিক ও শ্রমিক-উভয় পক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে সেদিন মালিকপক্ষ প্রস্তাব না দিয়ে সাত কর্মদিবস সময় চায়। পরে মজুরি বোর্ড তাদের চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেয়। সেই অনুযায়ী আজ মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।


মজুরি বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রম অসন্তোষ চলছে। শ্রমিকেরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। সড়কে বিক্ষোভের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়াচ্ছেন তারা।


এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর নতুন করে মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরই মধ্যে বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধির দাবি মেনে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে সম্মত হয় বোর্ড।


তবে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও শ্রম অসন্তোষ থামেনি। এতে পোশাক কারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক কারখানার মালিক শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। গতকাল রোববার এ ধারায় ৬২টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে ওই দিন ১১৮টি কারখানা বন্ধ ছিল।


প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩২ পিএম

আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। 


রোববার মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে খেজুর আমদানিতে কমানো শুল্ক আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। আর মাল্টা ও আপেলের ক্ষেত্রে আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কমানো করহার কার্যকর থাকবে।


এদিকে একই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে গত ১৪ অক্টোবর জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছিল। নতুন বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে এ পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।


সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এখন জাতীয় সংসদের চলতি অধিবেশনে অধ্যাদেশটি আইনে রূপান্তরের লক্ষ্যে সংশোধন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এটি চূড়ান্ত করা হয়েছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০২ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বিষয়টিকে তিনি ‘উদ্ভট বক্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।


আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথাগুলো বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার চায়, শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া হোক। তাঁর পুনর্বিচার চায় ভারত।


শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ আছে কি না, তা জানতে চান সাংবাদিক। জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে একটা ট্রায়াল (বিচার) হয়ে গেছে, সেটার আবার ট্রায়াল চায় কোনো দেশ। এটাকে বলা হয় ‘ডি নোভো ট্রায়াল’। মানে আরেকবার বিচার। একবার বিচার হয়ে গেছে, সেটার পুনর্বিচার। এই ট্রায়াল বাংলাদেশে ছিল, ভারতে ছিল, পাকিস্তানেও ছিল। ভারত এই ট্রায়াল বাতিল করেছে। একইভাবে বাংলাদেশ তা বাতিল করেছে। পাকিস্তানেও তা নেই।


চিফ প্রসিকিউটর বলেন, এখন যে দেশ এটা চর্চা করে না, তারা আরেকটা দেশকে এই ট্রায়ালের জন্য অ্যাডভাইস (উপদেশ) করে। বাংলাদেশে ডি নোভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নেই। যে সরকার অ্যাডভাইস করছে এখন, সেই ভারত এই মামলার ট্রায়াল প্রসিডিংয়ের শুরু থেকেই সবকিছু জানে। তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে আসামি (শেখ হাসিনা) আছেন। তখন তারা তাদের এই অতিথিকে কেন অ্যাডভাইস করল না যে বাংলাদেশে গিয়ে তিনি বিচার মোকাবিলা করুক। অথবা কেন বলল না যে যথাসময়ে গিয়ে তিনি আপিল করুক। তা না করে আপিলের সময় পার করল। বিচারের সময় পার করল।


এখন এসে আবার বাংলাদেশকে ডি নোভো ট্রায়ালের, অর্থাৎ পুনর্বিচারের অ্যাডভাইস করছে। এসব উদ্ভট বক্তব্য তাঁরা (চিফ প্রসিকিউটর) প্রত্যাখ্যান করেন। পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে আইনে। এই মামলায় শুরু থেকে পলাতক ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। আসাদুজ্জামান খানও পলাতক।


ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের (আওয়ামী লীগ সরকার) প্রণীত আইন।...এই আইন এবং রুলস অব প্রসিডিউর ব্যবহার করে ২০২৪ সালের আগপর্যন্ত তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, ব্যবহার করেছে, এই আইন চর্চা করেছে। আমরা তো কোনো আইন পরিবর্তন করি নাই।’ এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘...আইনে যদি প্রভিশন না থাকে, তাহলে এটা তো সরকার ইচ্ছা করলে দিতে পারবে না। এটা তো আমারও এখতিয়ার নাই, ট্রাইব্যুনালেরও এখতিয়ার নাই, গভর্নমেন্টেরও এখতিয়ার নাই।...অতএব কে কী অ্যাডভাইস করল, ওটা তো আসলে আমাদের আমলে নেওয়ার কোনো সুযোগ নাই।’


মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৬ পিএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।


প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার শর্তে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।


যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাঁকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। 


এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল


অন্য প্রজ্ঞাপনে এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কথা জানানো হয়। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাঁকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল সরকার। সে হিসাবে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই রোববার তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।