বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীনদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, বোতল ও কলমের বাক্স দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনের প্রস্তুতি নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রথম প্যানেল আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভালো ফলাফল অর্জনের কৌশল, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের সঠিক পদ্ধতি এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।
দ্বিতীয় প্যানেলে ছাত্রশিবিরের সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা করপোরেট খাতে সফল হওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। আলোচনায় সংগঠনটির অতীত ইতিহাসও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা বলেন,
আগে বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষার্থীরা ভয় পেত।গেস্টরুমে গিয়ে অনেক বড় বড় স্বপ্ন একদিনেই নিঃশেষ হয়ে যেত। জুলাই বিপ্লব এসে অনেক কিছু পরিবর্তন করে দিয়ে গিয়েছে। এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে মাত্র ৩৬ দিনে তাড়িয়ে দিয়েছে এদেশের মানুষ। তবে বর্তমানে আমরা একটি সংকটের মধ্যে আছি। দেশের বর্তমান শিক্ষা ও কর্মসংস্থান খাতে নানা সংকট তৈরি হয়েছে এবং বেকারত্বের হার বাড়ছে। বাংলাদেশে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৫০-৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য যথাযোগ্য চাকরির ব্যবস্থা নেই। একই সাথে, মেধাবীদের ভালো জায়গায় যাওয়ার সুযোগ কমিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।
শিক্ষার্থীদেরকে তিনি আরও বলেন, কয়েকদিন আগে তোমরা দেখে থাকবে, স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে একটি আন্দোলন হয়েছে। নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া এনটিআরসি-র মাধ্যমে হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে স্কুল-কলেজ গভর্নিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। অথচ এই কমিটিগুলোতে দলীয় পরিচয়ে এমন একদল লোক বসে আছে যারা নিজেরাই কোনো রকমে টেনেটুনে পাশ করেছে। তাদের হাতে নিয়োগের ক্ষমতা থাকলে তারা টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করত। এর ফলে দিনশেষে আমরা জাতির মেধাবী শিক্ষকদের হারাতাম।
ছাত্রশিবির নিয়ে তিনি আরও বলেন, অন্যান্য সংগঠন থেকে ইসলামী ছাত্রশিবিরের মূল পার্থক্য হলো আমরা যারা ভালো করি, আমরা চাই আমাদের পরে যারা আসবে তারা যেন আরও ভালো করে। ইসলামী ছাত্রশিবির একটি ‘ফুল প্যাকেজ’ দেয়, যাতে একজন শিক্ষার্থী দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই সফল হতে পারে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার । ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে অত্যন্ত নীরবে-নির্ভৃতে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষ, অর্থাভাবে পড়াশোনা করতে না পারা শিক্ষার্থী, গুম-খুনের শিকার পরিবার কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাজের বিরাজমান বিভিন্ন সমস্যার টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা দেখে আমি সত্যিই মুগ্ধ। তাদের প্রতিটি উদ্যোগেই দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জ উত্তরণের অভিনব পথ খুঁজে বের করার প্রয়াস রয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।’ তিনি আশা প্রকাশ করেন, মানুষের জীবনযাত্রার মান বদলে দেওয়া এসব উদ্যোগ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং শিল্পকারখানা পুনরুজ্জীবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণা অনুযায়ী খুলনা অঞ্চলে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন এবং তাঁদের চিন্তাভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবন পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "আমরা ঘুরে ঘুরে ৮-১০টি প্রজেক্ট দেখলাম। কৃষি, ফিশারিজ ও গবাদি পশুর এই প্রজেক্টগুলো খুবই আশাব্যাঞ্জক।
এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা মনে করি, এগুলো আগামীতে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। আমরা যেটা করব—যারা এই উদ্যোগগুলো নিয়েছেন, তারা যেন আরও বড় পরিসরে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমরা সর্বাত্মক ভূমিকা রাখব।"
অন্যদিকে, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, "আজকের এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। আমরা ডিজিটাল যুগে বসবাস করছি; আমাদের আজকের এই উদ্ভাবনগুলো যদি সত্যিই বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে আমরা বহুদূর এগিয়ে যাব এবং এর মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশকেও আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।"
বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়েছে। এবারের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বাধিক প্রকল্প ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী তরুণ বিজ্ঞানীদের খুঁজে বের করা এবং তাঁদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএর ভর্তি পরীক্ষার সূচি না পিছিয়েও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সুযোগ দিচ্ছে। এ ক্ষেত্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। তবে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারলে তাঁদের আবেদন বাতিল হবে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াসউদ্দিন।
তিনি বলেন, এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রাখার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে। তাঁরা আবেদন করতে পারবেন। তবে সম্পূরক পরীক্ষার ফলাফলে ভর্তির নির্ধারিত যোগ্যতা পূরণ করলেই কেবল ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যোগ্যতা পূরণ করতে না পারলে তাঁদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইউনিটভিত্তিক আবেদনের শর্ত অনুযায়ী এসএসসি বা সমমান পরীক্ষায় নির্ধারিত জিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ হলে এইচএসসির বাকি যোগ্যতা পূরণ সাপেক্ষে তাঁদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এ জন্য অন্য আবেদনকারীদের মতো নির্ধারিত আবেদন ফি দিতে হবে।ত
এ ছাড়া সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য অন্যদের সঙ্গে একই সময়সূচি ও একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার।
একই দিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন সই করা ভর্তি বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরুর পূর্বনির্ধারিত তারিখ ১০ দিন পিছিয়ে আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হওয়ার কথা জানানো হয়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি এ, বি, সি ও ডি ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ই ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ১ জানুয়ারি বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি চারুকলা অনুষদভুক্ত ই ইউনিট, ১৫ জানুয়ারি কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিট, ২২ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি ইউনিট এবং ২৩ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে গত সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে উপাচার্যদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানান, আলোচনার ভিত্তিতে ২০২৭ সালের জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ফল প্রকাশের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে ইউজিসির প্রস্তাবিত সময়সূচির সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচিতে পার্থক্য থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বঘোষিত সময়েই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে জবির ভর্তি পরীক্ষা।
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা বোর্ড প্রকাশিত সূচি অনুযায়ী, উচ্চ মাধ্যমিকের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ইংরেজি প্রথম প্রত্র ও দ্বিতীয় পত্র এবং পরদিন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর শেষ দিন অর্থনীতি প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং আরবি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের মাধ্যমে পুনঃপরীক্ষা শেষ হবে।প্রতিটি বিষয়ের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে হবে সংশ্লিষ্ট বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা, চলবে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফটে হবে দ্বিতীয়পত্রের পরীক্ষা, চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
আর ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়েছে, আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে; কেবল অকৃতকার্য কিংবা অনুপস্থিত পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষা দেবেন। পরীক্ষার্থীকে নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিয়ে নম্বর অনলাইনে এন্ট্রি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের অবশ্যই তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) অংশে পৃথকভাবে পাস করতে হবে।
পরীক্ষার্থীদের অন্তত পাঁচদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।এবার প্রথমবারের মতো চালু হওয়া সম্পূরক পরীক্ষায় কতজন অংশ নিচ্ছেন তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তাদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে। সেই অনুযায়ী এমন শিক্ষার্থীরা ৫ থেকে ৯ নভেম্বর অনলাইনে আবেদনের সুযোগ পেয়েছিলেন।
'উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন: ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা—২০২৬। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে একাডেমিক কোর্সের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসির পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার প্রতিপাদ্য 'উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন: ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সমাজ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ প্রবন্ধে অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ বলেন, একবিংশ শতাব্দীতে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ক্রমবর্ধমান জ্ঞানভিত্তিক বিশ্বে সৃজনশীল ধারণাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরের সক্ষমতা ব্যক্তিগত সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য। একটি ধারণা তখনই প্রকৃত মূল্য অর্জন করে, যখন তা মানুষের বাস্তব চাহিদা পূরণ, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রবন্ধের মূল বক্তব্য হলো, উদ্ভাবন সম্ভাবনার দ্বার উন্মোচন করে, উদ্যোক্তা কার্যক্রম সেই সম্ভাবনাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরিত করে এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এসব প্রচেষ্টাকে চূড়ান্ত সার্থকতা প্রদান করে। এছাড়াও তিনি বিভিন্ন থিওরি ও নতুন নতুন প্রযুক্তির আলোকে 'উদ্ভাবন ও উদ্যোক্তার বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবিদা সুলতানা বলেন, সাউদার্ন ইউনিভার্সিটির আজকের প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শিক্ষার্থীরা অধ্যায়নরত অবস্থায় এই ধরনের আইডিয়া নিয়ে কাজ করছে দেখে আমি মুগ্ধ। তাদের মধ্যে উদ্ভাবন ও সৃষ্টিশীলতার মনোভাব রয়েছে। মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বাড়াতে হবে এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে। উদ্যোক্তা বিষয়ে যেকোন পরামর্শ ও সহযোগিতায় উইমেন চেম্বার সব সময় আপনাদের পাশে আছে।
উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং লক্ষ্য অর্জন ও স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
মূলত ব্যবসার প্রসার ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ সেমিস্টার ভিত্তিক এ মেলার আয়োজন করে থাকে। এবার শিক্ষার্থীরা ১০টি স্টলে তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। সমাপণী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।