শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন

  • প্রকাশ : বুধবার ২১ জানুয়ারি, ২০২৬, সময় : ৭:৫৭ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও দ্রুত নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। টানা দুই দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত থেকে ২৮টি বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।


শিক্ষার্থীরা জানিয়েছেন, চেম্বার জজ আদালত শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না।


এদিকে আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


সংবাদ সম্মেলনে শিবির-সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, ‘গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু একটি দলের প্ররোচনায় দুজন প্রার্থী ও একজন ভোটার হাইকোর্টে রিট করেন। 


এর ফলে প্রায় ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’


তিনি আরও বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, হাইকোর্ট যেন দ্রুত শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। অন্যথায়, আমরা ক্যাম্পাসে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।’


সংবাদ সম্মেলনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২১ দিনের মধ্যে অন্যকোনো নির্বাচনের অনুমোদন না দেওয়ার বিধান রয়েছে। আমরা চাই, শাকসু নির্বাচনের ক্ষেত্রে এই বিধান বাধ্যবাধকতার বাইরে রাখা হোক। 


আমাদের নির্বাচনের তপশিল অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। তাই যেকোনো মূল্যে আমরা শাকসু নির্বাচন চাই। কোনো ধরনের চাপ আমরা মেনে নেব না।’


এর আগে, নির্বাচন স্থগিতসংক্রান্ত উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে জরুরি শুনানির জন্য গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


তবে পূর্ণাঙ্গ আদেশের অনুলিপিসহ নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দেওয়ায় ওই আবেদন তাৎক্ষণিকভাবে শুনানির জন্য গৃহীত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


উল্লেখ্য, তিন প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করেন। দীর্ঘ ২৮ বছর পর গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।



সর্বশেষ সব খবর

কুবিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের প্রযুক্তি উৎসব

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের প্রযুক্তি উৎসব ‘কুবি টেকনোভা ২০২৬’। এতে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনটি দল পুরস্কারের পাশাপাশি মাসিক ১০ হাজার টাকা বেতনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের আয়োজনে অনুষদের কনফারেন্স রুমে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতা, ই-ফুটবল টুর্নামেন্ট, প্রকল্প প্রদর্শনী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।


কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১১০টির বেশি দল নিবন্ধন করে। এর মধ্যে ৪৫টি দল চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ সিন্যাপস’ দল। দ্বিতীয় হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘অ্যাপেল’ দল এবং তৃতীয় হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের দল ‘রিও’। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দল যথাক্রমে ১০, ৮ ও ৭ হাজার টাকা পুরস্কার পেয়েছে। পাশাপাশি তিনটি দলই মাসিক ১০ হাজার টাকা বেতনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।


বিজয়ী তিনটি দলকে যুক্তরাজ্যভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘ক্যাশলেস এআই’ ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এ সময়ে নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্টার্নশিপ চলাকালে যাঁদের কর্মদক্ষতা সন্তোষজনক হবে, তাঁদের পরবর্তী সময়ে স্থায়ী চাকরির সুযোগ দেওয়া হবে।


প্রকল্প প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দল। তাদের প্রকল্পের নাম ‘স্মার্ট জলজ চাষের জন্য ইন্টারনেট অব থিংসভিত্তিক তাৎক্ষণিক পানির গুণগত মান পর্যবেক্ষণব্যবস্থা’। এ প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ক্রেস্ট’ ও ‘আইন সহায়ক’ দল। তৃতীয় হয় ‘কোরাস সেন্টিনেল’ দল।


অন্যদিকে, ই-ফুটবল প্রতিযোগিতায় প্রথম হন রিয়াদ মাহমুদ। দ্বিতীয় হন নাসিরুল আলম দীপ্ত, তৃতীয় তৌফিক রহমান দ্বীপ এবং চতুর্থ হন মো. নাহিদ হোসেন।


অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন মেধাবীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের পরিচয় তুলে ধরার সুযোগ তৈরি হবে।’


উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণা বিকাশের সুযোগ পাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে অংশ নিয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্র, বিশ্ববিদ্যালয় এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে।’


তিনি আরও বলেন, ‘যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, তাদের জন্য এটি আনন্দের বিষয়। আর যারা বিজয়ী হতে পারেনি, তাদের প্রতি প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং কখনোই মনোবল হারাবে না।’


উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, 'নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যবিজ্ঞান’ এবং ‘রোবোটিকস ও মেকাট্রনিকস’ নামে দুটি বিভাগ চালুর চেষ্টা চলছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কেন্দ্রে শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কাজ করার সুযোগ পাবেন। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং এ বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে'


প্রকৌশল অনুষদের ডিন ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মাহমুদুল হাসান রাজু বলেন, ‘এআই ব্যবহার করে শিক্ষার্থীরা কতটুকু সমস্যা সমাধান করতে পারে এবং তাদের সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করতেই আমাদের এ আয়োজন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সীমিত সুযোগের কারণে আগ্রহী অনেক শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা ও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

সর্বশেষ সব খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনে অতিরিক্ত ফি নির্ধারণ করায় স্নাতক ও স্নাতকোত্তর পাশ শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না পারা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ এবং শিক্ষার্থীবান্ধব সমাবর্তন আয়োজন করার লক্ষ্যে নিবন্ধন ফি কমানো-সহ ৪ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। 


মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।


স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘ শিক্ষাজীবন শেষে সমাবর্তনের মাধ্যমে অর্জিত ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি গ্রহণ করা প্রত্যেক গ্র্যাজুয়েটের জন্য আবেগের। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন উপলক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত নিবন্ধন ফি সাবেক শিক্ষার্থী ও সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু গ্র্যাজুয়েটদের আর্থিক সামর্থ্যের তুলনায় অত্যন্ত বেশি বলে আমরা মনে করছি। 


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়, এটি বিশ্ববিদ্যালয় ও গ্র্যাজুয়েটদের মধ্যে এক আবেগপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ব্যয় থাকলেও তার সম্পর্ণ বা অতিরিক্ত আর্থিক বোঝা গ্র্যাজুয়েটদের ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়। সমাবর্তন যেন কেবল আর্থিকভাবে সচ্ছলদের আয়োজনে পরিণত না হয়, বরং সকল গ্র্যাজুয়েটের অংশগ্রহণ নিশ্চিত হয়-এটাই হওয়া উচিত প্রশাসনের মূল বিবেচনা।



দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি পর্যালোচনা করে তারা দেখান যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিবন্ধন ফি ৩,০০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে নিবন্ধন ফি ৩,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও তাদের দ্বিতীয় সমাবর্তনে স্নাতক পর্যায়ের নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করে ৩,৫০০ টাকা করেছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি ৪,৫০০ টাকা এবং সনদ ফি ৫০০ টাকা ও ৭০০ টাকা, অর্থাৎ একজন গ্র্যাজুয়েটকে মোট ৫,৭০০ টাকা পরিশোধ করতে হবে। 


এবিষয়ে উপাচার্যের সাথে আলোচনা করে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.মো. মামুন আল রশীদ বলেন, “প্রথমে নিবন্ধন ফি ৫০০০ হাজার টাকা রাখা হয়েছিল।  পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুরোধে নিবন্ধন ফি ৪৫০০ টাকা করা হয়েছে। যেহেতু অ্যালামনাই অ্যাসোসিয়েশন আবেদনের প্রেক্ষিতে এই ফি নির্ধারণ করা হয়েছে এবং আগামীকাল নিবন্ধন করার শেষ দিন এজন্য এ বিষয়টি নিয়ে আর বিবেচনা করার সুযোগ নেই।”


তাদের দাবীসমূহ হলো-

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি সর্বোচ্চ ৩,০০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। মাস্টার্সসহ অন্যান্য পর্যায়ের নিবন্ধন ও সনদ ফি যৌক্তিক ও সহনীয় পর্যায়ে পুনর্নির্ধারণ করতে হবে। ফি পুনর্নির্ধারণ করে সংশোধিত সমাবর্তন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সমাবর্তনের ব্যয় ও ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ সব খবর

মো. হেলাল উদ্দিন ও তাসনুভা নওশীন (বাঁ থেকে); ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩১ এএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে তাসনুভা নওশীন দায়িত্ব পেয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংগঠনটির কর্মী সংবর্ধনা, নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক তাসনুভা নওশীন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক। এ ছাড়া সংগঠনটির প্রধান মডারেটর অধ্যাপক ড. তাহমিনা আক্তার ও সহকারী মডারেটর অধ্যাপক ড. মীর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সহকারী মডারেটর অধ্যাপক ড. মীর মোহাম্মদ আলী বলেন, ‘বিগত দিনে যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে, আশা করব পরবর্তীতে যারা আসবে তারাও সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করবে।’

প্রধান মডারেটর অধ্যাপক ড. তাহমিনা আক্তার বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত যে এই সংগঠনের সঙ্গে অনেকদিন ধরে সম্পৃক্ত আছি। তোমাদের প্রতি আহ্বান থাকবে, যারা পরবর্তীতে দায়িত্ব পাবে, তারা নিষ্ঠার সঙ্গে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।’

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক বলেন, সংগঠনটির মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, ‘যারা স্বপ্ন দেখতে পারে না, তাদের তোমরা স্বপ্ন দেখিয়ে নিয়ে এসেছ। তোমাদের প্রতি আমার শ্রদ্ধা।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের মধ্যে আলোকিত মানুষ তাঁর বিশেষ পছন্দের। ক্যাম্পাসে থাকলে সংগঠনটির কোনো আয়োজন তিনি মিস করতে চান না। অসহায় মানুষের জন্য সংগঠনটির কার্যক্রমকে মহৎ উদ্যোগ উল্লেখ করে তিনি এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘এই কর্মব্যস্ত জীবনে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এই সময়ে এসেও আলোকিত মানুষ যে পরোপকারী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাকে আমি সাধুবাদ জানাই।’

৩৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন কাওসার মাহমুদ শিহাব, জান্নাতুল ফেরদৌসী মীম, মোছা. নাহিদা আক্তার ও কাওসার আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুমতাহিনা আজিজা শিথিল ও মো. সোহেল রানা। সাংগঠনিক সম্পাদক সাব্বির আমজাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাইন ইবনে অলিন্দ ও শিহাব সরকার শাওন।

এ ছাড়া অর্থ সম্পাদক তানিয়া নাজনীন রিফা, সহ-অর্থ সম্পাদক আমানুল্লাহ আমান ও তাসপিয়া মারিয়া, প্রচার সম্পাদক হাসনাত আবদুল্লাহ, সহ-প্রচার সম্পাদক মো. আরিফ ইমরান ও মোছা. জয়নব আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হানুল হক এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারদিন জাহান সোহাগ ও লুবাইয়া ইয়াসমিন নিধি।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিথিলা শুপ্তা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জেরিন তাসনিম নওশিন, সাদিক রেজা ও শাহানাজ আশরাফি, কর্মশালা বিষয়ক সম্পাদক মো. ইয়ামিন সরকার, সহ-কর্মশালা বিষয়ক সম্পাদক রেজওয়ানা হক ও সাবরিনা খানম, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম ও অনিক হাসান।

সংগঠনটির পরিচালিত আলোকিত মানুষ স্কুলের পরিচালক হয়েছেন মো. ফাহিম মুন্সি। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরেফিন আল তৌফিক, আয়শা সিদ্দিকা, মনির জামান ও ফাতেমা সুলতানা কণিকা।

অনুষ্ঠানে বিদায়ী কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি সাইদ আহমেদ। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ৮২ তম ব্যাচের শিক্ষার্থী নাহিদ ইসলাম ও মোছা. নাহিদা আক্তার।

সর্বশেষ সব খবর

পাঠচক্র

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫১ পিএম

সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্‌যাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘তরুণের সাধনা সম্মেলন কক্ষে’ এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।


বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন এই পাঠচক্র। সাধারণত বিভাগের বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাঠচক্রের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু বিভাগের পক্ষ থেকে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। একসঙ্গে বসে বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে। এসব ভিন্নমত ও চিন্তার আদান-প্রদানের মাধ্যমে আমরা সমৃদ্ধ হতে পারি এবং চিন্তাশক্তির বিকাশ ঘটাতে পারি। পাঠচক্রের মাধ্যমে জ্ঞানের গভীরে প্রবেশ করা সম্ভব। জ্ঞানার্জন ও আত্মবিকাশের জন্য আমাদের তিনটি কাজ করতে হবে—পড়তে, পড়তে এবং পড়তে হবে।’


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ পাঠচক্রে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নজরুল গবেষক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।


পাঠচক্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬, সময় : ১২:০০ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলার শিকার শিক্ষার্থীরা হলেন- বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের মিরাজুল ইসলাম চৌধুরী, মো. এহসানুল হক রাফি, রাইয়ান সিদ্দিকী পর্ব ও মাহিন জামান।


ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ল্যাব শেষে বের হওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী মিরাজকে অনুসরণ করে পকেট গেটের সামনে তাকে ঘিরে ধরেন। তাদের ভাষ্য, এ সময় ৪৯তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুমন সরকার ও ছাত্রদল বুটেক্স শাখার দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম প্রান্ত এবং ৪৮তম ব্যাচের ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ও ছাত্রদল বুটেক্স শাখার সাংগঠনিক সম্পাদক বর্ষণ বণিক মিরাজকে মারধর করেন। তাদের সঙ্গে থাকা ৪৯তম ব্যাচের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের দেবনাথ সৌমিক চন্দ্র, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের সুজিত রায় ও ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবিদ হাসান শিশিরসহ কয়েকজন এতে সহযোগিতা করেন বলেও জানান তারা। একপর্যায়ে মিরাজের পরনের জামা ছিঁড়ে যায়। পরে পর্ব মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বর্ষণ বণিক তাকে মারধর করেন বলে অভিযোগ করেন পর্ব।


ঘটনার বিষয়ে মিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘গতকাল জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বুটেক্সের আবাসিক হলগুলোতে ছাত্রদলের সাধারণ সম্পাদকের নামে মিষ্টি বিতরণ করা হয়। এর প্রতিবাদে আমি ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করি। সেখানে আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত কয়েকজনের মিষ্টি বিতরণ নিয়ে মন্তব্য করেছিলাম। আমার ধারণা, ওই মন্তব্যের জেরেই আজ আমার ওপর হামলা করা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে এফএসডি ল্যাব থেকে বের হলে পকেট গেটের সামনে কয়েকজন আমাকে ঘিরে ধরেন। প্রান্ত আমাকে জোর করে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজি না হওয়ায় আমার কলার ধরে টান দিলে টি-শার্ট ছিঁড়ে যায়। পরে আমাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।’


আহত শিক্ষার্থী রাইয়ান সিদ্দিকী পর্ব বলেন, ‘মিরাজকে মারধরের সময় তাকে রক্ষা করতে আমরা এগিয়ে যাই। এ সময় প্রান্ত একটি বাঁশ নিয়ে মিরাজকে মারতে এগিয়ে আসেন। তখন আমি মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করি। ভিডিও করার সময় বর্ষণ বণিক আমার কলার ধরে মুখে ঘুষি মারেন।’


অভিযোগের বিষয়ে মাজেদুল ইসলাম প্রান্ত বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের উসকানিমূলক কথা বলা ও ‘লীগ’ ট্যাগ দেয়ার পরিপ্রেক্ষিতেই মিরাজের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তিনি উসকানিমূলক আচরণ করায় পরিস্থিতি ধাক্কাধাক্কির পর্যায়ে যায়। আমরা মারামারি এড়ানোর চেষ্টা করেছি। তার জামা ছিঁড়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের ফাঁসাতে ও নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।’


এ ছাড়া অভিযুক্ত আরেক শিক্ষার্থী বর্ষণ বণিকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


এ বিষয়ে বুটেক্স ছাত্রদলের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ‘এই অপ্রীতিকর ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অত্যন্ত দুঃখজনক। যেই ট্যাগিংয়ের রাজনীতি বিগত সময়ে ফ্যাসিস্ট ছাত্রসংগঠন কর্তৃক হতো, এখন সেই ট্যাগিংয়ের অপরাজনীতি গুপ্ত সংগঠনের পক্ষ থেকে হচ্ছে। আমরা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।’


বুটেক্সের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘যারা হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা হলে, আমরা সব অভিযোগ গ্রহণ করব এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই করে ঘটনার সুষ্ঠু তদন্ত করব। সব ধরনের তথ্য-প্রমাণ পর্যালোচনার পর দোষীদের বিরুদ্ধে খুব দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ সব খবর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৯ পিএম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি সাময়িক বহিষ্কার থাকাকালীন শাস্তিপ্রাপ্ত ছাত্রদলের পদধারী শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এতে প্রশাসনের ভূমিকা, শাস্তি কার্যকরের দীর্ঘসূত্রতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।


জানা যায়, গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে ৪৯তম ব্যাচের চার শিক্ষার্থীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। পরে গত ১৭ আগস্টে অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সভায় ছাত্রদলের পাঁচজন কর্মীর শাস্তির সিদ্ধান্ত প্রক্টর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


 ফেসবুকে মন্তব্যের জেরে বুটেক্সের ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ


শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বর্ষণ বণিক ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ মাজেদুল ইসলাম প্রান্তকে সাময়িক বহিস্কার করা হয়। তারা যথাক্রমে বুটেক্স ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক। এছাড়া ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল হোসাইনকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা এবং ৪৯তম ব্যাচের সুমন সরকার ও দেবনাথ সৌমিক চন্দ্রকে ৫ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকার শাস্তি দেয়া হয়। 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির ভাষ্যমতে, সাময়িক বহিষ্কার বহাল থাকাকালে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না। শাস্তিপ্রাপ্তদের কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। তাদের জবাব পাওয়ার পর তা একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে সিন্ডিকেট সভায় শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।


বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা বোর্ড প্রবিধান ২০১৫’-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, যেকোনো মেয়াদের বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনসাপেক্ষ। তবে সাময়িক বহিষ্কার শাস্তিপ্রাপ্ত বর্ষণ বণিক আগস্ট-সেপ্টেম্বর দুই মাস এপিলিয়ন গ্রুপ থেকে তার একাডেমিক ইন্টার্নশিপ সম্পন্ন করেন। তার অধ্যয়নরত ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, তিনি নিয়মিত থিওরি ও ল্যাব ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি ক্লাস পরীক্ষাও দিচ্ছেন।


এমনকি আসন্ন চূড়ান্ত সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে তা বিভাগে জমাও দিয়েছে বহিষ্কার হওয়া বর্ষণ বণিক। এ বিষয়ে সাংবাদিকের কাছে তিনি নিজেও তথ্যগুলোর সত্যতা স্বীকার করেন। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হলে অভিযুক্ত এই ছাত্রদল নেতা কথা বলতে রাজি হননি।


এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইমদাদ সরকার বলেন, ‘যেহেতু প্রক্টরিয়াল বডি শাস্তি দিয়েছে, তাই প্রক্টরিয়াল বডির এখানে শাস্তি কার্যকর হচ্ছে কি না তা মনিটরিং করা উচিত ছিল। আমাদের কাছে অভিযুক্তের ক্লাস, পরীক্ষা কিংবা টার্ম ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ স্থগিত করার ব্যাপারে কোনো নির্দেশনা না আসায় আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।’


অন্যদিকে একই শাস্তিপ্রাপ্ত মাজেদুল ইসলাম প্রান্ত বর্তমানে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের সাথে রি-অ্যাড শিক্ষার্থী হিসেবে আছেন। তবে বিভাগ থেকে খোঁজ নিলে জানা যায়, তিনি কোনো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তবে চারটি বিষয়ে রিটেক পরীক্ষা দেয়ার জন্য ফর্ম পূরণ করে সেগুলো বিভাগে জমা দিয়েছেন তিনি। 


এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কানিজ ফারহানা বলেন, ‘আমি প্রক্টরের সাথে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিয়ে কথা বলেছি। শাস্তিপ্রাপ্ত অবস্থায় সে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আমাদের পক্ষ থেকে ফরম পূরণ করা বিষয়গুলোর পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আর ফর্ম পূরণ করার বিষয়টি আমাদের ওপর নেই এবং এখন টাকা ফেরত পাবে কিনা সেটা রেজিস্ট্রার অফিস সিদ্ধান্ত নেবে।’


এদিকে হামলার শিকার শিক্ষার্থীরা প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ভুক্তভোগী ৪৯তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাইয়ান সিদ্দিকী পর্ব হতাশা প্রকাশ করে বলেন, ‘বুটেক্সে প্রায় তিন বছর ধরে আছি। এখন পর্যন্ত শিক্ষার্থীদের চাপ ছাড়া প্রশাসনকে কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখিনি। ভবিষ্যতেও দেখব বলে মনে হয় না। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হবে, তা অনেকটা অনুমেয় ছিল।’


একই বিভাগের ও ব্যাচের শিক্ষার্থী এস এম সাদিকুজ্জামান বলেন, ‘অপরাধের পর সাময়িকভাবে শাস্তির বিধান করা হলেও প্রকৃতপক্ষে সেই শাস্তি এখনো কার্যকর হয়নি। আমাদের চাওয়া বেশি কিছু না, যে অপরাধ করবে সে শাস্তি পাবে—এটুকুই তো। এতটুকু যদি প্রশাসন নিশ্চিত করতে না পারে, তাহলে এর চেয়ে লজ্জার কিছু নেই। আমরা সকলেই চাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় থাকুক।’


নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘শুধু শাস্তির ঘোষণা দিলেই বিচার নিশ্চিত হয় না; ঘোষিত শাস্তির যথাযথ বাস্তবায়নও জরুরি। দীর্ঘসূত্রতার কারণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আস্থাও কমছে।’


বহিষ্কৃত শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষার ফি পরিশোধের সুযোগ পেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।


এ বিষয়ে অ্যাকাউন্টস দপ্তরের সহকারী অ্যাকাউন্টস অফিসার মো. হেলাল মৃধা বলেন, ‘একাডেমিক দপ্তর থেকে পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত শিক্ষার্থীদের তালিকা আমাদের কাছে পাঠানো হয়। সেই তালিকা সোনালী ব্যাংকে পাঠানোর পর শিক্ষার্থীরা অনলাইনে ফি পরিশোধের সুযোগ পায়। বর্ষণ বণিকের নাম তালিকায় থাকায় তিনি ফি দিতে পেরেছেন। তবে রিটেক পরীক্ষা সবার জন্য উন্মুক্ত। কাউকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখতে হলে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে হবে।’


সাময়িক বহিষ্কার থাকাকালীন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সাময়িক বহিষ্কার বহাল থাকা অবস্থায় অভিযুক্তরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের সিদ্ধান্ত প্রতিটি বিভাগ, অনুষদ, ডিন, পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেয়া হয়েছে এবং সবাই এই বিষয়ে অবগত। কেউ ফর্ম পূরণ করে থাকলেও বহিষ্কারাদেশ বহাল থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এটি সংশ্লিষ্ট বিভাগ ও রেজিস্ট্রার অফিস থেকে কার্যকর করতে হবে।’


চূড়ান্ত শাস্তির বিষয়ে তিনি বলেন, ‘আনুমানিক দুই মাস আগে প্রক্টরিয়াল বডি থেকে পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। তারা অনেকেই উত্তর দেয়নি। আর জরিমানা বিষয়সহ সবার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। জরিমানা না দিয়ে কেউ মূল কিংবা সাময়িক সনদ নিয়ে বের হতে পারবে না। কারণ এই হিসাবটা আমরা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে দিয়ে দেবো।’


সিদ্ধান্ত আসার দীর্ঘসূত্রতা নিয়ে তিনি বলেন, ‘এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। এক্ষেত্রে ধাপে ধাপে কাজ করতে সময় প্রয়োজন হয় এবং সিন্ডিকেট হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। আশা করছি দ্রুত সিদ্ধান্ত আসবে।’

সর্বশেষ সব খবর