রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সমালোচনা এবং তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে ।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এই কমিটি ঘোষণা করা হয়। যেখানে, সভাপতি বুটেক্সের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মো: জাহিদ হাসান জয়, সাধারণ সম্পাদক ৪৬তম ব্যাচের আলী মাহমুদ হাসান প্রতীক। এছাড়াও সহ-সভাপতি এবং যুগ্ম- সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো: ফারহান ইশরাক জিসান এবং খন্দকার তাজ মোহাম্মদ-কে।
২০২৪ সালের ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক ও অঙ্গসংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সম্পৃক্ততা নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠনের নতুন কমিটি ঘোষণার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সমালোচনা ও আলোচনা চলতে থাকে।
৪৯তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মিরাজুল ইসলাম বলেন, "ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর থেকে জোন কালচার নামক একটা প্রথার সাথে পরিচিত হয়েছিলাম। বলার অপেক্ষা রাখে না, এই প্রথা ছাত্রলীগেরই তৈরি করা ছিল। প্রতিদিন দুপুর ১টা ১০ বাজলেই মাঠের মাঝে আমাদের দাঁড়া করায়ে বিভিন্ন রুলস শেখানো হতো, একটু পর সংসদে গিয়ে হ্যান্ডশেক করানো হতো। শুধু এইটুকুতেই সীমাবদ্ধ থাকলে সমস্যা ছিল না। সমস্যা দেখা শুরু হল, যখন দেখলাম রুলসের দোহাই দিয়ে এরা আমাদেরকে র্যাগ দেওয়া বৈধ করে তুললো। হলে গেস্টরুম কালচারকে এরা বৈধ করে তুলেছিল। হলে জুনিয়রদের মাঝে অবৈধ মাদক ব্যবসা বৈধ করে তুলেছিল। জুলাইয়ের সময় যখন আমরা শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরামের রক্ত দেখে বিচারের দাবিতে রাস্তায় নামলাম, তখন এরা আমাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য নিজেদের ফোর্স তৈরি করলো। সবকিছুরই নেপথ্যে ছিল নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ। এই ছাত্রলীগের অনেকের নামে প্রশাসন বরাবর বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসন কখনোই আমাদের সহযোগিতা করেনি। আজকে তারা কমিটি প্রকাশ করার দুঃসাহস করলো। সামনে ক্যাম্পাসে আসারও হয়তোবা চেষ্টা করবে। সেই চেষ্টা আমাদের শিক্ষার্থীদেরই রুখে দিতে হবে, তা হোক পুলিশি মামলা দিয়ে অথবা নিজেদের সাহসী মনোভাব দিয়ে।"
৫০ তম ব্যাচের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম জুনায়েদ বলেন, "ছাত্ররাজনীতি - মুক্ত একটি ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কমিটি প্রকাশ উদ্বেগেরই বিষয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের সবসময় সজাগ থাকতে হবে, যাতে কোনো সংগঠনের রাজনৈতিক এজেন্ডা আমাদের মাধ্যমে বাস্তবায়িত না হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পাসের শিক্ষা, গবেষণা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করি। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এমন একটি ক্যাম্পাস গড়তে হবে, যেখানে আর কখনো কোনো ধরনের দমন-পীড়ন বা কর্তৃত্ববাদী সংস্কৃতি ফিরে আসতে না পারে। মনে রাখতে হবে আমরা যদি এসব প্রশ্রয় দেই, তাহলে এই অপরাজনীতির শিকার পরবর্তীতে আমাকে আপনাকেই হতে হবে।"
৫১ তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আলি জুনায়েদ বলেন, "রাজনীতি মুক্ত ক্যাম্পাসে এভাবে একটি নিষিদ্ধ সংগঠনের কমিটি প্রকাশ খুবই উদ্বেগ জনক বিষয়। এখানে দেখা যাচ্ছে , সাধারণ শিক্ষার্থীরা এখনো নীরব। এই নীরবতাই হয়তো ছাত্রলীগের মতো নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে এমন পদক্ষেপ নেওয়ার সাহস জোগাচ্ছে। বুটেক্স এর মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ও বিতর্কিত সংগঠনের কমিটি ঘোষণার দুঃসাহস দেখানো সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিকভাবে সচেতন সবার জন্যই লজ্জাজনক। এখন পর্যন্ত সবাই নীরব, কিন্তু এই নীরবতা কতদিন? বিশেষ করে গতকাল ঘোষিত ছাত্রলীগের কমিটির বিষয়টি এখন ক্যাম্পাসজুড়ে এক ধরনের হাস্যকর ঘটনায় পরিণত হয়েছে। রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাসে এমন ঘোষণাকে অধিকাংশ শিক্ষার্থী গুরুত্বের সঙ্গে না নিয়ে উপহাসের দৃষ্টিতেই দেখছে।"
এব্যাপারে বুটেক্সের প্রক্টর অধ্যাপক ড.মোঃ মাহবুবুর রহমান বলেন, বুটেক্সে এই মুহুর্তে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি এখানে কোন রাজনৈতিক কর্যক্রম পরিচালনা করতে চায় তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
গত ১৭ বছর বুটেক্সে দীর্ঘ সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে। জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র ও অ্যালামনাইদের হত্যাচেষ্টা চালায় নিষিদ্ধ সংগঠনের কর্মীরা। এছাড়াও, চাঁদা দাবি করে ক্যান্টিন ভাঙচুর এবং নিষিদ্ধ বুটেক্স শাখা ছাত্রলীগের সাবেক নেতার রাজনৈতিক প্রভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়েও বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে।
জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে
বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ
নজরুল বিশ্ববিদ্যালয় ফুটবল দল
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭-এর প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৬ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স) ২-০ গোলে পরাজিত করে প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে দলটি।
ম্যাচে নজরুল বিশ্ববিদ্যালয়ের হয়ে জালের দেখা পান দুই বিভাগের দুই শিক্ষার্থী। দর্শন বিভাগের রূপক চাকমা এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ভিনসেন্ট ত্রিপুরার করা গোলে পূর্ণ তিন পয়েন্টের সমতুল্য জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ববিদ্যালয় দল।
প্রথম ম্যাচের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন দলের অধিনায়ক অনিক চন্দ্র কর। তিনি জানান, পূর্বপ্রস্তুতি ও দলীয় পরিকল্পনার যথাযথ বাস্তবায়নই এই জয়ের অন্যতম কারণ। দলের প্রত্যেক খেলোয়াড় নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনিক চন্দ্র কর বলেন, “প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই প্রথম ম্যাচে জয় পাওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। পূর্বপরিকল্পনা অনুযায়ী মাঠে নিজেদের সেরাটা দিতে পেরেছি বলেই এ জয় অর্জন সম্ভব হয়েছে। দলের প্রত্যেক খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করেছে। আশা করছি, এ ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী ম্যাচগুলোতেও ভালো খেলা উপহার দিতে পারব এবং বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হব।”
প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় মাঠে নামবে নজরুল বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ হাবিবুর রহমান হল মাঠে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুই দলের লড়াই ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। এতে দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নিচ্ছে।
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দল এ সমাবেশের আয়োজন করে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে সাধারণ শিক্ষকদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সমাবেশে বক্তারা সারা দেশে সংঘটিত যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে অধ্যাপক ড. শামসুল আলম আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, সারা দেশে তেমন কোনো ঘটনা না ঘটলেও গোপালগঞ্জে তারা মিছিল, বিরোধিতা ও অগ্নিসংযোগ করেছে। এর মাধ্যমে ২০১৪ সালের অগ্নিসংযোগের ঘটনায় দলটির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। তাদের সেই পুরোনো প্রশিক্ষণ এখনো রয়ে গেছে ও তা প্রয়োগ করা হচ্ছে। তিনি আরও বলেন, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং স্বাধীনতার পর থেকেই দেশে সন্ত্রাস সৃষ্টি করে আসছে, যা এখনো চলমান। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়ার সুযোগ নেই এবং সরকারকে দৃঢ় হতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং অগ্নিসংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গণহত্যাকারী, পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তাদের ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।
উপস্থিত বক্তারা আরও বলেন, ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নবীন শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি পবিত্র জায়গা। তোমাদের প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
উপাচার্য আরো বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। বক্তব্যে নবীন শিক্ষার্থীরা তাদের মেধা, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. মজিবুর রহমান সরওয়ার, এমপি।