নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। শিক্ষার্থী ও সক্রিয় সংগঠনের নেতাকর্মীরা তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন দেবে। প্রমাণের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে সোমবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা ওই পাঁচ কর্মকর্তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন নেতাকর্মীরা। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডোরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করেন তারা।
এদিকে, কর্মকর্তাদের পুলিশের হাতে হস্তান্তরের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত আনুমানিক ৩টার দিকে ওই পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের গাড়ির পেছনে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত যান।
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম (ডালিম)। তিনি আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী আইইবি নির্বাচন ২০২৬ রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমানে অধ্যাপক মমিনুল আলম বুটেক্সের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জাপানের টয়োহাশি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের বোল্টন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইন টেক্সটাইল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।
পেশাগত জীবনের শুরুতে তিনি ওপেক্স গ্রুপ, সিনহা টেক্সটাইল গ্রুপ ও সম্রাট গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন। পরবর্তীতে বুটেক্সে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে প্রভাষক থেকে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের টিএমডিএম বিভাগের বিভাগীয় প্রধান। বুটেক্সে বিভাগটি প্রতিষ্ঠা ও চালুর ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভাগটিতে বিএসসি, এমএসসি ও পিএইচডি পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গবেষণা ও উদ্ভাবনেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি গ্রেড-১ অধ্যাপক, পেটেন্ট ও বইয়ের রচয়িতা এবং ৫০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধের লেখক। তাঁর অর্জনের মধ্যে রয়েছে বেসিস আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ইতালির এসিআইএমআইটি অ্যাওয়ার্ড। এছাড়া জাপানের মনবুশো স্কলারশিপ ও যুক্তরাজ্যের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ অর্জন করেছেন তিনি।
শিক্ষকতার পাশাপাশি তিনি এডিবির অর্থায়নে পরিচালিত বুটেক্সের ইডিপি-সিসিপ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন। আইইবি ঢাকা কেন্দ্রের গবেষণা কমিটির সদস্য সচিব (২০১৩–১৪) ও স্থানীয় কাউন্সিল সদস্য হিসেবে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বুটেক্স শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়েও তিনি কাজ করছেন। গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ডিভিশনের আয়োজনে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এ আই) ব্যবহারবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
আইইবি নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এ. কে. এম. মহসিন আহমেদ এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. সাজেদুল হক শালুক। এছাড়া বিভাগের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আরফান আলী পিকে, প্রকৌশলী মো. ফারুকুল ইসলাম জনি, প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, প্রকৌশলী কে. এম. আলাওল কবির, প্রকৌশলী মোহাম্মদ মহেবুল্লাহ ইসলাম (টিটু), প্রকৌশলী শহিদুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী মো. নায়েব উল ইসলাম, প্রকৌশলী শোভন সাহা, প্রকৌশলী ওসামা বিন মোস্তফা, প্রকৌশলী রাসেল আহমাদ, প্রকৌশলী তানভীর আহমেদ (সুজন), প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং প্রকৌশলী মো. রিফাত-উল-আজিজ।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম বলেন, “টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। একই সঙ্গে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়ানো, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) দেশের প্রকৌশলীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন। প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি এবং প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
একটি কাপড়ের বুনন যত শক্তই হোক, সুতার টানাপোড়েন বাড়তে থাকলে কোথাও না কোথাও ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশের টেক্সটাইল শিল্পেও দক্ষ জনবল ধরে রাখার প্রশ্নটি অনেকটা তেমন। বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে ইন্ডাস্ট্রির প্রোডাকশন লাইনে এসে তরুণ প্রকৌশলীরা স্বপ্ন দেখেন নিজেদের জ্ঞান ও দক্ষতা দিয়ে শিল্পকে এগিয়ে নেওয়ার।
কথায় আছে, ‘শুরুটা ভালো হলে শেষটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে।’ কিন্তু কর্মজীবনের শুরুতেই যখন দীর্ঘ কর্মঘণ্টা, প্রত্যাশার তুলনায় কম বেতন এবং পেশাগত উন্নয়নের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, তখন সেই স্বপ্নের সঙ্গে বাস্তবতার দূরত্ব তৈরি হয়। একসময় যে শিল্পকে ঘিরে তাঁরা ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছিলেন, সেই শিল্প ছেড়েই অনেকে খুঁজতে শুরু করেন বিকল্প পথ।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ছে না টেক্সটাইল সেক্টরে কর্মরত অনেক নবীন প্রকৌশলীর বেতন। ফলে কর্মজীবনের শুরুতেই আর্থিক চাপ, ব্যক্তিগত জীবনের জন্য পর্যাপ্ত সময়ের অভাব এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কেউ এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাচ্ছেন, কেউ আবার ব্যাংকিং, সরকারি চাকুরি কিংবা অন্যান্য করপোরেট সেক্টরে গড়ছেন নতুন ক্যারিয়ার। তাঁদের অভিজ্ঞতায় উঠে আসছে বেতন, কর্মপরিবেশ, কাজের চাপ এবং একাডেমিক শিক্ষা ও শিল্পের বাস্তবতার মধ্যকার ব্যবধানের চিত্র।
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাক ফুয়াদ রহমান মাবিন স্কয়ার স্পিনিং মিলস লিমিটেডে প্রায় তিন বছর কাজ করার পর বর্তমানে অগ্রণী ব্যাংকে কর্মরত আছেন। টেক্সটাইল সেক্টর ছেড়ে সরকারি চাকুরীতে যাওয়ার পেছনে দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা, কাজের চাপ এবং প্রত্যাশার তুলনায় অপর্যাপ্ত আর্থিক সুবিধাকে দায়ী করেন তিনি। টেক্সটাইল সেক্টরে কাজের অভিজ্ঞতা থেকে তাঁর উপলব্ধি, কর্মজীবনের শুরুতে এসব বিষয় তরুণ প্রকৌশলীদের পেশাগত সন্তুষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলে।
মাবিন বলেন, "একজন তরুণ প্রকৌশলীর কাছে চাকরি শুধু মাস শেষে বেতন পাওয়ার মাধ্যম নয়; এটি নিজের দক্ষতা প্রমাণ, অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার জায়গাও। কিন্তু পরিশ্রমের সঙ্গে প্রাপ্তির ব্যবধান দীর্ঘ হতে থাকলে কর্মক্ষেত্রের প্রতি আগ্রহে ভাটা পড়তে পারে। তখন বিকল্প পেশার সন্ধান অনেকের কাছে নিছক উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা হয়ে ওঠে।"
বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো: রাবী সিদ্দিকী বর্তমানে ফকির ফ্যাশন লিমিটেডের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিভাগে কর্মরত আছেন। এর আগে তিনি আবুল খায়ের গ্রুপে (সাবেক রবিনটেক্স গ্রুপ) কাজ করতেন। তাঁর চাকরি পরিবর্তনের পেছনে মূল কারণ ছিল প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তনের পর চলমান ব্যবস্থাপনাগত রূপান্তর। নতুন মালিকানায় প্রতিষ্ঠানটিকে আরও সুসংগঠিত করার প্রক্রিয়া চললেও সেই পরিবর্তনের মধ্যবর্তী সময়ে একজন নবীন প্রকৌশলী হিসেবে পর্যাপ্ত শেখার সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের সুস্পষ্ট দিকনির্দেশনা খুঁজে পাচ্ছিলেন না তিনি। ফলে পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভালো শেখার পরিবেশ এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ বিবেচনায় দ্রুত চাকুরী পরিবর্তন করে ফকির ফ্যাশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
রাবী সিদ্দিকী বলেন, “ আমরা এমন একটি সময়ে সেখানে যোগ দিয়েছিলাম, যখন প্রতিষ্ঠানটি রূপান্তরপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল। সেখানে কাজ করার পর যখন দেখলাম, শেখার সুযোগ ও ভবিষ্যৎ ক্যারিয়ারের একটি স্পষ্ট দিকনির্দেশনা পাচ্ছি না, তখন আরও ভালো সুযোগের সন্ধানে প্রতিষ্ঠান পরিবর্তনের সিদ্ধান্ত নিই। বর্তমানে ফকির ফ্যাশনে কাজের পরিবেশ অনেক বেশি সুসংগঠিত এবং শেখার সুযোগও ভালো। মূলত নিজের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই এই পরিবর্তন।"
একজন প্রকৌশলীর শিক্ষাজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নিজের পায়ে দাঁড়ানোর লড়াই। কারও কাঁধে পরিবারের দায়িত্ব, কারও সামনে নিজের আবাসন, যাতায়াত ও দৈনন্দিন ব্যয়ের হিসাব। এমন পরিস্থিতিতে চাকরির বেতন শুধু একটি পেশাগত সুবিধা নয়; হয়ে ওঠে জীবনযাপনের সক্ষমতা নির্ধারণের অন্যতম উপাদান।
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আসিফ জয়ও কর্মজীবন শুরু করেছিলেন টেক্সটাইল খাতে। বর্তমানে তিনি আইএফআইসি ব্যাংকে কর্মরত আছেন। টেক্সটাইল থেকে ব্যাংকিং খাতে যাওয়ার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, বর্তমান বাজারদরে টেক্সটাইল খাতে চাকরির শুরুতে পাওয়া বেতন দিয়ে অনেক তরুণের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়ে। পরিবারের দায়িত্ব থাকলে সেই চাপ আরও বেড়ে যায়।
তাঁর অভিজ্ঞতায়, ব্যাংকিং খাতের তুলনামূলক নির্দিষ্ট কর্মপরিবেশ, কাজের সময়ের ভারসাম্য, ক্যারিয়ার উন্নয়নের সুযোগ ও সামাজিক গ্রহণযোগ্যতা তরুণদের আকৃষ্ট করে। ফলে টেক্সটাইল খাতের প্রাথমিক বেতন ও কর্মপরিবেশের সঙ্গে অন্য খাতের সুযোগ-সুবিধা তুলনা করে অনেকে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
তাওহীদুল ইসলাম শিশির বুটেক্সের ৪৭তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ফকির অ্যাপারেলসের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন। তবে চাকরি শুরুর কিছুদিন পরেই তা ছেড়ে দেন। তার অভিজ্ঞতায় চাকরি ছাড়ার কারণ হিসেবে উঠে এসেছে কম বেতন, দীর্ঘ কর্মঘণ্টা ও সীমিত ক্যারিয়ার গ্রোথ।
টেক্সটাইল খাতের চিত্র একমাত্রিক নয়। স্পিনিং, নিটিং, ডাইং, গার্মেন্টস প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল ও মার্চেন্ডাইজিংসহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান সরাসরি প্রয়োগের পাশাপাশি উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের সুযোগও তৈরি হয়। অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে পেশাগত উন্নয়নের সম্ভাবনাও বাড়তে পারে।
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. তানজিরুল ইসলাম বর্তমানে ফকরুদ্দিন টেক্সটাইল মিলসের ডাইং সেকশনে কর্মরত। তাঁর মতে, ক্যারিয়ারের শুরুর দিকে দীর্ঘ কর্মঘণ্টা, প্রতিকূল কর্মপরিবেশ এবং প্রত্যাশার তুলনায় কম বেতনের মতো চ্যালেঞ্জ থাকলেও এই সময়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তবে তরুণ প্রকৌশলীদের দীর্ঘমেয়াদে ধরে রাখতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।
তানজিরুল বলেন, “টেক্সটাইল সেক্টরে তরুণ প্রকৌশলীদের ধরে রাখতে প্রতিযোগিতামূলক বেতন ও একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।”
চাকুরী ক্ষেত্র পরিবর্তনের প্রবণতার প্রভাব নিয়োগদাতাদের ওপরও পড়তে পারে। একজন প্রকৌশলীকে নিয়োগের পর প্রশিক্ষণ দেওয়া, কাজ শেখানো এবং উৎপাদনপ্রক্রিয়ার সঙ্গে পরিচিত করে তুলতে প্রতিষ্ঠানকে সময় ও অর্থ বিনিয়োগ করতে হয়। তিনি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান পরিবর্তন করলে আবার নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের প্রয়োজন দেখা দেয়। এতে কাজের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ফলে একদিকে তরুণ প্রকৌশলীরা উন্নত সুযোগের সন্ধান করছেন, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোও প্রশিক্ষিত কর্মী ধরে রাখার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
এ বিষয়ে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন বলেন, "টেক্সটাইল খাতে প্রকৌশলী ও কর্মকর্তাদের বেতন নির্ধারণে সর্বজনীন মানদণ্ডের অভাব রয়েছে। তাঁর ভাষ্য, বিজিএমইএ ও বিকেএমইএর কাছে এ বিষয়ে একটি মানদণ্ড প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। তবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নিজেদের নীতিমালা অনুযায়ী বেতন নির্ধারণ করে। শ্রমিকদের জন্য কিছু ক্ষেত্রে বেতন কাঠামো থাকলেও প্রকৌশলী ও কর্মকর্তাদের ক্ষেত্রে তেমন অভিন্ন ব্যবস্থা নেই।"
তবে তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে প্রথম এক-দুই বছর বেতনের দিকে না তাকিয়ে ভালো একটি ইন্ডাস্ট্রি ও ভালো একটি বিভাগে কাজ করে কাজ শেখার প্রতি গুরুত্বারোপ করেন। তাঁর মতে, যদি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ শিখতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন, তাহলে দুই-তিন বছরের মধ্যে তাঁর বেতন অনেক বেড়ে যাওয়ার সুযোগ থাকে।
রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে আনুষ্ঠানিক সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদনের কথা জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনে সরকারি মঞ্জুরি দেওয়া হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনসংক্রান্ত প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছে।
ঢাকার ঐতিহ্যবাহী আলাতুন নেছা স্কুল এন্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জমকালো হীরক জয়ন্তী সী শেল রিসোর্ট তিনশত ফুট পূর্বাচলে অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত তিনবেলা খাবার চা কফি সাথে আনন্দঘন ও আবেগ জড়িত গল্প আড্ডা ফটোসেশান এবং কনসার্ট চলে সারাদিন।
অনুষ্ঠানে সারা দেশ ও বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৯৬৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত সকল ব্যাচের হাজার হাজর শিক্ষার্থীর উপস্থিতিতে পরিনত হয় বিশাল মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
তিনি বলেন, ঢাকার অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে দেশের অনেক বরণ্য ব্যক্তি হয়ছেন। প্রতিষ্ঠানের শিক্ষার মান বজায় রেখে সামনে আরো বিশ্ব সেরা ব্যক্তি এখান থেকে বের হবেন এটাই আমরা আশা রাখি।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সুদৃষ্টি ও ব্যাপক পরিমাণে বাজেট দিচ্ছেন।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন এ এফ এম মাসুম রব্বানী সদস্য সচিব আয়োজক কমিটি, সঞ্চালক ছিলেন এ জি এম শামসুল হক প্রধান সমন্বয় আয়োজক কমিটি, সভাপতি লে. কর্নেল (অব) আ ক ম জাহিদ হোসেন আহবায়ক উদযাপন কমিটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার এম আবুল বাশার।
এসময় বিভিন্ন ব্যাচের মধ্যে রাজনীতিবিদ কাজী আনোয়ার হোসেন মিন্টু, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী, প্রকৌশলী আব্দুল্লাহ আল মোর্শেদ, সমাজ সেবক রমজান আলীসহ হাজার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
৯৪ ব্যাচের মাহবুব আলম বাবু, মোয়াজ্জেম হোসেন অলি, রাজু আহমেদ, হোসেন জামান, মুসাদ চৌধুরী, আরিফুল ইসলাম আরিফ, শাহনাজ আক্তার সীমা, পলাশ মাহমুদ,শামসুল আলম,আলী, মোশারফ হোসেন, লিপি, রিনা রসুল আমিন রিনটু, শারমিন, সেলিনা, করির হোসেন,মিনার আলম, আক্তার হোসেন, শাহাদাত হোসেন সুমন, আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানীসহ আরো অনেকে।
ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে 'স্পিক টু লীড কমিনিউকেশন এক্সিলেন্স' আয়োজিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'স্পিক টু লীড কমিনিউকেশন এক্সিলেন্স উইথ ফ্রেশার্স রিসিপশন অ্যান্ড ফেয়ারওয়েল-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানয়তনে সায়েন্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় নবীন সদস্যদেরকে বরণ করে নেওয়া হয় এবংর প্রবীণ সদস্যদের সম্মাননা স্মারক প্রদানপূর্বক বিদায় দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সংগটনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান আলী-সহ অন্যরা। সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন সফট স্কিল ট্রেইনার ও 'নায়ক'-এর সিইও ড. শামীম এইচ নাহিন। অনুষ্ঠানে সংগঠনটির নবীন সদস্যদের বরণ এবং বিদায়ী সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা ও উপস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে তাদের এগিয়ে রাখবে। মুসলিম সভ্যতার ইতিহাসে আব্বাসীয় শাসনামলে জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানচর্চা থেকে মুসলমানদের দূরে সরে যাওয়ার কারণেই ক্রমাবনতি শুরু হয়। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে এবং গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অন্তত দুই ঘণ্টা নিজের দক্ষতা উন্নয়নে সময় দিতে হবে।
হাবিপ্রবিতে বাকহুইটের উন্নত জাত উদ্ভাবনে প্যানজিনোম প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক সেমিনার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্যানজিনোমভিত্তিক টারটারিক বাকহুইট প্রজনন ও জলবায়ু-সহনশীল কৃষিবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের কনফারেন্স রুমে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের (CAAS) ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সেসের অধ্যাপক ড. মেইলিয়াং ঝো। তিনি প্যানজিনোমভিত্তিক আধুনিক প্রজনন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে টারটারিক বাকহুইটের জিনগত বৈচিত্র্য শনাক্তকরণ, উন্নত জাত উদ্ভাবন এবং প্রতিকূল পরিবেশে ফসলের অভিযোজন ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বক্তব্যে তিনি বলেন, আধুনিক জিনোমিক্স ও প্যানজিনোম প্রযুক্তির প্রয়োগ কৃষি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। চীনের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান CAAS-এর সঙ্গে হাবিপ্রবির যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভবিষ্যতে কার্যকর সহযোগিতা গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মেইলিয়াং ঝোকে গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের জন্য ধন্যবাদ জানান।
এগ্রিকালচার অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জানানো হয়, বাকহুইট প্রচলিত অর্থে প্রকৃত শস্য নয়; এটি একটি ছদ্মশস্য বা সিউডোসেরিয়াল। কমন বাকহুইট (Fagopyrum esculentum) এবং টারটারিক বাকহুইট (Fagopyrum tataricum)—এই দুই প্রজাতি পুষ্টিগুণের জন্য বিশেষভাবে পরিচিত। এতে প্রোটিন, খাদ্যআঁশ, লাইসিনসহ অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদান রয়েছে। প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত হওয়ায় যথাযথভাবে প্রক্রিয়াজাত ও দূষণমুক্ত অবস্থায় এটি গ্লুটেনমুক্ত খাদ্যের একটি সম্ভাবনাময় বিকল্প।
বাকহুইটে থাকা রুটিন ও কুয়েরসেটিনের মতো ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী কার্যকারিতা নিয়েও গবেষণা চলছে। পাশাপাশি রক্তে গ্লুকোজ ও লিপিডের নির্দিষ্ট সূচকের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বৈজ্ঞানিক গবেষণার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বক্তারা উল্লেখ করেন, স্বল্পমেয়াদী ও তুলনামূলকভাবে কম পরিচিত ফসল হিসেবে বাকহুইট কৃষি ব্যবস্থায় বৈচিত্র্য আনা এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে। তবে অতিরিক্ত তাপমাত্রা, পানির সংকট এবং জাতভেদে পরিবেশগত প্রতিক্রিয়ার কারণে এর উৎপাদনশীলতা পরিবর্তিত হতে পারে। তাই বাংলাদেশের কৃষিতে এ ফসলের সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় আবহাওয়া ও মাটির উপযোগিতা যাচাই, জার্মপ্লাজম মূল্যায়ন, মাঠপর্যায়ে পরীক্ষামূলক চাষ এবং কৃষিতাত্ত্বিক গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
হাবিপ্রবির উদ্যোগে বিনামূল্যে পশু চিকিৎসাসেবা পেলেন কৃষকরা
বাংলাদেশে বাকহুইটের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত জাত নির্বাচন, জিনোম ও মলিকুলার বৈশিষ্ট্য নির্ধারণ, উপযোগী উৎপাদন পদ্ধতি উদ্ভাবন এবং দানা থেকে গ্রোটস, আটা, নুডলসসহ বিভিন্ন মূল্য সংযোজিত খাদ্যপণ্য তৈরির সুযোগ নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের কৃষি ও পুষ্টিনিরাপত্তার অগ্রাধিকারকে সমন্বয় করা গেলে ভবিষ্যতে ফসল বৈচিত্র্যকরণ ও জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
তথ্যসূত্র: জনসংযোগ ও প্রকাশনা শাখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।