• প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪২ এএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অভ্যন্তরে পকেট গেটের মসজিদ সংলগ্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


পকেট গেটে দায়িত্বরত আনসার সদস্য ইউসুফ জানান, ক্যাম্পাসের বাইরে থেকে ককটেল দুটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছুড়ে মারা হয়। পরে সেগুলো পকেট গেটের প্রাচীরের ওপর দিয়ে মসজিদসংলগ্ন এলাকায় পড়ে বিস্ফোরিত হয়।


ঘটনার বিষয়ে শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবীর বলেন, ছাত্রলীগ ও ক্যাম্পাসের ভেতরের লোকজনের যোগসাজশে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাস্থলের লাইট বন্ধ থাকা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, 'ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা রয়েছে। সকালে ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে।’


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ সব খবর

জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫২ এএম

জাঁকজমকপূর্ণ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে জাতীয় ছাত্রশক্তি। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৭০০ নবীন শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দলটির শীর্ষ নেতা আবদুল হান্নান মাসুদ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার। এছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও নোবিপ্রি শাখার অন্যান্য নেতৃবৃন্দ। 


নোবিপ্রি ছাত্রশক্তির আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, "পুরনোদের রাজনীতির দিন শেষ।" নতুন বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র সংস্কারের উদ্যোগে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি নবীন শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের স্বার্থে যুবসমাজকে সবসময় সামনের সারিতে থাকতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব ও লেজুড়বৃত্তিক রাজনীতির দিন শেষ হয়ে মেধা, যোগ্যতা ও শিক্ষার্থীদের কল্যাণভিত্তিক রাজনীতির সূচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দেশের সম্পদে পরিণত করতে এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় ছাত্রশক্তি সর্বদা সচেষ্ট থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুল্লাহ আল শাহরিয়ার বলেন, ছাত্র শক্তি নোবিপ্রবি শাখা কর্তৃক আয়োজিত আজকের নবীন বরণ অনুষ্ঠানটি আমাদের মুগ্ধ করেছে। ওভারঅল সবকিছু খুব চমৎকার ছিল। এ ধরনের বরণ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি তারা এই ধারা অব্যাহত রাখবে। 


আরেক শিক্ষার্থী সাইমা জান্নাত বলেন, আজকের অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি সবসময় চাইবো ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম শিক্ষার্থীবন্ধ হোক। শিক্ষার্থীদের অধিকার রক্ষার্থে তারা সবসময় কাজ চালিয়ে যাক। এটাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা প্রদান এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ সব খবর

প্রভোস্ট ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহা।

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩২ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে মেঝেতে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় তথ্য জানতে সাংবাদিকরা হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পাওয়ার পরপরই কল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষের উত্তর-পূর্ব কোণে এ ঘটনা ঘটে।

দোলনচাঁপা হলের হাউস টিউটর ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সুমনা আক্তার সুমি জানান, হলের তৃতীয় তলার রান্নাঘরের গ্যাসলাইনের পাইপে লিকেজ থাকায় গ্যাস নির্গত হচ্ছিল। এ সময় এক শিক্ষার্থী রান্না করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী মেঝেতে পড়ে যান।




তিনি বলেন, “তাঁর কান্নাকাটি দেখে প্রথমে আমরা আশঙ্কা করেছিলাম, হয়তো তাঁর হাত ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত তাঁর হাত ভাঙেনি এবং তিনি গুরুতর আহতও হননি।”

অগ্নিকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে হল প্রভোস্ট ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন সাংবাদিকরা। তবে সাংবাদিক পরিচয় দেওয়ার পরপরই তিনি কল কেটে দেন। পরবর্তী সময়ে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না।”

পরবর্তী কথোপকথনে প্রভোস্ট জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সরাসরি পরিস্থিতি না দেখে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার সুযোগ নেই। এ সময় হলের গ্যাসলাইন স্থাপন ও চুলার যন্ত্রাংশের বিষয়েও কথা বলেন তিনি।

হল প্রভোস্টের দাবি, দোলনচাঁপা হলে আগে গ্যাসের ব্যবস্থা ছিল না। ডাইনিং পরিচালনা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের বিকল্প ব্যবস্থা হিসেবে সম্প্রতি গ্যাসের সংযোগ দেওয়া হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, গ্যাসলাইন স্থাপনের এক বছরও হয়নি। ফলে চুলার যন্ত্রাংশ দীর্ঘদিন মেরামত না করার কারণে আগুন লাগার বিষয়ে মিস্ত্রির দেওয়া তথ্য তিনি নাকচ করেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দোলনচাঁপা হলের ৪০৬ নম্বর কক্ষে এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে জুনিয়র রুমমেটকে মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে বক্তব্য জানতে সাংবাদিকরা হল প্রভোস্ট উম্মে ফারহার সঙ্গে যোগাযোগ করলে সেসময়ও তাঁর বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে।

তখন কথোপকথনে তিনি বলেছিলেন, “আমি অনেক কিছু জানি, যা আপনাদের বলব না। আপনাদের সাংবাদিকগিরি একধরনের ফাতরামি করা ছাড়া কিছুই না।”

সর্বশেষ সব খবর

দোলনচাঁপা হলে অগ্নিকাণ্ডের পরের চিত্র

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরভী আক্তার আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের হাউস টিউটর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমনা আক্তার সুমি।


অধ্যাপক ড. সুমনা আক্তার সুমি জানান, দোলনচাঁপা হলের তৃতীয় তলার রান্নাঘরের গ্যাসলাইনের পাইপে লিকেজ থাকায় গ্যাস নির্গত হচ্ছিল। এ সময় এক শিক্ষার্থী রান্না করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী মেঝেতে পড়ে যান।


তিনি বলেন, “তাঁর কান্নাকাটি দেখে প্রথমে আমরা আশঙ্কা করেছিলাম, হয়তো তাঁর হাত ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত তাঁর হাত ভাঙেনি এবং তিনি গুরুতর আহতও হননি।”


তিনি আরও জানান, ঘটনার পরপরই তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত গ্যাসলাইনের লিকেজ বন্ধের ব্যবস্থা গ্রহণ করেন।


এদিকে, আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হাতের নড়াচড়া সীমিত রেখে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ জন্য তাঁকে একটি বেল্ট দেওয়া হয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ সব খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন শুরু

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩৮ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন শুরু হয়েছে।


দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিভিন্ন অনুষদের ডিনরা।


পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির তাৎপর্য তুলে ধরা হয়।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুঝতে হলে এর ঐতিহাসিক প্রেক্ষাপট জানা প্রয়োজন। ১৯৭১ সালে দেশের মানুষ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, পরবর্তী সময়ে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান তৈরি হওয়ায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর দেশে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা দেখা দেয়। সেনাবাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ভেঙে পড়ে।


তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। এমন পরিস্থিতিতে দেশের প্রশাসনিক অবস্থা সম্পর্কে সাধারণ মানুষ অন্ধকারে ছিল। পরবর্তী সময়ে ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হন। সেদিন আন্দোলনরত সিপাহী-জনতা তাঁকে মুক্ত করে উচ্ছ্বাস প্রকাশ করেন।


তিনি বলেন, সেনাবাহিনী ও জনগণ ঐক্যবদ্ধভাবে চাইলে দেশের গতিপথ পরিবর্তন করতে সক্ষম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের গণআন্দোলনেও ঐক্যবদ্ধ জনগণের শক্তির প্রতিফলন ঘটেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তখনই সার্থক হবে, যখন সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে কাজ করবেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. এ এইচ এম কামাল, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের ও দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।


এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য-সচিব মামুন সরকার বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আশরাফুল আলম।


উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সব খবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় লোগো

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৫ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঘটনার ২০ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা হয়নি।

এর আগে বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) সংবাদ সম্মেলন করেন এক পক্ষের শিক্ষার্থীরা।সংবাদ সম্মেলনে সংঘর্ষে আহত শিক্ষার্থী রবিউল ইসলাম অভিযোগ করেন, নির্ধারিত সময় পার হলেও তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বরং ভুক্তভোগী শিক্ষার্থীরাই হয়রানির শিকার হচ্ছেন। তিনি দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং সংঘর্ষে জড়িত মূল ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

রবিউল ইসলাম বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখা যায়, এ ধরনের ঘটনায় প্রশাসন বাদী হয়ে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করে থাকে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে নানা ধরনের আশ্বাস দিয়ে বিচার পাওয়ার ব্যাপারে আমাদের আস্থা রাখতে বলেছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও ২০ দিন পেরিয়ে গেছে। এখনো আমরা কোনো কার্যকর ফলাফল দেখতে পাচ্ছি না। বরং ভুক্তভোগী শিক্ষার্থীরাই হয়রানির শিকার হচ্ছেন।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আদনান হাবিব নিশাত জানান, তাঁরা চান বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তদন্তের ফলাফল প্রকাশ করবে এবং সংঘর্ষের ঘটনায় জড়িত মূল হোতাদের শাস্তির আওতায় আনবে। বিচার ও চূড়ান্ত সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ না হওয়া পর্যন্ত ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে পাশের মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে বিরোধটি কয়েক দফায় সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পরদিন ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।তবে ২০ দিনেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম কালবেলাকে জানান, একাডেমিক কারণে সংশ্লিষ্ট অনেকের ক্লাস ও পরীক্ষা থাকায় সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংঘর্ষে জড়িতদের শনাক্ত করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে কিছুটা সময় লাগছে।

তিনি বলেন, ‘আশা করছি, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব। তদন্তের প্রায় ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন শুধু প্রতিবেদনটি লিখিতভাবে প্রস্তুত করার কাজ বাকি।’

এর আগে ২৮ অক্টোবর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এক পক্ষের শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন তাঁদের আশ্বস্ত করে জানান, তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন পাওয়া গেলে দ্রুত তা শৃঙ্খলা বোর্ডে উপস্থাপন করা হবে। পরবর্তী সময়ে সিন্ডিকেটের মাধ্যমে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৭ পিএম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে পুলিশের হামলার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে কলেজের সামনের সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে বলা হয়, মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি হামলায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।


দ্বিতীয় দাবিতে কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন তারা।শিক্ষার্থীরা জানান, দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


এর আগে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে। এ সময় পুলিশি অভিযানে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে।


আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, মধ্যরাতে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পেটানো এবং এক নারী শিক্ষার্থীর চুল ও হিজাব ধরে টানাটানির অভিযোগও করেছেন তারা।

সর্বশেষ সব খবর