জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হিমেল বলেন, গত ১৭ বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে বিএনপি পরিবারের হাজারো নেতাকর্মীর প্রাণ ঝরেছে। গুমের শিকার হয়েছেন শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১ হাজার ৪০০ শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ক্রিয়াশীল সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করেছেন তাঁরা। মববাজির বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। তবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

হিমেল আরও বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তাঁরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন। গত ৯ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদকে আটক করা হয়। তাঁর হোয়াটসঅ্যাপে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার একটি গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এসব কর্মকর্তার অর্থায়নে সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাই-আগস্ট আন্দোলনে তিন হাজারের বেশি মানুষকে হত্যা এবং ৫০ হাজারের বেশি মানুষকে পঙ্গু করা হয়েছে। গত ১৭ বছরের গুম, খুন ও হত্যার পরিসংখ্যান উল্লেখ না করে তিনি বলেন, জনরোষের মুখে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়েছেন। সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিদের মধ্যেও অনুশোচনা নেই বলে দাবি করেন তিনি।

হিমেল লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী নিধন শুরু হলো। ধন্যবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী নিধনের যে কাজ শুরু হলো, এটা প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি দপ্তরে অতিশীঘ্র শুরু করতে হবে।’

এর আগে সোমবার দিনভর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী সংগঠন দুটির নেতাকর্মীরা।



সর্বশেষ সব খবর

বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৮ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এ পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।

এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।

গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী ‘এ প্লাস’ (A+), ১ হাজার ৫০৮ জন ‘এ’ (A), ৩ হাজার ৩০২ জন ‘এ মাইনাস’ (A-), ৩ হাজার ৫২৪ জন ‘বি’ (B), ২ হাজার ১০৭ জন ‘সি’ (C) এবং ৪৬ জন ‘ডি’ (D) গ্রেড অর্জন করেছেন।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

ফল ঘোষণা অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। মাত্র ৪১ কর্মদিবসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন উপাচার্য।

এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (result.bou.ac.bd) মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার চূড়ান্ত ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে গ্রামীণফোন (জিপি) গ্রাহকদের মেসেজ অপশনে "PB BOU Student ID" লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: "PB BOU 19011010048"।
টেলিটক, রবি ও বাংলালিংক গ্রাহকদের মেসেজ অপশনে "BOU Student ID" লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: "BOU 19011010048"।

সর্বশেষ সব খবর

নজরুল বিশ্ববিদ্যালয় ফুটবল দল

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৬ পিএম

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭-এর প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।


সোমবার (১৬ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স) ২-০ গোলে পরাজিত করে প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে দলটি।


ম্যাচে নজরুল বিশ্ববিদ্যালয়ের হয়ে জালের দেখা পান দুই বিভাগের দুই শিক্ষার্থী। দর্শন বিভাগের রূপক চাকমা এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ভিনসেন্ট ত্রিপুরার করা গোলে পূর্ণ তিন পয়েন্টের সমতুল্য জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ববিদ্যালয় দল।


প্রথম ম্যাচের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন দলের অধিনায়ক অনিক চন্দ্র কর। তিনি জানান, পূর্বপ্রস্তুতি ও দলীয় পরিকল্পনার যথাযথ বাস্তবায়নই এই জয়ের অন্যতম কারণ। দলের প্রত্যেক খেলোয়াড় নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।


অনিক চন্দ্র কর বলেন, “প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই প্রথম ম্যাচে জয় পাওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। পূর্বপরিকল্পনা অনুযায়ী মাঠে নিজেদের সেরাটা দিতে পেরেছি বলেই এ জয় অর্জন সম্ভব হয়েছে। দলের প্রত্যেক খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করেছে। আশা করছি, এ ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী ম্যাচগুলোতেও ভালো খেলা উপহার দিতে পারব এবং বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হব।”


প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় মাঠে নামবে নজরুল বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ হাবিবুর রহমান হল মাঠে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুই দলের লড়াই ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। এতে দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নিচ্ছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২২ পিএম

সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দল এ সমাবেশের আয়োজন করে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে সাধারণ শিক্ষকদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।


সমাবেশে বক্তারা সারা দেশে সংঘটিত যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সমাবেশে অধ্যাপক ড. শামসুল আলম আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, সারা দেশে তেমন কোনো ঘটনা না ঘটলেও গোপালগঞ্জে তারা মিছিল, বিরোধিতা ও অগ্নিসংযোগ করেছে। এর মাধ্যমে ২০১৪ সালের অগ্নিসংযোগের ঘটনায় দলটির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। তাদের সেই পুরোনো প্রশিক্ষণ এখনো রয়ে গেছে ও তা প্রয়োগ করা হচ্ছে। তিনি আরও বলেন, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং স্বাধীনতার পর থেকেই দেশে সন্ত্রাস সৃষ্টি করে আসছে, যা এখনো চলমান। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়ার সুযোগ নেই এবং সরকারকে দৃঢ় হতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং অগ্নিসংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গণহত্যাকারী, পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তাদের ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।


উপস্থিত বক্তারা আরও বলেন, ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ সব খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নবীন শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি পবিত্র জায়গা। তোমাদের প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

উপাচার্য আরো বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। বক্তব্যে নবীন শিক্ষার্থীরা তাদের মেধা, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. মজিবুর রহমান সরওয়ার, এমপি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৫ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ‘এমএস ইন ওয়েটল্যান্ড এগ্রিকালচার’ প্রোগ্রামে নতুন ভর্তিকৃত ১২ জন শিক্ষার্থীকে নিয়ে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

‎

‎​সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের শ্রেণিকক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

‎

‎​সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় এবং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের উপ-পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী।  


‎​ অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আজকের এই আয়োজনটি সম্ভব হয়েছে। আরেকটি সুখবর হলো, হাওর ও চরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে আমরা একটি বড় গবেষণা প্রকল্প হাতে নিয়েছি, যা বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্ত হলে তোমরা গবেষণা নৌযান বা রিসার্চ ভেসেলে করে সরাসরি হাওরে গিয়ে কাজ ও থিসিস করার সুযোগ পাবে। দেশের অর্থ ব্যয় করে তোমাদের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই তোমাদের আন্তরিকতা ও ভালো ফলাফলই আমাদের প্রচেষ্টাকে সার্থক করবে।'

‎

‎​প্রধান অতিথি অধ্যাপক ড. মো. রুহুল আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছ, সেখানে গবেষণায় বেশ স্বনামধন্য একজন যোগ্য পরিচালককে রিসার্চ গাইড হিসেবে পেয়েছ। তবে মাস্টার্স পর্যায়ে ক্লাসে শিক্ষার্থীদের কম উপস্থিতির বিষয়টি আমাকে কিছুটা উদ্বিগ্ন করে। জীবনের এই গুরুত্বপূর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে তোমাদের গুরুত্বসহকারে পড়াশোনা করতে হবে। যেকোনো সমস্যা চিহ্নিত ও সমাধান করা, থিসিস লেখা এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরির মতো দক্ষতাগুলো ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর চাকরিক্ষেত্রে তোমাদের জন্য অপরিহার্য হয়ে উঠবে।'

সর্বশেষ সব খবর

সৈয়দ ওয়ালিদ হাসান ও মো. রামীম মুস্তাফিজ

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৮ পিএম

​খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (KUMUNA) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটিকে আরও গতিশীল, দক্ষ ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ ওয়ালিদ হাসান এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন গণিত ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী মো. রামীম মুস্তাফিজ।


​নবনির্বাচিত সভাপতি সৈয়দ ওয়ালিদ হাসান সংগঠনকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, "KUMUNA-কে আরও সক্রিয় ও দক্ষ একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নিয়মিত কর্মশালা, সেমিনার ও সিমুলেশন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা হবে। পাশাপাশি নতুনদের নেতৃত্ব, কূটনীতি, গবেষণা, বিতর্ক ও জনসম্মুখে কথা বলার দক্ষতা বিকাশে কাজ করব আমরা। আন্তর্জাতিক অর্জনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও বিশ্বপরিসরে ছড়িয়ে দিতে চাই।"


​সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরে জেনারেল সেক্রেটারি মো. রামীম মুস্তাফিজ বলেন, "ব্যক্তিজীবন থেকে শুরু করে সাংগঠনিক পরিমণ্ডল—সর্বত্রই সঠিক কূটনীতি ও বিচক্ষণতার চর্চাকে একটি ইতিবাচক সামাজিক মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।"


​নবঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে জাকিয়া ফারহানা চৌধুরী (২২ ব্যাচ), যুগ্ম সম্পাদক হিসেবে ইন্তেসার খান রুদ্র (২৩ ব্যাচ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হুসাইন, আলমা ফারহা ও মো. সদমান শাকির (২৩ ব্যাচ) দায়িত্ব পেয়েছেন।


​কমিটির অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে কনফারেন্স ম্যানেজমেন্ট সেক্রেটারি অনিন্দ্য চক্রবর্তী, ব্র্যান্ডিং অ্যান্ড ডকুমেন্টেশন সেক্রেটারি সমুদ্র চাকমা, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি নাভিল সাদাত এবং অফিস সেক্রেটারি হিসেবে আব্দুল আজিজ ও মো. রাফসান গোলদার মনোনীত হয়েছেন।


​এছাড়া বিভিন্ন বিভাগের পরিচালক (ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পেয়েছেন একাডেমিকস অ্যান্ড রিসার্চ বিভাগে মো. ইমাম হোসেন ও শাহরিয়ার ইসলাম শিহাব, ব্র্যান্ডিং অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগে মো. তানজিমুল হক তনু ও জান্নাতুল ফেরদৌস মহিমা, টেকনিক্যাল অ্যাফেয়ার্স বিভাগে রুকাইয়া আফিয়া নেহা, অফিস ম্যানেজমেন্ট বিভাগে শাহরিন আহমেদ দীপ্ত ও অম্লান গুহ, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিভাগে প্রিয়াঙ্কা সরকার, কনফারেন্স ম্যানেজমেন্ট বিভাগে মারজুক রহমান আদিত, ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগে নাইমুল ইসলাম রাতুল, ইন্টারনাল অ্যাফেয়ার্স বিভাগে মো. ফাহাদ হোসেন সাজিদ, সেশন ম্যানেজমেন্ট বিভাগে আরাফাত রহমান, হিউম্যান রিসোর্সেস বিভাগে সুমাইয়া আক্তার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে সিদরাতুল মুনতাহা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগে আজিজুল হাকিম এবং লজিস্টিকস বিভাগে মিয়াদ বিন মাহমুদ ও ওমর শাহাদাত। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ২৫ ব্যাচের একাধিক শিক্ষার্থী দায়িত্ব পেয়েছে।

সর্বশেষ সব খবর