অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১২ পিএম

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 


সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. রোকসানা বেগম।


এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ফাইনাল খেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ায় প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৯টি দল অংশ নেয়।



সর্বশেষ সব খবর

মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১১ পিএম

ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী। রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে শনিবার পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। দেশের প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের পাশাপাশি রপ্তানিমুখী শিল্প গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।

মেলা প্রাঙ্গণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানের জন্য ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এসব স্টল ও প্যাভিলিয়নে দুগ্ধ ও পোলট্রি শিল্প, প্রাণিস্বাস্থ্য, ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য ও পুষ্টি, গবেষণা ও উদ্ভাবন, প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। দর্শনার্থীরা প্রাণিজ খাদ্যের পুষ্টিগুণ, মূল্য সংযোজন, নিরাপদ খাদ্য প্রস্তুত এবং রপ্তানির সম্ভাবনাময় পণ্য সম্পর্কেও জানতে পারবেন।

মেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর পাশাপাশি ফুড ফেস্টিভ্যাল, রেসিপি প্রতিযোগিতা ও র্যাদম্প শোর আয়োজন থাকছে। এ ছাড়া সড়ক র্যা লি, টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান, প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার এবং গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। মেলার শেষ দিন প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এ পদক দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ অর্থবছরে খাতটির জিডিপির আকার প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা।

তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে।

মন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৮ হাজার ৬৪৯ টন।

রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, চামড়া ও চামড়াজাত পণ্য, হাঁসের পালক, দুগ্ধজাত পণ্য ও কবুতর। এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। 

সর্বশেষ সব খবর

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৮ পিএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজন মা ও তাঁর শিশু সন্তান রয়েছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর দুই যাত্রীকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০০ পিএম

চাঁদা না দিলে হত্যার হুমকির পর খুলনা নগরীর মজিদ স্মরণী এলাকার পালংকি রেস্টুরেন্টে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৩টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন নগরীর লবণচরা ও সদর থানা এলাকায় আরও দুটি গুলির ঘটনা ঘটেছে। এক দিনে তিনটি গুলির ঘটনায় নগরজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

পালংকি রেস্টুরেন্টে চাঁদা দাবির হুমকির পর সোমবার রাতে সেটি বন্ধ করে দেন মালিকপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালু করা হয়। তবে বিকেলে গুলির ঘটনার পর আবারও সেটি বন্ধ করে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে রেস্টুরেন্টটির দুই কর্মচারী জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই হানাজালা পরিচয়ে এক ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন।

মালিকপক্ষ রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা করেছিল। তবে গত সোমবার রাতে দুর্বৃত্তরা আবারও ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে রাতে রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিকপক্ষ। মঙ্গলবার সকালে সেটি খোলা হয়নি।

বিষয়টি জানতে পেরে দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ রেস্টুরেন্টে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেয়। আশপাশে একটি টহল গাড়িও মোতায়েন করা হয়। বিকেল ৩টার দিকে পুলিশ সদস্যরা সেখানে খাবার খেতে গেলে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

এদিকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।

এ বিষয়ে টুটুল কথা বলতে চাননি। তার এক স্বজন জানান, কয়েক দিন আগে টুটুলের হোয়াটসঅ্যাপে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। মঙ্গলবার দুর্বৃত্তরা তার শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ঘরের ভেতরে প্রবেশ না করলেও জানালার কাচ ভেঙে যায়।

লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। কেউ ঘটনাটি দেখেছেন বলেও জানা যায়নি। এ কারণে কারা বা কতজন এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।

এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি রক্ষা পান। 

সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত সাড়ে ১০ মাসে খুলনায় ৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলিতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এ ছাড়া চাঁদা দাবিকে কেন্দ্র করে পাঁচটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৩ পিএম

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৬ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা।


সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মৌচোষা বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযান শেষে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারী ও গোয়েন্দা তৎপরতা তাদের অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও বিজিবির অন্যতম লক্ষ্য। এ ধরনের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।


সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত প্রতিরোধ কার্যক্রমও প্রয়োজন।

সর্বশেষ সব খবর

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৫ পিএম

বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা।


মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিক্ষাবিদ, ভাষাসংগ্রামী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অজিত কুমার গুহের স্মৃতিবিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণের মাধ্যমে সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ভাষা আন্দোলনের অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব অধ্যাপক অজিত কুমার গুহের নামে প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি বৃহত্তর কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর নাম ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। অথচ সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার পরিধি ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে আরও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।


শিক্ষার্থীরা আরও বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্বতন্ত্র পরিচিতি। উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন। কিন্তু আধুনিক শিক্ষার চাহিদা পূরণ, পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষা উপকরণ, গ্রন্থাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাতীয়করণ হলে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পথ আরও সুগম হবে। পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবেন। এতে বৃহত্তর কুমিল্লার শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।


তারা উল্লেখ করেন, অধ্যাপক অজিত কুমার গুহ ছিলেন ভাষা, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তাচেতনার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর স্মৃতি ও অবদানকে সম্মান জানাতে হলে তাঁর নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির যথাযথ মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করা জরুরি। তাই শুধু আবেগের জায়গা থেকে নয়, বৃহত্তর অঞ্চলের শিক্ষার স্বার্থেই কলেজটি জাতীয়করণ করা সময়ের দাবি।


মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সরকারের নীতিনির্ধারকদের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। তাঁরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনার দাবি জানান।


শিক্ষার্থীদের প্রত্যাশা, মহান ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির জাতীয়করণের দাবি সরকার মানবিক ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করবে। এতে একদিকে যেমন ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, অন্যদিকে বৃহত্তর কুমিল্লার শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হবে উচ্চশিক্ষার আরও উন্নত ও সম্ভাবনাময় পরিবেশ।


মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটাই দাবি—ঐতিহ্য ও ইতিহাসের মর্যাদা রক্ষায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ করতে হবে।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৪ পিএম

বিরলে এডিপি'র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা (বিনামূল্যে বীজ ও সার) বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৩ নভেম্বর২০২৬) সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এসব বিতরণ করেন।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, আদিবাসী নেতা বিমল মার্ডি, খ্রিস্টান ধর্মীয় নেতা জ্যাকব মার্ডি, বৌদ্ধ ধর্মীয়নেতা রতন তিগ্যা, করলা মাধববাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার রকেট।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, জনগণের অর্থ জনকল্যাণে ব্যায় করা হচ্ছে। এগুলো যত্ন সহকারে ব্যবহার করতে হবে, যেন দীর্ঘকাল এ সামগ্রীগুলো আমাদের উপকারে আসে, সেদিকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে। আমরা যেমন আমাদের বাসা বাড়ীতে আমাদের সম্পদের ব্যবহার করি, ঠিক তেমনই যেন সরকারিভাবে দেয়া এ উপকরণগুলো আমরা ব্যবহার নিশ্চিত করি। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিকট হতে নিরাপদ দেশ উপহার পাবে। আমরা সবার আগে আমাদের দেশকে ভালোবাসবো। ভালো ভাবে দেশকে গড়ে তুলবো।


উপজেলায় মোট ২২০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪ জোড়া বেঞ্চ,  ৫৪ টি সিলিং ফ্যান, ১ টি স্ট্যান ফ্যান ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ৩ টি হারমোনিয়াম, ৩ টি মাদল, ৩ সেট তবলা,  ৬ সেট শাড়ী ধূতি, ২ টি জীপসি বিতরণ করা হয়।


পরে সংসদ সদস্য এবং  ইউএনও উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের নওপাড়া, বনগ্রম ও মোস্তফাবাদ এর শিব শ্মশ্মান কালি মন্দির পরিদর্শন করেন এবং উপস্থিত জনসাধারণ এর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে নিজ হাতে আইন তুলে না নেয়ার আহবান জানান। আইনের প্রতি শ্রদ্ধা রেখে যে কোন ধরণের পরিস্থিতি আইনানুগভাবে মোকাবিলা করার জন্য জনসাধারণকে তিনি আহ্বান জানিয়ে আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ সব খবর