সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৪ পিএম

নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেও বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন তিনি।

ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যার পরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কাজে সময় দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী আঙুলের ছাপ দিয়ে নিজের উপস্থিতি নিবন্ধন করেন। এরপর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।

এর আগে সকালে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হওয়ার পর সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন। বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।

সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে একটি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালিয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

যৌথ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর দিনের কর্মসূচির বিরতি না নিয়ে সচিবালয়ে গিয়ে সরকারি দায়িত্ব পালন শুরু করেন তিনি।



সর্বশেষ সব খবর

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৯ পিএম

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ।


নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে।


কমিটির সভাপতি হয়েছেন মেজর (অব.) মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসমাইল হোসেন সিরাজী।


সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মাদকমুক্ত দেশ গড়, যুবসমাজকে রক্ষা কর’ শীর্ষক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অন্যতম লক্ষ্য মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সরকার ইতোমধ্যে মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বাংলাদেশকে কোনোভাবেই মাদকের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।




তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের ১৮টি দপ্তর কাজ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকার মাদক নির্মূল কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে।


রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি আগুন ও সন্ত্রাসের রাজনীতি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর অনুসারীদের কেউ কেউ এখনো সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের দমন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।


নবগঠিত কমিটির নেতৃত্বে যারা


১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) মিজানুর রহমান। সিনিয়র সহসভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। সহসভাপতি হিসেবে রয়েছেন সাবেক সচিব ড. আনিছুল আউয়াল, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক রাষ্ট্রদূত মউসদ মান্নান, ব্রিগেডিয়ার (অব.) ডা. বাশিরুল ইসলাম, কর্নেল (অব.) জগলুল হাসানসহ আরও কয়েকজন।


সাধারণ সম্পাদক হয়েছেন ইসমাইল হোসেন সিরাজী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা রহিম শীলা, এ বি এম ফারুক, আসাদুজ্জামান বাবুল, নাহিদ নজরুল, ইভানা আক্তার কথাসহ অন্যরা।


সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন গাজী আলহাজ মাওলানা আবুবকর শিবলী ফেনবী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, অ্যাডভোকেট শফিকসহ কয়েকজন।


এ ছাড়া কমিটিতে অর্থ, দপ্তর, প্রচার, আইন, মানবাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, গণমাধ্যম, ধর্ম, নারী ও শিশু, সংস্কৃতি, ক্রীড়া এবং সমাজকল্যাণসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদ রাখা হয়েছে। এসব পদে বিভিন্ন পেশার ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। চিত্রনায়িকা পলি হয়েছেন সংস্কৃতিবিষয়ক সম্পাদক।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদক নির্মূল কমিটির সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান। সভা থেকে মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়ানো এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া জেলা সফর এবং সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে সম্ভাব্য খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌঁছে তিনি পর্যায়ক্রমে বিশ্বরোড সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল, চিনিকল মোড় ও জগতি এলাকার মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন মরা গড়াই খালের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন।


এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে সম্ভাব্য উদ্বোধনস্থল ও সংশ্লিষ্ট প্রকল্পের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।


এ সময় জিকে সেচ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। প্রায় এক লাখ হেক্টর জমির কৃষক সেচ সুবিধা পাবেন। এর ফলে ধানসহ বিভিন্ন ফসল ও সবজির উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। পাশাপাশি প্রায় ৪০ লাখের বেশি মানুষ এ সেচ সুবিধার আওতায় আসবেন। এতে কৃষকদের সেচসংকট দূর হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান ও জীবিকা উন্নত হবে।


প্রকল্পের আর্থিক ও কৃষি গুরুত্ব তুলে ধরে তিনি আরও জানান, ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পে প্রায় ১ হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর কৃষিজমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দীর্ঘদিনের সেচসংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ ছাড়া কুষ্টিয়া সদর উপজেলার মরা গড়াই খাল খননের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। প্রায় ৮ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ এ খালটি কবরবাড়িয়া নিম্নাঞ্চল থেকে উৎপন্ন হয়ে কুষ্টিয়া সুগার মিলের ভেতর দিয়ে গড়াই নদীতে গিয়ে মিশেছে। খালটি খননে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


প্রতিমন্ত্রী বলেন, সরকারের নদী ও খাল পুনরুদ্ধার কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এসব প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমা নিশ্চিত করতে হবে।


পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্পের কাজ যথাযথ পরিকল্পনা ও মানসম্মতভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৮ পিএম

ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়ানো হলেও নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।


মো. হাফিজুর রহমান বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে।


এসআরবির এই কর্মকর্তা জানান, যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশ বড় সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


নাশকতা প্রতিরোধে সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে হাফিজুর রহমান বলেন, আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫১ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের উড়োজাহাজে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।


শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।


উপদেষ্টা জাহেদ বলেন, ‘হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের। আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’


তিনি বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’


তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে।’


ভারতের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের পজিটিভলি এনগেজ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।’


তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তার এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সুতরাং তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়।’


উপদেষ্টা জাহেদ আরও বলেন, ‘ভারত তাকে জোর করে প্রত্যর্পণ করবে, ব্যাপারটা এরকম না। শেখ হাসিনা বলছে আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক—সুতরাং দুটো মিলে গেল। তাহলে এই দায় তো ওই সরকারের (ভারত) ওপর পড়ছে না। আর তার প্রত্যর্পণে আর কোনো আইনি ব্যারিয়ার আছে বলেও আমি মনে করি না।’


‘তার (শেখ হাসিনা) খুব সহজ একটা বুদ্ধি আছে। ভারতকে বলতে পারেন আমাকে তুমি প্রত্যর্পণ করে দাও বাংলাদেশের হাতে। ব্যাস হয়ে গেল। তারপর দেখা যাক আমরা আসলে কি চাই না চাই,’ যোগ করেন তিনি।

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১১ পিএম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, নভেম্বরে সারা দেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে গণপরিবহনসহ বিভিন্ন পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা, ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে তারা কোনো ঝটিকা মিছিল করতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। সে কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তারা গ্রেপ্তার হবেন।পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, নভেম্বরে এই পর্যন্ত পুলিশের  স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি। পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসব ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পুলিশের কাছে থাকা তথ্যের চেয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বেশি রয়েছে। পুলিশের তথ্য সংগ্রহ ও প্রকাশের একটি প্রক্রিয়া আছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। আর ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ডা. জাহেদ উর রহমান আরও বলেন, নভেম্বরে এই পর্যন্ত বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন কর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে এসব ঘটনার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একটি হাসপাতালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি কোনো যুদ্ধ নয়। এমনকি যুদ্ধের মধ্যেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। একজন সংসদ সদস্যের হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে এ ধরনের তাণ্ডব ধারাবাহিকভাবে চালানো হয়েছে।


গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জানান, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর। আগামী ১২ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টনের বিষয়ে করা চুক্তির মেয়াদও ওই দিন শেষ হবে।


জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ভারতকেও একই ধরনের কমিটি গঠন করে প্রথম বৈঠকের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জনশক্তিমন্ত্রীকে এ বিষয়ে একটি চিঠি লিখেছেন বলেও জানান তিনি।

সর্বশেষ সব খবর

মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন নিম্নতম মজুরি বোর্ডের সৈয়দ আজাদ সুবহানী

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৪ পিএম

নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় আজ সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ। তবে পরিমাণ প্রকাশ করা হয়নি। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের বৈঠকে বিকেলের বিরতিতে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের সৈয়দ আজাদ সুবহানী। 

সোমবার দুপুর পৌনে ১২টায় মজুরি বোর্ড কার্যালয়ে সভা শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করেন। সভায় আজই প্রথম মালিক ও শ্রমিক পক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় নিয়মিত সদস্যদের বাইরে মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনের সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল ও শ্রমিক পক্ষের বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশেনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু। 

বৈঠকে বিকেলের বিরতিতে ব্রিফ করা হয়। এতে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ না হওয়ায় মালিক পক্ষের প্রস্তাবিত পরিমাণ প্রকাশ করা হচ্ছে না। আলোচনা শেষে তা জানানো হবে। 

এ সময় এক সাংবাদিক জানতে চান বাজারে খবর রয়েছে, মালিকদের প্রস্তাবিত পরিমাণ ১৪ হাজার ৫০০ টাকা। আসলেই তাই কিনা–এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রস্তাবিত পরিমাণ এর চেয়ে অনেক বেশি।’ 

মজুরি বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারেন। 

তিনি জানান, আজকের সভা চলবে। এমনকি প্রয়োজনে আগামী বুধবারও সভাটি চলতে পারে। 

আজকের বৈঠকে আলোচনা শেষ না হওয়ায় রাত ১০টা পর্যন্ত সভা চলতে পারে। আজ আলোচনা শেষ হলে মূলতবি ঘোষণা করে আগামী বুধবার আবার সভাটি শুরু হতে পারে। 

ব্রিফিংয়ে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকদের প্রস্তাব তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। তাদের প্রস্তাব ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে। তবে শ্রমিক পক্ষ তাদের প্রস্তাব পর্যালোচনায় পরিমাণ কমিয়ে আবার নতুন প্রস্তাব জমা দেবেন। 

প্রসঙ্গত, মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় দেওয়া শ্রমিক পক্ষের প্রতিনিধির প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা।

সর্বশেষ সব খবর